শহীদ ছানার গান

0
3

একটি পাখি ডাক দিয়ে কয় বাইরে ভীষণ মেঘ
তুফান ঝড়ে মনের ঘরে বাড়াচ্ছে উদ্বেগ
দলে দলে ছুটছে মানুষ করছে হুলুস্থুল
বাইরে গেলে আজকে হবে মস্ত বড় ভুল।

বললো ছানা তোমার মানা শুনবো কেমন করে
দেখো না মা দিচ্ছে ওরা জীবন অকাতরে
পিচঢালা অই রাস্তা হলো রক্তে লালে লাল
আমি হবো মজলুমানের প্রাণ বাঁচাবার ঢাল।

বুক বরাবর গুলি করে কণ্ঠ করছে রোধ
দিনদুপুরে মানুষ মেরে নিচ্ছে প্রতিশোধ
পোড়া লাশের গন্ধ ভাসে শহর নগর গ্রাম
অধিকারের জন্যে তবু করছে মা সংগ্রাম।

তোমার দোয়া দাও আমাকে দাও মুখেতে চুম
কেউ বসে নেই পড়ছে সাড়া ভাঙছে সবার ঘুম
বজ্র কণ্ঠে ধরবো স্লোগান দেবো যে হুঙ্কার
হটাতে মা এদেশ হতে ফ্যাসিস্ট স্বৈরাচার।

ছোট্ট ছানা ছোঁ মেরে এক দিলো উড়াল যেই
একটা বুলেট নিলো কেড়ে প্রাণটা নিমিষেই
মুখ থুবড়ে রইলো পড়ে নিথর দেহ তার
গানের পাখি ফুলের কানন পায়নি তো নিস্তার।

সন্ধ্যা যতো ঘনিয়ে এলো কাঁপছে মায়ের বুক
ডানে তাকায় বামে তাকায় ভীষণ মলিন মুখ
রাতের কালো বললো ডেকে তোমার মানিক ধন
জীবন দিয়ে স্বৈরাচারের ভাঙলো সিংহাসন।

শহীদ ছানার মায়ের মুখে টুকরো হাসির ঢেউ
গর্বিত সে— হতে পেরে লাল জুলাইয়ের কেউ
চাওয়া-পাওয়া আর কিছু নেই, নেই তো অভিযোগ
চিরতরে কাটুক আঁধার জঞ্জাল ও দুর্ভোগ।

প্রকাশকাল: জুলাই ২০২৬