ধরা-ছোঁয়ার বাইরে

একক খেলা

উপকরণ : দাগ টানার চক/রঙ

এটি দুইজন সদস্য নিয়ে খেলা যায়। মজার ও আকর্ষণীয় এই খেলায় দুইজনকেই খুব কৌশলী হতে হয়। খেলার জন্য দু’সদস্যের মাঝখানে চতুর্র্ভূজাকৃতির দাগ টেনে দিতে হবে; এটি এমন হতে হবে যেনো একজন আরেকজনকে ধরার জন্য পর্যাপ্ত জায়গা (আনুমানিক ৩ফিট/৫ফিট) পায়। এবার সদস্যরা মাঝখানের নির্ধারিত জায়গার দুই দিকে দাঁড়াবে। খেলা শুরুর পূর্বে একটি পর্বের জন্য ৪/৫ মিনিটের মতো একটি সময় বেঁধে দিতে হবে। পরিচালক খেলা শুরুর সংকেত দিলে প্রথম সদস্য দ্বিতীয় সদস্যকে স্পর্শ করার চেষ্টা করবে আর দ্বিতীয় সদস্য তা থেকে বাঁচার চেষ্টা করবে; এভাবেই খেলা চলবে। যদি প্রথম সদস্যটি নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় জনকে স্পর্শ করতে পারে তাহলে সে বিজয়ী হবে অন্যথায় বিপরীত সদস্য বিজয়ী হবে।
দুজনকেই মাঝখানের চতুর্র্ভূজাকৃতি প্রান্তরেখা বরাবর চতুর্দিকে ঘুরতে হবে এবং এ থেকে বেশি দূরে যেতে পারবে না। একজন আরেকজনকে স্পর্শ করতে দাগের মাঝ বরাবর লাফ দিয়ে বিপরীত দিকে আসতে পারবে না। সদস্যদের জোড়া করার সময় বয়স বা শারীরিক সামর্থ্য বিবেচনায় রেখে করতে হবে। পাঁচ বা ততোধিক সদস্যের দল গঠন করে এটি দলীয়ভাবেও খেলা যাবে। যে দল বেশি পয়েন্ট পাবে তারা বিজয়ী হবে।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪