আমিও আছি তোদের সাথে

0
5

মেঘ সরিয়ে আকাশ হতে
একটি তারা দিচ্ছে উঁকি
বলছে ডেকে ছড়ায় ছড়ায়
আছিস কেমন খোকাখুকি?

ভাবতে মোটেও পারিসনি তাই
এদিক ওদিক খুঁজিস তোরা
আমিও আছি তোদের সাথেই
ছন্দ যখন করবি জোড়া।

ছড়ায় যখন ফুল পাখিরা
নিবিড় মায়ায় ডাকবে সুরে
আমি তখন তাকিয়ে রবো
তোদের হতে একটু দূরে।

তোরা যখন পড়ার ঘরে
মন বসাবি নিত্য পাঠে
চাঁদের আলোয় জোছনা হয়ে
রইবো আমি ছড়ার মাঠে।

শব্দরা সব গোল পাকিয়ে
অন্ত্যমিলের করবে তাড়া
ঠিক তখনি আমি এসে
বলবো সবাই লাইনে দাঁড়া।

শর্ষে হলুদ সবুজ ঘাসে
সুর ছড়াবে বাতাস মিশে
তেমন করে গড়বে ছড়া
ফুটবে ছড়া ধানের শীষে।

বাবুই যেমন বাসা বোনে
নদীর যেমন জলের ঘোলা
তেমন করেই ছড়ার বুনন
থাকবে ছড়ায় প্রাণের দোলা।

ছড়ায় ছড়ায় আমায় খুঁজিস
আমি আছি তোদের সাথে
একটু শুধু দোয়া করিস
প্রভুর কাছে মুনাজাতে।

প্রকাশকাল: অক্টোবর ২০২৪