চাঁদ সে বাঁকা, ত্যাগের মহান স্বপ্নে আঁকা

0
1

অনেক দূরের এক ফালি চাঁদ, চিলতে সরু বাঁকা
যেন সে চাঁদ ছবির মতন নিপুণ তুলির যত্নে আঁকা।
ঈদের খুশি ছড়িয়ে পড়ে, যায় না ঘরে থাকা।
আয় রে সবে, এ উৎসবে চাঁদের শোভা দেখতে তাকা।
আগামীকাল তাহলে ঈদ, সিয়াম সাধন শেষ হয়েছে ভাই
চাঁদ উঠেছে ফুল ফুটেছে, চতুর্দিকে সুবাস ছোটে তাই।
ঈদের মানে আনন্দ রে, ফুরফুরে মন আর কিছু না চাই।
চাঁদ এনেছে খুশির খবর, একটুকুনও সবুর করা দায়
তোমরা সরো, শিশুকিশোর হচ্ছে জড়ো উঠান আঙিনায়।
লাফাচ্ছে কেউ তাধিন তানা, উল্লাসে আজ নাই রে মানা
ঈদ এসেছে চাঁদের হাসির উচ্ছলতায় সব ভেসেছে
একটি মাসের ত্যাগের পরে আনন্দসুখ নিয়ে এখন
দেশদুনিয়ায় ঈদ এসেছে।
ঘরে ঘরে খবরটি তাই এক পলকে ছড়িয়ে পড়ে
সবার মুখেই উজল হাসি, পরস্পরকে জড়িয়ে ধরে
ঈদ এসেছে কাল খাবো তাই মজার খানা
অপেক্ষা শেষ এই কথাটি এখন হল সবার জানা।
পড়বো নামাজ ঈদগাহেতে, তারপরেতে কোলাকুলি
মনের মলিন হিংসা কলুষ দুঃখ বেদন সবাই ভুলি
গরিব ধনী এক কাতারে, একের দুখে অন্যে দুখী
একসাথে খাই ঘুরেও বেড়াই, এমন সত্যে সুখের উঁকি
সবার ঘরে এক লহমায় আনন্দঢেউ ছড়িয়ে পড়ে
এই কথাটি বলতে পারি আস্থা এবং গর্বভরে,
ঈদের শিখন মেলামেশা, এক হয়ে যাও একইসঙ্গে থাকো
সেটাই নিয়ম, কাম্যও তাই সওয়াব তাতে লাখো।