খেলার ধরন : একক
বয়স : ৮-১৫ বছর
সময় : ১০-১৫ মিনিট
খেলার উপকরণ : চিকন প্লাস্টিক/বাঁশ/কাঠের স্টিক ২৫-৩০টি
(সদস্য সংখ্যা অনুযায়ী কম-বেশি করা যাবে)
বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম অল্প জায়গায় বসে খেলার মতো দারুণ একটি মজার খেলা। এই খেলায় প্রয়োজন হবে মনোযোগ, ধৈর্য ও হাতের নিখুঁত নিয়ন্ত্রণ। খেলার জন্য কলমের মতো চিকন ২৫-৩০টি প্লাস্টিক, বাঁশ বা কাঠের স্টিক প্রয়োজন হবে। ৩-৪ জন সদস্য হলে খেলাটি বেশ জমবে।
খেলার নিয়ম :
প্রথমে সবাই হাতে একটি করে স্টিক নিয়ে কাছাকাছি গোল হয়ে বসবে এবং খেলার ক্রম ঠিক করে নেবে।
এবার পরিচালক স্টিকগুলো একসঙ্গে এক মুঠোয় ধরে সোজাভাবে মাটির ওপর ছেড়ে দেবে। স্টিকগুলো এলোমেলোভাবে পড়ে থাকার পর প্রথম সদস্য নিজের হাতে থাকা স্টিক দিয়ে ছড়িয়ে থাকা স্টিকগুলো পরস্পর থেকে এমনভাবে আলাদা করবে যাতে অন্য কোনো স্টিক নড়ে না যায়। যদি অন্য কোনো স্টিক নড়ে যায়, তাহলে তার পালা শেষ হবে এবং নড়ে যাওয়া স্টিক দ্বিতীয় সদস্য পাবে। আর যদি কোনো স্টিক না নড়িয়ে সফলভাবে সরাতে পারে, তাহলে সেটি সে নিজের কাছে রেখে আবারও একটি স্টিক আলাদা করার সুযোগ পাবে।
এভাবে পর্যায়ক্রমে খেলা চলতে থাকবে। কেউ সফলভাবে স্টিক সরাতে পারলে আবারও চেষ্টা করবে, আর স্টিক নড়ে গেলে পরবর্তী সদস্য সুযোগ পাবে। সবশেষে যার কাছে সবচেয়ে বেশি স্টিক জমা হবে, সেই হবে বিজয়ী।
খেলার শিক্ষা:
এই খেলাটি শিশুদের মনোযোগ, ধৈর্য ও সূক্ষ্ম হাতের নিয়ন্ত্রণ বাড়াতে সহায়তা করে এবং ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জনের অভ্যাস গড়ে তোলে।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬



