সতর্কতা ও বুদ্ধিমত্তার খেলা

পর্ব-৯৪

একক খেলা
উপকরণ : প্লাস্টিক কাপ/গ্লাস, সুতা এবং কয়েন, চামচ, বাটি

বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! আশা করছি ছুটি ও ব্যস্ততা নিয়ে ভালোই সময় কাটছে তোমাদের। আমি আজ ছোট ছোট দুইটি খেলার সাথে পরিচয় করিয়ে দেবো। যা তোমাদের নতুন বছরের সময়কে আরও আনন্দময় করে তুলবে।
প্রথম খেলাটি হচ্ছে সতর্কতা ও বুদ্ধিমত্তার খেলা। একজন সদস্যের সামনে টেবিলে একই সারিতে ৮-১০টি কাপ/গ্লাস সাজানো থাকবে। এবার পরিচালক অপর প্রান্তে একটি সুতার অগ্রভাগে কিছু ঝুলিয়ে কাপ/গ্লাস-এর সামনে ডান থেকে বামে দোলাতে থাকবে। এবার খেলা শুরুর সংকেত দিলে সদস্যটি ঝুলানো সুতার ভেতর দিয়েই হাত দিয়ে একটি একটি করে কাপ নিজের দিকে আনতে থাকবে। এভাবে একে একে যদি সব কাপ আনতে পারে তাহলে সে বিজয়ী হবে। আর যদি সুতায় তার হাতের স্পর্শ লেগে যায় তাহলে সে বাদ হয়ে যাবে।

দ্বিতীয় খেলাটিও বেশ মজার! একটি টেবিলের উপর দুই বা ততোধিক সদস্যের জন্য (যতজন খেলবে) ১০টি বাটির কাছাকাছি এলোমেলো করে ১০টি করে কয়েন রাখা হবে; সদস্যদের দুই হাতে দুইটি করে চামচ থাকবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে সদস্যরা খালি হাতের স্পর্শ ছাড়া দুই হাতের চামচের সাহায্যে কয়েনগুলো তুলে বাটিতে রাখবে। যে সবার প্রথমে রাখতে পারবে সে বিজয়ী হবে। বন্ধুরা, এই খেলা অনেক সহজ মনে হলেও এতোটা সহজ নয়; তোমরা খেলেই দেখো!

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫