বইয়ের পড়ায় মন বসে না পড়তে বিষাদ লাগে
আমি কি আর যোগ্য ছেলে? সন্দেহ রোজ জাগে।
কী হয়েছে? হঠাৎ কেন এমন হয়ে যাচ্ছি?
শঙ্কা-দ্বিধার উন্মাদনায় বোকার মতোই নাচ্ছি!
নিজের ওপর আস্থা কমে ব্যর্থতা দেয় উঁকি
কথা ছিল পাঞ্জা লড়ার থাকুক যতই ঝুঁকি।
পরে অনেক রিসার্চ করে প্রমাণ পেলাম নিজে
আমার অসুখ… অনিয়মের বৃষ্টিজলে ভিজে।
তাই অসুখের চিকিৎসা চাই পথ্যগুলো কী? কী?
ভোরের আলো, মাঠের ধুলো, তারার ঝিকিমিকি।
সাথে আরও ফুলের সুবাস, ঝরনা-পাখির ডাকে-
অসুস্থ মন সুস্থ করার ঔষধি গুণ থাকে!
নিয়ম করে সেসব দিয়েই চিকিৎসা নিই আগে
আর কতকাল পিছিয়ে থাকা? যাচ্ছি পুড়ে রাগে…
পথ্য নিলেই পড়াশোনা আর বাকি সব কাজে
পাচ্ছি খুঁজে উদ্দীপনা সত্যি নিজের মাঝে!
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪

