Home Blog Page 99

তারকার কাহিনী

সেই বিদ্যুৎ যাওয়া রোগ থেকে ছাদের সাথে সম্পর্কটা গড়ে ওঠে। আজকাল বিদ্যুৎ চলে যাওয়া রোগের দাওয়াই সবার ঘরে ঘরে। আইপিএস, জেনারেটর ইত্যাদি ব্যবস্থা হয়ে গেছে। তাছাড়া বিদ্যুৎটাও আগের মতো যায় না। কিন্তু বিদ্যুৎ চলে গেলেই রহমান সাহেব এবং তার ছেলেমেয়েদের ছাদে ওঠার অভ্যাসটা রয়েই গেছে। রহমান সাহেবের ছাদের আকর্ষণ নানা কারণে। পেশায় আর্কিটেক্ট হলেও আকাশ রাজ্য নিয়ে তার দারুণ কৌতূহল। গাছ-গাছড়া নিয়েও কম মাতামাতি করেন না। ছেলেমেয়ে এসব পাগলামোর কিছুটা তো পাবেই। ঐ যে বললাম রহমান সাহেবের এসবকে ‘পাগলামো’ বলে আখ্যা দিয়েছেন তার স্ত্রী দীনা রহমান। অথচ তিনিও কম যান না, একটা স্বনামধন্য স্কুলের শিক্ষিকা হয়েও নানা সমাজকল্যাণমূলক কাজ করে বেড়ান। রহমান সাহেব আাবার টিপ্পনি কাটেন— নিজের খেয়ে বনের মোষ চড়ান!
মোটামুটি এই হলো রহমান সাহেবের পরিবারের গঠন-গাঠন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে মিরপুরে তাদের বসবাস। এককালে মিরপুরকে ঢাকার বাইরের অঞ্চল হিসেবে ধরা হতো। মিরপুরে পঁচিশ-ত্রিশ বছর ধরে বাস করা লোকেরা এমনটাই বলেন। যাতায়াতের জন্য তেমন সহজ রাস্তা ছিল না। ছিল না তেমন ঘরবাড়ি। পরিবেশটা ছিল অনেকটা শহরতলীর মতো। সেই নিরিবিলি প্রকৃতির নিবিড় স্নেহ পরিবেশে বসবাসের আশায় রহমান সাহেব মিরপুরে কাঠা দশেক জমি কিনে বাড়ি করেন।

তখন চারদিকে পতিত জমি ডোবা ঝোপঝাড় ছিল বেশি। ফাঁকা ফাঁকা দু’চারটে বাড়ির মধ্যে রহমান সাহেব তিনতলা বাড়িটা তোলেন। সবাই বলত ‘হলুদ বিল্ডিং’। আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবরা অসহযোগিতা করেও রহমানকে বাধা দিতে পারল না। এখন সেই মিরপুরের দিকে তাকিয়ে ওরা চোখ টাটায়। রহমান সাহেব মুচকি হেসে নিজের দূরদর্শিতার বাহবা নেন। বাড়ির নাম-ড্রিম। মানে স্বপ্ন। মূলত গাছগাছড়া আর আকাশের নক্ষত্র নিয়ে যার কাজ কারবার, তার জন্য এই নিরিবিলি আশ্রয় পছন্দ হবারই কথা। দীনাও গাছপ্রেমিক বটে। তা না হলে ঔষধি, ফুল, ফল মিলিয়ে বিশাল গাছের বাগান ছাদে বেড়ে উঠতে পারত না। গাছ পরিচর্যা চায়। তাই দীনা পরচর্চায় মন না দিয়ে রহমানের গাছের যত্নে শেষ বিকেলের ঘণ্টা ব্যয় করেন। সহযোগিতায় থাকেন লেদু চাচা। লেদু চাচা সম্পর্কে একটু বলতেই হয়। লেদু চাচা রহমানের এক ছোট দাদার ছোট ছেলে। অনেক শখ করে গিয়েছিলেন লন্ডন। তখন লন্ডনে যাওয়া ছিল সহজ। যেভাবে সিলেটীরা লন্ডনমুখী হয়, সেরকম। বিয়েও করেছিরেন এক ব্রিটিশ মহিলাকে। কিন্তু তার ভাগ্য মন্দ, পারিবারিক জীবন সুখের হয়নি। অবশেষে দুঃখভারাক্রান্ত মনে দেশে ফিরে আসেন। বাড়িতে একা পড়েছিলেন। গ্রামীণ জীবন তার পছন্দ নয়। তাই ভাতিজা রহমানের কথায় চলে এসেছেন ঢাকা। আর এখানে রহমানের দুই ছেলেমেয়ে আর গাছগাছড়ার সাথে ভালোই সময় কাটে। তবে লেদুচাচাকে ‘পরগাছা’ বলা যাবে না। গুণের বহর ম্যালা। গলায় সুর আছে। সিলেটী আঞ্চলিক গান তার পেটভর্তি। লেদুচাচা সম্পর্কে পরে আরো জানা যাবে।

বিদ্যুৎ চলে যাওয়ার নিয়ম মেনে আজও রহমান সাহেব, মেয়ে অর্থি ও ছেলে জিশানকে নিয়ে ছাদে উঠেছেন। কান টানলে মাথা আসে। সেভাবে দীনাও ছাদে আশ্রয় নিয়েছেন। রহমান সাহেব অভ্যাসমতো ছাদে উঠেই আকাশের দিকে দৃষ্টি ছুঁড়ে দেন টেলিস্কোপ দিয়ে। মাত্র গতকাল পঞ্জিকা থেকে মাঘ বিদায় নিয়েছে। গেল দু‘বছর আগে লন্ডন থেকে নিয়ে এসছেন এই যন্ত্রটা। দীনার ভাষায় যন্ত্রণাটা। শীতকাল শেষে ফাগুন প্রবেশ করেছে। নিয়মমাফিক প্রকৃতি বসন্তকালে প্রবেশ করেছে। কিন্তু রাতেরবেলা হিম জড়িয়ে ধরে। ভোররাতের দিকে গায়ে কাঁথা বা কম্বল একটা কিছু না জড়ালে কম্মসারা! ঠাণ্ডা লেগে সর্দি-জ্বরে কয়েকদিন ভুগো!
মাঘ গেলেও আকাশটা সেজে আছে মাঘের মতো। ঝকঝকে নীল আকাশ দক্ষিণ পূর্বকোণ থেকে পশ্চিম কোণে ছায়াপথের অবস্থান আগের মতো। উত্তরপূর্ব আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষিমণ্ডল। শনিরাশি পশ্চিম আকাশ থেকে চলে যাচ্ছে। সিংহরাশিকে পুরোপুরি দেখা যায়। রহমান সাহেব লেন্সটাকে একটু একটু ঘুরিয়ে আরো স্পষ্ট করে দেখছেন। ছাদে ওঠার জন্য বিদ্যুৎ চলে যাওয়ার সময়কে বেছে নেন কেন। আকাশ দেখার জন্য অন্ধকার প্রয়োজন কি না এমন প্রশ্ন করেছিল অর্থি। হাসতে হাসতে বলেছিলেন— ভৌতিক পরিবেশে আকাশটাকে দেখতে ভালো লাগে! খুলে বলি, শহরে হাইরাইজ্ড বিল্ডিংগুলো যেভাবে আলো ছড়িয়ে চারপাশ আলোকোজ্জ্বল পরিবেশ তৈরি করে, তাতে আকাশের মিটিমিটি জ্বলা-নেভা নক্ষত্র আর চাঁদের মায়াবী আলো লজ্জায় চুপসে যায়। অর্থি মুচকি হেসে বলল, বুঝেছি।
ছাদে ছোট ছোট বেতের মোড়া পাতা আছে। ওগুলো হয়েছে এখন অর্থি-জিশানের বসার আসন। ছাদে এলে ওরা দুষ্টুমি করে না। কয়েক শ’ টবে গড়ে তোলা বাগানের সুন্দর পরিবেশ মুগ্ধ করে ওদের। এসব গাছের অনেকগুলোর পরিচয় ওদের জানা। ফুলগাছের পরিচয় তো ফুল ফোটার মাধ্যমে। ফলের পরিচয় ফল ধরার মাধ্যমে জানা যায়। কিন্তু ঔষধি গাছের পরিচয় জানতে আম্মুর সাহায্য নিতে হয়, আম্মু না হয় আব্বুর। অবশ্য ওদের আব্বু গাছের পরিচর্যার সময় কিংবা ছাদে বেড়াতে এলে গাছ চিনিয়ে দেন। কোন গাছের ঔষধি গুণ কেমন তাও বলেন। এভাবে শুনতে শুনতে ওদের অনেক গাছই চেনা। দিব্যি গড়গড় মুখস্থ বলতে পারে কোনটার ঔষধি গুণ কী। বিশেষ করে বন্ধু-বান্ধব, মেহমান কেউ এলে ওরা গাছের পরিচয় বলে জ্ঞানের বহর মেলে ধরে। এতে রহমান এবং দীনা মনে মনে খুশি হন। কারণ প্রকৃতির সাথে ছেলেমেয়ের পরিচয় হোক এটা তাঁরা চান। আজকাল শহরে যেসব ছেলেমেয়ে বাস করে তাদের প্রকৃতির সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ হয় না। এটা রহমান সাহেব মোটেই পছন্দ করেন না। তিনি দীনাকে প্রায়ই বলেন- যেসব ছেলেমেয়ের নিজের আশেপাশের প্রকৃতির সঙ্গে পরিচয় বা সম্পর্ক নেই, এদের দেশের প্রতিও মমতা নেই। দীনা তাই বিশ্বাস করেন। মাঝেমধ্যে দীনা তার স্কুলের ছাত্রীদের নিয়ে এখানে সেখানে বেড়াতে যান। উদ্দেশ্য প্রকৃতির সঙ্গে পরিচয়। এমন একটা প্রোগ্রামে দীনা তাদের ছাদের গাছপালা দেখাতে নিয়ে আসেন। তখন ক্লাস থ্রি’তে পড়া অর্থি আর ফাইভের জিশান হয়ে যায় উদ্ভিদবিদ্যার শিক্ষক। পটাপট বলে যায় এটা তুলশি, সর্দি হাঁপানি ডায়বেটিসে কাজে লাগে। এটা ঘৃতকুমারী বাত-ব্যথায় কাজে লাগে ইত্যাদি।
— তোমাদের আকাশরাজ্য বিচরণ শেষ হলো? অদূরে বসা দীনা গলা চড়িয়ে বললেন।
— না আম্মু, আমরা আকাশরাজ্যে আরো কিছু সময় থাকব। অর্থি বলল।
— আচ্ছা আব্বু, চন্দ্রবিজয়ের পরও আজো মানুষ চাঁদকে নিয়ে কত কিছু কল্পনা করে, কেন? আর চাঁদের বুড়ি কী? অর্থি প্রশ্ন করে।
— শোনো, চাঁদটা মহাকাশে অন্যান্য বাসিন্দার তুলনায় নিকটতম প্রতিবেশী। রাতের বেলা পৃথিবীবাসীকে যে মায়াবী আলো বিতরণ করে তাতে চাঁদের প্রতি মানুষের ভালোবাসা গভীর। বাহ্যিকভাবে চাঁদকে যত বেশি সুন্দর দেখায়, বাস্তবে আহামরি কোনো সৌন্দর্য নেই। নেই কোনো আবহাওয়া, পানি বা বৃষ্টি, নেই বাতাস। নেই গাছপালা, জীবজন্তু বা কীটপতঙ্গ, আছে শুধু রাশি রাশি পাথর আর পাহাড়।
— বুড়িটা—? অর্থি ধৈর্য ধরে রাখতে পারে না।
— পৃথিবী থেকে চাঁদের গায়ে আমরা যে কালো দাগ দেখি, তাকে চাঁদের কলঙ্ক বলা হয়। বাস্তবে তা হচ্ছে উঁচু-নিচু খাদ। পাহাড়। দূর থেকে মনে হয় যেন কোনো বুড়ি বসে চরকায় সুতো কাটছে। চাঁদে বুড়ি তো দূরে থাক, চাঁদে কোনো প্রাণীর অস্তিত্বই নেই। কোনো প্রাণীর সেখানে বাঁচা বাস্তব নয়।
— কেন আব্বু? জিশানের প্রশ্ন এবার।
— তাহলে মানুষ চাঁদে যাচ্ছে কেন? আবার বলছে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত দ্রুত যাওয়ার জন্য লিফট তৈরি করবে! অর্থির প্রশ্ন।
রহমান সাহেব মুচকি হাসেন। মাথা চুলকান। এমন ভাব দেখান ওদের প্রশ্ন শুনে তিনি কাবু। জবাব দিতে পারছেন না।
— উন্নত দেশগুলোর ইচ্ছের তো কোনো শেষ নেই। তাছাড়া শক্তির লড়াইয়ে চাঁদকে একটা মহাশূন্যের ঘাঁটি হিসেবে পেতে চায়। যদি ভূ-পৃষ্ঠের সকল শক্তির ব্যবহার অকার্যকর প্রমাণিত হয়, ঐ চাঁদ থেকে আঘাত হানা তাদের উদ্দেশ্যে—। রহমান সহেব থামলেন। ওদের দিকে তাকিয়ে অনুভব করতে চাইলেন এসব ভারী কথা ওদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না।
— আচ্ছা আব্বু, চাঁদে কি মাধ্যাকর্ষণ আছে? জিশানের আবার প্রশ্ন।
— ভালো প্রশ্ন করেছ, মাধ্যাকর্ষণের কথা তোমরা নিশ্চয় জানো, পৃথিবীতে এই শক্তির জন্যই সকল কিছু মাটির সঙ্গে সম্পর্কিত আছে। চাঁদের মাধ্যাকর্ষণ আছে কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর তুলনায় খুব ছোট তাই এর আকর্ষণ ক্ষমতাও কম। পৃথিবীর ছয় ভাগের এক ভাগ মাত্র। তার মানে পৃথিবীর একটা লোকের ওজন ৯০ কেজি হলে চাঁদে হবে মাত্র ১৫ কেজি হা… হা…হা। আরেকটা মজার বিষয়, পৃথিবীতে হাইজাম্প দিয়ে তুমি যদি ৪ ফুট উঠতে পারো, চাঁদে ঐ সমান লাফ দিয়ে ২৪ ফুট ওপরে উঠতে পারবে।
— বাহ্ বেশ মজার তো! অর্থি বলল।
এমন সময় চারপাশ একসঙ্গে আলোকিত হয়ে উঠল। মানে বিদ্যুৎ চলে এসেছে। বিদ্যুৎ এলে আকাশটা কৃত্রিম আলোয় হারিয়ে যায় যেন। অন্ধকারের আকাশে যে মায়াময় পরিবেশ থাকে তা আর থাকে না।
— জিশান-অর্থি, চলো এবার ঘরে ফেরা যাক। এর চেয়ে বেশি দেরি করলে তোমার আম্মুু রেগে লাল মরিচ হবেন।
— হি…হি..হি। রহমান সাহেবের কথায় মজা পেল ওরা। পা বাড়াল সিঁড়ি ঘরের দিকে।

।। দুই।।
পূর্ণিমা চাঁদের আলোয় ছাদটা আলোকিত। মায়াবী পরিবেশ তৈরি করেছে চারিধার। ফাল্গুনের মাঝামাঝি। ঝিরঝির ঠাণ্ডা বাতাস বইছে। গেল দিনে একপশলা বৃষ্টি ঝরেছিল। চলে যাওয়া হিম আবার ফিরে এসেছে। শীতবুড়ি ভাবল এত জলদি চলে যাবো! ফোকলা দাঁতের হাসিতে গুটিসুটি ফিরে এলো। হেসে বলল, কি গো অর্থি-জিশান, পান দাও। একটুু বসি। এটা হচ্ছে রহমান সাহেবের গল্প। শীতবুড়ির গল্প। ছাদে উঠে অর্থি জিশান রহমান সাহেবের কোল ঘেঁষে বসেছে। তবে দূরবীক্ষণ যন্ত্রের কাছে নয়। মোড়াতেও বসেনি। শীতলপাটিতে আসন নিয়েছে ওরা, উদ্দেশ্য গল্প শোনা।
— আব্বু ভূতের গল্প বলো না! ঐ যে তুমি বলেছিলে ছোট্টবেলা মামার বাড়িতে ভূত দেখেছিলে। সেইটা বলো। অর্থির আবদার।
রহমান সাহেব নিজ জীবন থেকে ছোট ছোট ঘটনা ছেলেমেয়েদের শোনান। গল্পের মতো করে। এর মধ্যে নানা ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা, ভূতের গল্পও আছে।
রহমান সাহেব মাথা চুলকাতে লেগে যান। গল্প খুঁজতে তার মাথা চুলকাতে হয় না। বিচিত্র তার জীবনের এমন বহু মজার মজার ঘটনা আছে, তা গল্পের ফর্মে ফেলে দিলেই একটা কিছু দাঁড়িয়ে যায়। আর সেসব শুনিয়ে শুনিয়ে তাদের এদের গল্প শোনার বয়সটা পার করা যাবে অনায়াসে। মাথা চুলকান মানে রহমান সাহেব ভাবছিলেন আজকাল কম্পিউটার ইন্টারনেটের যুগের ছেলেমেয়েরা ভূতের গল্প শুনতে চাইবে কী কারণে?
— ভূতের গল্প?
— হ্যাঁ আব্বু, তোমার দেখা ভূতের গল্প। অর্থি আবার জোর দিয়ে বলল।
রহমান সাহেব আবার মাথা চুলকালেন। এবার মাথা চুলকানোর কারণ ওরা যে গল্পটা শুনতে চাচ্ছে সেটা না শুনিয়ে পরীর গল্পটা শোনাতে চান তিনি।
— ভূতের নয়, পরীর গল্প শোনাতে চাই আজ। রাজি?
— পরী আছে নাকি আব্বু? জিশান জানতে চায়।
— অবশ্যই আছে। আজকাল মানুষ আকাশে বিচরণশীল পরীর ছবিও ভিডিও করতে পেরেছে। তবে আমাদের ছেলেবেলায় প্রযুক্তির এত বিকাশ হয়নি। ক্যামেরাই ছিল খুবই দূর্লভ জিনিস। ছবি মানে স্টুডিওতে গিয়ে তোলা সাদাকালো ছবি। সেসব ছবিতে চেহারা যা ফুটে উঠত বাস্তবের সাথে তার মিল ছিল কম।
— তাহলে ছবি তোলা হতো কেন?
— খুব প্রয়োজন হলে। চাকুরি, লেখাপড়া, পাসপোর্ট ইত্যাদি প্রয়োজনে ছবি তোলা হতো। যাক, যা বলছিলাম।
— পরীর গল্পটাই বলো আব্বু! অর্থি নড়েচড়ে বসে।
— ছোটবেলায় আমারও খুব শখ ছিল স্বচোখে পরী দেখার। রাতের বেলা বাইরে বের হলে চোখ রাখতাম বনজঙ্গলে, গাছগাছালি বাগানের দিকে। যদি পরী দেখা যায়-এ ব্যাপারে তোমাদের দাদীজানকে কতদিন বলেছি পরী দেখাতে— শেষতক সৌভাগ্য হলো দেখার—
— স্বচোখে দেখেছ আব্বু? অর্থির প্রশ্ন।
— তাহলে বলছি কী, একবার নয় দু’দুবার। এখনো আমি চোখ বন্ধ করলে ছোটবেলার সে দৃশ্য চোখে ভেসে ওঠে।
— তুমি দেখতে পাও এখনো! জিশান নড়েচড়ে বসে।
— হ্যাঁ, ছোটবেলার অনেক স্মৃতি আমার খুব ভালো মনে আছে। এত্ত ছোট বয়সের স্মৃতি আমার মনে আছে যা আমার বড় ভাইবোনদের সামনে বললে তারা অবাক হন, বলেন এত ছোটবেলার ঘটনা তোর মনে আছে? নাকি শুনে শুনে বলছিস? আমার ছোটবেলার বহু ঘটনা যেমন অবিকল মনে আছে একটু বড় বয়সের স্মৃতি তেমন মনে নেই।
— পরী দেখাটা বলো, রাত হচ্ছে। অর্থি ভারী গলায় বলল।
— বলছি, আমরা তখন কিশোরগঞ্জ ছিলাম। পূর্ব পাকিস্তান আমল। কিশোরগঞ্জ একটা মহকুমা শহর। এসব বলছি এজন্য তোমাদের আবার ঢাকা শহরে থেকে থেকে আগের পরিবেশ আন্দাজ করতে পারো কি না। আগে মহকুমা ছিল যেগুলো, পরে সেগুলো জেলা হয়ে যায়। আর মহকুমাগুলো ছিল উপজেলার মতো। তবে তখন মহকুমাও ছিল গ্রামের মতো। রাস্তা বলতে ছিল দু’টো-একটা। তাও ইট বিছানো বা কংক্রিট সয়লিং।
— হয়েছে আব্বু আসল ঘটনাটা বলো! জিশান ধৈর্য হারাতে বসেছে।
— গরমকাল। গরমকাল এলে ঘর ছেড়ে বাইরে হাঁটাহাঁটি করা সেসময় একটা নিয়ম ছিল। ফ্যান লাইটের সময় তখন তেমন নয়। কিছু কিছু বাড়িতে ফ্যান লাইট এসেছে। সেটা খুবই কম। আমাদের বাসায় ছিল। তোমার দাদা যেহেতু হেড পোস্টমাস্টার, তার সরকারি বাসা ছিল। এখনকার মতো বিদ্যুতের যাওয়া-আসার খেলাও ছিল। যা হোক গরমে বের হয়েছি, আমরা প্রায় সবাই। তোমার দাদা ছাড়া। তোমার তিন ফুপু আমি এবং তোমার চাচাও সঙ্গে। আমাদের বেড়ানোর জন্য একটা পছন্দের জায়গা ছিল শিশুপার্ক, আলোর মেলা। বিকেলে শিশুদের কলগুঞ্জনে মুখর থাকে। বেশ বড়সড় পার্ক। আসলে এটা ছিল জমিদার কিশোরী মোহনের বাগান। অনেকগুলো ফোয়ারা পার্কজুড়ে। বিশাল ফুলের বাগান।
— আব্বু পরীর গল্পটা বলবে? অর্থির কণ্ঠে রাগ।
রহমান সাহেব হেসে দেন। তোমাদের ঘুম পাচ্ছে বুঝি? তাহলে আজ থাক আরেক দিন বলব। জিশান ও অর্থির দিকে দৃষ্টি ঘুরিয়ে আনলেন। প্রতিক্রিয়া বোঝার জন্য।
— না, আজই গল্পটা শোনাও, গল্পটা শুনেই নামব। জিশান বলল।
— হ্যাঁ আব্বু, আমরা বুঝতে পেরেছি সেসময় কেমন ছিল পরিবেশ- এবার পরীর সঙ্গে কিভাবে দেখা হলো বলে ফেলো।
— বলছি, শিশুপার্কটা অজস্র ফুলে ফুলে ভরা ছিল। তাই পার্কের আশপাশে ফুলের সুগন্ধে ভরে থাকত। সেদিন পূর্ণিমার রাত। চাঁদের আলোয় ঝিলমিল করছে পার্কের আঙিনা। কামিনী, গন্ধরাজ, গাঁদা, গোলাপ, নয়নতারা। সাদারঙের ফুলগুলো যেন তারার মতো ঝিকঝিক করছিল।
— তোমরা তখন পার্কে গিয়েছিলে? অর্থির প্রশ্ন।
— না। পার্কে ঢোকার সাহস আমাদের হয়নি। আমরা পার্কের নিচু বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে চলে যাওয়া মানুষের চলাচলের রাস্তা দিয়ে ফিরছিলাম।
— তোমরা তাহলে বেড়াতে গিয়েছিলে?
— হ্যাঁ, সে রকমই। পার্ক পেরিয়ে একটু হাঁটলেই তোমার দাদিজানের মামার বাসা। সেসময় মহকুমা পুলিশ কর্মকর্তাকে বলা হতো এসডিপিও। তোমার দাদিজানের মামা ছিলেন একজন এসডিপিও। আমরা তার বাসায় গিয়েছিলাম। পথ খুব বেশি নয়। হেঁটে গিয়েছিলাম, ফিরছিলামও হেঁটে। রিকশার খুব দরকার পড়ত না।
— তারপর কী দেখলে বলো? অর্থির আর তর সইছে না।
রাত একটু বেশিই বলা যায়। বিশেষ করে মফস্বল শহরের জন্য।
— রাত কয়টা আব্বু? জিশানের প্রশ্ন।
— দশটার কাছাকাছি। পার্কের পাশ দিয়ে আমরা হেঁটে আসছি। আমাদের ওই স্থানে এলে এমনিতেই ভয় ভয় করত। পার্কের ভেতর পাথরের মূর্তি ছিল বেশ কয়েকটি। রাতে নাকি ওই মূর্তিকে পার্কে হাঁটাহাঁটি করতে দেখেছে কেউ কেউ। অনেক গল্প পার্ক নিয়ে মুখে মুখে। তাই আমাদের গা ছমছম করছিল। এমন সময় তোমাদের এক ফুপি বলে উঠলেন-ঐ, ঐ যে পরী! আমরা সবাই পার্কের দিকে চোখ রাখলাম। দেখলাম পার্ক সংলগ্ন পুকুরের কাছে দু’জন পরী ফুল তুলছে—
— দু’জন। অর্থি ভয় পেয়েছে। গলার কাঁপা কাঁপা উচ্চারণ তাই।
— কেমন দেখতে আব্বু? জিশান প্রশ্ন করে।
— দূর থেকে যা চোখে মালুম হলো, সাদা ড্রেস পরা, দু’কাঁধে পাখা আছে, মুখ দেখা যাচ্ছিল না। আর আমাদের তখন ভয়ে হাত-পা আড়ষ্ট হওয়ার জোগার। তোমাদের দাদি বললেন, জোর পায়ে হাঁটো সবাই। কিন্তু আমাদের পায়ে জোর থাকবে কিভাবে। ভয়ে বসে পড়ার মতো।
— তারপর? অর্থি বেশ ভয় পেয়েছে বোঝা গেল।
— তারপর আর কী? আমরা হেঁটে বাসায় ফিরলাম। আমাদের একজন নাইটগার্ড ছিলেন। রহিম ভাই। তাকে বললাম পরী দেখেছি। রহিম ভাই বললেন পরী? কত দেখছি ভাইজান। আমাদের পোস্ট অফিসের সামনে টেনিস খেলার মাঠ আছে না। এইহানের ক্লাবের বাগানে পত্তিদিন পরী আহে।
— চলো এবার ঘরে ফেরা যাক। সবাই উঠে পড়ল।

।। তিন।।
বিকেলবেলা একপশলা বৃষ্টি হলো। বৃষ্টি হলে লেদু চাচার কাজ একটু কমে। গাছে পানি দিতে হয় না। একদিন ভালো বৃষ্টি হলে কয়েক দিন আর গাছ পানি খেতে চায় না। লেদু চাচা গাছ পানি খায় বলে থাকেন। পানি দেয়া না লাগলেও গাছের যত্নআত্তি করা থেকে লেদুচাচা ছুটি নেন না। মরে যাওয়া গছের পাতা সাফ করা, ডাল, লতা-পাতা ঠিকঠাক বেঁধে দেয়া ইত্যাদি কাজে তিনি থাকেন সবসময় মশগুল। লেদুচাচার ভাষায়— গাছের মহব্বত করতে অয়, মহব্বত করলে গাছও মানুষরে মহব্বত করে। অভ্যাসবশত লেদুচাচা ছাদে উঠে একটা ছোট আকৃতির দা আর টুকরি নিয়ে গাছ পরিচর্যায় লাগেন। রোজকার মতো দীনাও একটু আগে ভাগে ছাদে হাঁটাহাঁটি করছিলেন।
— লেদুচাচা আপনার বুঝি অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছাদে উঠলেই গাছের যত্নে লেগে যান?
— অয় মা অয়। গাছ বড় লক্ষ্মী। যারা গাছের যতন করইন তারার রোগবালাই কম অয়। একটা হাছা গফ্ হুনতায়নি মা? লেদুচাচা বলেন।
— বলেন চাচা, আমি হাঁটতে হাঁটতে শুনব। দীনা সময় নষ্ট করতে চায় না। একটু পর মাগরিবের আজান। আজান হলেই নিচে নামতে হবে। তাই এর আগে হাঁটাহাঁটি শেষ করা চাই।
— হুনো মা, একজন লন্ডনি সিলোটি আমরার গাঁওয়ের পাশের গাঁওয়ের বেটা চৌধুরীসাব। হার্টের বেরাম অইছিল। পয়সা আছে, গ্যালা লন্ডন চিকিৎসা করানিত। ডাক্তারে কইলা অপারেশন করতে। ডাক্তার আরো কইলা অপারেশন করলে বাঁচবো ছয় মাস। বেটায় অপারেশন না করাইয়া দ্যাশে আইলা। একটা টিল্লা খরিদ করলা। টিল্লারে সুন্দর করি কাটিয়া বাড়ি বানাইলা। হাঁস, মুরগি, গরুর খামার বানাইলা। বিভিন্ন জাতের পক্ষীর চিড়িয়াখানা বানাইলা। নিজ হাতে এইসব পশুপাখি গাছের যত্ন করতা। বেটা ছয় বছরেও মরছে না। বেটা দীর্ঘজীবী অইছে।
— ঠিক বলেছেন চাচা, গাছপালা পশুপাখির যারা চাষ করে, যত্ন করে আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দেন, তাদের হায়াৎ দারাজ করেন।
— এমন সময় কাছের মসজিদ থেকে আজান ভেসে এলো— আল্লাহু আকবার… আল্লাহু আকবার…
দীনা মাথার কাপড়কে আরো একটু টেনে সিঁড়িঘরের দিকে পা বাড়ালেন। মুখে লেদুচাচাকে বললেন, চাচা চলি, চা খেতে আসবেন কিন্তু।
লেদুচাচা গাছের যত্ন থেকে হাত গুটিয়ে নিলেন। গাছের পাশে জরুরি প্রয়োজনে বসানো কলটি ছেড়ে হাতমুখ ধুয়ে অজু সারলেন। চিলেকোঠায় ফিরে এলেন। এখানে একটা ছোট একজনী তক্তপোষ পাতা। জায়নামাজও আছে গোটানো। পেতে নেন খুব যত্ন করে। এখানে কখনো কখনো তিনি নামাজ আদায় করে থাকেন। সেভাবে আজো করলেন। নামাজ শেষে তসবি হাতে দোয়া-দরুদ পাঠ করলেন মিনিট ত্রিশেক। তারপর মুনাজাতে মগ্ন হলেন। দীর্ঘ মোনাজাত। চোখের পানিতে তার দুই গণ্ড ভিজে একাকার।
— দাদাজান কী করেন? অর্থির কণ্ঠ শুনে ফিরে তাকান। এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিলেন। বাস্তবজগত সম্পর্কে ছিল না তার খেয়াল। অর্থিকে দেখে বুঝতে পারেন চা খাওয়ার সময় উতরে যাচ্ছে দেখে দীনা পাঠিয়েছে অর্থিমণিকে।
— দাদাজান, আম্মু আপনাকে চা খেতে ডেকেছেন। আর চা খেয়ে আপনি আবার ছাদে আসবেন। আমরা গল্প শুনবো কিন্তু। লেদুচাচা দু’হাতে জায়নামাজ ভাঁজ করে বললেন— চল চল দাদুমণি, নিচে চল, চা খাইয়া আবার আইমুনে—
লেদুচাচা অর্থির হাত ধরে নিচে নেমে আসেন। চায়ের টেবিলে রহমানও অপেক্ষায়। চায়ের সঙ্গে নাশতা হিসেবে ডালপুড়িও ছিল। দীনার হাতে এসব ‘বিহারী’ খাবার ভালো হয় নাকি। রহমানের মতো। তাই ডালপুড়ি চা খেতে খেতে বেশ জমে ওঠে গল্পের আসর। কিন্তু হঠাৎ বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ গেলেও ঘর অন্ধকার হলো না। বিকল্প ব্যবস্থা করা। তাই লাইট এবং ফ্যান দুটোই চালু হয়ে গেল তৎক্ষণাৎ। কিন্তু তাতে কী, চারপাশ অন্ধকারে গেল তলিয়ে।
— দাদাজান, চলেন ছাদে যাই, গল্প শুনব আপনার।
— লেদুচাচা, যাউকা, আপনার নাতি নাশারারে লইয়া ছাদে। আমরাও আইমুনে। ঘণ্টাখানেক লোডশোডিং থাকব।

অনুমতি পেয়ে জিশান অর্থি দাদাজানকে নিয়ে ছাদের দিকে ছোটে। ধুপ্ধাপ সিঁড়ি ভেঙে উঠে আসে ছাদের চিলেকোঠায়। তারপর খোলা আকাশের নিচে। ঠাণ্ডা বাতাস বইছে। একটা শীতলপাটি বিছিয়ে বসে যায় দাদাজানকে ঘিরে অর্থি ও জিশান।
লেদুচাচা এক অদ্ভুত মানুষ। ভাতিজা রহমানের দুই ছেলেমেয়ে নিয়ে তার সময় কাটে ভালো। এরাও দিনে দিনে দাদাজানের বেশ ভক্ত হয়ে উঠেছে। কখনো গল্প, কখনো গান শুনিয়ে তাদের বশ করে ফেলেছেন লেদুচাচা। সেভাবে আজ তারা ছাদে এসে চুপটি বসেছে গল্প শোনার জন্য।
— দাদাজান, আপনার ছেলেবেলার গল্প শোনান। জিশান বলল।
— দাদাজান বাঘ শিকারের গল্পটা বলেন। অর্থি বলল মাথা নাচিয়ে।
— হ্যাঁ, হ্যাঁ… দাদাজান, আপনার ছেলেবেলার সেই বাঘ শিকারের গল্পটা বলেন। জিশান সমর্থন দিলো অর্থির প্রস্তাবে।
ঠিক আছে আইজ বাঘ শিকারের গল্পটাই বলি। আমরার অঞ্চল তো দেখছনি দাদারা, টিল্লা, টক্কর, বন-জঙ্গল, হাওর-বাওর, আগে এই বন-জঙ্গল আরো বেশি আছিল। শীতকালে আমরার অঞ্চলো আসাম, ভারতের মধ্যে পড়ছে, আসামের পাহাড় থাকি চিতাবাঘ নামত। ঐসব অঞ্চলে প্রচণ্ড শীতে কাতর হইয়া চিতাবাঘ বাংলাদেশে আইত খাদ্যের সন্ধানে।
— লোকেরা বুঝতে পারত কিভাবে? জিশানের প্রশ্ন।
— বুঝতে পারত বাঘ সাহেবের চলাফেরায়। বাঘ তো আইত খাইবার লাগি। তাই আসিয়াই গরু-মহিষ ছাগল যা পাইল শিকার বানাইল। বাঘ কিন্তু সবকিছু খায় না। কিছু রাখে। ঐগুলা চিহ্ন হিসেবে বুঝা যায় আশপাশের টিল্লায় বাঘ আছইন। আর রাইতে ডাকইন—
— দাদাজান, বাঘ কি এমনভাবে ডাকে? আমরা শুনেছি হালুম… ডাকে। অর্থি নিজ মুখে ডেকে শোনাল।
— ঐটা লেখকেরা বাইর করছে। বাস্তবে কোনো বাঘরে ঐরকম ডাকতে কেউ হুনে নাই, বুঝছইন।
এমন সময় রহমান সাহেব ছাদে ওঠেন। অর্থি-জিশানের শীতলপাটিতে বসে লেদুচাচার গল্প শোনার আসরে গিয়ে দাঁড়িয়ে যান। লেদুচাচা দেখেই উঠে দাঁড়ান।
— চাচা আপনি উঠবেন না ওদের গল্প শোনাচ্ছেন, শোনান। আমি একটু আকাশ দেখি। রহমান সাহেব চক্রাকারে মাথা ঘুরিয়ে আকাশ পরখ করলেন। তারপর চলে এলেন তার সাধের টেলিস্কোপ ঘরে। উঁচু একটা টেবিলের ওপর যন্ত্রটা বসানো। একটা উঁচু পা-ওয়ালা হাই চেয়ারে বসেন। মাথার ওপর টিনের শেড। একটা ছোট্ট ঘর। দরজা আছে এক পাল্লার। তালাবদ্ধ করার ব্যবস্থাও আছে। রহমান এই ঘরে ঢুকে চেয়ারে বসলে পৃথিবীটা মিথ্যা হয়ে যায়। মনে হয় আমরা যেখানে বাস করি কত ছোট্ট একটা গ্রহ। আর মানুষ গিজগিজ করছে। সাত শ’ চৌত্রিশ কোটি নব্বই লাখ নাকি!
— আব্বু কী দেখছো? অর্থি ও জিশান এসে উপস্থিত। অর্থি খুব নিচু স্বরে জানতে চায়। ওরা জানে এ সময় ওদের আব্বু গভীর ধ্যানে আকাশ পর্যবেক্ষণ করেন। জোরে কথা বলা নিষেধ। অর্থি ও জিশান ছাদের নিয়ম মেনে চলে। যেমন গাছের ফুল ছেঁড়ে না। টেলিস্কোপ ঘরে ঢোকে না। দৌড়ঝাঁপ তেমন করে না।
— দেখছি বেটা প্লুটোকে। সে আর আমাদের সৌরবাসিন্দা না।
— প্লুটোকে এখন কী বলা হবে? জিশান জানতে চায়।
— প্লুটোর আর কোনো নাম থাকল না। একটা নতুন শ্রেণিতে বসানো হলো তাকে— বামনগ্রহ।
— বামনগ্রহ! এ কেমন নাম! জিশান অবাক হয়।
— শুধু তাই নয়, একটা সংখ্যা দিয়ে তার পরিচয় ১৩৪৩৪০।
— বিজ্ঞানীরা প্লুটোর ওপর অবিচার করেছেন। জিশান বলল।
— অবিচার বৈকি! এ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা রীতিমতো কম ভাগাভাগি করলেন না। ভোটাভুটি হলো। বেচারা প্লুটোর পক্ষের বিজ্ঞানীরা হেরে গেলেন। প্লুটো একটা ব্যতিক্রমী গ্রহ, এটা সবাই অনেক দিন ধরে জানত। গ্রহের চেয়ে গ্রহাণুদের সঙ্গেই বেশি মিল। তাই তাকে এক শ্রেণি থেকে সরিয়ে অন্য শ্রেণিভুক্ত করা হয়েছে। এই যা—
— কিন্তু আব্বু প্রাণিজগতে কখনো এমনটি শুনি না। জিশান মাথা চুলকাতে চুলকাতে বলল— যেমন বাদুড় পাখির মতো উড়তে পারে কিন্তু ডিম পাড়ে না, তাই বলে বাদুড়কে পাখি বলা হবে কি না এই নিয়ে প্রাণিবিজ্ঞানীরা কখনও ভোটাভুটি করেছেন? জিশান বিজ্ঞের মতো বলল। হা… হা…হা… রহমান সাহেব টেলিস্কোপ থেকে চোখ সরিয়ে নেন। হাসতে থাকেন জিশানের কথায়।
— তোমাদের গল্প শোনা শেষ হলো?
— ঐ অর্ধেকটা। দাদাজান বললেন আরেকদিন বলবেন। অর্থি একটুু টেনে টেনে বলল।
— দেখি নম্বরযুক্ত বামনগ্রহকে। জিশান এগিয়ে আসে। রহমান চেয়ার থেকে নেমে জিশানকে বসার সুযোগ দেন। জিশান চোখ রাখে। বিন্দু বিন্দু আলো শুধু দেখা যায়। কোনটা প্লুটো কোনটা ইউরেনাস শনাক্ত করা জিশানের সাধ্যিতে কুলাবে না। তবে আকাশরাজ্যের এই আলোকমালা দেখতে বেশ লাগে।
এমন সময় শোনা যায় লেদু চাচার কণ্ঠ—
চিনলে নারে অবুঝ মানব খোদা যে কেমন
জিন্দেগী ফুরায়ে গেলে আখেরে ক্রন্দন।।
পয়দা করে আদমেরে কল্বে তাহার বিরাজ করে
তবু তারে চিনলে নারে হইয়া তার বাহন।।
দরবারে শাহ বলে ভেবে হৃদয়চোখে দেখ তবে
কল্বের বাগে দেখতে পাবে খোদ খোদার আসন।।

লেদুচাচার সুরেলা কণ্ঠে সবাই ফিরে তাকায়। ছাদের এক কোণে বসে একাগ্র মনে গান গাইছেন তিনি। এই আত্মভোলা মানুষের প্রতি রহমান সাহেবের ভালোবাসা কম না। চাচা দুনিয়ার জন্য কাঙাল না, পরজীবনের জন্য পাগল। হায়রে! এমন মানুষ কই!

।। চার।।
জ্যৈষ্ঠ মাস। আম-কাঁঠাল পাকার গরম পড়েছে। আর যত গরম পড়বে, বিদ্যুতের খেলাও বাড়বে। তবে ইদানীং বিদ্যুৎ কম যাচ্ছে। কিন্তু ঘরে প্রাণান্ত গতিতে চলা ফ্যান স্বস্তি দিতে পারছে না। ভ্যাপসা গরম। তাই খোলা ছাদে এসে জড়ো হলো একে একে।

প্রথমে দীনা। প্রতিদিনের রুটিন ছাড়াই। তারপর অনুমতিসাপেক্ষে জিশান ও অর্থি। গরমের দোহাই দিয়ে।
রহমান টেবিলে বসে কাজ করছিলেন। তিনিও স্বস্তি পাচ্ছিলেন না। ভাবলেন ছাদে যাই। যেই ভাবা সেই কাজ। আর মাগরিবের নামাজ পড়ে খানিকটা সময় ছাদে কিংবা চিলেকোঠায় সময় পার করা লেদুচাচার রোজকার অভ্যাস। তিনিও ছাদে বসে গুনগুন করছিলেন। অনুচ্চ স্বরে গান ধরেছেন।

আকাশ বেশ পরিষ্কার। ঝকঝকে নীল। আকাশ কি সত্যি নীল? কী রকম নীল? এমন প্রশ্ন অনেকের মনে উদয় হয়। দীনার কাছে মনে হয় কাপড়ে দেবার জন্য সাদা মাড়ে যে নীল রঙ মেশানো হয়— আকাশটা সেরকম নীল। অর্থির কাছে ওদের স্কুল ড্রেসটা যেমন, সেরকম নীল। আর জিশানের কাছে আকাশের নীলটা তার ক্লাসের সহপাঠী বিদেশী ক্লডিয়ার চোখের মতো।
এ নিয়ে অনেক গবেষণা হয়েছে ওদের মধ্যে। তবে আজকের আকাশে মেঘও আছে। ঘন নয়। ছেঁড়া ছেঁড়া। ওলটপালট বাতাসও বইছে। এতে গায়ের গরমটা কমেছে।
রহমান সাহেব ছাদে উঠে খুব একটা স্থির থাকেন না।
ছটফটানি ভাবটা ছোটদের মতো। তাই ছাদটা এক চক্কর লাগালেন। নতুন ভ্যারাইটির কয়েকটি ফুলগাছ দেখলেন নেড়ে চেড়ে। এরপর চলে এলেন তার প্রিয় টেলিস্কোপ ঘরে। টেলিস্কোপটা একটা মোটা কালো রঙের কাপড়ে আবদ্ধ ছিল। চেইন সিস্টেম। শি— শব্দে টান দিয়ে চেইন খুলে টেলিস্কোপ উন্মোচন করলেন। চেয়ারে যথারীতি বসেছেন। ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে আইপয়েন্টে চোখ রাখলেন। ডান চোখ।
ব্যস, চোখের সামনে মহাশূন্যের অপার রহস্য। ঝিকমিক ঝিকমিক জ্বলা নক্ষত্ররা। অদ্ভুত মায়াবী এই তারারমেলা। রহমান খুঁজতে লেগে যান এ মাসের তারাটিকে। এটা তার রুটিন কাজ। অভিজিৎ খুঁজছেন। আতিপাতি। উত্তর-পূর্ব দিকে চোখ রাখেন। পাওয়া গেল না। আরেকটু রাত গভীর হলে তারাটিকে দেখা যাবে। এটাই নিয়ম। গভীর রাতে বাছাধনরা ধরা দেয়। ধরা তাকে দিতেই হবে।
রহমান এবার টেলিস্কোপ ঘুরিয়ে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে খুঁজতে থাকেন। আরেক বন্ধুতারাকে। তুলারাশি। পেয়ে যান। মনটা খুশিতে নেচে ওঠে।
বাহ্ বেশ উজ্জ্বলভাবে ধরা দিয়েছে বাছাধন! আরো একটু পূর্ব দিকে দৃষ্টি ঘুরিয়ে আনতেই পেয়ে যান বৃশ্চিকাকও। শুধু অভিজিৎ ধরা দিলো না! এ মাসের আরো একটা তারা তার পেতে হবে। হুম!
রহমান সাহেব টেলিস্কোপের নল একবার দক্ষিণ আরেকবার দক্ষিণ-পূর্ব দিকে আচক্র ঘোরাতে থাকেন। যদি পেয়ে যান এই আশায়। মিনিট দশেক সময় যায় এই খোঁজাতে।
— পেয়ে গেছি— পেয়ে গেছি— আর্কিমিডিসের ‘ইউরেকা-ইউরেকা’ বলার মতো রহমান সাহেব চিৎকার দিয়ে ওঠেন।
— কী পেয়েছ আব্বু, কী পেয়েছ— জিশান ও অর্থি উভয়ে একসঙ্গে বলে ওঠে।
— দেখে যাও তোমরা— রহমান রীতিমতো উত্তেজিত। ভাবটা নতুন কোনো গ্রহ আবিষ্কার করে ফেলেছেন।
— নতুন কোনো গ্রহের সন্ধান পেলে? জিশানের প্রশ্ন।
— একজন একজন করে আসো, একদম দম বন্ধ করে আইপয়েন্টে ডান চোখটা রাখো। নড়বে না, নড়বে না— হিস্ হিস্ জিশান চেয়ারে উঠে বসে ধীরে ধীরে। আইপয়েন্টে চোখ রাখে।
— শ্বাস-প্রশ্বাস ধীরে ধীরে নেবে। টেলিস্কোপের নলে হাত না।
— হ্যাঁ হ্যাঁ আব্বু, উজ্জ্বল তারাটি দেখছি। কিন্তু মাঝে মাঝে নিভে যাচ্ছে— জিশান বলল।
— ওই তারার নামই জ্যৈষ্ঠ, বুঝলে জিশান বাবু? ঐ তারার নামেই এ মাসের নামকরণ হয়েছে জ্যৈষ্ঠ মাস।
— আব্বু, আমিও দেখব—। অর্থির আবদার
ভাইয়া যেটা করবে অর্থির সেটা করা চাই। এটা পুরনো সত্যি।
অবশ্যই তুমিও দেখবে অর্থিমণি— জিশান নেমে পড়ো, এবার অর্থির পালা।
ভালো ছেলের মতো জিশান চেয়ার থেকে নামল। অর্থিকে কোলে করে বসিয়ে দিলেন রহমান সাহেব। স্বাভাবিক চেয়ারের চেয়ে উঁচু বলে অর্থির পক্ষে ওঠা কঠিন।
রহমান সাহেব ছেলেমেয়েদের সবকিছুতে নেন। এসব ব্যাপারে খুবই উদার তিনি। তাছাড়া আকাশরাজ্যের সঙ্গে ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দিতে চান। আজকাল ছেলেমেয়েরা চাঁদকেই চেনে না। শহরের আলো ঝলমল পরিবেশে কখন চাঁদ ওঠে কখন ডুবে তা দেখার সুযোগই পায় না।
অর্থি চোখ রাখে টেলিস্কোপের আইপয়েন্টে। বিষয়টা তার জন্য নতুন নয়। কিভাবে দমবন্ধ করে চোখ রাখতে হয় তা তার জানা। আকাশের দিকে চোখ রাখলে একটা আনন্দে ভরে যায় মন।
ঝিকমিক ঝিকমিক তারার আকাশে অর্থি হারিয়ে ফেলে নিজেকে। মনে মনে উড়ন্ত পরীকে খোঁজে। যদি দেখা যায়। যদি হঠাৎ একঝাঁক পরী ধরা দেয় এই টেলিস্কোপে।
— অর্থিমনি, দেখেছ? রহমান সাহেব জানতে চায়।
— ওরে বাপরে কত তারা— আব্বু, আমি তারাদের দেশে যাবো—
— তাহলে তোমাকে পরী হতে হবে— জিশান বলল।
— অর্থিমণি তো একটা পরীই— শুধু কাঁধে ডানা নেই- রহমান বলল হেসে।
— অর্থিমণি, এ মাসের তারাটা খুঁজে পেয়েছ? জিশান বলল।
— না পাইনি এখনো, অনেক তারার মাঝে হারিয়ে গেল বুঝি। অর্থিকে নামিয়ে দেয়া হলো। অনেক তারার মাঝে গুলিয়ে ফেলেছে এ মাসের তারাটিকে।
— আব্বু তুমি কিন্তু ফাঁকি দিচ্ছ। অর্থি চেয়ার থেকে নেমেই বলল।
— কী রকম? রহমান চেয়ারে উঠতে উঠতে বলেন। চোখ রাখেন টেলিস্কোপের আইপয়েন্টে। খানিকক্ষণ দেখেন ভালোভাবে। না, জ্যৈষ্ঠ তারাটিকে এখন দেখা যাচ্ছে না। আকাশেও মেঘ জমেছে।
— তুমি বলেছিলে ভূতের গল্প বলবে, ছোটকালে নানাবাড়ি গিয়ে দেখেছিলে, সেই গল্পটা বলোনি কিন্তু! অর্থি বলল।
— শোনাবো বলেছি যখন অবশ্যই শোনাবো, কিন্তু আজ না।
— না, আজই। তুমি খালি আজ না কাল বলে দেরি করছ। অর্থির কণ্ঠে জিদ।
— হ্যাঁ আব্বু, আজই শোনাও। জিশান সমর্থন দেয় অর্থিকে।
— তাহলে চলো, আমরা অন্য কোথাও গিয়ে বসি।
রহমান টেলিস্কোপের নলে ক্যাপ পরালেন। কালো কাপড় জড়ালেন পুরো টেলিস্কোপের গায়ে। ধীরে ধীরে চেইন টেনে টেলিস্কোপটা আবদ্ধ করলেন কাপড়ের ভেতর। ধুলোবালি থেকে বাঁচাতে। তারপর চেয়ার থেকে নেমে পড়লেন। দু’হাতে তালি দিয়ে বললেন— তাহলে চলো শীতলপাটিতে গিয়ে বসি।
জিশান অর্থি খুশি। দৌড়ে গিয়ে ছাদের এক পাশে রাখা শীতলপাটি নিয়ে আসে। নানুবাড়ি থেকে আনা এ পাটি। সিলেটের ঐতিহ্য শীতলপাটি। রহমান নিজের বিছানায় পেতে শো’ন গরমকালে। শীতলপাটি সত্যিই শীতল।

রহমান সাহেব আগে বসেন শীতলপাটিতে। জিশান ও অর্থিও বসে আব্বুর মুখোমুখি।
— এবার বলো ভূতের গল্পটা। জিশান-অর্থি বলল।
— ঊনিশ শ’ চুয়াত্তর সালের ঘটনা। দেশে চলছে আকাল। মানে দুর্ভিক্ষ। মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে প্রতিদিন। পত্রিকায় কঙ্কালসার মানুষের ছবি ছাপা হচ্ছে। ডাস্টবিন থেকে পঁচা খাবার কুড়িয়ে ক্ষুধার্ত মানুষ খাচ্ছে এমন দৃশ্যও ধরা পড়ছে সাংবাদিকের ক্যামেরায়। এমন আকালের দিনে তোমার দাদু ঠিক করলেন আমাদের নানাবাড়ি নিয়ে যাবেন।
— তার মানে দুর্ভিক্ষের দিনে তোমরা বেড়াতে বেরুলে? জিশানের প্রশ্ন।
— হ্যাঁ, বেড়াতে বেরুলাম। তোমাদের দাদু ছিলেন সরকারি চাকুরে। সরকারি চাকরির নিয়মমতো বেড়াতে যাবার জন্য ছুটি ও বোনাস মেলে কয়েক বছর পর। যাকে যখন দেবে সে সময় ছুটি এবং বোনাস নিয়ে থাকে। সেটা কর্তার ইচ্ছেয়।
— ও আচ্ছা, এবার বলো ভূতের গল্পটা। অর্থি বলল। এতক্ষণ অর্থি চুপ ছিল। বোঝা গেল গল্পটা শুনতে সে তড়পাচ্ছে।
— আমাদের নানাবাড়ি কিন্তু গ্রামে নয়। শহরেই। ব্রিটিশ আমলে ফরেস্ট রেঞ্জার নানাজী খুলনা শহরে বিশাল জায়গা কিনে বাড়ি বানিয়েছিলেন। অবশ্য গ্রামেও তাঁর বাড়ি ছিল। তখন ঐ এলাকা শহুরে হয়ে ওঠেনি। সারি সারি সুপারি-নারকেল গাছে ভরা। রাতে বাতাসে সেসব গাছের পাতা শির শির আওয়াজ তুলত। ভূতের নাকি সুরের মতো শুনতে লাগত।

— বেশি বড় হয়ে যাচ্ছে ভূমিকা— জিশান টেনে টেনে বলল।

বোঝা গেল জিশানের আসল গল্পটা শুনতে তর সইছে না।
— বা রে, প্রেক্ষাপট না বললে গল্প হয়? তাছাড়া এতো শুধু গল্প নয়— সত্যি!
— আমার মামা ছিলেন দুজন, চার খালা। খুলনা শহরেই থাকতেন তারা। তার মানে মামাতো খালাতো মিলিয়ে আমরা ছোটদের বাহিনী প্রায় এক ডজন। মামাবাড়ি বেড়াতে এসেছি। সাত খুন মাফ। অবাধ স্বাধীনতা। আমাদের কেউ কিছু বলে না।
— হয়েছে এবার গল্পটা বলো। গম্ভীর গলায় জিশান বলল।
— এগুলোও তো গল্প, আমাদের ছেলেবেলার গল্প, তোমাদের জানতে ইচ্ছে করে না? রহমান বললেন।
— করে, কিন্তু ভূতের গল্পটা নিশ্চয়ই মজার, ওটা জানতে ইচ্ছে করছে বেশি। অর্থি বলল।
— ঠিক আছে বলছি। আমাদের সবার বড় ছিলেন কামরুল ভাই। ছোট মামার বড় ছেলে। মেট্রিক পরীক্ষায় দু’একবার অ্যাপিয়ার হয়ে লাড্ডু পেয়েছেন। থাকতেন একটা বারান্দার কিছু অংশ হার্ডবোর্ড দিয়ে পার্টিশন করা ছোট্ট একটি ঘরে। ওই ঘরে বসে আমাদের রাতে গল্পের আসর বসতো। একদিন কামরুল ভাই আমাদের গল্পের আসরে ঢুকে গেলেন। শোনালেন ভূতের গল্প দু’একটা। বললেন, চাক্ষুস ভূত দেখতে চাইলে তিনি দেখাতে পারেন। ভূত দেখানো তার কাছে খুব সোজা।
আমি প্রথমেই রাজি হলাম।
— তুমি রাজি হলে? অর্থি ভীত কণ্ঠে বলল।
— তারপর কিভাবে দেখলে? জিশান বলল।
— কামরুল ভাই বললেন বেশি লোককে দেখানো যাবে না।
একজন কি দুজন। আমি তো প্রথমেই রাজি। তাই আমার সাথে আরেকজন সুযোগ পেল, সে হলো সেলিম। খালাতো ভাই, ভীষণ দুষ্টুু।
— তারপর কী হলো? জিশান উত্তেজিত।
— কামরুল ভাইয়ের কথামতো রাতে তার ঘরে আমরা দু’জন থাকতে রাজি হলাম। কামরুল ভাই গভীর রাতে ডেকে আমাদের ভূত দেখাবেন। ছোট্ট একজনী খাটে আঁটাআঁটি করে দু’জন শোয়া যাবে মাত্র, তিনজন নয়। কামরুল ভাই বললেন তিনি ঘুমাবেন না। চেয়ারে বসে পড়বেন। তার পরীক্ষা আছে।
— তার মানে বেচারা কামরুল চাচাজান তোমাদের জন্য খাটটা দিয়ে নিজে বসে বসে রাত পার করলেন? জিশান বলল।
— হ্যাঁ, সে রকমই। কামরুল ভাই বললেন অন্তত রাত দু’ টা থেকে তিনটের আগে ভূত দেখা যাবে না। দেখা যাবে জানালা দিয়ে রাস্তার ওপর টগবগ টগবগ করে ছুটে যাওয়া জোড়ায় জোড়ায় সাদা ঘোড়া।
— ঘোড়াভূত! অর্থির কণ্ঠস্বর আরো নিম্নে নেমে গেছে। ফ্যাঁস ফ্যাঁস করছিল।
— হ্যাঁ, ঘোড়াভূত!
— বেশ ইন্টারেস্টিং তো! তারপর কী হলো। জিশানের গলায় সামান্য কম্পন। গা ঘেঁষে বসেছে ওরা। বাতাস একটু জোরে বইতে শুরু করেছে। ছাদের টবে অনেক জাতের ফুল ফুটেছে। রাতের বাতাস মিলিত ফুলের অচেনা সুবাস নাকে এসে লাগছে। সুগন্ধে যেন মাতোয়ারা করে তুলছে পরিবেশ। কোন বিল্ডিং থেকে ঝুন ঝুন ঝুন ঝুন নূপুরের শব্দও কানে আসছিল। টিভিতে নাচের অনুষ্ঠান চলছিল বোধ হয়। বিল্ডিংয়ের গা ঘেঁষে দাঁড়ানো নারকেল গাছটার পাতা হিস হিস শির শির শব্দে একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে।
— আহ্! কী সুগন্ধ! রহমান দীর্ঘশ্বাস নিয়ে বললেন।
— এরপর কী হলো বলো, রাত হচ্ছে— আম্মু লেদুদাদুকে পাঠাতে পারেন ডাকতে। অর্থি বলল।
লেদুচাচা একটু আগে ছাদেই ছিলেন। এশার আজানের পর উঠে গেছেন। মসজিদে যেতে পারেন।
— বলছি। তারপর সেই কামরুল ভাইয়ের ছোট্ট চৌকিতে আমরা দু’জন শু’লাম আঁটাআঁটি করে। কামরুল ভাই হারিকেনের আলো কমিয়ে বই হাতে চেয়ারে বসে ঘুমে ঢুলছেন। পড়ার ভান করতে থাকলেন। চোখে ঘুম নিয়ে কি পড়া হয়?
ঘুমাস না কিন্তু সেলিম-রহমান— তাহলে মিস করবি। কামরুল ভাই আমাদের বললেন।
না, ঘুমাব না। খুব জোর দিয়ে বললাম দুজন। কামরুল ভাই কিভাবে একটু পর বললেন— এখন তো রাত বারোটা। আরো ঢের দেরি ঘোড়াভূত আসতে। তোরা বরং ঘণ্টা দুয়েক ঘুমিয়ে নে। আমি তো জেগে আছি। পড়ছি। সামনেই পরীক্ষা। তোদের সময়মতো ডেকে দেবো। তবে এক ডাকেই উঠবি। তা না হলে এত রাতে বেশি ডাকাডাকি করলে সবাই উঠে যাবে। ভূতও যাবে কিলও জুটবে।
— তারপর কী হলো? অর্থির প্রশ্ন।
— ধীরে ধীরে রাত গভীরে প্রবেশ করতে থাকে। আমাদের চোখ ভারী হয়ে আসে। ঘুমপরী চুম দিয়ে চোখের পাতা এক করে পালিয়ে যায়। আমরা ঘুমের দেশে ফুল বাগানে উড়ে বেড়াচ্ছি।
— না, এসব না ঠিকঠাক বলো। জিশানের আপত্তি।
— এমন সময় কামরুল ভাইয়ের ফ্যাঁস ফ্যাঁস কণ্ঠ— সেলিম, রহমান— এ্যাই সেলিম, রহমান! আমরা লাফ দিয়ে উঠি। কামরুল ভাই ভয়ে নিজেই জমে গেছেন। আমাদের চৌকিতে উঠে বসেছেন পা দু’খান তুলে। আর যে জানালা দিয়ে ভূত দেখার কথা সেটাও বন্ধ। আমরা জিজ্ঞেস করলাম— এসেছিল? কামরুল ভাই ঘর ঘর ঘর ঘর গলার শব্দে বললেন আজ এসেছিল অনেক-। বুঝতে পারলাম ভয়ে কামরুল ভাই আমাদের যথাসময়ে ডাকতেই পারেননি।
— তারপর কী হলো? ভূত দেখা হলো না? জিশান হতাশ।
— না, হয়েছে সেদিন নয়। কামরুল ভাই বললেন, পরের দিন তার ঘরে শুতে এবং সত্যি সত্যি তিনি ভূত দেখিয়ে ছাড়বেন। আমরা নাছোড়বান্দা রাজি হলাম। বাকি রাত ওই চৌকিতে পার করলাম দু’জন আড়াআড়ি শুয়ে। কামরুল ভাই দেয়ালে ঠেস দিয়ে ঘোড়ার মতো নাক ডেকে ঘুমালেন।
— পরের দিনের ঘটনাটা বলো আব্বু, জলদি! অর্থি অস্থির।
— বুঝতে পারলাম আমাদের ঘুমই মাটি করেছে সব। কুম্ভকর্ণ ঘুমটা ভূত দেখার এত বড় সুযোগ মিস্ করে দিলো। পরের দিন দিনে খানিকটা ঘুমিয়ে নিয়েছি। যাতে রাতের ঘুমটা তাড়ানো যায়। তাছাড়া নানীজানকে বলে গরম গরম চা-ও খেয়েছি। পরের দিন আমাদের চোখে ঘুম নেই। গল্প করে কাটিয়ে দিচ্ছি রাত। কামরুল ভাই বললেন আমরা শুনলাম। খুলনা শহরের বিখ্যাত ভূতের বাড়ির কাহিনীও শোনালেন। না জেনে এক মাড়োয়ারি বাড়িটা কিনে ফেলেন। তারপর ভূতের হাতে তার মৃত্যু হয়।
— পরের দিন ভূত দেখলে কি না? জিশান বিরক্ত।
— বলছি, গির্জার ঘণ্টা বাজতে থাকে। বারোটা থেকে ঘণ্টাধ্বনি কমে শব্দ বাড়ে। আমাদের কান খাড়া। ছোট্ট জানালা দিয়ে আমরা রাস্তা দেখছি। ধীরে ধীরে একদম ফাঁকা হয়ে গেল। কুকুরের চলাফেরা ছাড়া মানুষের ছায়া পর্যন্ত নেই। রাত দু’টা কি আড়াইটা। আমাদের কানে ঘোড়ার খুড়ের শব্দ এলো। দূরে বলে মনে হলো। কামরুল ভাই বললেন— সেলিম রহমান আসছে কিন্তু। আমরা নিঃশ্বাস বন্ধ করে জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় দেখলাম এক জোড়া সাদা ঘোড়া রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে আরোহী নেই।
টগ্ বগ্ টগ্ বগ্ টগ্ বগ্ টগ্ বগ্ ….
এমন সময় ভূতের মতো এসে দাঁড়াল লেদুচাচা। হঠাৎ এসে সামনে দাঁড়ানোতে পূর্ণিমার আলোয় ভূতের মতোই লাগে লেদুচাচাকে।
— দীনা আম্মায় খাইতে ডাকছুইন— লেদু চাচা বললেন।
রহমান শীতলপাটি গুটিয়ে লেদু চাচার হাতে ধরিয়ে দেন।

।। পাঁচ।।

আষাঢ় মাস হলেও বৃষ্টির দেখা নেই। বিকেলে আকাশে মেঘ জমেছিল। আকাশটা মুখ গোমড়া করেছিল। বুঝি ‘ভ্যা’ করে কেঁদে দেবে। না, বৃষ্টি ঝরেনি। ঠাণ্ডা বাতাসও ছেড়েছিল। আব্বু বলেছিলেন— ঠাণ্ডা বাতাস ছাড়া মানে বৃষ্টি নামবে। কিন্তু সেই বৃষ্টির দেখা মেলেনি।

বৃষ্টি না হওয়ায় ভালোই হয়েছে জিশান-অর্থির। অন্যান্য দিনের মতো আজো ছাদে উঠেছে ওরা। লোডশেডিং এর কল্যাণে। বেঁচে থাকো লোডশেডিং! চিরকাল তুমি বেঁচে থাকো।!
জিশান অর্থি মনে মনে ভাবে।
শুধু জিশান অর্থি না, একে একে দীনা রহমান, লেদুচাচাও উঠে এসেছেন ছাদে। এই উন্মুক্ত স্থান ছাদটা সবার প্রিয়। আর প্রিয় হবার কারণও আছে। ছাদের অপূর্ব পরিবেশ। আর ছাদে এলে আকাশকে কাছে পাওয়া যায়।
ছাদে এসে দীনা-রহমান শখের বাগানটা একটা চক্কর লাগান। চক্কর লাগায় না কে! জিশান অর্থি লেদুচাচা, সবাই। গাছের সঙ্গে এদের সবার ভাব জমে গেছে।

তবে গাছের সঙ্গে ভাবটা লেদুচাচারই বেশি। তারপর দীনার। লেদুচাচা গাছের যত্ন-আত্তি করেন নিজ সন্তানের মতো। সন্তানকে যেভাবে বাবা-মা যত্ন করে থাকে, লেদুচাচা ছাদের ওপর টবের গাছগুলোকে তেমন মহব্বত করেন।
বাগান দেখতে এসে দীনার চোখ জুড়িয়ে গেল। ফুলে ফুলে সেজে উঠেছে ছাদ। টগর, হাস্নাহেনা, লিলি, বেলি ফুলের সমাহার দেখে খুশি হয় দীনার মন।
— আম্মু, দেখে যাও কী সুন্দর কনকচাঁপা ফুটেছে! অর্থি চিৎকার করে।
কনকচাঁপা গাছ এমনিতে অনেক বড় হয়। কিন্তু এই গাছটি কলম করে একটা কাটা ড্রামে লাগানো। এবারই গাছে ফুল এলো। দীনা তাই এগিয়ে যায় গাছটার কাছে। এখনো কলি অবস্থায়। দেখতে সুন্দর আঙুলের মতো। এ জন্য সুন্দর আঙুলের সঙ্গে কনকচাঁপার উপমা দেওয়া হয়।
— আম্মু, কনকচাঁপার আরেকটা নাম যেন কী? অর্থি বলল।
— মুচকুন্দ। বড় মিষ্টি ঘ্রাণ ফুলের। আগের দিনের লোকেরা এ ফুলের নির্যাস দিয়ে শরবত খেতো। মুচকুন্দ কাঠ বড়ই মূল্যবান।
— তোমার ছাদে এলে বলে দেওয়া যায় কোন ঋতু যাচ্ছে। রহমান কখন তাদের পাশে এসে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করছিলেন তা দীনা টের পাননি।
—ঠিক বলেছ, তাছাড়া ফুলের ঘ্রাণ যখন নাকে এসে লাগে মনটা সতেজ হয়ে ওঠে। আচ্ছা জিশানের আব্বু, এক কাজ করলে হয় না, বর্ষাকালের এমন সুন্দর ফুল কদমকে ছাদে ঠাঁই দেওয়া যায় না?
দীনার মুখে মুচকি হাসি। কথাটা বলে সে বুঝতে পারে ঠিক হলো না বুঝি— কদম গাছ বিশাল হয়ে থাকে।
— খুউব হয়— আর ছোটকালে একটা গান শুনেছি তাও গাওয়া যায়— গলা ছেড়ে সত্যি সত্যি গাইতে লাগলেন।
দীনা, জিশান ও অর্থি হেসে গড়িয়ে পড়ল।

ঠাণ্ডা বাতাস ছেড়েছে। আকাশের দিকে চোখ যায়। আর আকাশের দিকে চোখ পড়া মানে তাকে টানতে থাকে সাধের টেলিস্কোপ ঘর। আকাশে তেমন মেঘ নেই। ছেঁড়া ছেঁড়া মেঘ এগিয়ে চলেছে। চেষ্টা করলে হয়তো আজ সেই নক্ষত্র দেখা যেতে পারে। রণে ভঙ্গ দেন রহমান।

রহমান চলে এলেন টেলিস্কোপ ঘরে। টেলিস্কোপের মাথার ক্যাপটা সরিয়ে চোখ রাখেন আইপয়েন্টে। ধীরে ধীরে ঘোরাতে থাকেন। বিস্ময়ের এক অপার জগতে ডুব দেন তিনি। পৃথিবীটা মিথ্যে হয়ে যায়। মনে হয় তিনি পৃথিবীতে নেই। কোনো এক গ্রহে চলে গেছেন। সৌরজগতে বিচরণ করছেন। মনে মনে খুঁজতে থাকেন পূর্ব দিকের ছায়াপথ। পেয়ে যান। এরপর আরো পূর্ব দিকে দৃষ্টি রাখেন। ছায়াপথটির আরো নিচের দিকে । একটু একটু করে। অসংখ্য নক্ষত্রের মাঝে খোঁজেন এ মাসের নক্ষত্র— ধনুকে। খুঁজতে থাকেন আরো দুটি নক্ষত্রকে। উত্তর আষাঢ়া ও পূর্ব আষাঢ়া। যাদের নামে হয়েছে এ মাসের নামকরণ— আষাঢ়।
জিশান-অর্থি হাজির।
— আব্বু কী দেখো? অর্থির প্রশ্ন।
এ মাসের নক্ষত্র খুঁজি। রহমান সাহেব জবাব দিলেন।
জিশান-অর্থি জানে এ সময় বেশি কথা বলা নিষেধ। তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে।
— না, এখনো পাইনি। রহমান সাহেব গভীর মনোযোগ দিয়ে খুঁজতে থাকেন। আকাশরাজ্যে বিচরণ করার এক আনন্দই আলাদা।
অর্থি-জিশানকে আরো অপেক্ষা করতে হবে। ওরা জানে একটা নক্ষত্র খুঁজে পেতে ঘণ্টার পর ঘণ্টাও চলে যায়, আবার কয়েক দিন পর্যন্ত। আকাশের মতিগতি সবদিন একরকম থাকে না। মেঘের লুকোচুরি তো আছেই। দৃষ্টির অনেক দূরে থেকে লুকোচুরি খেলতে ভালোবাসে ওরা?
জিশান-অর্থি খোলা আকাশের দিকে তাকিয়ে তারাদের পতন দেখে।
– ইউরেকা – ইউরেকা – ইউরেকা – ইউরেকা –
চিৎকার করে ওঠেন রহমান সাহেব। কোনো নক্ষত্রের সন্ধান পেলেই রহমান শিশুর মতো চিৎকার করেন। এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। জিশান-অর্থির জানা।
— কী পেয়েছ আব্বু, কী পেয়েছ? অর্থি-জিশান এগিয়ে আসে।
— প্রথমে অর্থিকে চান্স দাও জিশান, কারণ বেশি সময় উজ্জ্বল থাকবে না নক্ষত্রগুলো। রহমান চেয়ার থেকে নেমে অর্থিকে উঠতে সাহায্য করেন।
অর্থি চেয়ারে বসে ধীরে ধীরে মাথা ঝুঁকিয়ে চোখ রাখে আই পয়েন্টে।
— অর্থি, নীল ক্রস দেখতে পাচ্ছ?
— জি আব্বু, পাচ্ছি।
— ঠিক তার নিচের উজ্জ্বল তারাটি হচ্ছে ধনু। দেখতে পাচ্ছ?
— পাচ্ছি। অর্থি আস্তে বলল।
— এর কাছাকাছি আরো দু‘টি নক্ষত্র আরো উজ্জ্বল দেখতে পাচ্ছ?
— পাচ্ছি। অর্থি খুশি।
— ও দু‘টিই উত্তর এবং পূর্ব আষাঢ়া। রহমান বললেন।
এবার জিশানের পালা।
।। ছয়।।
লেদু চাচার জ্বর ছাড়তেই চাইছে না। বেশ কয়েক দিন হয়ে গেল পড়ে আছেন পশ্চিম দিকের ঘরটায়। পাড়ার ডাক্তার বিলাস বাবুকে দেখানো হলো। তিনি বললেন, কয়েক দিন দেখতে। প্যারাসিটামল খেতে বললেন আর জ্বরের ওঠানামা পরীক্ষা করতে বললেন। এই ওঠানামা পরখ করতেই একটা গ্রাফ চার্ট দিয়ে বললেন, দু’ঘণ্টা পরপর থার্মোমিটারে জ্বর মেপে ওতে টুকে রাখতে। ডাক্তার বাবু জিজ্ঞেস করলেন, পারবেন তো?
উপস্থিত ছিল সবাই। জিশান বলে উঠল, ডাক্তার বাবু আমি পারব।
ডাক্তার বাবু হেসে বললেন, বেশ বেশ ভবিষ্যতে কী হবে খোকা?
জিশান ঢোক গিলে বলল— জ্যোতির্বিজ্ঞানী হবো।
ডাক্তার বাবু কপালে চোখ তুলে রহমানের দিকে একবার, দীনার দিকে একবার তাকিয়ে বিস্ময়ভরা দৃষ্টিতে জানতে চান সেটা আবার কী?
রহমান হেসে বললেন— আকাশের গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করেন, তাদের অ্যাসট্রোনোমার বা জ্যোতির্বিজ্ঞানী বলে। আমার ছেলের ও বিষয়ে একটু আগ্রহ আছে ডাক্তার বাবু।
— থাকবে না! বাবার যখন টেলিস্কোপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আকাশে চোখ রেখে সময় কাটে, ছেলের সে আগ্রহ থাকতেই হবে। দীনা টিপ্পুনী কাটলেন।
— বাবার পেশাটা কিন্তু অ্যাসট্রোলজিভিত্তিক নয়, আর বাবার আগ্রহ থাকলেই ছেলের থাকবে, এমনটা অনেক সময় দেখা যায় না।
ডাক্তার বাবু শুধু হেসেই গেলেন। রহমান-দীনার অম্লমধুর বাক্য বিনিময় বেশ উপভোগ করলেন।
— ডাক্তার সাহেব বোধহয় আশা করেছিলেন, আমার ছেলে ডাক্তার হবার কথা বলবে, যেহেতু দাদার জ্বর মাপতে সে আগ্রহ প্রকাশ করল। রহমান সাহেব হাসতে হাসতে বললেন।

জিশানদের চলছিল গ্রীষ্মের ছুটি। তাই দাদার জ্বর মাপার কাজটি ঘড়ি দেখে ঠিকঠাক মতোই চালিয়ে গেল জিশান। অর্থিও দাদার কপালে পানিপট্টি দেয়া, পথ্য নিয়ে আসা, ফ্যানের বাতাস সহ্য করতে না পারলে সুইচ অফ করে দিয়ে ছোট্ট হাতপাখা দিয়ে মাথায় বাতাস দেয়া— এসব নানা সেবায় ব্যস্ত থাকল। এমনকি বিকালবেলা ছাদে না উঠে দুজন দাদার পাশে থেকে বেশ সেবা দিতে থাকে।
দীনা যেভাবে বলে যান অক্ষরে অক্ষরে পালন করে দুজন।

এভাবে কেটে গেল পাঁচ দিন। রহমান সকালে ঘর হতে বের হবার সময় একবার, আর সন্ধ্যায় ঘরে ফিরেই কাপড় ছাড়ার আগে আরেকবার লেদুচাচার শরীরের খবর নেন। বিলাসবাবুকে ফোন দিলেই চলে আসেন। ডাক্তার সাহেবও সরকারি ডাক্তার ছিলেন। রিটায়ার্ড করে এলাকায় বাড়ি করেছেন। নিরাময় ফার্মেসি নামে তার নিজস্ব ডিসপেনসারিতে বসেন সকাল-বিকেল। অন্যান্য ডাক্তারদের সবসময় ডেকেডুকে পাওয়া যায় না। বিলাস বাবুকে ডাকলেই পাওয়া যায়। তাই এলাকার সবাই বিলাস বাবুকেই একমাত্র নির্ভরযোগ্য ডাক্তার হিসেবে জানে। বিলাসবাবু এ পরিবারের হাউস ফিজিশিয়ান।

রহমান ঘরে ঢুকেই লেদু চাচার জ্বরের ধারা নিয়ে ভাবেন। পাঁচ-পাঁচটা দিন চলে গেল। আজ বিলাসবাবুকে আবার কল দিবেন। কী বলেন তিনি, শুনে বড় ডাক্তারকে দেখাবেন। কিন্তু চাচা এসব ডাক্তারের ওপর নির্ভর করতে চাচ্ছেন না। বারবার বলছেন— এসব সুন্দর সুন্দর মোড়কে ভরা ট্যাবলেটে তার রোগ ভালো হবে না। তার দরকার গ্রামের ভীম কবিরাজের ঔষধ। অর্থাৎ জড়ি বটি ছাল-বাকল খেলে নাকি তার রোগ ভালো হয়ে যাবে। অনেক অনুরোধ বুঝিয়ে-শুনিয়ে এ ক’টা দিন রাখা গেছে। এখন তিনি প্রায় ব্যস্ত গ্রামে— ফিরে যাবেন। ভীম কবিরাজের ঔষধ খাবেন। ভীমের অবশ্য আশে পাশের দশটা গ্রামে নামডাক কদর ভালো। ছোটবেলায় ভীমের তেতো ঔষধ রহমানের পেটেও গেছে। ভীমের জড়ি বটি মধুসহযোগে খেলেও তেতো স্বাদ থেকে বাঁচার উপায় নেই। অবশ্য তার হাত যশ আছে। বংশপরম্পরা তারা কবিরাজ। ভীমের বাবা রাধেশ্যাম ছিলেন জবরদস্ত কবিরাজ। একাত্তরে যুদ্ধের সময় রাধেশ্যাম পুরো পরিবার নিয়ে কোলকাতা চলে যান। সেখানে থাকা অবস্থায় তিনি মারা যান। ভীম কিন্তু ফিরে আসেন দেশের মায়ায়।
রহমান এসব ভাবতে ভাবতে লেদুচাচার ঘরে ঢোকেন।
— চাচার শরীর কী লাহান?
লেদুচাচা বসাই ছিলেন। জিশান অর্থি দুটো মোড়ায় বসা।
— জ্বর নামছে না বাবা। মাথা খা-লি চক্কর দে-র-
— বিলাসবাবুরে কল দিছি চাচা। দেখি তাইন কিতা কইন, এরপর বড় ডাক্তারের কাছে লইয়া যামু।
রহমান লেদুচাচার সিথানের পাশে রাখা জ্বর মাপা চার্ট উঠিয়ে দেখলেন। জ্বরের গ্রাফটা সুবিধার নয়। কখনো খুব কমেনি। ওঠানামা করছে বেশ।
— জিশান-অর্থি। তোমরা দাদার দিকে নজর রাখো।
রহমান ঘর থেকে বের হয়ে পূর্ব দিকে নিজ ঘরের দিকে হাঁটা দিলেন।

ডাক্তার বাবু এসেছিলেন কিছুক্ষণ আগে। কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়ে গেছেন। রক্ত পরীক্ষা আছে এর মধ্যে। কিন্তু লেদুচাচা এসব করতে চান না। ইঞ্জেকশনকে ভীষণ ভয় পান। আর রক্ত দেখতেই পারেন না। তার শরীর থেকে রক্ত বের করে নেবে এতে তিনি রাজি নন।
— চাচা, আমরা চোট পাইয়া থাকি না, শরীর কাটিয়া যায় না, রক্ত বারয় না, আর এইটা হইল চিকন সুঁই দিয়া দুই ফোঁটা রক্ত নিবো- ব্যস্, জিশান অর্থি তারার কতবার নিলো—
— দাদাজান, আমি তো গত মাসেও রক্ত পরীক্ষা করেছি। কোনো ব্যথা পাইনি। আপনিও কোনো ব্যথা পাবেন না। জিশান দাদাকে অভয় দেয়।
— নারে বাবা না, আমি ডরাই, সুঁই আমার শরীরে ঢুকাইলে আমি মরি যাইমু হুঁ হুঁ হুঁ
লেদুচাচা শিশুর মতো কান্না শুরু করেন। অগত্যা তার রক্ত পরীক্ষা হতে বিরত হতে হলো। কিন্তু বড় ডাক্তারকে না দেখিয়ে ঢাকা থেকে চাচাকে যেতে দিলে একটা মারাত্মক ভুল করা হবে। দীনা মনে মনে ভাবে।
— চাচা আপনার রক্ত পরীক্ষা আমরা করলাম না। কিন্তু বড় ডাক্তারকে দেখাতে তো আপত্তি নেই। চলেন আপনাকে কাল বড় ডাক্তারকে দেখিয়ে আনি। দীনা বলল।
ভাতিজা বউ একটা কথা বলেছে ফেলতে পারছেন না লেদুচাচা। কিছু সময় ঝিম মেরে থেকে জবাব দেন— বড় ডাক্তার দেখাইয়া আমারে ফেসুগঞ্জ পাঠাই দি লাও।

তার মানে তিনি ফেঞ্চুগঞ্জের কুরবানপুর গ্রামে গিয়ে ভীম কবিরাজের ঔষধ খাবেন। রহমান-দীনা বুঝতে পারে চাচার মনের মতিগতি। কিন্তু সমস্যা হলো বাড়িতে এখন তেমন কেউ থাকে না। যারা থাকে বেশির ভাগ কামলা, চাকর বাকর। রায়ত দুই পরিবার থাকে অনতিদূরে। চাচাকে সেবা করবে কে? চাচার নিজের কেউ নেই। রহমান দীনার পক্ষেও বাড়িতে গিয়ে বেশি দিন থাকা সম্ভব নয়। দু’চার দিন ছুটি নিতে পারে। যাওয়া আসায় দু’দিন চলে যাবে। বাড়িতে দু’দিন। ব্যস।
— চাচা, আপনি বাড়ি গেলে দেখবে কে? দীনা জানতে চায়।
— আল্লাহ তা’লা দেখবা—
লেদুচাচার হেঁয়ালি জবাব। দীনা-রহমান বুঝতে পারেন আত্মভোলা এ মানুষটা বাস্তবতা বুঝতে চাইবেন না। কী হবে শুধু শুধু ঢাকায় রেখে। মন যখন ছুটে গেছে আর ভীম কবিরাজের ওপর যখন আস্থা, তাকে গ্রামে পাঠিয়ে দেয়াই ভালো।
রহমান দীনা কানে কানে শলা পরামর্শ করেন।
— ঠিক আছে আপনাকে গ্রামে নিয়ে যাবো। কাল বড় ডাক্তারকে দেখিয়ে দু’দিনের ছুটি মঞ্জুর করিয়ে তারপর চাচা। দীনা বলল।
— মা, যেইটা ভালা মনে কর। আমার যাইবার কাম জলদি। লেদুচাচা ধীরে ধীরে বললেন।
— চাচা, আমরা পড়শুদিন যাইমু ইনশাআল্লাহ! রহমান সাহেব বললেন।

অনেক বুঝিয়ে সুঝিয়ে লেদুচাচাকে দেশের নামকরা ডাক্তার টি. ইসলামের ক্লিনিক পর্যন্ত নেওয়া গেল। ডাক্তারকে রহমান আগেই জানিয়েছিল রোগী কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না। তাই রোগীকে আগের দিনের পদ্ধতিতে, মানে স্টেথো দিয়ে শুইয়ে এপাশ ওপাশ করে হাতের সাহায্যে টিপাটিপি করে ঔষধ দিতে হবে।
ডাক্তার তাই করলেন। প্রেসক্রিপশন লেখার সময় লেদুচাচার দিকে তাকিয়ে বললেন— রক্ত পরীক্ষা ছাড়াই ঔষধ দিলাম, ঠিকমতো খাবেন। সাত দিন পর শারীরিক অবস্থা কী হয় জানাবেন।
লেদুচাচা ডাক্তারের মুখের ওপর বলে দিলেন— আমি এইসব ঔষধ খাইতাম নায়।
ডাক্তার শুনে থ। বলে কী রোগী! তাহলে তার এ প্রেসক্রিপশন করা কেন। লেদুচাচার হাত থেকে টেনে নেন এইমাত্র করা প্রেসক্রিপশন। তাহলে আপনার প্রেসক্রিপশনও লাগবে না। কলিংবেলে টিপ দিলেন। ডাক্তারের অ্যাটেনডেন্ট লোকটি এলো। বললেন উনার ভিজিটের টাকাটা ফেরত দিয়ে দাও। রহমান বলতে চাচ্ছিলেন— ভিজিটের টাকাটা ফেরত দেয়ার দরকার নেই। প্রেসক্রিপশনটাও ফেরত দিতে। কিন্তু ঘটনা এত অল্প সময়ের মধ্যে ঘটল, তার তেমন কিছু বলাও আর হলো না।
ডাক্তারের চেম্বার হতে বের হয়ে রহমান মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকেন। লেদুচাচা এ কী করলেন। এত বড় ডাক্তার, যার সিরিয়াল পেতে নানা সাধ্য-সাধনা করতে হয়েছে। কলিগ লতিফের সাহায্য না পেলে সিরিয়াল পেতে সাত দিন লাগত। কিন্তু এই অসুস্থ মানুষটিকে কিছু বলেই বা কী লাভ! কয়েক মিনিট চাচার দিকে তাকিয়ে বললেন— চাচা, আপনার বরাতে কিতা আছে আল্লা জানইন, চলউখা বাসাত যাই।
অবশেষে লেদুচাচাকে নিয়ে বাড়িতে যাওয়ার সিদ্ধান্তই পাকা হলো।

সাজ সাজ রব পড়ে গেল। এতে জিশান অর্থির উৎসাহ বরাবর বেশি। দাদাজানের ব্যাগ গুছিয়ে দেয়া, নিজেদেরটাও গুছিয়ে নেয়া। সবকিছু ওরাই করতে লেগে গেল।
এ ব্যাপারে দীনা ছেলেমেয়েদের ভালো ট্রেনিং দিয়েছে। কোথাও বেড়াতে গেলে এসব তারা নিপুণভাবে করতে পারে। দীনাও তাদেরটা গুছিয়ে নিলো।

বাড়িতে জানিয়ে দেয়া হলো। এমনিতে বাড়িতে লোকের অভাব নেই। এছাড়া বাড়ির পাশাপাশি দুটো খাস রায়ত পরিবার আছে। এদের ছেলে-মেয়ে-ঝি বাড়ির সব কাজ করে দেয়। ধান ইত্যাদি যা পাওয়া যায় এরা সামলায়। আর কামলা কিষাণতো আছেই। তবে রক্তের সম্পর্কিত পরিবারের কেউ নেই। সবাই দেশের বাইরে বলা যায়। দেশে থাকার মধ্যে রহমান আর তার ছোট বোন পিয়ারী। এরা দু’জন ঢাকায় সেটেল্ড। একজন প্রকৃতিপ্রেমিক মিরপুর আরেকজন অভিজাত এলাকা গুলশান বাসিন্দা। পিয়ারী একটা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তার পক্ষে বাড়িমুখো হওয়া কঠিন।

লেদুচাচাকে বাড়িতে দেখাশোনা করবে কে এটা ভেবেই রহমান সাহেব চাচাকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা শুনতে রাজি নন। আর উনার বিশ্বাস, ভীম কবিরাজের ঔষধ খেলেই ভালো হয়ে যাবে রোগ। বাড়িতে খুব বেশি হলে বড়জোর তিন দিন থাকতে পারবেন তারা। তারপর?
— আব্বু কী চিন্তা করছ? জিশান অর্থি কোথা থেকে এসে প্রবেশ করল ড্রয়িং রুমে।
— চিন্তা তো এখন একটাই, তোমার দাদাজানকে নিয়ে। বাড়িতে আমরা বড় জোর তিন দিন থাকতে পারব, তারপর?
— আব্বু, তারপর আমি থাকব দাদাজানের সঙ্গে। জিশান এমনভাবে বলল যেন সে অনেক বড় হয়ে গেছে, একটা রোগীর সেবা করার ক্ষমতা তার হয়েছে।
রহমান মাটি থেকে দৃষ্টি উঠিয়ে এক ঝটকায় জিশানের দিকে তাকালেন। বলে কী ক্লাস ফাইভে পড়া তার ছেলেটি!
— কী বলছিস! তোর কী বয়স, একজন রোগীর সেবা করার ক্ষমতা তোর হয়েছে?
— ক্যান? এ কয়দিন দাদার সেবা করেছে কে, আমি আর অর্থিই তো! অর্থি এটা-ওটা এনে দিত বাকি সব আমিই তো করেছি। আমি পারব। আর ভীম কবিরাজের ঔষধ খেলে দাদা সুস্থ হয়ে উঠবেন। আব্বু, দাদার অসুখটা শুধুই অসুখ না। মানসিক ব্যাপার আছে। বাড়ি গেলে দেখবে তিনি এমনিতেই সুস্থ হয়ে উঠবেন।
রহমান জিশানের বড়দের মতো বিজ্ঞ কথাবার্তা শুনে অবাক হলেন। অনেক কথাই যুক্তিসঙ্গত। কিন্তু তাই বলে বাড়িতে একটা রোগীকে সেবা করবে সে একা! এটা গ্রহণযোগ্য নয়।

এমন সময় দীনা এলো হন্তদন্ত হয়ে। দীনার একটু ব্যস্ততা বেড়েছে। হঠাৎ বাড়ি যাওয়ার প্রোগ্রাম এর আগে কখনো হয়নি। আট বছর আগে মায়ের মৃত্যুর সংবাদে রাতের কারে যেতে হয়েছিল। সেটা ছিল মৃত্যুর ব্যাপার।
— শোনো তোমার ছেলে কী বলছে।
— কী বলছে তা শোনার একটুও সময় হাতে নেই। দীনা রাগত কণ্ঠে বলল।
— না না জরুরি কথা।
— চট্ করে বলে ফেলো তাহলে। দীনা সোফার একটাতে ধপাস করে বসল।
— বলছে, আমরা বাড়ি থেকে ফিরে এলে জিশান লেদুচাচার কাছেই থেকে যাবে। সেবা করার জন্য।
— সত্যি বলছে, খারাপ বলেনি তো। তোমার ছেলে এমনটা হবে না। তুমি মানুষের সেবা করে এলে সারাটা জীবন। বন্যা ঝড় হলেই রিলিফ টীম নিয়ে কে দৌড়ায় দুর্গত এলাকায়। বলো!
— কিন্তু ওর বয়স কত?
— লেদুচাচার সেবার জন্য আমি না থেকে যাবো।
— তোমার স্কুল?
— খাতা তো সঙ্গেই আছে। ছুটি আছে আট দিন। সমস্যা হবে না। এসব নিয়ে তুমি ভেবো না।

রহমানের মাথা থেকে একটা ভারী বোঝা কেউ সরিয়ে দিল যেন। মনে মনে ভাবে সঙ্গে টেলিস্কোপটা নিয়ে গেলে মন্দ হবে না। পনের কেজি ওজনের যন্ত্রটা বহন খুব কঠিন কাজ না। দীনার ঐ পুরো ছুটিটা সেও একটু চেষ্টা করলে কাটাতে পারে। তাহলে বাড়িতে টিলার ওপর কাঠের দোতলায় বসে আকাশটা দেখার ভিন্ন মাত্রা পেত।

রহমান সাহেবের মাথা থেকে একটা ভারি বোঝা কেউ সরিয়ে দিলো। রহমান সাহেব মনের ভেতরে এ খুশি আর চেপে রাখতে পারেন না। ছুটে যান লেদু চাচার ঘরে।
ঘরে ঢোকার আগে গলায় কাশ এসে দম বন্ধ হবার মতো মনে হয়। জোর শব্দে কাশি দিয়ে তা বের করে আনেন জিভে। থুঃ শব্দ করে বারান্দা থেকে ছুড়ে মারেন উঠোনে। লেদুচাচা রহমানের আগমন টের পান ওই থুথু ফেলার শব্দে। উঠে বসেন বিছানায়।
— চাচা সব্তা ঠিকঠাক আছে আমরা বিয়ানী বেলা যাত্রা করমু। একটা মাইক্রো আমরারে কমলাপুর স্টেশনে লইয়া যাইবা।
— হাছানি বাবা। লেদুচাচা খুশিতে উৎফুল্ল ভাব প্রকাশ করলেন। তার দু’চোখ দিয়ে দু’ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।
— চাচা, আপনার নাতিয়ে কিতা কইছুইন জানইননি, আমরার ছুটি শেষ অই গেলে বাড়ি থাকি ঢাকা ফিরি গেলেগিও হে আপনার লগে থাকবো— সেবা করতো করি।
— অয়নি বা। লেদুচাচা ঝর ঝর করে কেঁদে দিলেন।
রহমান নিজেও খুব আপ্লুত। জিশানের কথা ভেবে ভেবে। রহমান সাহেবের মনে পড়ল আজ পূর্ণিমা। চাঁদটা নিশ্চয়ই উদার রূপালি জোছনার আলোয় ছাদটা ধুয়ে দেবে! যদি না আষাঢ়ের মেঘে না ঢাকে। (সমাপ্ত)

যায় যে ঘুড়ি আকাশপাড়ে

দাদীমা আচমকা হাতের তালুতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে রিফাতের মাথায় ঘষতে থাকেন। এ্যাঁ— এটা কী হলো? হলোটা কী? রিফাত বোকা বোকা চোখে, অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে।
হরলিকসের বোয়ামে রাখা সোনালি রঙের এই তেল গাঁয়ের ঘানি থেকে নিজের ক্ষেতের সর্ষে ভাঙিয়ে এনেছেন। প্রাণের ধন খাঁটি এই তেল কি দাদীমা এমনি এমনিই দিয়েছেন?
গুলবাহার বেগম বলেন, এ্যাই ব্যাক্কল, তাকায়া আছস ক্যান? এই তেল তালুতে ঘষলে মাথা ঠাণ্ডা থাকব।
বলেছে তোমাকে।
চাপা স্বরে কথা বলে বুনো ষাঁড়ের
মতো ঘোঁৎ ঘোঁৎ করতে থাকে রিফাত।
দাদীকে কে বোঝাবে— এখন আর আমরা ফেঞ্চুগঞ্জে নেই, ঢাকায় আছি। এখানকার নামী স্কুলে ভর্তি হতে যাচ্ছি। এই তো কদিন আগে ভর্তি পরীক্ষা দিয়েছি, আব্বুর সাথে গিয়ে লিস্টে নাম দেখে এসেছি। সেদিন দাদী চুলে তেল মাখিয়ে দেয়নি তো। তাহলে পাশ করলাম কী করে?
আজ বকের পালকের মতো কড়া ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট পরেছে, নেভি ব্লু রঙের শর্টস, গলায় নেভি ব্লু রঙের টাই। বুকের ভেতরে মুঠো মুঠো খুশি ছিল এতক্ষণ। ক্লাস থ্রি-তে ভর্তি হবে ও, বয়স এখন ওর নাইন প্লাস। আর দেড় মাস পর দশ বছরে পা রাখবে সে। জন্মদিন আসছে, সব মিলিয়ে দারুণ খুশি ছিল সে। দাদীর মাখানো খাঁটি সর্ষের তেল মেজাজটা ওর বিগড়ে দিলো।
রাগে-দুঃখে ফুঁপিয়ে কাঁদতে থাকে রিফাত।
ছেলেকে সান্ত¦না দিয়ে আম্মু বলেন, দাদী আগের দিনের মানুষ তো, তাই চুলে তেল মাখিয়ে দিয়েছেন। তোমার আব্বু আর বড় চাচুর চুলে এমনই করে তেল মাখিয়ে সিঁথি কেটে দিতেন।
এবার ফিক করে হেসে ফেলে রিফাত।
তেলে জবজবে চুল, তাঁর মাঝে সিঁথি কেটে—
আব্বু ডাকছেন— কই রিফাত, তাড়াতাড়ি করো—
এই তো আব্বু এখন খেতে বসব।
পুরনো নরম কাপড় দিয়ে তেল মুছিয়ে দেয় আম্মু। মন খারাপ করা সুরে রিফাত বলে, এখন সবাই চুলে জেল দেয় আম্মু।
রুখসানা চুলের ফাঁকে ফাঁকে পাউডার ছিটিয়ে চুলগুলো উড়ু উড়ু করে দিলেন। বলেন, বাহ্ এবার বেশ দেখাচ্ছে তো আমার ছেলেটাকে।
রুখসানা আজ মাছ রাঁধেনি, তাড়াহুড়া করে খেতে গিয়ে যদি কাঁটা বিঁধে গলায়। কাবাব, সালাড, আর মুরগির ঝোল দিয়ে খেতে থাকে রিফাত। বাটিতে বাদাম-কুচো আর গোলাপজল ছিটিয়ে দেয়া ঘন ফিরনি, খুব প্রিয় খাবার ওর।
এবার থেকে দারুণ খুশি রিফাত। প্রায় ছয় মাসের মতো স্কুলে যেতে পারেনি। কী এক বিদঘুটে সময় বদলি হয়েছেন আব্বু। ফেঞ্চুগঞ্জ থেকে ঢাকায় আসার খবরটা দারুণ ছিল। এবার থেকে ও ঢাকায় থাকবে, স্বপ্নের শহরে যাচ্ছে রিফাত। সাকিব-মুশফিককে দেখবে, সামনা-সমনি দেখতে পাবে ওদের, মাঠে বসে খেলা দেখবে— এসব ভেবে শিউরে উঠছে সে। ক্লাসের বন্ধু টিটো, গোল্লা, রুবেল মন খারাপ করা সুরে বলেছিল, তুই ঘুড়ি উড়াবি না রে রিফাত?
উড়াব না মানে? লাল নীল সবুজ হলুদ সব রঙের ঘুড়ি উড়াব।
শীতের সকালে, ছুটির দিনে, সোনালি বিকেলে খোলা মাঠে, কুশিয়ারা নদীর ছুঁয়ে যাওয়া মিষ্টি বাতাস গায়ে মেখে নাটাইয়ের সুতো ছেড়ে দিত। এঁকে বেঁকে ঘুড়ি আকাশের রোদ আর গুচ্ছ মেঘের মাঝে ছুটে বেড়াত। বুকের ভেতর লাফিয়ে উঠত আনন্দের ঢেউ।
রিফাত দু’ আঙুলে তুড়ি বাজিয়ে বলেছিল, ঘুড়ি ওড়াব না মানে? ঘুড়ি ওড়াব আর তোদের কথা মনে করব।
কথা বলতে বলতে গলা বুজে এসেছিল ওর।
স্কুল থেকে ফিরে আজ ফের মনে পড়ছে ফেঞ্চুগঞ্জের বিশাল সার কারখানা, খোলা মাঠ, পুরনো বট আর হিজল গাছটির কথা, তিরতির করে বয়ে যাওয়া কুশিয়ারাকে কি কোনো দিনও ভুলতে পারবে রিফাত— কক্ষনো নয়।
ইউসুফ আর রুখসানা ছেলেকে ভর্তি করার জন্য বেশ কিছু স্কুলে গেছেন, এক কথাই শুনেছেন— বছরের মাঝামাঝি সময় ভর্তি করা যাবে না। ফাইনাল পরীক্ষার পর ভর্তি পরীক্ষা হবে, পাশ করলে অবশ্যই নেয়া হবে।
এ বয়সের ছেলে চার-পাঁচ মাস বাড়িতে বসে কাটাবে?
ইউসুফ মতিঝিল অফিসে চলে যান, দাদী গাঁয়ের বাড়িতে ফিরে গেছেন, আম্মু ঘরসংসারের কাজ নিয়ে ব্যস্ত— রিফাতের ভীষণ ফাঁকা লাগে সারা দিন।
কেন এ সময় অফিসের ওপরওয়ালা আব্বুকে বদলি করল? ও স্কুলে যেতে পারছে না, একা একা ওর সময় কাটছে না— এ প্রশ্নের জবাব কে দেবে?
চারতলায় ওদের বাসা। ছোট্ট বেলকনি দুটো। গ্রিলের নকশা মুঠো করে ধরে ও আকাশ দেখে। রঙবাহারি মেঘ, কখনো বা
বৃষ্টি, কখনো বা তেতে ওঠা রোদ।
ব্যালকনিতে কাপড় শুকোতে দিতে দিতে রুখসানা বলে, পড়ছ না কেন রিফাত?
মন খারাপ সুরে জবাব আসে, পুরনো বই পড়তে পড়তে সব মুখস্থ হয়ে গেছে আম্মু। আর ভাল্লাগে না।
এই তো আর ক’টা দিন, দু’তিনটে স্কুলে ভর্তি পরীক্ষা দেবে, আমি জানি তোমার সব ক’টা স্কুলেই হবে। এবার তাহলে অঙ্ক কষো।
মা তার কাজে ব্যস্ত। বলপেন আর অঙ্ক কষার খাতা নিয়ে মাথা গুঁজে বসে থাকে ও। ফের বেলকনিতে গিয়ে দাঁড়ায়। ছোট্ট নিঃশ্বাস ফেলে রিফাত। গোল্লা, টিটো রুবেলকে বলেছিল, ঢাকায় যাচ্ছি তো দেখিস, আব্বুর সাথে স্টেডিয়ামে গিয়ে তামিম-সাকিব, মাশরাফি ভাইকে ছুঁয়ে দেখব, লাল-নীল-হলুদ-সবুজ ঘুড়ি উড়াব, ঢাকার সবার ঘুড়ি কেটে দিয়ে ভোকাট্টা বলে খুব চ্যাঁচাব।
গোল্লা বলেছিল, হ্যাঁ খুব চ্যাঁচাবি রিফাত, ঢাকার মানুষ যেন জানতে পারে ফেঞ্চুগঞ্জ থেকে মি: রিফাত এসেছে।
ওরা কেউ তো জানে না— যা ভেবেছিল তা কিছুই হয়নি। বছরের মাঝখানে কেউ বদলি হলে তার ছেলে কোনো স্কুলে পড়তে পারে না। সবখানেই ডিসিপ্লিন রয়েছে, নিয়মের হেরফের হওয়ার জো নেই।
আব্বু-আম্মুকে লুকিয়ে বিছানায় শুয়ে, বালিশে মুখ গুঁজে মাঝে মাঝেই কেঁদেছে রিফাত। সে নীরব কান্না কেউ শোনেনি। অফিসের ওরা আব্বুকে ফেঞ্চুগঞ্জ থেকে মতিঝিল অফিসে বছরের মাঝামাঝি কেন নিয়ে এলো? নতুন স্কুলের টিচার প্রিন্সিপ্যাল কেউ ভাবেননি একটি ছোট্ট ছেলে চার-পাঁচ মাস স্কুল ছাড়া কিভাবে থাকবে?
ছোটদের মনের কথা নিয়ে কেউ ভাবে না। বড়দের কথা ভাবতে ভাবতে ভীষণ কান্না পায় ওর।

(২)
আজ রিফাত দারুণ খুশি। নয়াপল্টনের বাসা থেকে পুরান পল্টনের নামী স্কুলটি বেশ কাছে। এ বিল্ডিংয়ের আকাশ আর রুবাইও এই স্কুলেই পড়ে। ও আজ চমৎকার সেই স্কুলে ভর্তি হতে যাচ্ছে।
প্রিন্সিপ্যাল ম্যাম জিজ্ঞেস করেন, হোয়াট ইজ ইয়োর নেম?
মিষ্টি রিনরিনে সুরে ও জবাব দেয়, মাই নেম ইজ হাসনাইন রিফাত। একটুও ভয় পায়নি ও, স্কুলে ভর্তি হবার আনন্দে দারুণ খুশি সে।
আব্বু আজ ওর জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন রিফাত টিচারের সঙ্গে ক্লাসে যায়। নতুন কাউকে দেখলে খুব কৌতূহল হয়, আজও তাই হলো, স্যার চলে যাবার পর মিষ্টি চেহারার একটি ছেলে (পরে জেনেছে ওর নাম পরশ) এগিয়ে এসে বলল, ও হলো ওয়াহিদ— আমাদের ক্লাসের ফার্স্ট বয়, ও হলো অমিত— সেকেন্ড বয়।
অমিতের সাথে হ্যান্ডশেক করে রিফাত কিন্তু ওয়াহিদ সরে গেল। ভাবখানা এই— তুমি ফেঞ্চুগঞ্জ থেকে এসেছ— তোমার সঙ্গে ভাব করতে আমার বয়েই গেছে।
নতুন ক্লাস শুরু হয়েছে, তেমন করে পড়াশোনা শুরু হয়নি, আব্বু টাকা পয়সা মিটিয়ে দিয়ে রিফাতকে নিয়ে বাড়ি ফেরেন।
আজ খুব ভালো লাগছে ওর। বুকের ভেতরে যদিও ছোট্ট একটি কাঁটা খচ্খচ্ করে, ফার্স্টবয় বলেই কি ওয়াহিদ হ্যান্ডশেক করল না ওর সাথে? কী জানি।
এরপরও ঢাকার একটি নামী স্কুলের ছাত্র সে, আগামীকাল থেকে পিঠে ব্যাগ নিয়ে, মজাদার টিফিন নিয়ে সে আকাশ আর রুবাইয়ের সাথে স্কুলে যাবে। আম্মুরাও অবশ্য সঙ্গে যাবেন। আনন্দে শিরশির করে ওঠে ওর শরীর। এত দিন মনে হতো ওর চারপাশে সব ফাঁকা, কেউ নেই- কিছু নেই। গ্রিলে বসা দুটি শালিক পাখি, নীল আকাশের সাদা মেঘদল, পাশের বাড়ির ঝুপসি আম আর শজনে গাছকে ও মনে মনে বলে, জানো— আজ থেকে আমি ‘লিটল স্কুল’-এর ছাত্র। এখন থেকে আমি বোকা বোকা চোখে হাঁ করে মেঘ-বৃষ্টি পাখিকে দেখব না। আমার অনেক কাজ, হোমওয়ার্ক, বাংলা কবিতা, ইংরেজি রাইমস মুখস্থ করা, অঙ্ক কষা— খুব বিজি আমি এখন। ভাবতেও দারুণ ভালো লাগছে।
সবই হবে ধীরে ধীরে। আব্বুর হাত ধরে স্টেডিয়ামে তামিম— সাকিব আর মাশরাফি ভাইদের খেলা দেখা, ওদেরকে ছুঁয়ে দেখা— ইস্স্— ভাবতেও সারা শরীর শিরশির করে ওঠে। কত কী যে করবে সে!
এবার থেকে রোজ বিকেলবেলা ঘুড়ি ওড়াবে রিফাত। বেলকনি থেকে তো ওড়ানো যায় না। ঘুড়ি লাটাই নিয়ে ছাদে উঠে যাবে আকাশ আর রুবাইকে নিয়ে। রুখসানা বলেছে, এ বাড়ির ছাদে রেলিং দেয়া আছে, নিচে পড়ে যাবার ভয় নেই। ঘুড়ি ওড়ানো ওর প্রিয় খেলা।
এত দিন সাঁতার কাটা, কবিতা আবৃত্তির ক্লাস আর ক্রিকেট ব্যাট নিয়ে মশগুল ছিল আকাশ আর রুবাই। ফুটবল খেলা ওদের তেমন টানে না। টানবে কী করে? এখানে খেলার মাঠ নেই, খোলা জায়গা নেই। ফেঞ্চুগঞ্জে ওরা শরীরের সমস্ত জোর পায়ে এনে বলে পা ছুঁইয়ে গোলপোস্টে পাঠিয়ে দিত— এখানে শুধু বড় বড় বিল্ডিং দেশলাই বাক্সের মতো জানলা-ফুটবল খেলার জায়গা নেই তো।
আজকাল সোনামাখা বিকেলে রিফাত ওদেরকে নিয়ে ছাদে যায়, হাতের কৌশলে লাটাই ঘোরায়, সুতো ছাড়ে, আবার সুতো গুটিয়ে নেয়। এগুলো দেখে।
শিখতে গিয়ে দারুণ লাগে আকাশ-রুবাইয়ের। ঘুড়ি যখন কেটে গিয়ে আমগাছের পাতার মাঝে, পানির ট্যাংকির মাঝে আটকে যায় তখন ‘ভোকাট্টা’ বলে গোটা নয়াপল্টন মাতিয়ে চেঁচিয়ে ওঠে। রুখসানা বলে, আস্তে রে আস্তে, চ্যাঁচাস না রে— বাড়িওয়ালা আঙ্কেল এসে যাবে।
আনন্দের এই হুল্লোড়ে মাঝে মাঝেই হাজির হয়ে যান উনি। আকাশ চাপাসুরে বলে, নাম নিয়েছি অমনিই মানুষটা এসে হাজির।
এ্যাই, এত চিল্লাপাল্লা কিসের রে? হার্ট অ্যাটাকে মারবি নাকি আমারে? আপনারা ক্যামন মা, পোলাপানরে কিছু কন না।
গুটি গুটি পায়ে ওরা নেমে আসে, আবার ওরা ছাদে ওঠে
ঘুড়ি-লাটাই নিয়ে। বাড়িওয়ালার বকুনি ওরা গায়ে মাখে না।
ছেলে ঘুড়ি উড়াতে এত ভালোবাসে বলে শুক্রবার দিনটিকে আব্বু ঘোষণা দিয়েছেন— ঘুড়ি ওড়াবার দিন বলে।
শীতের দিনের ছুটির দিনগুলো তো ঘুড়ি ওড়াবারই দিন।
অলিম্পিকে কেন ঘুড়ির লড়াই হয় না— আব্বু?
সত্যিই তো ছোটদের— বড়দের সবার এই মজাদার খেলাটা তো অলিম্পিকে ঠাঁই পেতে পারে। বড়রা— যারা অনেক জানেন বোঝেন, ওরা কিন্তু ওসব ব্যাপার নিয়ে একেবারেই ভাবেন না।
রিফাত, আকাশ আর রুবাই— তিনটি ছোট ছোট ছেলের করুণ শ্বাস বাতাসে মিশে যেতে থাকে।

(৩)
কমলালেবু রঙমাখা শীতের দিনগুলো হুশ করে ফুরিয়ে গেল, ক্লাস থ্রি থেকে ফোরে ওঠে রিফাত। কী করে সময়গুলো যে চলে যায়। দ্বিতীয় হয়েছে ও, ফার্স্ট হয়েছে সেই গোমড়ামুখো ওয়াহিদ, হাড়জিরজিরে সেকেন্ড বয় অমিত হয়েছে থার্ড। ফেঞ্চুগঞ্জ থেকে আসা তেল জবজবে চুলের রিফাত হয়েছে সেকেন্ড। এই তো হয়, খেলায় যেমন হারজিত আছে পড়াশোনাতেও তাই।
স্কুলে যেতে যেতে, জানালায় দাঁড়িয়ে বাইরের গাছপালা-পথঘাট দেখতে দেখতে রিফাত অনুভব করে বসন্ত এসেছে। এলোমেলো পাগলা হাওয়া বয়ে যায়। দিন যেতে যেতে একদিন নতুন বছর এলো। বৈশাখের প্রথম দিন। খুব আনন্দ হলো। আব্বু-আম্মুর সাথে পথ চলতে চলতে গোলাপি রঙের হাওয়াই মিঠাই খেলো, আইসক্রিম খেলো। চিপস, ক্যাডবেরি কিনে এনে বাসায় ফিরল।
গেল বছর এত আনন্দ হয়নি। খুব এলোমেলোভাবে কেটেছে দিনগুলো। ফেঞ্চুগঞ্জ থেকে আব্বু ঢাকায় বদলি হবেন। ঢাকাতে অল্পভাড়ায় ভালো এলাকায় বাসা পাওয়া খুব মুশকিল। রিফাত কোথায় ভর্তি হবে, চেনা মহল ছেড়ে নতুন জায়গায় যাচ্ছে ওরা— খুবই অসহায় লেগেছে রিফাতেরও। কী করে বার্থডে এলো আবার নীরবে চলে গেল মনেও করতে পারে না ও। সন্ধেবেলা আব্বু অফিস থেকে ফিরেছিলেন কেক নিয়ে। একা একা কেক কেটেছে, কাউকে বলা হয়নি গেল বছর। এবার ফের বৈশাখ এসেছে, ইংরেজিতে মে মাসের চৌদ্দ তারিখে ওর জন্ম। বুকের ভেতরে খুব আনন্দ রিফাতের এর মাঝে শুনতে পায় দোহা থেকে ছোট চাচু আসছেন মাসখানেকের জন্য। ছোট চাচু ইঞ্জিনিয়ার, রিফাত খুব পছন্দ করে চাচুকে।
জন্মদিন আসছে, চাচুও আসছে— এত আনন্দ কোথায় রাখবে ও? মন খারাপ করা সময় আসে, ওকে হটিয়ে দিয়ে আনন্দও আসে।
বাড়িতে মেহমান আসা মানেই ভালো ভালো খাবার তৈরি হওয়া আর খাওয়া।
চাচু আসার পর নীরব-শান্ত বাড়িটি জমজমাট হয়ে ওঠে। চায়ের পেয়ালায় আয়েশী চুমুক দিয়ে চাচু বলেন, মে মাসের চৌদ্দ তারিখে জন্ম রিফাতের? বেশ হলো, খুব এনজয় করব।
রিফাতের দিকে তাকিয়ে বলেন, এ মাসে নামী একজনের জন্ম হয়েছে— বলো তো উনি কে?
পৃথিবীতে কত নামী মানুষই তো মে মাসে জন্মেছেন, ও কি সবার নাম জানে?
চাচু বলেন, হিন্ট্স্ দিই তোমাকে, গিটার হাতে উনি গান গেয়ে দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন। বলো, বলো পারবে না? ‘উই শ্যাল ওভারকাম সান ডে’— গানটি তো তারই। এটি মার্কিন দেশের মুক্তি সংগ্রামের বিখ্যাত গান।
খুব উৎসাহ নিয়ে রিফাত বলে, এই গানটির এতটুকুই তো জানি চাচু, খুব বিখ্যাত গান। আর কিছু তো জানি না।
আব্বু বলেন, নিউ ইয়র্কের পিট সিগারের গান না এটি? গিটার হাতে উনিই তো নানা দেশে গান গেয়ে বেড়িয়েছেন। মে মাসেই তার জন্ম— বুঝলে রিফাত?
ছোট চাচু বলে, চমৎকার চমৎকার গান রচনা করেছেন পিট সিগার।
ডিয়ার মিস্টার প্রেসিডেন্ট,
রিফাত বলে ওঠে— বাহ্—
অনেক গান লিখেছেন— ‘হোয়াট ডিড ইয়ু লার্ন ইন দ্য স্কুল’— স্কুলে তুমি কী শিখেছিলে, আর একটি দারুণ গান— ইফ আই হ্যাড আ হ্যামার— আমার যদি একটি হাতুড়ি থাকত?
খিল খিল করে হাসে রিফাত।
কী মজার মজার গান লিখেছেন পিট সিগার। ছোটচাচু এলেন বলে জানতে পারল মে মাসে তার জন্ম। চেষ্টা করলে রিফাতও কি বিখ্যাত হতে পারবে না? নিশ্চয়ই পারবে।
উনি পেরেছেন, আমি পারব না? আমাকে পারতেই হবে। মনে মনে আওড়াতে আওড়াতে চমৎকার একটি গান তৈরি করে সে।
‘মাই ড্রিম ইজ গোয়িং টু স্কাই’—
আমার স্বপ্ন আকাশে যাচ্ছে। হ্যাঁ-সত্যিই তো— ওতো রঙিন ঘুড়ি দিয়ে ওর স্বপ্নগুলো আকাশে পাঠিয়ে দেয়।
রুখসানা মাঝে মাঝে বলে, তুমি যদি মেঘের কাছে যাবার স্বপ্ন না দেখ, তবে তারার দেশে তুমি কী করে যাবে সোনা?
চৌদ্দ মে ওর জন্মদিনে খুব মজা হলো। গাঁয়ের বাড়ি থেকে দাদীমা এসেছেন।
কেমন আছ দাদুভাই?
ভালো আছি দাদীমা, আমার চুলে সর্ষের তেল মাখাবে না বলে দিলাম।
খুব দুঃখী সুরে দাদী বলেন, এবার তো তেল আনতে পারি নাই দাদু ভাই।
খুশি হয় রিফাত, খুব ভালো কাজ করেছ।
দুপুরে দাদীমা রাঁধলেন পোলাও-কোরমা আর রেজালা। খুব আনন্দ আজ বাড়িতে।
দাদী আব্বুর দিকে তাকিয়ে বললেন, কি রে দুরন্ত, তোকে আর একটু পোলাও দিই?
দুরন্ত! খাওয়া থামিয়ে অবাক হয়ে আব্বুর মুখের দিকে তাকিয়ে থাকে রিফাত।
আব্বুর নাম ইউসুফ তা সে জানে, কিন্তু দুরন্ত? আব্বু ছোটবেলায় নিশ্চয়ই খুব দুষ্টু ছিলেন।
ছোটচাচু ধীরস্থির, তার নাম ইমরান।
দাদী বলেন, ও শান্ত ছিল তো তাই তোমার দাদাজান ওর নাম রেখেছেন— সুশান্ত।
কী অদ্ভুত আর মজাদার কথা শুনতে পাচ্ছে ও জন্মদিনে।
সন্ধ্যার মুখে কাছের দু’চারজন বন্ধু এলো। আকাশ ও রুবাই এলো ওদের আম্মুদের সঙ্গে নিয়ে। কেক-চানাচুর-কলা তো ছিলই, ছোটচাচু নিয়ে এলেন চায়নিজ। দারুণ জমল ব্যাপারটি।
রুখসানা বলল, ঠিক ন’টায় খাওয়া-দাওয়া সার্ভ হবে। এবার আমরা গল্প করব সবাই মিলে।
রিফাত ফিসফিস করে ছোটচাচুকে বলে, চাচু চলো না প্লিজ, ছাদে গিয়ে আমরা ঘুড়ি ওড়াই।
আব্বু বলেন, সে কি রে, রাতে আবার ঘুড়ি ওড়ানো যায় নাকি?
জন্মদিনের খাবার খেয়ে বাড়িওয়ালা আঙ্কেল খোশমেজাজে আছেন। তবু দুঃখী দুঃখী মুখ করে বলেন, বাড়ি ভাড়া দেবার মতো এ দুনিয়ায় ঝুটঝামেলার কাম আর নাই ইমরান সাহেব।
তিনিও সবার সাথে সাথে ছাদে যাবার সিঁড়ি ভাঙতে থাকেন। আকাশ-রুবাই আর রিফাতের হাতে ঘুড়ি আর লাটাই।
দাদীমা সিঁড়ি ভাঙতে গিয়ে পায়ের ব্যথায় কোঁকিয়ে ওঠেন।
উফ্ আর পারি না রে, রাইতে ঘুড়ি উড়াইবো, পারেও বটে রিফাত।
আব্বু ভাতের ফেন আর কাঁচের গুঁড়ো দিয়ে সুতোতে মাঞ্জা দিয়েছেন, আনন্দে তাই তো ভাসছে রিফাত।
ছাদে উঠে অবাক হয়ে যায় সবাই। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারদিক। দাদীমা বলেন, ফকফইক্যা চন্দনি।
রুখসানা বলে, শুক্লপক্ষের চাঁদ— কী চমৎকার, পূর্ণিমা বোধ হয় খুব কাছে।
চাঁদের আলো শরীরে মেখে বড়রা সবাই চুপচাপ বসে থাকেন, শুধু রিফাত-আকাশ-রুবাই আকাশে উড়িয়ে দেয় নানা রঙের ঘুড়ি। ঘুড়িগুলো চাঁদের আলোয় আকাশে ভাসতে থাকে। ওর স্বপ্নগুলোও ঘুড়ির সাথে সাথে ভাসতে থাকে।
মনে মনে রিফাত পিট সিগার হয়ে গেছে। গুনগুন করে গাইতে থাকে সে নিজের গান— মাই ড্রিম ইজ গোয়িং টু স্কাই।
ঘুড়ির বুক ভরে ভেসে যাচ্ছে রিফাতের হাজারো স্বপ্ন।
ছোটচাচু কবিতা আবৃত্তি করতে থাকেন—
শীতসকালে হাজার রঙের ঘুড়ি ওড়ে ঐ
রাতেরবেলা সেই ঘুড়িকে পায় না খুঁজে কেউ।
রিফাত মনে মনে পিট সিগার হয়ে গেছে। সে কি হেরে যেতে পারে? কক্ষনো নয়।
রিফাতও আবৃত্তি করে—
চাঁদকপালী নীল আকাশে মেঘ-জোছনার ঝড়
রঙবাহারি আমার ঘুড়ি যাচ্ছে তেপান্তর—
বাড়িওয়ালা আঙ্কেল খুশিতে ডগমগ হয়ে বলেন,
এ তো চাচা-ভাইজতার কবির লড়াই রে।
অবাক হয়ে বড়রা দুধের বাটির মতো আকাশে চাঁদ আর ঘুড়ির লড়াই দেখতে থাকেন।
ঘুড়ির সাথে সাথে ছোট্ট রিফাতের মনও অনেক স্বপ্ন নিয়ে ছুটে যেতে থাকে দূরে, বহু দূরে— আকাশপারে।

প্রকাশকাল: জুন, ২০১৭

লেখকের সাথে যাবো এক গহিন বনে

আজ তোমাদেরকে নিয়ে যেতে চাইছি ডেনমার্কের এক গহিন বনে। এটি হবে মানসভ্রমণ। সেই বনে আমরা চলে যাব শব্দপাখায় ভর করে। শব্দডানায় উড়াল দেবো। সেই বনে রয়েছে পাইন, এলম, ওক আর বার্চ গাছের সারি। অজস্র গাছগাছালিতে ভরা সেই বন। আমরা যাব সেই নিবিড়, গহিন বনের একটি ফার গাছের কাছে। সেই গাছটির সাথে পরিচিত হবো। সারা জীবন ধরে যে দুঃখ, কষ্ট সয়েছে এই ফারগাছটি। ক্রমাগত যন্ত্রণা পেয়েছে। তার জীবনের কথাগুলো জানার পর তার প্রতি আমাদের সহানুভূতি জেগে উঠবে। তার যন্ত্রণায় আমরা দুঃখিত হবো। আমাদের সবার মনে অবশ্যই মায়া জন্মাবে। আর এই পুরো ব্যাপারটি ঘটবে একজন মহান লেখকের কল্যাণে। যাকে বলা হয় রূপকথার জাদুকর। পৃথিবীর সেরা শিশুসাহিত্যিক। তাঁর নাম হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন (১৮০৫-১৮৭৫)।
অপরূপ সব রূপকথা লিখেছেন তিনি। সমগ্র পৃথিবী জুড়ে তাঁর সুনাম। শিশুরা দারুণ রকমের মুগ্ধ হয় তাঁর রচনা পড়ে। তিনি অপূর্ব সুন্দরভাবে রূপকথার সাথে তাঁর কল্পনাশক্তিকে মিশিয়ে দিতে পেরেছিলেন। অ্যান্ডারসনের জীবনটা ছিল দুঃখকষ্টে ভরা। তিনি আশ্চর্য সুন্দরভাবে তাঁর জীবনের অনেক দুঃখকে লেখার মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। তাঁর স্বপ্ন ছিল শিশুদের মন থেকে অন্ধকার দূরীভূত করার। আলোকিত করার। শিশুদের কৌতূহলী মন যেন আনন্দে ঝলমল হয়ে ওঠে। যেমনটি হয়েছিল এই গহিন বনের ছোট ফারগাছটির বেলায় ।
অ্যান্ডারসনের মাঝে ছিল সেই দুর্লভ ক্ষমতা যাতে তার নিজের ইচ্ছা, স্বপ্ন, কল্পনা, আর অনুভূতিগুলো লেখার পরতে পরতে ফুলের মতো ফুটে ওঠে। তিনি মমতা আর আবেগ মিশিয়ে রচনা করেছেন অপরূপ সব রূপকথা। যাতে আছে মায়াবি হাতছানি। যেমন রয়েছে সেই ফারগাছের গল্পটিতে। যার হাতছানিতে আমরা মানসভ্রমণে চলে যেতে চাইছি সেই চিরদুঃখী ফারগাছের কাছে। জানতে চাইছি তার জীবনের দুঃখকষ্টগুলোকে। তাঁর কাহিনীগুলো শুধু রূপকথা ছিল না। তার চেয়েও এক ভিন্ন উপাদান তাতে মিশে ছিল।
এদিকে অ্যান্ডারসনের নিজের জীবনটাও ছিল প্রচণ্ড দুঃখকষ্টে ভরা। তাঁর জীবনের প্রতিটি স্তরে দুঃখ তার নাম লিখে গেছে। তাই তিনি প্রকৃতির দুঃখকে বুঝতে পারতেন। গাছগাছালি, লতাপাতা, গুল্মের দুঃখ বুঝতেন। পাখি ও প্রাণিকুলের দুঃখ বুঝতেন।
বাল্টিক সাগরের তীরের ডেনমার্কের ফুলেন দ্বীপের ছোট শহর ওডেন্সের এক সরু গলিতে ১৮০৫ সালের ২ এপ্রিল তাঁর জন্ম। তাদের পরিবারটি ছিল ভীষণ গরিব। হান্স অ্যান্ডারসন তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, আমাদের একমাত্র ছোট ঘরটার প্রায় সমস্ত জায়গায় ভরাট হয়ে থাকত জুতো সেলাইয়ের বেঞ্চি আর সাজসরঞ্জামে। তাছাড়া ছিল বিছানা, একটা তক্তপোষ আর আমার শোবার জন্য ক্যাম্পখাট। চার দেয়ালেই টাঙানো
থাকত ছবি। বাবার কাজ করার বেঞ্চির ওপরে একটা কাভার্ডে থাকত বইপত্র আর স্বরলিপির খাতা। ছোট্ট রান্নাঘরটিতে ছিল এক সারি তামার থালাবাসন আর সেই ছোট্ট রান্নাঘরটির অল্প একটু ফাঁকা জায়গাই আমার কাছে তখন অনেকখানি মনে হতো। ঐটুকু ফাঁকা জায়গায় গিয়ে যখন বসতাম, নিজেকে তখন মনে হতো মস্তবড় লোক বলে।
অ্যান্ডারসনের বাবা ছিলেন সামান্য এক মুচি। নিঃসঙ্গ মানুষ ছিলেন। জুতো সেলাইয়ের চেয়েও স্বপ্ন দেখতে বেশি পছন্দ করতেন। যে রোগটি তখন ছোট্ট হান্সকেও পেয়ে বসেছিল। নিজেও ছিলেন তাঁর বাবার মতোই নিঃসঙ্গ। দেখতে ছিলেন বিচ্ছিরি ধরনের। কুৎসিত চেহারার জন্য সবাই তাকে অবহেলা করত। তাঁর দাদা ছিলেন ভবঘুরে উন্মাদ। ওডেন্সের পথেঘাটে বেখেয়ালে ঘুরে বেড়াতেন। সব মিলিয়ে অ্যান্ডারসনের ছেলেবেলাটি ছিল দুঃখে ভরা।
নিজের কদাকার চেহারার জন্য সবার কাছে উপহাসের পাত্র হয়েছিলেন। সেই দুঃখবোধ থেকেই পরবর্তীতে লিখেছেন বিশ্ব বিখ্যাত ‘কুচ্ছিত হাঁসছানা’ গল্পটি। শৈশবে অ্যান্ডারসন তাঁর মা আনেমেরির কাছে ছেলেবেলার কথা শুনেছিলেন। খুব গরিব ছিল তাদের পরিবারটি। আনেমেরিকে সে কারণে তার বাবা-মা পাঠাত ভিক্ষে করার জন্য। লজ্জায়, কুণ্ঠায় কারো কাছে ভিক্ষে চাইতে পারতেন না আনেমেরি। লুকিয়ে সাঁকোর নিচে ঝোঁপঝাড়ের কাছে বসে থাকতেন। শীতকালে তীব্র ঠাণ্ডায় জমে যেতেন। অ্যান্ডারসন তার মায়ের সেই করুণ অভিজ্ঞতাকে নিয়ে রচনা করেছিলেন ‘এক শীতে ছোট্ট এক মেয়ে’ নামে মর্মস্পর্শী এক কাহিনী।
অ্যান্ডারসনের বয়স যখন এগারো বছর তখন তাঁর বাবা যুদ্ধে গিয়েছিলেন। জুতো সেলাইয়ের কাজে মন টিকছিল না। কিন্তু যুদ্ধে পৌঁছার আগেই যুদ্ধ শেষ হয়ে যায়। তাই হতাশ হয়ে ফিরে এসে মানসিকভাবে ভেঙে পড়েন। শয্যাশায়ী হন। মৃত্যুর পূর্বে আনেমেরিকে বলে গিয়েছিলেন, হান্স যাই হতে চাক না কেন, তাকে কিন্তু তাই হতে দিয়ো। যদি তা পৃথিবীর সবচেয়ে উজবুক ব্যাপারও হয় তবু তুমি তাতে কোনো প্রকার বাধা দিয়ো না। যা ওর ইচ্ছে তাই যেন হতে পারে।
১৮৪৩ সালে একটি উপন্যাস লেখার সময় অ্যান্ডারসন সিদ্ধান্ত নিলেন যে তিনি শিশুদের জন্য কলম ধরবেন। তখন এক বন্ধুকে চিঠিতে জানালেন, এখন থেকে আমি ছোটদের জন্য রূপকথা লেখা শুরু করেছি। কারণ আগামী প্রজন্মকে আমি জয় করতে চাই।
তা করতে তিনি সফল হয়েছিলেন। অসাধারণ প্রতিভাসম্পন্ন ছিলেন। সৃষ্টি করলেন অপরূপ রূপকথার মায়াবি এক জগত। প্রচলিত লোকপ্রবাদের সাথে নিজস্ব কল্পনার মিশেলে সৃষ্টি করেছেন মনছোঁয়া সব অপূর্ব লেখা।
অ্যান্ডারসন সময় কাটাতেন পাড়ার ছোট ছেলেমেয়েদের সাথে। তিনি চমৎকারভাবে পুতুল তৈরি করতে পারতেন। ছেলেমেয়েরা সেসব সুন্দর পুতুলের লোভে তার কাছে আসত। তিনি তাদের ছেলেবেলার শোনা রূপকথার গল্পগুলো কল্পনা মিশিয়ে বলতেন। শিশুরা বিস্ময়ে সেসব কাহিনী শুনতো। রূপকথার রচয়িতা হিসেবে নিজের জন্য এমন একটি আসন তিনি তৈরি করে নিতে পেরেছিলেন যার তুলনা বিশ্বে মেলা ভার। দেড় শতাধিক আকর্ষণীয় কাহিনী রচনা করেছেন। সমস্ত পৃথিবীর শিশুরা তাঁর লেখা পড়ে মুগ্ধ হয়েছে। শিশুদের পাশাপাশি বড়রাও তাঁর রূপকথা পাঠ করে অনায়াসে এক আনন্দময় জগতে হারিয়ে যেতে পারে। তাঁকে বলা চলে শ্রেষ্ঠ শিশু মায়াবী।
তাঁর একটি বিখ্যাত রচনা, ‘কোকিল ও কলের কোকিল।’ সেখানে চিনদেশের প্রতাপশালী সম্রাটকে বলছে বুলবুল পাখি, ‘হে নৃপতি, তোমার ঐ মুকুটের চাইতে তোমার হৃদয়টাকেই আমি বেশি ভালোবাসি।’ এতে অ্যান্ডারসনের মনের কথাটি যেন প্রকাশিত হয়েছে।
১৮৫০ সালের ২৬ জুনের দিনলিপিতে তিনি লিখেছেন, ‘একজন ময়লা জীর্ণ পোশাক পরিহিত নোংরা ভবঘুরে লোক দাঁড়িয়ে ছিল ঝর্ণার কাছে। আমার কেন জানি মনে হলো যে, ও আমার পরিচয় জানে। আর আমাকে দেখলেই অপ্রীতিকর কিছু বলে বসতে পারে। বলে বসতে পারে, তুমি তো আসলে ছিলে রাস্তার এক লোক। এখন উঁচু শ্রেণিতে উঠে বসেছ।
অ্যান্ডারসন খুব ভালো করেই বুঝতেন মানুষের মনকে। শুধু মানুষকে নিয়েই গল্প লেখেননি। পশু-পাখি, ফুল-ফল, গাছপালা, উদ্ভিদজগত, লতাপাতা, নিসর্গকে নিয়ে লিখেছেন। তাঁর রচনায় জলকন্যা, ফুলের পরী, মানুষের ছায়া, ডাইনি বুড়ি, সবই ঠিক মানুষের মতো জীবন্ত। তাঁর অপরূপ রচনাশৈলীর কারণে অতি সামান্য তুচ্ছ কোনো জিনিসও যেন পেয়ে যেত প্রাণের ছোঁয়া। অবিরাম ভ্রমণ করতেন। দূরের দেশে যাওয়ার প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। ত্রিশ বছরের পর থেকে প্রতি বছর তাঁর নতুন রূপকথা প্রকাশিত হতো। বই প্রকাশিত হওয়ার সাথে সাথে চারদিকে তুমুল সাড়া পড়ে গেল। সবাই বলল, এমন ধরনের রূপকথা এর আগে রচিত হয়নি। তার রূপকথার ভক্ত হয়ে উঠল আবাল বৃদ্ধ বনিতা।

তাঁর আরেকটি চমৎকার গুণ ছিল কাগজ কেটেকুটে পুতুল তৈরি করা। সেসব পুতুল ছিল তাঁর শৈশবকালে শোনা রূপকথার স্বপ্নের চরিত্ররা। সারা জীবন এই পুতুল তৈরির অভ্যাসটি ছিল। তিনি যখন যে বাড়িতেই যেতেন সেখানে বসেই কাঁচি দিয়ে কেটে কেটে নানা রকম ছবি আর পুতুল বানাতেন। শিশুদের নিকট তা ছিল সম্মোহনকারী। তিনি এসব কাগজ কাটা ছবির নানা রহস্য নিয়ে শিশুদের মজার সব গল্প বলতেন। আর এভাবে তাদের নিয়ে যেতেন স্বপ্নের ভুবনে। চমৎকার ছবি আঁকতে পারতেন।

শৈশব থেকে প্রকৃতির সৌন্দর্য তাঁকে আঁকিয়ে হতে সাহায্য করেছে। দৃশ্য থেকে সরাসরি পাখির পালক কিংবা নলখাগড়ার কলমের আঁচড়ে আঁকতেন। এসব ছবি তাঁর অভিজ্ঞতাকে ধারণ করে রেখেছে।
হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন তাঁর লেখনীর কারণে অভূতপূর্ব জনপ্রিয়তা পেলেন। রাজা-রানী তাঁর গল্প শোনার জন্য তাঁকে আমন্ত্রণ জানাতেন রাজপ্রাসাদে। রাজার পাশে বসিয়ে তাঁকে আপ্যায়ন করাতেন রানী। সেইসব দুর্লভ মুহূর্তে হান্স কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যেতেন। তাঁর তখন মনে পড়ে যেত অনেক বছর আগে একটি হতদরিদ্র বালক ভাগ্য পরিবর্তনের আশায় ছোট একটি পুঁটলি হাতে করে পালিয়ে এসেছিল ওডেন্স থেকে কোপেনহেগেনে।
১৮৬৭ সালে তাঁকে তাঁর নিজ শহর ওডেন্সে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছিল। হান্স বিশ্বাস করতেন যে, সেটি ছিল তাঁর জীবনের সর্বোচ্চ সম্মান। আবেগতাড়িত হয়ে লিখেছিলেন, ‘আমার নিজ শহর ওডেন্স আমাকে যে সম্মান ও স্বীকৃতি প্রদান করেছে তা আমি জীবনে স্বপ্নেও কল্পনা করিনি। আজ থেকে ৪৮ বছর আগে আমি একজন দরিদ্র বালক হিসেবে এই শহর ত্যাগ করি এবং আজকে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা।
একজন পাঠক তাঁকে চিঠিতে জানিয়েছিল যে বাইবেলের পরেই তাঁর বই সবচেয়ে বেশি পঠিত হয়। এটা পড়ে আনন্দে অভিভূত হন অ্যান্ডারসন। ১৮৭৫ সালের ৪ঠা আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর একটি ঘোষণাপত্র উদ্ধার করা হয়। তাতে তিনি লিখেছিলেন, ‘আমার মতে সমাজে মুচিরাই হচ্ছে সর্বাধিক বিখ্যাত। কেননা, আমি নিজে একজন মুচি ও ধোপানির ছেলে। আমাদের এই যুগ প্রতিটি সম্প্রদায় ও প্রতিটি মানুষকে কথা বলার অধিকার দিয়েছে।’
অ্যান্ডারসন তাঁর নিজের রচনায় নিজেকে প্রকাশ করতে ভীষণ ভালোবাসতেন। তাঁর অধিকাংশ লেখাতে অ্যান্ডারসনের উপস্থিতি যেন মূর্ত হয়ে উঠত। ‘কুচ্ছিত হাঁসছানা’ গল্পে স্বচ্ছপানিতে নিজের সুন্দর প্রতিবিম্ব দেখে হাঁসছানাটি ভাবল, ‘যখন আমি হতচ্ছাড়া কুৎসিত একটি হাঁসের ছানা ছিলাম তখন কি কোনো দিন আমি মনের কথা, রূপ লাবণ্যের কথা ভেবেছিলাম।’ আসলে সে ছিল রাজহাঁসের ছানা। বোঝা যায় যে, অ্যান্ডারসন এখানে নিজেকে ভিন্ন্ভাবে প্রকাশ করেছেন। ‘খুদে দেশলাই ফেরিঅলি’ গল্পের ছোট মেয়েটির মধ্যদিয়ে অ্যান্ডারসন তাঁর চেনা পৃথিবীর জগতের ছবিটিকে মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেন। যে মেয়েটি বছরের শেষ দিনের দারুণ তুষারঝরা শীতের রাতে দেশলাই ফেরি করছিল। তারপর প্রচণ্ড হিমে জমে গিয়ে দেশলাই শলাকা পোড়াতে পোড়াতে সে স্বপ্ন দেখেছিল। নববর্ষের শুরুতে বছরের শেষ রাতে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি নিয়ে সে পরম আনন্দ গৌরবে তার পিতামহীর নিকট স্বর্গে চলে গেল। অ্যান্ডারসনের গল্প পাঠ করলে আমরা যেন সেখানটাতে আমাদের প্রিয়জনের সাক্ষাত পাই। গল্পগুলো পড়ে মন যেন কেমন করে ওঠে। মনে হয় সেখানে কত না আপনজনের কাহিনী বর্ণিত আছে। গল্পগুলো যে ভিন্ন কোনো দেশের, ভিন্ন কোনো সমাজের মানুষের সেটা মনে হয় না। কারণ গল্পগুলো রচিত হয়েছে অন্তর দিয়ে, যা কিনা দেশ কাল পাত্রকে অতিক্রম করেছে।
‘কেবলই মনে হয়, সব ছোট ছেলেমেয়ের মনের মধ্যে একটা গোপন দেশ আছে, যেখানে সব সুখের বাস। দুঃখ যে সেখানে নেই তা নয়, কিন্তু সে দুঃখ শুধু জয় করার জন্যই, সে দুঃখ ফুলের মতো সুন্দর, মখমলের মতো কোমল। সেই দেশকেই বলা চলে পরীর দেশ। সেখানে সব কিছুই সুন্দর। যা কিছু কুৎসিত তাদেরও সুন্দর দেখায়। নিষ্ঠুর সৎমায়েরা সেখানে সাজা ভোগ করে। সেখানকার শিশুরা সেকালেরও নয়, একালেরও নয়, তারা হলো চিরকালের। তারা সব দেশের। তারা কোনো নির্দিষ্ট সীমা বা গণ্ডির মাঝে আবদ্ধ নয়। সব মানুষের ছেলেমেয়েদের বুকের ভেতর যে চিরন্তন শিশুমনটি বাস করে, হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন তাদের গল্পই লিখতেন। খুঁজলে পৃথিবীর সব দেশেই পরীদের দেশ পাওয়া যায়। ঐ পরীদের দেশটা আমাদের এই চেনা পৃথিবী ছাড়া আর কিছুই নয়। সেটা হচ্ছে মনের ইচ্ছের দেশ। যা দেখতে হবে কল্পনা আর সমবেদনার চোখ দিয়ে।
এসো আজ আমরা রূপকথার মায়াবি জগতের নায়ক হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের সাথে তার রচিত গহিন বনের সেই ছোট ফারগাছটির কাছে যাই। শুনি তার দুঃখ কাহিনী।

গহিন বনের ভেতর তাজা বাতাস এসে বেশ একটা চমৎকার পরিবেশ তৈরি করেছিল। ঝিরঝিরে পাতাকাঁপা বাতাসের সাথে মিশে ছিল সোনালি রোদ। এতে সেই জায়গাটি উজ্জ্বল হয়ে থাকত। সেখানে একটা ছোট্ট সবুজ ফারগাছ জন্মাল। সেখানে আগে থেকেই ছিল উঁচু পাইন আর পুরানো ফারগাছ। নতুন জন্ম নেয়া ছোট ফারগাছটিকে ঝকঝকে রোদ আদর করত। তার ওপরে ছড়িয়ে দিত সোনালি আলোর ঢেউ। উত্তর দক্ষিণের এলোমেলো বাতাস এসে সেই ফারগাছের খুদে পাতাগুলোকে ঝিরঝির করে নাড়িয়ে দিত। কিন্তু এসব পেয়েও সেই ফারগাছটি সুখী ছিল না। সোনালি রোদ, ঝিরঝিরে বাতাস পেয়েও সে আনন্দিত হতো না। বনের পাশের গাঁ থেকে যেসব শিশুরা দলবেঁধে সেখানে এসে খেলত তারাও তাকে আনন্দিত করত না। কোনো কোনো শিশু বন থেকে বুনোজাম কুড়িয়ে ঝুড়িভর্তি করে সেই ফারগাছটির কাছে আসত। তারা গাছটির সুন্দর রূপকে ভারি পছন্দ করত। তারা বলত, কী যে চমৎকার দেখতে এই ফারগাছটা। শিশুরা হাসিমুখে তাকিয়ে থাকত সেই ফারগাছটির দিকে। কিন্তু শিশুদের কাছ থেকে এত প্রশংসা শুনেও ফারগাছটি আনন্দিত হতো না। বরং গাছটা মন খারাপ করে থাকত। সেই ছোট ফারগাছটি ধীরে ধীরে বাড়ছে। বছরের শেষ দিকে খানিকটা বাড়ল। তার পরের বছর আরো কিছুটা বাড়ল। এভাবে তরতর করে বেড়ে চলল। প্রতি বছরই বাড়বে গাছটা। তার চিহ্ন থাকবে গুড়ির গাটে। গাটের সংখ্যাই জানিয়ে দেবে যে কত বয়স হলো গাছটির।
তবে সেই গাছটির মনে অনেক দুঃখ ছিল। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবত, ‘আহা, আমি যদি আমার চার পাশের পাইন আর ফারগাছগুলোর মতো আরো অনেক বেশি উঁচু হতাম তাহলে কী যে ভালো হতো। উঁচু হলে অনেক দূর পর্যন্ত আমার ডালপালাগুলোকে মেলে দিতে পারতাম। তখন আমার সুবিধে হতো সবার মাথার ওপর দিয়ে উঁকি মেরে এই বিশাল পৃথিবীটাকে দেখার। পাখিরা তখন আমার উঁচু ডালে এসে বাসা বাঁধত। আর যখন প্রবল বাতাসের ঝাপটা আসত তখন আমি মাথা ন্ইুয়ে অভিবাদন জানাতাম। যেভাবে অন্যান্য উঁচু ফারগাছগুলো জানায়।
সেই ফারগাছটি অনায়াসে পেত উজ্জ্বল সূর্যের আলো। পাখিরা শোনাত গান। সকাল-সাঁঝে মাথার ওপর দিয়ে ভেসে যেত মেঘের সারি। গোলাপি রঙের মেঘ যেন অনেক ঝুঁকে। এতকিছু দেখার পরেও ফারগাছটির নিরানন্দ ভাবটি কাটত না। সে থাকত বিষাদমাখা অবস্থায়। মনে নেই কোনো ধরনের সুখ। একসময় চলে আসে শীতকাল। হিমেল বাতাসের ঝাপটায় গহিন বনটি যেন কেঁপে ওঠে। ধবধবে সাদা বরফে ছেয়ে যায় মাঠ প্রান্তর। চারপাশে বরফের আস্তরণ। সেসময় একটা খরগোশকে দেখা যেত বনের ভেতর আসছে খেলার জন্য। সে পছন্দ করত স্কি খেলতে। স্কি করে সে লাফিয়ে ছোট ফারগাছটির ওপর দিয়ে যেত। চমৎকার ভঙ্গিতে যেন উড়ে যেত। আর সেটা দেখে ফারগাছটি আবার রেগে যেত। এভাবে পরপর দুটো শীতকাল চলে যায়। তৃতীয় শীতকালের সময় দেখা গেল যে সেই ছোট্ট ফারগাছটি দীঘল হয়ে উঠেছে। তখন খরগোশটির পক্ষে আর সম্ভব হয় না ফারগাছটিকে লাফ দিয়ে ডিঙিয়ে যেতে। কারণ গাছটি যথেষ্ট লম্বা হয়ে গেছে। খরগোশটি তখন বাধ্য হলো ফারগাছটিকে পাশ কাটিয়ে ঘুরপথে যেতে।
এদিকে ফারগাছটি বেড়েই চলেছে। সে ভাবতে থাকে তাকে আরো দীর্ঘ হতে হবে। আরো অনেক লম্বা হতে হবে। সবার চাইতে উঁচু হতে হবে। এ বনের কোনো গাছ যেন নাগাল না পায়। সে থাকবে সবার ধরাছোঁয়ার বাইরে। সেই ফারগাছটির কাছে তখন মনে হয় শুধু তরতর করে বেড়ে ওঠা আর উঁচু হওয়ার মাঝেই রয়েছে আনন্দ। হেমন্তকালে বনে কাঠ সংগ্রহ করতে আসে কাঠুরের দল। তারা আসে কুড়াল নিয়ে। চকচকে ধারালো অস্ত্র হাতে নিয়ে বেপরোয়া ভঙ্গিতে ঢোকে। ঢুকে বনের সবচেয়ে বড় গাছগুলোকে বাছাই করে। তারপর কয়েকটা বড় গাছকে কেটে নিয়ে যায়। প্রতি বছরই কাঠুরেরা এই কাজটি করে থাকে। সেই ফারগাছটি তরতরিয়ে বেড়েছে। তত দিনে সে যুবক গাছে পরিণত হয়েছে। সে তখন দেখত যে কাঠুরেদের কুড়ালের কোপে আকাশছোঁয়া দীর্ঘ গাছগুলো মাটিতে আছড়ে পড়ছে তখন দারুণ ভয় পেত। গাছভাঙার মরমর শব্দে সে শিউরে উঠত। ঐ রকম গাছ পড়ার কারণে আশপাশের ঝোপঝাড়গুলো তছনছ হয়ে যেত। গাছের সমস্ত সৌন্দর্য যেন নষ্ট হয়ে গেছে। এমন দেখাত যে গাছগুলোকে যেন আর চেনা যাচ্ছে না। আগের মতো সেই উদ্ধত ভাব নেই। গর্বিত ভাব নেই। তারপর কাঠুরেরা গাছের টুকরোগুলোকে ঘোড়াটানা গাড়িতে তুলে নিয়ে বনের বাইরে চলে যেত। সেই ফারগাছটি চিন্তা করত, তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তাদের ভাগ্যে কী ঘটেছে?
পরের বছরে পরিযায়ী পাখিরা গরমের দেশে শীতকালটাকে কাটিয়ে ফিরে এলো বনে। সোয়ালো পাখিরা এলো। সারস পাখিরা এলো। তখন সেই ফারগাছটি কৌতূহলী হয়ে পরিযায়ী পাখিদের জিজ্ঞেস করে, ‘তোমারা কি আমাকে জানাতে পারবে যে মানুষেরা এ বনের বিশাল গাছগুলোকে কোথায় নিয়ে গিয়েছে। সোয়ালো পাখিরা অবশ্য এ বিষয়টি সম্পর্কে কিছুই জানত না। সারস পাখি বিজ্ঞের মতো মাথা নেড়ে জানায়, ‘মনে হয় আমি যেন তাদের দেখেছি। আমি যখন মিসর দেশ থেকে ফিরছিলাম তখন ফেরার পথে সাগরে প্রচুর জাহাজ দেখেছিলাম। তাদের ছিল উঁচু মাস্তুল আর তাদের গা থেকে বেরোচ্ছিল ফারগাছেরই গন্ধ। যদি ওগুলো তোমার সেই গাছেরা হয়ে থাকে তাহলে তো তোমাকে অভিনন্দন জানাচ্ছি। কারণ তোমার ফারগাছ ভাইগুলো চমৎকার জাহাজের মাস্তুল হয়েছিল। আর তারা সমুদ্রের বুকে ভেসে যাচ্ছিল অপূর্ব ভঙ্গিতে। ফারগাছটি তখন জানতে চায়, ‘আমি কি যথেষ্ট উঁচু হয়েছি সাগরের বুকে মাস্তুল হিসেবে ঘুরে বেড়ানোর জন্য? আচ্ছা বলো তো সাগর দেখতে কী রকম?’ সারস পাখি বলল, ‘তুমি জানতে চাইছো যে সাগর দেখতে কেমন? তা বোঝাতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। আমার তো অত সময় নেই।’ এ কথা বলেই সারস উড়াল দিয়ে চলে যায়। তখন সূর্যের আলো ফারগাছের সবুজ পাতায় ঝিকমিকিয়ে উঠে বলল, ‘এই যে এখন তোমার মাঝে যে সবুজটুকু আছে তা নিয়েই আনন্দিত হও। তোমার ভেতরে এখন নতুন প্রাণশক্তি বইছে। তা দিয়েই চারপাশ থেকে আনন্দ শুষে নাও। তখন ঝিরঝিরে বাতাস এসে সেই ফারগাছের শাখাগুলো ছুঁয়ে যায়। আর সারারাত ধরে শিশিরবিন্দু ফোঁটায় ফোঁটায় ঝরে তাকে ভেজালো।

কিন্তু ফারগাছটি এসবের কোনো কিছুতেই আনন্দ পেল না। আসলে সে এসবের মর্মই বুঝতে পারল না। ঠিকমতো অনুভব করতে পারল না। একসময় বড়দিনের উৎসবের সময় ঘনিয়ে আসে। ক্রিসমাস বৃক্ষ হিসেবে ফারগাছকে ব্যবহার করা হয়ে থাকে। নগরী থেকে মানুষেরা বনে এসে বেশকিছু মাঝারি আকারের ফারগাছকে কেটে ফেলল। এসব গাছের কিছু ছিল সেই ফারগাছের চাইতেও ছোট। যে ফারগাছটি বন থেকে বেরুবার জন্য অস্থির হয়েছিল। মানুষেরা সবচেয়ে সুন্দর আর সবুজ গাছগুলোকে বাছাই করে কাটল। তাদের ডালপালা অবশ্য ছাঁটা হলো না। সবুজ পাতাভরা ডালপালাগুলোকে রেখে দেয়া হলো। তারপর সেই আস্ত গাছগুলোকে ঘোড়াটানা গাড়িতে চাপিয়ে বনের বাইরে নিয়ে যাওয়া হলো।
সেই ফারগাাছটি জানতে চায়, ‘কোথায় যাচ্ছে ওরা? ওরা তো আমার চাইতে দীর্ঘ না। ওদের ডালপালা ছাঁটা হলো না কেন? ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? চড়ুই পাখিরা বলল, ‘ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা কিন্তু আমরা জানি। শহরে গেলেই তো আমরা মানুষদের ঘরবাড়ির জানালাতে উড়ে যাই। আমরা জানালার শার্সি দিয়ে উঁকি মেরে দেখেছি ওদেরকে সুন্দরভাবে রাখা হয় ঘরের মাঝখানে। ওদের শরীরে ঝুলিয়ে দেয়া হয় প্রচুর রঙিন বাতি। ডালে ডালে ঝোলানো হয় রাংতা মোড়ানো উপহার। জরি ফিতে ঝুলতে থাকে। তারা কত সমাদর পায়। সেই ফারগাছটি চড়ুই পাখিদের কাছ থেকে এমন বিবরণ শুনে উদগ্রিব হয়ে ওঠে। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করে,‘ তারপর কী হয়? চড়ুই পাখির ঝাঁক কিচিরমিচির করে জানাল, ‘এরপরের ঘটনাগুলো আর আমাদের দেখা হয়নি। তবে এ কথা বলা যায় সেটা ছিল এক জাঁকজমকের উৎসব। সেখানে অবশ্যই ছিল প্রচুর আনন্দ। প্রচুর ফূর্তি।’

সেই ফারগাছটির মনে তখন দুঃখ টলমল করে উঠল। বলল, ‘আহা আমার ভাগ্যে কী এমন উৎসব জুটবে। এতো দেখছি সাগরে ভেসে বেড়ানোর চেয়ে বেশি ভালো। জানি না এই বনের ভেতরে আমাকে আর কতকাল দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে হবে। কবে আবার বড়দিন আসবে? এখন তো আমি বেশ বড় হয়ে গেছি। কত সুন্দর ডালপালা গজিয়েছে আমার বুকে। তার ছিল ঠিক তেমন ধরনের যাদের গেলবারের বড়দিনের উৎসবের সময় কেটে নেয়া হলো। আমি যদি এখনি ঐ ঘোড়াটানা গাড়িতে উঠতে পারতাম। কী যে ভালো হতো। আমি চলে যেতে পারতাম উৎসব নগরীর ঘরে। সেখানকার জাঁকজমকের উৎসবে অংশগ্রহণ করতে পারতাম। সেখানে নিশ্চয় আরো ভালো কিছু ঘটে যা চড়ুইরা দেখেনি। বড়দিন আসতে যে কত দেরি?’
তখন ঝিরিঝিরি বাতাস আর সোনালি রোদ ফারগাছটিকে বলল, ‘তুমি আনন্দ করো। তোমার ভেতরে যে সজীব তারুণ্য রয়েছে তা নিয়ে আনন্দ করো। পুরোপুরি আনন্দে মেতে ওঠো। তুমি এ কথা জেনে খুশি হও যে আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি কিন্তু এখনো স্বাধীন। বাতাস আর রোদের কাছ থেকে এমন কথা শুনেও কিন্তু সেই ফারগাছটি খুশি হলো না। পুরো শীত আর গ্রীষ্মকাল জুড়ে সে শুধু বেড়েই চলল। তার ঘন পাতারাশির সুবাস দেখে লোকজন প্রশংসা করত। বলত, ‘ভারি সুন্দর দেখাচ্ছে তো এই ফারগাছটিকে। কী সবুজ! দেখে মনে হচ্ছে সবুজ মখমলের চাদরে মোড়া। আবার বড়দিনকে সাথে নিয়ে চলে আসে শীতকাল। কনকনে শীতল বাতাস বইতে থাকে। বরফ পড়া শুরু হয়। লোকজন বনে আসে ক্রিসমাস বৃক্ষ সংগ্রহ করার জন্যে। কাঠুরেরা তাদের কুড়ালের প্রথম কোপটি বসাল সেই ফারগাছটির গোড়াতে। যে সবসময় বনের বাইরে চলে যাবার কথা ভাবত। কুড়ালের প্রচণ্ড আঘাতে তার শরীরে যন্ত্রণার অনুভূতি ছড়িয়ে যায়। তীক্ষ্ম ব্যথায় সে থরথরিয়ে কেঁপে উঠল। ক্রমাগত আঘাতে সে উৎপাটিত হলো। মুখ থুবড়ে পড়ল মাটিতে। এতদিন ধরে সে যেসব সুন্দর কল্পনা করেছিল তা কুঠারাঘাতে তছনছ হয়ে গেল। সে তার কল্পনাতে কত না হাসিখুশির রঙ মিশিয়েছিল। যাতে তার নিরানন্দ জীবনটা সুখী হয়। প্রচণ্ড যন্ত্রণায় তখন সবকিছু ভুলে যায় সে। তার সুন্দর কামনা বাসনার অনুভূতিগুলো বিলীন হয়ে যায়। সুখের পরিবর্তে তার ভেতরে তীব্র কষ্টের এক অনুভূতি হয়। সে বুঝতে পারে এবার তার চিরচেনা আবাসস্থলটি ত্যাগ করে যেতে হবে। এখানেই সে জন্মগ্রহণ করেছিল। এখানকার পরিবেশে বড় হয়েছে। এখানকার আলো, বাতাস, তাকে বাঁচিয়ে রেখেছিল। সে পুষ্ট হয়েছে। বাড়-বাড়ন্ত হয়েছে। এতে তার যে অনুভূতি হলো সেটা তার সমস্ত সুখের কল্পনার চাইতেও গভীর ছিল। সে ভাবছিল যে এরপর থেকে তার চিরচেনা বন্ধুদের সাথে আর দেখা হবে না। দেখা হবে না প্রতিবেশী বন্ধু গাছগুলোর সাথে। চারপাশে গজিয়ে ওঠা বুনো ফুলের ঝোপঝাড়ের সাথে। বন্ধু পাখিদের সাথে। যখন তাকে নিয়ে যাওয়ার জন্য ঘোড়াটানা গাড়িতে তোলা হলো তখনও তার কোনো রকমের আনন্দ হচ্ছিল না। ব্যথার যন্ত্রণায় সে কুঁকড়ে যাচ্ছিল। ঘোড়াটানা গাড়িতে চেপে গহিন বনের ভেতর থেকে বেরিয়ে আসে কেটে ফেলা ফারগাছটি। গাড়িটি একসময় তাকে নিয়ে এলো শহরের এক বাড়ির উঠানে। বাড়ির ভেতর থেকে ক্রিসমাস বৃক্ষটিকে দেখার জন্য লোকজন বেরিয়ে আসে। তারা গাছটিকে দেখে খুশি হয়। একজন তো উচ্ছ্বসিত হয়ে বলে,‘ বাহ, চমৎকার গাছ। আমরা তো ঠিক এমনটাই চেয়েছিলাম। আমাদের ইচ্ছেটি একেবারে মিলে গেছে।
দুজন সুবেশধারী লোক সেই ফারগাছটিকে ঘোড়াটানা গাড়ি থেকে নামিয়ে বয়ে নিয়ে গেল বাড়ির সাজানো গোছানো বৈঠকখানাতে। সেই ঘরের দেয়ালজুড়ে টাঙানো ছিল রঙিন চিত্র। শাদা চিনামাটির তৈরি ফুলদানিতে ছিল সিংহের মাথা খোদাই করা। এধারে ছিল দুটি বড় আরামকেদারা। রেশমি ঝালর দেয়া কয়েকটি গদিআঁটা চেয়ার ঝকঝক করছিল। টেবিলে সাজানো ছিল ছবিঅলা বইপত্র। নানা রকমের পুতুল, খেলনা।
ফারগাছটি শুনতে পেল যে সেগুলো খুব মূল্যবান। শিশুরা সেই সব দামি জিনিসপত্র নিয়ে বলাবলি করছিল। লোকজন ফারগাছটিকে বসালো বালুভর্তি এক পিপের ভেতরে পিপেটাকে সবুজ কাপড়ে জড়ানো হলো। পিপেটাকে রাখা হয়েছিল একটা নকশা করা গালিচার ওপরে। এমন চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছিল যে পিপেটাকে আর সাধারণ একটি পিপে বলে চেনাই যাচ্ছিল না। অন্য রকমের দেখাচ্ছিল। পিপেতে বসানো ফারগাছটি ভাবছিল এবার না জানি তার বেলায় কী ঘটবে। বাড়ির মেয়েরা ফারগাছটিকে সাজাতে থাকে। রঙিন কাগজের ঠোঙাতে মিষ্টি খাবার, কেক ভরে ঝুলিয়ে দেয় ফারগাছের ডালে। আপেল আর নাশপাতি ফল দেয় চকমকে রাংতা কাগজ দিয়ে। ফলগুলোকে এমন নিপুণভাবে ঝুলিতে দেয় যেন মনে হয় সেগুলো ঐ গাছের ডালেই ধরেছে। পাতাপুতির ফাঁকে বসিয়ে দিল রঙিন ছোট মোমবাতি। পাতার ফাঁকে পুতুল সাজিয়ে রাখা হলো। সেই পুতুলগুলো দেখতে ছিল জীবন্ত মানুষের মতো। এত সুন্দর পুতুল ফারগাছটি আগে আর কখনো দেখেনি। সবশেষে ফারগাছের মাথায় বসানো হলো এক ঝকঝকে তারা। যা ছিল সোনালি রাংতায় জড়ানো। সেই উজ্বল তারাটিকে গাছের মাথায় লাগিয়ে দেয়ার ফলে পুরো গাছটাই দেখতে অপূর্ব, সুন্দর হয়ে উঠল। তার মাঝে অনিন্দ্য সুন্দর রূপ যেন বিকশিত হয়ে উঠল। পুরো পরিবেশটাই আলোকিত হয়ে যায়। বাহারি রূপে ঝলমল করতে থাকে। ঘরের লোকজন বলাবলি করছিল যে সাঁঝবেলাতে সব আলো জ্বেলে দেয়া হবে। এ কথা শোনার পর ফারগাছটি ভাবল, ‘এখনি কেন সন্ধে নেমে আসছে না। সন্ধে হওয়া মাত্রই তো জ্বলে উঠবে সব আলো। ফারগাছের তখন একটা বিষয়ে কৌতূহল জাগে। ভাবে, বনের অন্য গাছেরা কি তার এই বর্তমান অবস্থাটা দেখতে আসবে। একসময় চড়ুই পাখিরা তাকে জানিয়েছিল যে তারা কিভাবে শহরের বাড়িগুলোর জানালার কাঁচের শার্সিতে উঁকি দিয়ে ঘরের ভেতরের উৎসব অনুষ্ঠানের কিছুটা দেখেছে। যা শুনে তার মনে আগ্রহ জেগেছিল। সেসব চড়ুই পাখির দলও কি এবার এখানে উড়ে এসে জানালার ফাঁক দিয়ে আমাকে দেখবে? আমি কতটা দীর্ঘ হয়ে এখানে দাঁড়িয়ে আছি। আমি কি এখানে বনের চেয়েও তাড়াতাড়ি বাড়ব? পুরো শীত আর গ্রীষ্মকালের সময়টা কি এমনি করে সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকব? যখন ফারগাছটি এসব কথা ভাবছিল তখন তার বাকলের নিচে ব্যথা শুরু হলো। যন্ত্রণার রেশ ছড়িয়ে গেল। সাঁঝবেলাতে জ্বেলে দেয়া হলো ফারগাছে ঝুলিয়ে রাখা মোমবাতিগুলোকে। আলোর ছটায় ঝিকমিক করে উঠল সেই ফারগাছটা। হঠাৎ করে একগোছা পাতায় মোমবাতি থেকে আগুন ছিটকে এসে পড়লো। অমনি পাতাপুতিতে আগুন ধরে যায়। লোকজন তাড়াতাড়ি সে আগুন নিভিয়ে ফেলে। আকস্মিক এ ঘটনায় ফারগাছটি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ভয় পেয়ে সে উদ্ভ্রান্তের মতো কাঁপল না। যদি তার সাজগোজটি নষ্ট হয়ে যায়।
আচমকা ঘরের বড় দরজাটি খুলে যায়। একদল শিশু হইহই করে ঢুকে পড়ে। তারা ফারগাছটির দিকে ছুটে আসে। বড়রা আসছিল আস্তে ধীরে। ছোটরা আসছিল তাদের পেছনে। শিশুদের কলকাকলিতে ভরে ওঠে ঘরটা। শিশুরা ফারগাছটিকে ঘিরে হাত ধরাধরি করে গোল হয়ে নাচতে থাকে। গান গাইতে থাকে। গাছে ঝোলানো রাংতা মোড়ানো উপহারগুলো এক এক করে খুলে নিতে থাকে। ফারগাছটি ভাবে কী করছে ছেলেমেয়েরা। মোমবাতিগুলো তখন নিভু নিভু করছিল। আবার পাতাপুতিতে আগুন যদি ধরে যায়। সেই ভয়ে তাড়াতাড়ি করে সেগুলো নিভিয়ে ফেলা হয়। শিশুদের ডেকে বলা হলো, ‘তোমরা ইচ্ছেমতো উপহার পেরে নিতে পার। এ রকমের স্বাধীনতা পেয়ে শিশুর দল ফারগাছটির ওপরে হুমড়ি খেয়ে পড়ল। তারপর মনের খুশিতে উপহারগুলো ছিঁড়ে নিতে লাগলো। গাছের মাথায় ঝকঝকে মস্ত তারাটি বাঁধা ছিল ছাদের সাথে। সে কারণে ফারগাছটি উল্টে পড়ে গেল না। যদিও তার আর কোনো ডাল আর আস্ত ছিল না। সমস্ত ডালই শিশুরা হুটোপুটি করে ভেঙে ফেলেছিল। শিশুরা তাদের মনের মতো খেলনাগুলোকে পেয়ে আনন্দে মেতে উঠল। ফারগাছটির কথা তাদের মনে এলো না। তারা ফারগাছটির কথা ভাবল না। শুধু এ বাড়ির এক বৃদ্ধা গাছের ডালপালা হাতড়াতে লাগলো ফল পাবার আশায়। যদি জুটে যায় পাকা ডুমুর ফল। এমন সময় শিশুরা একটা মোটা লোককে গাছের সামনে টেনে আনলো। তারা লোকটির কাছে গল্প শোনার বায়না ধরে। লোকটি গাছের নিচে বসে জানায়, ‘আমি কিন্তু খুব পছন্দ করি গাছের নিচে বসে গল্প শোনাতে। আর এই গাছটিরও বোধ হয় ভালো লাগবে গল্প শুনতে। আমি আজ একটি গল্প শোনাব। তোমরা কোন গল্প শুনতে চাও? তোমরা কি হাম্পটি ডাম্পটির গল্প শুনবে, যে কিনা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গিয়েছিল। তারপর রাজকন্যাকে বিয়ে করে রাজা হয়েছিল। এ ছাড়া আমি ইভেডি এভেডির গল্পটাও জানি। তখন শিশুরা দুটি দলে ভাগ হয়ে যায়। একদল শুনতে চায় হাম্পটি ডাম্পটির গল্প। অন্য দল শুনতে চায় ইভেডি এভেডির গল্প। এ নিয়ে তারা প্রচণ্ড হট্টগোল শুরু করে দিলো। চেঁচামেচি করতে লাগলো। তাদের চিৎকার শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে ফারগাছটি। ভাবে, ‘ওদের সাথে আমারও কি চেঁচানো উচিত নয়? আমিও তো ওদের দলের একজন। আজকের সাঁঝবেলাতে আমার করণীয় যা ছিল তার সবকিছুই তো করেছি। মোটা লোকটি শুরু করল হাম্পটি ডাম্পটির গল্প বলা। যে সিঁড়ি থেকে গড়িয়ে একতলায় পরে যাবার পরেও রাজকন্যেকে বিয়ে করে রাজা হয়েছিল। শিশুরা সে গল্পটি শুনে খুশিতে হাততালি দেয়। তারা বাকি গল্পটাও শুনতে আগ্রহী। কিন্তু সেদিনের মতো গল্প শোনার পালা শেষ হয়। একে একে সবাই চলে যায়।

গল্প শোনার পর ফারগাছটি ভাবল যে গহিন বনের পাখিরা তো তাকে কখনো এ রকম করে গল্প শোনায়নি। সে আশ্চর্য হয়ে ভাবতে থাকে হাম্পটি ডাম্পটির কথা। যে কিনা সিঁড়ি বেয়ে একতলায় গড়িয়ে যাবার পরেও রাজকন্যাকে বিবাহ করে রাজা হয়েছিল। বিচিত্র কাণ্ড। ঐ গল্পটি ফারগাছ বিশ্বাস করেছিল। কারণ যে লোকটি গল্পটি শুনিয়েছিল সে দেখতে ছিল সুন্দর। আর তার পরনে ছিল ঝলমলে পোশাক। তাকে দেখেই অভিজাত শ্রেণির বলে মনে হচ্ছিল। ফারগাছটি ভাবল, আমিও হয়তো একদিন ওরকম সিঁড়ি দিয়ে একতলায় গড়িয়ে পড়ে যাব। তারপর বিয়ে করব রাজকন্যাকে। পিপের ভেতরে একঠায় দাঁড়িয়ে থেকে ফারগাছটি আবার খুশি হলো। সে ভাবল পরদিন তাকে আবার মোমবাতি রাংতা কাগজ মুড়ে সাজানো হবে। উপহার ঝুলবে তার ডালে। সে আলো ঝলমলে হবে। সে তখন আর ভয় পাবে না। ভয়ে কাঁপবে না। সে আনন্দ করবে। উৎফুল্ল থাকবে। আবার শুনবে হাম্পটি ডাম্পটির গল্প। লোকটি হয়তো ইভেডি এভেডির গল্পটাও শোনাবে।

ফারগাছটি শুধু কল্পনা করছে পরদিনের উৎসবের কথা। উৎসবে যা কিছু ঘটবে তা ভেবে সে বিভোর থাকে। পরদিন ভোরে বাড়ির কাজের লোকেরা ঢুকলো সেই ঘরে। তাদের দেখে ফারগাছ ভাবল, তারা বুঝি তাকে নতুনভাবে সাজাতে গোছাতে এসেছে। আবার সে নতুন এক রূপ পাবে। ঝলমলে হয়ে উঠবে। কিন্তু সে অবাক হয়ে দেখল যে, তাকে পিপের বালু থেকে উপরে তুলে টেনে নিয়ে চলল সিঁড়ি দিয়ে। তাকে নিয়ে গেল চিলেকোঠায়। সেটা ছিল অন্ধকারে ঢাকা ঘুপচি মতো একটি ঘর। যে ঘরের কোথাও সূর্যের আলো পড়ে না। অন্ধকার জমাট বেঁধে থাকে। অপরিচ্ছন্ন একটি জায়গা। লোকেরা অবহেলায় তাকে সেখানে ধপাস করে ফেলে রেখে যায়। ফারগাছটি অসহায়ের মতো একাকি পড়ে থাকে। সে ধারণাই করতে পারছে না যে তার এমন করুণ দুর্দশা হবে। ফারগাছ ভাবছে, এর কোনো অর্থ হয় না। খুব বাজে ব্যাপার ঘটল। এখানে অন্ধকারে পড়ে থেকে আমি কী করব? আমি কী শুনব? চিলেকোঠার দেয়ালে ঠেস দিয়ে বেচারি ফারগাছটি এসব ভাবতে থাকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এ রকম চিন্তা-ভাবনা করার তার মেলা সময়। এ ছাড়া তার তো আর কিছুই করার নেই। এভাবে ফারগাছটির দুঃসময় পেরিয়ে যেতে থাকে। অনেক মাস কেটে যায়। তবু চিলেকোঠার ঘরে ফারগাছের খবর জানতে কেউ এলো না। একদিন অবশ্য একজন চিলেকোঠায় এলো। তবে লোকটি সাথে করে এনেছিল কয়েকটি থলথলে ব্যাঙ। লোকটি চিলেকোঠায় ব্যাঙগুলোকে রেখে চলে গেল। আর কেউ এলো না। এভাবে ফারগাছটির কথা সবাই ভুলে যায়। কনকনে বাতাস চিলেকোঠার ঘুলঘুলির ফোকর দিয়ে ঢোকে। সেই বাতাসের ছোঁয়া পেয়ে অন্ধকারে শুয়ে থাকা ফারগাছটি ভাবে, বোধকরি শীতকাল এসে গেছে। চরাচর ছেয়ে যাবে বরফে। তাহলে আমাকে তো আর নতুন করে রোয়া যাবে না। তাই বাধ্য হয়ে বসন্তকালের আগমন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশ্রী রকমের অন্ধকার আমাকে এখানে কাবু করে ফেলেছে। একটা খরগোশ পর্যন্ত নেই এ ঘরে। বনের ভেতরে একটা খরগোশ শীতকালে স্কি করতে আসত। এসে লাফিয়ে লাফিয়ে আমাকে ডিঙিয়ে যেত। আমি তখন অবশ্য ওসবে আনন্দ পেতাম না। এভাবে চিলেকোটার কোনায় নিঃসঙ্গভাবে পড়ে থাকা তো ভয়াবহ।

তখন একটি ইঁদুর কিচকিচ করে ফারগাছটির দিকে এগিয়ে আসে। তার পেছনে ছিল আরো একটি ইঁদুর। ইঁদুর দুটো ফারগাছের ডালপালায় লাফঝাঁপ করতে থাকে। ডালপালা তখন সজীবতা হারিয়ে বিবর্ণ হয়ে গেছে। ধূসর হয়ে গেছে। একটা ইঁদুর জানতে চায়, ‘এখানে ভীষণ ঠাণ্ডা। তা না হলে এখানেই হয়তো বেশ আরামে থাকা যেত। তোমার কী মনে হয় বুড়ো ফারগাছ? ফারগাছ বলে, ‘না, না, আমি বুড়ো নই। আমার চেয়ে বয়স্ক গাছ অনেক রয়েছে। ইঁদুরটি জানতে চায়, ‘আচ্ছা তুমি এখানে কিভাবে এলে? তোমার কি ধারণা আছে যে এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর স্থান কোনটি? তুমি কি কখনো সেখানে গিয়েছ? তুমি কি কখনো ভাঁড়ারঘরে গিয়েছ? যেখানে তাকে সাজানো রয়েছে চাক চাক পনির, নুনমাখা মাংসের টুকরো। সেখানে আছে চর্বি দিয়ে তৈরি মোমবাতি। যেখানে নাচা যায়। ভারি চমৎকার সেই জায়গাটি। যেখানে সবাই ঢোকে রোগ পটকা অবস্থায়। কিন্তু বের হয়ে আসে হৃষ্টপুষ্ট অবস্থায়। শরীর যায় বদলে।’ ফারগাছ অবাক হয়ে বলে, ‘ও ধরনের গল্প তো আমি কারো কাছেই শুনিনি। আমি তো শুধু গহিন বনের কাহিনী জানি। যেখানকার গাছপালা সবসময় ঝলমল করতে থাকে সূর্যের আলোতে। পাখিরা ঝাঁক বেঁধে আসে গান শোনাতে। ফারগাছ তখন ইঁদুরদের তার ছেলেবেলার গল্প শোনায়। সেইসব সুন্দর দিনগুলোর কথা বলে আবেগতাড়িত হয়। ইঁদুরেরা সেসব শুনে বলে, ‘তুমি তো অনেক কিছুই দেখেছ। অনেক কিছুই শুনেছ। কত আনন্দেই না ভরপুর ছিল তোমার জীবন। ফারগাছ বলল, ‘আসলেই তখন আমার দিনগুলো আনন্দের মাঝে কেটেছিল।’ ফারগাছটি তাদের শোনালো বড়দিনের উৎসবের বিকেলের কথা। সেই জমকালো গল্প শুনে ইঁদুরেরা অবাক হয়ে যায়। বলে, ‘বুড়ো ফারগাছ, তুমি তো দেখছি অনেক ভাগ্যবান। ফারগাছ বলে, ‘আমি কিন্তু বুড়ো নই। কেবল এই শীতকালে আমি বন থেকে চলে এসেছি। আমি যে একদম তরুণ। শুধু এ ঘরে আটকে রয়েছি বলে আমার কাহিল অবস্থা হয়েছে। ঠিকমতো বাড়তে পারছি না বলে জবুথবু হয়ে আছি। আমাকে কেমন বুড়োটে দেখাচ্ছে। ইঁদুরটি বলল, ‘ফারগাছ তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলতে পারো। তোমার চমৎকার কথাগুলো শুনতেই ইচ্ছে করে। আমার ইচ্ছে তোমার কথাগুলো অন্য ইঁদুরেরাও জানুক। পরের রাতে ইঁদুরটি সাথে করে তার চারটি ইঁদুর বন্ধুকে নিয়ে এলো চিলেকোঠায় ফারগাছের গল্প শুনবে বলে। এতে খুশি হয় ফারগাছ। ইঁদুরদের কাছে বলতে থাকে তার হারিয়ে যাওয়া দিনগুলোর কাহিনী। সেই দিনগুলো যেন ছিল স্বপ্নের মতো। গল্প বলার সময় ফারগাছটি কেমন স্বপ্নকাতুরে হয়ে ওঠে। ফারগাছটি জানায়, ‘সত্যিই সেই দিনগুলো ছিল অপূর্ব। সেই মধুর দিনগুলো আবার যেকোনো সময় ফিরে আসতে পারে। হাম্পটি ডাম্পটি তো একবার সিঁড়ি থেকে গড়িয়ে গিয়ে একতলায় পড়েছিল। কিন্তু ঠিকই রাজকন্যাকে বিয়ে করে সে রাজা হয়েছিল।’

রাজকন্যার কথা বলার সময় ফারগাছটির মনে পড়ে যায় গহিন বনে তার প্রতিবেশী ছোট বার্চ গাছটির কথা। অমনি তার বুকের ভেতরটা দুলে ওঠে। এক ধরনের কাঁপুনি শুরু হয়। ঐ বনের মাঝে সেই ছোট বার্চগাছটাকেই তার কাছে মনে হতো রূপসী সবুজ রাজকন্যা। একটি ছোট ইঁদুর জানতে চায়, ‘এই হাম্পটি ডাম্পটি কে? কী তার পরিচয়?’ তখন ফারগাছ ইঁদুরের কাছে হাম্পটি ডাম্পটির গল্পটা আগাগোড়া বলল। কারণ ঐ গল্পের প্রতিটি ঘটনা তার মনে ছিল। গল্প শুনে ছোট ইঁদুরটি খুশিতে বাগবাগ হয়ে ফারগাছের মাথায় উঠে তিড়িং বিড়িং করে নাচতে থাকে। পরদিন ফারগাছের গল্প শোনার জন্যে আরো কয়েকটি ইঁদুর আসে। রবিবার রাতে এলো দুটি ধেড়ে মেঠো ইঁদুর। তারা কিন্তু ফারগাছের গল্প শুনে মোটেই খুশি হলো না। বরঞ্চ বিরক্ত হলো। মুখটাকে গম্ভীর করে বলল, ‘এ তো খুব বাজে গল্প। পচা গল্প। ছোট্ট ইঁদুরেরা কিন্তু ফারগাছের গল্প শুনতে ভালোবাসত। তারা ধেড়ে ইঁদুরের অমন কঠিন মন্তব্য শুনে ভড়কে যায়। তাদের মনেও তখন সন্দেহ জাগে। আসলেই কি গল্পটা অত ভালো? ধেড়ে মেঠো ইঁদুর ফারগাছকে জিজ্ঞাসা করে। তুমি কি মাত্র একটি গল্পই জানো? ফারগাছ উত্তরে জানাল, ‘আমি শুধু এই একটি গল্পই জানি। আমার জীবনের সবচেয়ে সুন্দর সন্ধেতে আমি এই গল্পটি শুনেছিলাম। যদিও আমি নিজেই তখন অনুভব করতে পারিনি যে আমি কতটা সুখী ছিলাম। ধেড়ে ইঁদুর পরিষ্কার জানিয়ে দিলো, ‘এটা হচ্ছে একটা ঘ্যানর ঘ্যানর কাঁদুনির গল্প। এর কোনোরকম আকর্ষণ নেই। তুমি কোনো মজার গল্প জানো না।’ যেমন ভাঁড়ার ঘরের গল্প। যে ঘরে রয়েছে সুস্বাদু খাবার। যে ঘরের তাকে রয়েছে চাক চাক পনিরের টুকরো। চর্বির মোমবাতি। ফারগাছ জানিয়ে দিলো যে, সে ও ধরনের গল্প জানে না। ধেড়ে ইঁদুর বলল, ‘তাহলে তো এখানে বসে তোমার ঐ ভ্যাজর ভ্যাজর কথা শোনার কোনো দরকার নেই। আমরা যাই। ধেড়ে মেঠো ইঁদুরেরা বিরক্ত হয়ে চলে যায়। এরপর ছোট ইঁদুরেরাও আর কখনো ফারগাছের কাছে গল্প শুনতে আসেনি। ফারগাছ অন্ধকারে একাকী বসে ভাবতে থাকে ‘ঐ ছোট ইঁদুরগুলো আমার কাছে বসে কী সুন্দরভাবে গল্প শুনত। সে দিনগুলো ভালো ছিল। যখন আমাকে এ ঘর থেকে বাইরে নিয়ে যাওয়া হবে তখন আমি খুশি মনে সেইসব পুরনো দিনের কথা ভাবব। কে জানে, সেদিন কবে আসবে।’ বেশ কিছু দিন পর একদিন কিছু লোক এলো চিলেকোঠার জঞ্জাল পরিষ্কার করতে। তারা চিলেকোঠা থেকে ব্যাঙগুলোকে সরিয়ে ফেলে। ফারগাছটাকে কোনা থেকে টেনে বের করে আনে। তারপর সেটাকে জোরে মেঝেতে ফেলে। একজন ফারগাছটাকে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামাতে থাকে। নামিয়ে উঠোনে এনে দড়াম করে ফেলে। যেখানে ফারগাছের অনেকদিন না দেখা সূর্যের আলো ঝিকমিক করছিল। ঘোর অন্ধকার থেকে আলো ঝলমল জায়গাতে চলে আসে ফারগাছটি। ফারগাছের কাছে তখন মনে হচ্ছিল যে আবার বুঝি নতুন করে তার আনন্দময় জীবন শুরু হয়েছে। আবার তার শরীরে মিষ্টি নরম রোদের পরশ লাগে। ঝিরঝিরে বাতাসের ছোঁয়া পায়। খুশির আমেজে সে উদ্বেলিত হয়। সে নিজেকে একটিবার দেখে নিতে ভুলে যায়। উঠোনের চারদিকের রঙিন ফুলের বাগান দেখে। বাগানের বেড়া ঢেকে আছে গোলাপঝাড়ে। লাইমগাছে কুঁড়ি এসেছে। সোয়ালো পাখিরা এলোমেলো উড়ছে। পাখিরা জানাচ্ছে, আমাদের প্রিয় সাথী এসে গেছে। সোয়ালো পাখিরা মনের আনন্দে উড়ছিল। আর নিজেদের খুশিকে প্রকাশ করছিল। ফারগাছটি আনন্দমাখা কণ্ঠে বলে ওঠে, ‘আমি এবার প্রাণভরে বাঁচব। ফারগাছ উজ্জ্বল রোদের মাঝে তার ডালপালাগুলো মেলে দিতে চাইছে। কিন্তু ফারগাছটি চাইলেও আর ডালপালা মেলতে পারল না। কারণ সেগুলো বিবর্ণ হয়ে গেছে। শুকিয়ে ধূসর হয়ে গেছে। ফারগাছটিকে আবার কজন লোক টেনে উঠোনের এক কোনায় কাঁটা ঝোঁপঝাড়ের ওপরে ফেলে। তখনো ফারগাছের মাথায় লাগানো ছিল বড়দিনের রাংতামোড়ানো সেই বড় তারাটি। রোদ লেগে তখন সেটি ঝকমক করছিল। বড়দিনের সেই স্বপ্নমাখা সন্ধেবেলায় যেসব শিশুরা ফারগাছকে ঘিরে হাত ধরাধরি করে নেচেছিল তাদের দুজন একপাশে খেলছিল। তাদের একজন কাঁটাঝোপে ফেলে রাখা ফারগাছটিকে দেখিয়ে বলে উঠল, দেখত এতে কী যেন একটা আটকে আছে। ওরা তখন দৌড়ে এসে ফারগাছের মাথা থেকে সেই ঝকঝকে তারাটিকে খুলে ফেলে। এবার এটাকে দিয়ে তারা খেলবে। তারা ফারগাছের শুকনো ডালপালা পায়ে মাড়িয়ে যায়। ফারগাছটি একবার বাগানের দিকে তাকিয়ে দেখল ফুলের গোছা, নবীন গাছপালা বাতাসে মাথা নাড়ছে। সে তখন নিজের মলিন, বিচ্ছিরি রূপের দিকে তাকাল। তার কাছে তখন মনে হলো সেই চিলেকোঠার অন্ধকার কোনায় পড়ে থাকাটাও এর চেয়ে বেশি ভালো ছিল। হঠাৎ করে তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। সেই ছেলেবেলার সবুজ বনের জীবন। বড়দিনের উৎসবের ঝলমলে সন্ধেবেলার কথা। ছোট্ট তুলতুলে ইঁদুরছানাদের কথা। যারা তার কাছে পরম আগ্রহে শুনতে চাইত হাম্পটি ডাম্পটির গল্প। ফারগাছটির মনে দুঃখের স্রোত বইতে থাকে। তার কাছে মনে হয় তার সবকিছুই বুঝি হারিয়ে গেল। প্রাণভরে বাঁচার আগেই জীবনের সব ফুরিয়ে গেল। সে হাহাকার করতে থাকে। বাগানের মালি এসে ফারগাছটিকে কেটে টুকরো টুকরো করে। তারপর টুকরোগুলোকে এক জায়গায় জড়ো করে। আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। ফারগাছের প্রতিটি টুকরো আগুনে পুড়ে যাওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলছিল। নিঃশেষ হয়ে যাচ্ছিল ফারগাছটি। পুড়ে যাওয়ার সময় ফারগাছটি ভাবছিল গহিন বনের মাঝে রৌদ্রোজ্জ্বল দিনের কথা। আর হাম্পটি ডাম্পটির কথা। যেটি ছাড়া তার আর কোনো গল্প জানা ছিল না। উঠোনে হইচই করে শিশুরা খেলছিল। ছোট্ট শিশুটির হাতে তখনো ধরা ছিল সেই তারাটি যেটি দিয়ে সাজানো হয়েছিল ফারগাছকে তার জীবনের সবচেয়ে আনন্দময় সন্ধেবেলায়। সেই আলোজ্বলা শীতের সন্ধের গল্পটা একসময় পুরনো হয়ে যায়। সেই ফারগাছটাও এখন আর নেই। তার গল্পটা সে কারণে অতীত হয়ে গেছে। তার কাহিনী ফুরিয়ে গেছে। আসলে সব গল্পই একসময় কোথাও গিয়ে শেষ হয়ে যায়।

প্রত্যেকে আমরা পরের তরে

গত সংখ্যায় আমরা বলছিলাম খেয়াল করে দেখার কথা। কী কী জিনিস তোমরা দেখেছ? নতুন করে কোন জিনিসগুলো চোখে পড়েছে তোমাদের? (আমাকে জানাতে পারো মেইল/ চিঠি/ফেসবুক পেইজের মাধ্যমে)

তোমাদের কি চোখে পড়েছে তোমার বয়সী একটি ছেলে বাসের হেল্পারি করছে, কারখানায় কাজ করছে কিংবা ফুটপাথে টোকাইয়ের কাজ করছে? তার জন্য কী করা যায় কখনো কি ভেবেছ?

আচ্ছা, আমরা পড়াশোনা করি কেন? শিক্ষিত হওয়ার জন্য। শিক্ষিত হয়ে আমরা কোনো একটি পেশায় যাবো। তারপর আয় করব, খাবো, বেড়াব। একদিন মরে যাবো। এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য?
কখনো কি ভেবেছ— বড় হয়ে আব্বুর জন্য, আম্মুর জন্য কী করবে? তোমার বন্ধুটিকে কিভাবে উপকার করবে? আশেপাশের মানুষের জন্য কী করবে?

পৃথিবীতে যত বড় মাপের মানুষ এসেছেন তারা সবাই মানুষের উপকারের জন্য কাজ করে গেছেন। তার কয়েকটি উদাহরণ দেয়া যাক— নবীজী সা: এবং সেই বুড়ির ঘটনাটি তোমরা হয়তো জানো। এক বুড়ি নবীজীর সা: সাথে শত্রুতা করে প্রতি রাতে তাঁর চলাচলের পথে কাঁটা বিছিয়ে রাখত। সকালে নবীজী যখন বের হতেন তখন যাতে পায়ে কাঁটা ফোটে সেটাই ছিল তার উদ্দেশ্য। নবীজী সা: সকালে কাঁটা সরিয়ে সরিয়ে পথ চলতেন। বেশ কিছুদিন পর নবীজী সা: লক্ষ করলেন কয়েকদিন ধরে পথে কাঁটা নেই। তিনি বুড়ি মহিলার খোঁজ নিয়ে দেখলেন মহিলা অসুস্থ। নবীজী সা: তার সেবার ব্যবস্থা করলেন। মহিলা সুস্থ হয়ে জানতে পারল যার সাথে সে শত্রুতা করেছে, তার বিপদে সেই মুহাম্মাদ সা:-ই সহযোগিতার হাত বাড়িয়েছেন। সে নবীজীর ওপর ঈমান আনল।

একবার ঈদের মাঠে একটি শিশুকে কাঁদতে দেখে রাসূল সা: তাকে জিজ্ঞেস করে জানতে পারলেন সে এতিম। তিনি তাকে বাড়িতে নিয়ে এসে নতুন পোশাক এবং ভালো খাবারের ব্যবস্থা করলেন। তাকে নিজের সন্তানের মতোই লালনপালন করতে লাগলেন।

হজরত ইবরাহীম আ: প্রতিবেলা খাবারের সময় একজন অতিথি নিয়ে বসতেন। খুঁজে খুঁজে অভুক্ত অসহায় পথচারী লোককে অতিথি হিসেবে খাওয়ানোর জন্য নিয়ে আসতেন।
হযরত উমার ফারুক রা: যখন মুসলিম জাহানের খলিফা তখন তিনি বলেছিলেন— ‘ফোরাতের তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি উমারকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে’। তাঁরা নিজেকে নিয়েই ব্যস্ত থাকেননি। তাঁরা মানুষের জন্য তাদের জীবন উৎসর্গ করে গেছেন। তাই আমরা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করি।

আমেরিকান শিল্পপতি এন্ড্রু কার্নেগি ছোটবেলায় অনেক দরিদ্র ছিলেন। ছোটবেলায় একবার একটি পার্কে বেড়াতে গেলেন তিনি। পার্কের দারোয়ান ছেঁড়া, ময়লা পোশাক দেখে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বের করে দেয়। তিনি প্রতিজ্ঞা করলেন বড় হয়ে ধনী হলে তিনি পার্কটি কিনে ফেলবেন। ধনী হবার পর তিনি সত্যিই পার্কটি কিনে নিলেন। পার্কের গেইটে লিখে দিলেন— আজ থেকে এই পার্কে দিনে বা রাতে যেকোনো পোশাকে যেকোনো বয়সী লোক প্রবেশ করতে পারবে।

মাদার তেরেসার জন্ম ইউরোপের আলবেনিয়াতে। কিন্তু তিনি ভারতবর্ষে ছুটে এসেছেন কুষ্ঠরোগে আক্রান্ত মানুষের সেবা দিতে। বাংলাদেশেও সেবা দেয়ার জন্য এসেছেন ভ্যালেরি এন টেলর। ব্রিটেনে জন্ম নেয়া টেলর সিআরপি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের অসহায় পঙ্গু ও প্যারালাইজড রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এখন কথা হলো কেন তুমি পরের জন্য কাজ করবে? তাদের উপকার করে তোমার কী লাভ? আসলে আমরা প্রত্যেকেই একে অন্যের সাহায্য নিয়ে সমাজে টিকে আছি। তোমার খাবারগুলো প্রথমে কোনো কৃষক শস্য হিসেবে উৎপাদন করে। তারপর সেগুলোকে কৃষিবাজারে নিয়ে আসে। সেখান থেকে তোমার শহরের বাজারে আসে। সেখান থেকে তোমার আব্বু হয়তো কিনে আনে। এই যে এতটা পথ পাড়ি দিয়ে আসে সেখানে কত শত শ্রমিক এই পণ্যগুলো পরিবহনে সহায়তা করে ভেবেছ?
তুমি যে পোশাক পরো, শার্ট বা প্যান্ট সেটা কিভাবে পেলে? দোকান থেকে কিনেছ, তাইতো! দোকানি কিভাবে পেল? কোন দর্জি সেটি বানিয়ে দিয়েছে। দর্জি কাপড় পেল কোথায়? কাপড় বুননকারী প্রতিষ্ঠান অনেক শ্রমিকের সহযোগিতায় কাপড় বানিয়েছে। তারা কী দিয়ে বানিয়েছে? সুতা দিয়ে। সুতা বানিয়েছে স্পিনিং মিলের কর্মচারীরা। কী দিয়ে বানিয়েছে? তুলা দিয়ে। তুলা সংগ্রহ করেছে কিছু চাষি তুলার গাছ থেকে। এই যে এতগুলো ধাপ অতিক্রম করে তোমার সুন্দর ডিজাইনের শার্টটি তুমি পরছো, সেটার পেছনে কি এই শত শত মানুষদের সহযোগিতা অস্বীকার করতে পারবে?

তুমি অনায়াসে বলতে পারো— আমি তো নিজের টাকা দিয়ে কিনেছি! এবার লক্ষ করো বৃষ্টির দিনে স্কুলে বা অন্য কোথাও যাবার সময় তুমি যখন রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকো তখন টাকা বেশি দিলেও কি সহজে পাওয়া যায়? অথবা তোমার জুতা ছিঁড়ে গেল। এলাকার একমাত্র মুচি যদি সেইদিন ছুটিতে অথবা বেড়াতে চলে যায়, কত টাকা দিয়ে তুমি তাকে খুঁজে আনতে পারবে?

সেজন্য আমাদের মনটাকে উদার করতে হবে। আমাদের পরোপকারী হতে হবে। আমাদের লক্ষ থাকতে হবে বড় হয়ে আমরা মানুষের সেবায় আত্মনিয়োগ করব।
কবি বলেছেন—
সবার সুখে হাসব আমি,
কাঁদব সবার দুখে
নিজের খাবার বিলিয়ে দেবো
অনাহারীর মুখে।

এবার কথা হলো পরোপকারের জন্য কী করতে হবে? তুমি তো হাসপাতাল বানাতে পারবে না, অনেক মানুষের জন্য খাবার বা পোশাকের ব্যবস্থা করতে পারবে না। তুমি কী করতে পারবে? খুব সহজ। নিজের ঘর থেকেই শুরু করো।

তোমার আম্মুকে রান্নার উপকরণগুলো এগিয়ে দাও। আব্বুর জামা-ফাইল ইত্যাদি এগিয়ে দাও। তোমার বাসায় যদি কোনো কাজের লোক থাকে তার সাথে ভালো ব্যবহার করো। তোমার ক্লাসে হয়তো তোমারই কোনো বন্ধু টিফিন আনতে পারেনি, তাকে তোমার টিফিন থেকে কিছু অংশ দাও। কোনো বন্ধুর হয়তো বইয়ের অভাব। তোমরা কয়েক বন্ধু মিলে তাকে বই কিনে দিতে পারো। এসব কাজে বন্ধুত্ব মজবুত হয়। সৌহার্দ্য এবং সম্প্রীতি বাড়ে।

পারস্পরিক সহযোগিতায় কাজে সফলতা আসে বহু গুণে। আজকে তুমি কারো বিপদে সহযোগিতা করলে দেখবে একদিন তোমার বিপদে অন্য কেউ এগিয়ে এসেছে। নিজেকে গড়ার জন্য মনটাকে উদার করা জরুরি। সহযোগিতামূলক মনোভাব ছাড়া বড়মাপের মানুষ হওয়া যায় না।

গল্প : কিশোর মুক্তিযোদ্ধা জামিল

 

কিশোর মুক্তিযোদ্ধা জামিল 

সোলায়মান আহসান 

আজ একজন কিশোর মুক্তিযোদ্ধার কথা শোনাবো। আমাদের জানা আছে ১৯৭১ সালে এ দেশ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছিল। লড়াই করেছিল এ দেশের ছাত্র-শিক্ষক, কৃষক শ্রমিক, পুলিশ-আনসার-ইপিআরসহ সকল শ্রেণির পেশাজীবী এবং সাধারণ মানুষ। যুদ্ধ করতে হয়েছিল ৯ মাস। সে যুদ্ধে অনেক মানুষকে জীবন দিতে হয়েছিল। এমন একজন কিশোর যার নাম জামিল। যে যুদ্ধে জীবন দিয়েছিল। তার সেই বীরের মতো জীবন দেয়ার কথা শোনাবো। 

জামালপুর মহকুমা। ব্রহ্মপুত্র নদের একটি শাখা এঁকেবেঁকে ঢুকেছে শহরের ধার দিয়ে। তারও একটি উপশাখা একেবারে শহরের পাশ কেটে চলে গেছে বহুদূরে। উপশাখা সারা বছর নাব্য থাকে না। কেবল বর্ষাকালে পানিতে টইটম্বুর। এই শাখা-উপশাখা নদের বুক চিরে জেগে উঠেছে একটি চর-শান্দার পাড়া। বর্ষাকালে পানির গ্রাসে চরের অনেকটাই তলিয়ে যায়। নদী তখন বিশাল অজগরের রুপ ধারণ করে। আবার বর্ষাকাল চলে গেলে অগ্রহায়ণ-পৌষ মাসে চরের জমিন জেগে ওঠে। পলি পড়া এ জমিন উর্বর হওয়ায় ভরে ওঠে নানা ফসলে। ধান, সরিষা মটরশুটি, কালাই, তরমুজ, বাঙ্গি আরো কতো কী! শহরের ছেলেরা যায় বেড়াতে চরে তখন। তবে কালো গায়ের রঙের ছেলেদের সঙ্গে শহরের ছেলেদের তেমন ভাব নেই। ওরা বেদে সম্প্রদায়ের। নিম্ন জাতের। গায়ের রঙটা কালো সে জন্য শুধু নয়। ফলে শহরের এত কাছাকাছি থেকেও চরের ছেলেদের মধ্যে একটি আদি মানুষের হাবভাব রয়ে গেছে। লেখাপড়ার ধার ধারে না।  

কিন্তু সেই চরের একটি ছেলে জামিল। একদম ভিন্ন। সে শহরের সরকারি স্কুলে পড়ে।সাধারণত মেধাবী এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মকুমা শহরের নামকরা সরকারি স্কুলে পড়ার সুযোগ পায়। জামিল মেধাবী এবং খেলাধুলায় চৌকস। স্কুলের ফুটবল দলের এগারো জনের মধ্যে সে ঠাঁই করে নিয়েছে। গলায় সুর আছে। কালো কুচকুচে দেহের রং হলে কি হবে, গুণের কোনো অভাব নেই তার। তাই স্কুলের ড্রিল স্যার তার নাম দিয়েছেন কালোমানিক। ব্ল্যাক ডায়মন্ড। ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলের নামের সঙ্গে মিলিয়ে।  ও, বলা হয়নি স্কাউট স্প্রিন্টার হিসেবেও সে সেরা। কালোমানিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি দৌড়ে প্রথম হবেই। আর স্কাউটে সে প্রথম সারির একজন।সুরের কথা তো বলেছি আগেই— সেই সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াতে সে নাম্বার ওয়ান। স্কুলে কোনো অনুষ্ঠান হলে হেড মাওলানা স্যার কুরআন তিলাওয়াতে জামিলের নামটি রাখবেনই। মাওলানা স্যার বললেন, জামিলের গলায় মধু আছে। কালোমানিক না হলে অনুষ্ঠান জমে না। 

জামিলের গুণের জন্য শান্দারপাড়ার ছেলে হলেও স্কুলে তার অবস্থান সম্মানজনক। ক্লাসে প্রথম, দ্বিতীয় কিংবা দশমের মধ্যে মেধা তালিকায় নাম উঠাতে না পারলেও সকল বিষয়ে পাস নম্বর নিয়েশ্রেণিকক্ষ ডিঙিয়ে দশম শ্রেণির কলা বিভাগে নাম লিখিয়েছে। তবে জামিল এইট থেকে নাইনে ওঠার সময় বিজ্ঞান ও অঙ্কে ভালো নাম্বার না পাওয়ায় তাকে আর্টস বা কলা বিভাগে পড়তে হয়েছে। 

জামিল তার বাবার দেয়া নাম না। সরকারি স্কুলে থ্রিতে যখন ভর্তি হতে আসে তখন তার নাম ছিল পুনাই মিয়া।জামিলের বাবা গেন্দা মিয়া যখন ছেলের নাম হেডস্যারের কাছে উচ্চারণ করলেন, হেড স্যার কষে ধমক লাগালেন— কী মিয়া, এইটা একটা নাম হইল— বজলু সাহেব! দেন তো একটা নাম এ ছেলের।  

বজলু স্যার ছিলেন ওই সময় হেড স্যারের রুমে বসা।বজলু স্যার হাসতে হাসতে বললেন, জি স্যার, এইটা কোনো নাম হয় না— দিলাম ছেলের নাম জামিলুর রহমান। মিয়া-টিয়া আজকাল চলে না। বজলু স্যারের বাড়িও চরে। চর পক্ষি মারায়। ‘চৈরা স্যার’ হিসেবে তার স্কুলে ছেলেদের মাঝে গুঞ্জন আছে। বজলু স্যারের নাম দেয়া সার্থক হয়েছিল। ‘পুনাই’ শব্দের অর্থ স্থানীয় ভাষায় ছোট ছেলে মেয়ে।জামিল কি চিরদিন ছোট থাকবে, বড় হবে না? তাই তার নাম পরিবর্তন করা উপযুক্ত কাজ হয়েছিল। এটাই সবার মত ছিল।জামিল শুধু ধীরে ধীরে বড়ই হয়নি, অনেক বড় কাজ করে ইতিহাসে নাম লিখিয়েছে— একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে। কিভাবে জামিল একজন ‘শহীদ জামিল’ হলো সে কাহিনী বলছি। ১৯৭১ সালের ঘোর বর্ষকালের একটি রাত।আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে এবং বন্ধু খালেদ মুক্তিযুদ্ধে যোগ দেবে। কিন্তু কিভাবে যাবে তা সম্পূর্ণ অজানা ছিল। খালেদ জেনেশুনে প্ল্যান করে ওপার যাবার। সেভাবে একটি ছোট্ট ডিঙি নৌকা বেয়ে গভীর রাতে ব্রহ্মপুত্র নদের উপশাখা পার হয়ে জামালপুর শহরে ওঠে জামিল। নিঝুম শহর। দু-চারটে নেড়িকুকুরের ডাক— ঘেউ ঘেউ ঘেউ …। চালতা গাছে বাদুড়ের পাখা ঝাপটানো আর মাঝে মধ্যে পাখির ডাক। দিনকাল ভালো নয় বলে গোটা শহর সুমসাম। সন্ধ্যা হতেই শহর তলিয়ে যায় নীরবতায়। ভৌতিক রাত জেগে ওঠে। মাঝে-মধ্যে মিলিটারির গাড়ি রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে সাঁই সাঁই ছোটে। পাহারা দেয় বুঝি।  

জামিল সরকারি স্কুলের সবশেষে অবস্থিত সবদিক খোলা নদীর খুব কাছে জিমনেশিয়ামের কাছাকাছি নৌকা ভিড়ায়। একটা মান্দার গাছের সঙ্গে নৌকাটা বাঁধে শক্ত করে। বৈঠা নৌকার ভেতর আস্তে করে রাখে।জানে না এই নৌকার ভবিষ্যত কী। অথচ এই নৌকাই ছিল জানের জান। স্কুলে আসা-যাওয়ার বাহন। আজ তার মায়া ছাড়তে হবে। পেছনে ফিরে কী লাভ। বাবা মা ভাই বোন সবাইকে ছাড়তে পারল আর এই জড় পদার্থ নৌকা! সামনে হাঁটতে গিয়ে বুকের ভেতর খচখচ করে নৌকাটার জন্য। নৌকাটা তার নিজের।ওটার প্রতি তার মায়া বুঝি জগৎ সংসারের চেয়ে বেশি! ওটাই তার ভেসে বেড়ানোর বাহন। নিজেকে ব্রহ্মপুত্রের রাজাধিরাজ ভাবত ওটাতে চড়লে। সেই নৌকাটা ফেলে যাচ্ছে? জামিল আরেকবার থামে। নৌকাটার দিকে তাকিয়ে চোখে দু’ফোঁটা অশ্রু আসে।যাত্রাপথে চোখের পানি ফেলতে নেই। অমঙ্গল হয়। দ্রুত বাম হাত দিয়ে মোছে চোখের পানি। জীবন বিলিয়ে দেবার শপথ নিয়ে বের হওয়া পথিক, তুমি কেন বিচলিত সামান্য নৌকার মায়ায়? জামিলের পায়ে অন্য এক চঞ্চলতা আজ ভর করেছে। পা ঝাড়া দেয়। দ্রুত পায়ে হাঁটতে হবে।যেতে হবে প্রথমে তাকে শেখের ভিটা। খালেদের বাড়ি। খালেদও তার সঙ্গী হবে। অন্তত তিনমাইল পথ। 

গভীর রাত। রাস্তার দু’ধারের একটা দোকানও খোলা নেই। বকুল তলায় একটা পান-বিড়ির দোকান অনেক রাত অবধি খোলা থাকে। জামিল বকুলতলায় এসে দেখল সে দোকানও বন্ধ।কালী মন্দিরের দিকে তাকায়। সাধারণত মন্দিরে সেবায়েত ঠাকুররা অনেক রাত জেগে পুজো-আচ্চা করে থাকে, না সাড়া শব্দ নেই ভেতর থেকে। মন্দিরে সারারাত চলে ঘিয়ের বাতি, তাও নেই। ঘুটঘুটে অন্ধকার ভেতরে। পাক আর্মির ভয়ে হিন্দুরা আগেভাগে গা ঢাকা দিয়েছে। বেশির ভাগ ও পাড়ে চম্পট দিয়েছে। জামিল ভাবে, এসব দেখেশুনে সময় নষ্ট করা যাবে না। জোর পায়ে হাঁটতে হবে।খালেদের বাড়ি পৌঁছে তবেই তার নিরোদ্দিষ্ট যাত্রার একধাপ পেরোনো হবে। জামিল জোর পায়ে হাঁটতে থাকে। ইচ্ছে করে গান ধরে। কিন্তু এত রাতে গান ধরলে শব্দ বহুদূর পৌঁছে যাবে।এমনকি মিলিটারি ক্যাম্প পর্যন্ত। তাই, গানের ইচ্ছেটা চেপে ধরে। কাঁধে ছোট্ট একটা কাপড়ের ব্যাগ। একটা লুঙ্গি, দুটো গেঞ্জি, গামছা আর দুটো হাউই শার্ট নিয়েছে। শুকনো খাবার হিসেবে মায়ের হাতে কোটা বিরুই চালের সের খানেক চিঁড়া আর আখের গুড় পোয়াখানেক। খালেদ বলেছে, বেশি জিনিসপত্র নেয়া যাবে না। ওপারে গেলে সব পাওয়া যাবে। রাস্তার কোনো টহলদার বা আর্মির কবলে পড়লে বাঙালি হলে বলতে হবে বোনের বাড়ি যাচ্ছি আর পাঞ্জাবি হলে বলতে হবে— আপনা মোকামসে  যাতা। খালেদের শিখিয়ে দেয়া। অল্পস্বল্প জিনিস দেখলে সন্দেহ করবে না। জামিল জামালপুর রেলস্টেশনের কাছাকাছি এসে গেছে। এর মানে খালেদের বাড়ির খুব কাছাকাছি এসে গেছে। দক্ষিণ দিক দিয়ে এগিয়ে যেতে থাকে।কিছুদূর যেতে পড়ে একটা রেল ক্রসিং। এত রাতে গাড়ি পারাপারের সম্ভাবনা নেই। তবু এদিক একবার ওদিক আরেকবার চোখ রাখে জামিল। শুধুই অন্ধকার। গাছের নিবিড় দাঁড়িয়ে থাকা দু’পাশে সে একমাত্র মানুষ। জীবনের নড়াচড়া একমাত্র সে। এবার একটা মেঠোপথ ধরে এগিয়ে যায় জামিল। চলাচলের জন্য ব্রিজ ময়লিং রাস্তা রেখে সময় বাঁচাতে মেঠোপথ ধরে সে। তাছাড়া খোলা আকাশে তারকার আলো। এখানে অন্ধকার তেমন ঘন নয়। মৃদু আলোয় উজ্জ্বল। ঠাণ্ডা বাতাসও বইছে খাসা। আরামদায়ক। 

মিনিট দশেক হাঁটতেই খালেদের বাড়ির পুকুর পাড়ে জোড়া ডাব গাছের নিচে এসে থামল জামিল। দক্ষিণ দিকে পুকুরপাড়ের কাছে মুলিবাঁশের ঝাড়। বাতাসে নড়েচড়ে হিহিহি শব্দ করছিল। পেত্নীর হাসির মতো।জামিল তাতে ভয় পায়নি। কারণ জামিলের ঘর এখন তার চোখের সামনেই। আরেকটু এগোতেই একটা ছনের ঘর। এটাই খালেদের ঘর। মাটির ঘর। দরোজা কাঠের। জামিল চাপা স্বরে ডাকে— খালেদ… খালেদ… 

— কেডাঅ… 

— আমি জামিল… 

দুই ডাক দিতেই খালেদের সাড়া মিলল। তার মানে সেও নির্ঘুম।কুপি হাতে গেঞ্জি গায়ে লুঙ্গি পরা খালেদ বের হলো। জামিলের সামনে এসে দাঁড়াল। ছায়ামূর্তির মতো। খালেদের স্বাস্থ্য ভালো। ব্যায়াম করা শরীর। বয়সও তার চেয়ে দু’এক বছর বেশি। অস্পষ্ট ছায়ামূর্তিটি জানান দিচ্ছিল বীরপুরুষের। খালেদ পারবে যুদ্ধ করতে। কিন্তু সে, পারবে তো! 

— কিরে আইসস.. আয় আয় ঘরে আয়। ছায়ামূর্তিটি  বলল। 

খালেদ কুপি নিয়ে এগিয়ে এলো। বাতাসে কুপির শিখা নিভে যেতে যেতে জ্বলে উঠতে থাকে।জামিল খালেদের পেছন নেয়। খালেদের পর পর জামিল ঘরে ঢোকে। খালেদ কুপিটা পড়ার ছোট্ট একটা টেবিলের মাঝখানে রাখে। তারপর অন্য আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। জামিল একটা একজনি চৌকিতে বসে। মুখ থেকে বের হয় একটা ধ্বনি— আহ্! অনেকটা পথ হেঁটেছে। পা অবশ। বসতে পারায় পায়ে আরাম লাগে। জামিল স্বল্প আলোয় খালেদের ঘরের চাদ্দিক দৃষ্টি বুলায়। মাটির হলেও ঘরটা লেপাপোছা ঝকঝকে।একটা যত্নের ছাপ আছে। শিকায় ঝুলছে একটা বাঁশি। বাহ্ খালেদ বাঁশিও বাজায়! শুনতে হবে তো। 

— কিরে, সব ঠিক আছে তো? 

— কি ঠিকের কথা কমু? 

— মনডা, মনডা ঠিক আছে তো? নাহি বাড়িত রাইখা আইসস? 

— আছে আছে ঠিক আছে— নাওডার লাইগ্যা খালি পেট পুড়ায়… 

— আরে পাগল, মানষের লাইগ্যা পেট পুড়ে না। নাওয়ের লাইগ্যা তোর পেট পুড়ে…হাঁ: হাঁ: হাঁ… 

— হ, নাওডা আমার জীবনসাথীরে… 

— আয় ভাত খাই, পেটে আর কুনসময় ভাত পড়ে আল্লাহ জানে। 

দু’জন পেট পুড়ে ভাত খায়। ভাত ঠাণ্ডা। মাষকালাইয়ের ডাল হাঁসের গোস্ত দিয়ে জামিল পেট পুড়ে খেলো।খিদাও লাগছিল জব্বর।  এরপর? গভীর রাতে পাড়ি জমাল দুই বন্ধু। নিরুদ্দেশের পথে। না, ঠিক নিরুদ্দিষ্ট পথে নয়।আগেই বন্দোবস্ত করা আছে একটা জিপ গাড়ি। ওদের সঙ্গে যাবে আরো তিনজন লীগের নেতা। মোট পাঁচজন ছুটবে রাতের অন্ধকারে ওপারের উদ্দেশ্যে। মেঘালয় প্রদেশে মুক্তিবাহিনীর ক্যাম্প শেষ লক্ষ্যস্থল। ট্রেনিং নিয়ে যোগ দেবে গেরিলা বাহিনীতে। তাই ওদের পায়ে এখন অসীম বল, চাঞ্চল্য। জামিল কিশোর বলে মুক্তিবাহিনীর ক্যাম্পে কাজই দেয়া হতো তাকে।বিশেষ করে খাবার পরিবেশন, গোলা বারুদের ছোট ছোট বাক্স ক্যাম্প থেকে ফায়ার টেন্টে নেয়া ইত্যাদি। কিন্তু জামিলের ইচ্ছে উপযুক্ত ট্রেনিং নিয়ে সম্পূর্ণ যুদ্ধে অংশ নেয়া। খালেদের শারীরিক যোগ্যতা ও বয়সের জন্য প্রথমবার লাইনে দাঁড়িয়েই সিলেক্ট হয়। চলছে রাইফেল ট্রেনিং।জামিল লাইনে দাঁড়িয়ে হতে পারেনি সিলেক্ট। ফলে জামিল এখনো ট্রেনিং নিতে পারেনি। ভারতীয় ট্রেনার বলেছে— তোম বাচ্ছোলোগ হ্যায়, বাদ সে ফুরসত মেলেঙ্গে, আভি যাও যাও.. 

জামিল তাতে দমে যায়নি। নাছোড়বান্দা। একবার, দুইবার তিন তিনবার দাঁড়িয়ে জামিল অবশেষে সিলেক্ট হলো।একুশ দিনের গেরিলা ট্রেনিং নিয়ে জামিল এখন পরিপূর্ণ যোদ্ধা। এখন তার একমাত্র অপেক্ষা লড়াইয়ের ময়দান। তবে তাকে লড়তে হবে চোরাগোপ্তা। সম্মুখ সময়ে নয়। কমান্ডার আজিজ ভাইকে অনুরোধ করল অপারেশনে পাঠানোর জন্য। আজিজ ভাই জামিলকে বলল সবুর করতে। কারণ যুদ্ধটা পাক আর্মির সঙ্গে। পৃথিবীর অন্যতম সেরা বাহিনী। ইতোমধ্যে ক্ষয়ক্ষতি কম হয়নি মুক্তিবাহিনীর। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। আর মুক্তিবাহিনীর হাতে মান্ধাতা আমলের অস্ত্র। জামিল এসব শুনতে নারাজ। সে চায় যুদ্ধ করে শহীদ হতে, গাজী হতে সে আসেনি। অবশেষে এসে গেল সুযোগ। ইতোমধ্যে পূর্ব পাকিস্তানের কিছু এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্ষাকাল বনের চারধারে পানি। পাক আর্মি মুভমেন্ট সীমিত হয়ে পড়েছে। অনেক ক্যাম্প তাদের দ্বীপের মতো অবরুদ্ধ পানির দ্বারা।  

সেরকম জামালপুরের অন্তর্গত শেরপুর থানার বেশ কিছু অঞ্চল মুক্তিবাহিনীর নিরাপদ বিচরণক্ষেত্র মনে করা হয়।  ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাক আর্মি এসব অঞ্চলে যেতে সাহস পায় না।  ডিসেম্বর মাস। উত্তরের হাওয়ায় কনকনে শীত পড়তে শুরু করেছে।পাহাড় থেকে বুনো শীত যেনো জেঁকে বসেছে সারা শেরপুর। কম্বল কেটে জ্যাকেট বানিয়ে শীত নিবারণের চেষ্টা মুক্তিবাহিনীর। কম্বল কেটে মাফলার বানিয়ে গলা-মাথা জড়িয়ে ঠাণ্ডা থেকে বাঁচার আরেক ব্যবস্থা মুক্তিযোদ্ধাদের।  এই শীতেই মুক্তিবাহিনীর সঙ্গে পাক আর্মির চলতে থাকল লড়াই। ওদিকে কামালপুর বর্ডারে পাক আর্মিও শক্তিশালী অবস্থানে মুক্তিবাহিনীর উপর্যুপরি আক্রমণের খবর আসছিল। প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছিল উভয়পক্ষের। আগে মুক্তিবাহিনীর ক্ষতি ছিল বেশি। কিন্তু এসময় পাক আর্মি ক্ষতির পরিমাণ বেশি। চারিদিক থেকে মুক্তিবাহিনী এগিয়ে চলেছে। জামিল খুশিতে আত্মহারা। খালেদ পড়েছে আরেক সেক্টরে। খবর পায় একটু একটু। জামিল বেঁচে আছে। অপারেশনে গেছে। মুক্তিবাহিনীরা উজ্জীবিত। পাকিস্তানের জালিম শাসকদের হটিয়ে তারা স্বাধীনতা আনবেই।একটা নিজস্ব পতাকা। সবুজ জমিনের ওপর লালসূর্যের ভেতর মানচিত্র খচিত। এমন এক সন্ধ্যায় জামিলের ডাক পড়ে। কমান্ডার আজিজ ডেকেছেন। জামিল যথাসময়ে হাজির।  

— জামিল! তোমার ইচ্ছা পূরণ হবে আজ।  

— সত্যি আজিজ ভাই! 

জামিল খুশিতে কমান্ডার আজিজের হাত ধরতে যায়। পারে না। কমান্ডারের হাতে এসএমজি। এখন ওটাই তাদের সম্পদ। 

— আজ রাতে ঝিনাইগাতী পাকআর্মি ক্যাম্পে অপারেশন। কমান্ডার বুলবুলের আন্ডারে তুমি থাকবে। খালেদকে নিয়ে আসা হয়েছে এখানে। সে আজ তোমার সাথে। বাদবাকি কমান্ডার জানাবে।জামিল ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে খবর পায়। কমান্ডার বুলবুলের তলব। যথাসময়ে হাজির হয়। দেখা হয় সেখানে অন্যান্য সহযোদ্ধার মধ্যে খালেদের সঙ্গে।       

— এক সঙ্গে ঘর ছাড়ছি এবার এক সঙ্গে যুদ্ধ করুম জামিল।  

— হ. আমার মনে আনন্দ। জামিল বলল। 

রাত গভীর। প্রচণ্ড শীত। দাঁত ঠকঠক করে মাড়িতে মাড়িতে ঠোকাঠুকি খাচ্ছে। যেতে হবে অন্তত আট মাইল হেঁটে। এ অঞ্চল মুক্ত। ভয়ের তেমন কারণ নেই। তবে ওই ক্যাম্পের পাশে খালের কাছাকাছি ভয়ের কারণ আছে। পাক আর্মি মেশিনগান তাক করা। টের পেলে দাগতে লেগে যাবে অনবরত। বেঞ্চের কারণে পেরে ওঠা যাবে না। তাই কমান্ডার বলেছে খাল পেরুতে হবে সম্পূর্ণ নীরবে। টের পেলে সর্বনাশ। খালটা ক্যাম্পের পেছন দিক। ওই পেছন দিক দিয়ে উঠতে হবে ক্যাম্পে। অতর্কিত হামলা চালাতে হবে। একটা গ্রুপ অদূরে থাকবে। ধানক্ষেতের ভেতর। বিপদ ঘটলে তারা ফায়ার কভার নিয়ে এগিয়ে যাবে ক্যাম্পের দিকে। খাল পেরিয়ে ক্যাম্পে ঢুকে পড়ে জনা পাঁচেক। খালেদ ও জামিল ওই ঢুকে পড়া পাঁচজনের মধ্যে। কমান্ডার আজিজও সঙ্গে। খবর মতো ওই ক্যাম্পে পঞ্চাশজন পাক আর্মি। অ্যামবুশ করে ওরা ক্যাম্পের পেছনে। এমন সময় দেখা গেল সার্চ লাইট জ্বলে উঠল।নিয়মমতো তারা একটু পরপর সার্চ লাইট জ্বেলে শত্রু খোঁজে। কিন্তু লাইটের আলো এতো দূরে ফেলল যে মুক্তিবাহিনীরা যে আড়ালেও থেকে গেল তা মালুম করতে পারলো না। সার্চ লাইট বন্ধ হলে শুরু হলো ফায়ার। টা-টা-টা-গুড়ুম-গুড়ুম টা-টা-টা… 

জামিলরাও ফায়ার ওপেন করে। ওদিকে হতে। এতো কাছে থেকে গুলি আসতে পারে পাক আর্মি ভাবতেই পারেনি। প্রতিটি গুলি ভেদ করে পাক আর্মির বুক। হতবুদ্ধি হয়ে পড়ে তারা। ঘন্টাখানেক ফায়ার চালায়। একসময় থেমে যায় পাক আর্মিদের ফায়ার।খালেদরা ফায়ার করতে করতে ক্রলিং করে এগোতে থাকে। ক্যাম্পের কাছাকাছি এসে মনে পড়ে জামিলের কথা। কিন্তু জামিল খোঁজার সময় তখন না। ফায়ার থেমে গেলে কমান্ডার বুলবুল নির্দেশ দিলেন খালেদকে সাথীদের খবর নিতে। খালেদ নির্দেশ মতো লাশের সারি ডিঙিয়ে ক্যাম্পের রান্নাঘরের কাছে টিউবয়েলের গোড়ায় জামিলের লাশ পড়ে থাকতে দেখল।  

— জামিল- তোর ইচ্ছা পূরণ হলো। আল্লাহ তোকে গ্রহণ করল আমাকে না। 

— চিৎকার করে বলল খালেদ। জামিলের দেহটা চিৎ করে শোয়ায়। টর্চ মেরে দেখল ঘাতক বুলেটটা ঠিক বুকের মাঝখান দিয়ে ঢুকে বের হয়ে গেছে পিঠের বাম দিক দিয়ে। জামিল বীরের মতো মরেছে। জামিল হলো মুক্তিবাহিনীর প্রথম কিশোর শহীদ। কমান্ডার আজিজ বললেন। চোখ মুছতে মুছতে খালেদ জামিলের  পাশে দাঁড়িয়ে অস্ফুট উচ্চারণ করল— আমাদের কালো মানিক। 

ম্যাপ : এক খণ্ড কাগজে পৃথিবী হাজির (প্রথম পর্ব)

আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি তোমরা সব্বাই অনেক ভালো আছ। নতুন বছরের এই সময়ে শীতের দিনের কাঁপাকাঁপিময় শুভেচ্ছা।
বন্ধুরা, আমাদের মুসলমাদের কোনদিক হয়ে নামাজ পড়তে হয় বলো তো? মনে মনে নিশ্চয় ভাবছ, এ আবার কেমন প্রশ্ন? এ তো সবাই জানে, পশ্চিম দিকে। তুমি নিজেও হয়তো কিছুক্ষণ আগে পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছ। কিন্তু আমেরিকায় যে মুসলমান বসবাস করে, সেও কি পশ্চিম দিকে নামাজ পড়ে? না, সে বরং অনেকটা পূর্ব দিক হয়ে নামাজ পড়ে। ঠিক পূর্ব নয়, বরং দক্ষিণ- পূর্ব, যাকে বাংলা ভাষায় অগ্নি দিকও বলা হয়। আসল ব্যাপারটা হলো, মুসলমানদের কেবলা হলো আসলে কাবার দিকে। যে কারো স্থান থেকে কাবা যেইদিকে, সে সেইদিকে হয়েই নামাজ পড়বে।
এখন তুমি বড়দের কাছ থেকে বা বই থেকে জেনেছ যে কাবা ঘর আমাদের থেকে পশ্চিম দিকে। কিন্তু তুমি কি দেখেছ? তুমি কিন্তু চাইলেই দেখতে পারো। কীভাবে? নিজের বাসা থেকে সোজা পশ্চিম দিকে হেঁটে গিয়ে কাবাঘরে পৌঁছানোর মাধ্যমে? এভাবে ভাবলে তো আর বুদ্ধিমানের কাজ হবে না। এজন্য স্মার্ট সলিউশান হচ্ছে ম্যাপ বা মানচিত্র। পুরো পৃথিবীর যে কোনো জায়গা তোমার থেকে কোনদিকে, এমনকি কতদূরে, সেটাও তুমি সিম্পলি একটা ম্যাপ দেখেই বুঝে নিতে পারবে। ইন্টারস্টিং না? চলো, আজ আমরা এই ম্যাপ নিয়েই কিছু জানার চেষ্টা করি।

ম্যাপ জিনিসটা কী, সেটা বুঝার জন্য ম্যাপ দিয়ে আমরা কী করতে পারি, তা বুঝে নিই আগে। মনে করো, তুমি নতুন কোনো জায়গায় যেতে চাচ্ছো, যেখানে কখনো যাওনি, তাহলে কী করবে? বড়দের কাছ থেকে জেনে নিবে কীভাবে যেতে হয়। উনি হয়তো বলবেন, বাসা থেকে বের হয়ে রাস্তা ধরে কিছুদূর ডানদিকে গেলে তারপর একটা মুদির দোকান, তারপর বামদিকে রাস্তা ধরে গেলে একটা চৌরাস্তা… এভাবে। কিন্তু কেউ যদি এই ব্যাপারটা তোমার সামনে কাগজে এঁকে দেয়? এটাকেই ম্যাপ বলে। সহজভাবে বুঝতে হলে বলতে হয়, যখন আমরা কোনো এলাকার বিভিন্ন জায়গা, স্থাপনা, রাস্তা ইত্যাদি কোনো কাগজে এমনভাবে আঁকি, যাতে ঐ জায়গাগুলোর অবস্থান বুঝতে পারা যায়, তখন তাকে ম্যাপ বলে।
ম্যাপ অসংখ্য ধরনের হয়ে থাকে। এর কিছু কিছু ধরন আমাদের খুবই পরিচিত, আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, এমনকি আমাদের অনেকের বাড়িতেও হয়তো আছে। আবার কিছু ধরন আছে এমন, যা আছে একেবারে স্পেশালিস্ট ছাড়া অন্যদের কোনো কাজেই লাগে না।
বাংলাদেশের মানচিত্র দিয়েই আলাপ শুরু করা যাক। তোমরা তোমাদের বইয়ে পৃষ্ঠাজুড়ে এই মানচিত্র নিশ্চয়ই দেখেছ। এতে বাংলাদেশের সব জেলার নাম আছে, কোনটা রাজধানী, কোথায় বিভাগীয় শহর, কোথায় জেলা শহর, এগুলো আলাদা আলাদা চিহ্ন দেয়া আছে। দেখেছ না এমন? এই ম্যাপ দেখে তুমি তোমার জেলার নামটাও খুঁজে নিয়েছিলে হয়তো। এবার আমরা এই ম্যাপের ব্যবহার নিয়ে একটু জানার চেষ্টা করি। তোমাদের সুবিধার জন্য এই লেখার সাথেই একটা বাংলাদেশের মানচিত্র যুক্ত করে দেয়া হয়েছে। প্রথমত তুমি এই ম্যাপ দিয়ে বাংলাদেশের সব জেলার নাম আর সেগুলোর অবস্থান দেখতে পারছ। মনে করো, তোমার বাড়ি জামালপুর জেলায়। ম্যাপ দেখে কিন্তু তুমি সহজেই বলে দিতে পারবে বাংলাদেশের কোন জেলা তোমার থেকে কোনদিকে অবস্থিত। মজার না? আরো আছে। কোন জেলা কাছে, আবার কোন জেলা দূরে, সেটাও বলতে পারছ। শুধু কি তাই? এক জেলা থেকে আরেক জেলার আনুমানিক দূরত্বও তুমি বের করে ফেলতে পারবে। কীভাবে জানো? প্রতিটা ম্যাপের সাথে স্কেল দেয়া থাকে; যেখানে বলা থাকে, ম্যাপের এক ইঞ্চি বাস্তবের কত দৈর্ঘ্যকে বুঝায়। মনে করো কোনো ম্যাপ এমনভাবে আঁকা, যেখানে ম্যাপের এক ইঞ্চি = বাস্তবের ৫০ কিমি। তাহলে ঐ ম্যাপে তুমি যদি দুইটা জায়গার দূরত্ব স্কেল দিয়ে মেপে ৪ ইঞ্চি পাও, তাহলে বাস্তবে ঐ জায়গা দুটোর দূরত্ব হবে ২০০ কিমি। এভাবে তুমি অনেক দূরের জায়গাও এর মাধ্যমে জেনে নিতে পারবে। তবে একটা বিষয় একটু সতর্ক থাকতে হবে। এই দূরত্ব কিন্তু সোজাসুজি দূরত্ব, রাস্তার দূরত্ব না। কারণ রাস্তা তো একদম সোজাসুজি হয় না। তাই ম্যাপ দেখে যতটুকু দূরে মনে হবে, রাস্তায় সেটা আরেকটু বেশিও হতে পারে।
ম্যাপের মধ্যে দেখবে এক জেলা থেকে আরেক জেলা পৃথক করার জন্য দাগ টানা আছে। খেয়াল করে দেখবে দাগগুলো একরকম না, কিছু কিছু দাগ একটু ভিন্ন, হয়তো একটু মোটা, অথবা কিছু আছে ডট বা ড্যাশ দেয়া। এগুলো আলাদা হয় কেন? এটা বুঝার জন্য দেখবে ম্যাপের সাথে একটা বক্স থাকে, যেখানে এসবের মানে লেখা থাকে। সেখানে দেয়া থাকে, কোনটা আন্তর্জাতিক সীমানা, কোনটা বিভাগের সীমানা, কোনটা জেলার সীমানা ইত্যাদি। এছাড়াও থাকে রাজধানী, জেলা সদর বা বিভাগীয় সদরের অবস্থান। যেমন, আমরা জানি বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙামাটি। এখন রাঙামাটির জেলা শহর কি সম্পূর্ণ জেলাজুড়ে বিস্তৃত? তা তো না। ম্যাপ এক্ষেত্রেও আমাদের ঠিকঠাক পজিশন জানতে সাহায্য করে।

ম্যাপ যে কেবল দেশের হতে পারে, তা কিন্তু নয়। ম্যাপ আরো বড় জায়গার, যেমন মহাদেশ বা পুরো বিশ্বেরও হতে পারে, যেমনটা তোমরা অনেকেই এরমধ্যে হয়তো দেখেছ। একইভাবে ছোট জায়গার, যেমন কোনো বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন/ওয়ার্ড, এমনকি কোনো গ্রাম বা পাড়ারও ম্যাপ হতে পারে। আমরা উপরে স্কেলের কথা জেনেছি। মনে করো, আমরা যে কোনো ম্যাপই তোমার বইয়ের এক পৃষ্ঠার মধ্যেই আঁকব। তাহলে কী হবে? যত ছোট জায়গার ম্যাপ হবে, তত বেশি ডিটেইল বা বিস্তারিত সেখানে দেখার সুযোগ থাকবে। আর বড় জায়গার ক্ষেত্রে হবে উল্টো। একটু বুঝিয়েই বললেই ব্যাপারটা একদম জলবত তরলং হয়ে যাবে। ধরো তোমাদের যে পাড়া আছে, সেই পাড়ার ম্যাপ যদি এক পৃষ্ঠাজুড়ে আঁকা হয়, তাহলে সব বিল্ডিং বা বাড়ি, রাস্তা/গলি, মসজিদ, মন্দির, স্কুল, খেলার মাঠ, দোকান ইত্যাদি চিহ্নিত করা যাবে। কিন্তু বাংলাদেশের ম্যাপে কি এভাবে সব দেখানো যাবে? বাড়ি বা রাস্তা দূরে থাক, এক পৃষ্ঠাজুড়ে করা বাংলাদেশের ম্যাপে সব উপজেলার নামই তো দেয়া যাবে না। সেজন্য যত বড় এলাকার ম্যাপ হবে, তার স্কেল তত ছোট হবে। এবং ছোট এলাকার ম্যাপের ক্ষেত্রে হবে উল্টোটা, বড় স্কেল। এ পর্যায়ে এসে, স্কেল বড় ছোট হওয়ার এ ব্যাপারটা একটু বুঝা দরকার। চাপ নিও না, সহজ একদম। ধরো তোমাদের পাড়ার যে ম্যাপ, তাতে ১ ইঞ্চি = ২০ মিটার হয়। মানে তোমাদের পাড়া যদি ২০০ মিটার দীর্ঘ হয়, তাহলে ম্যাপে সেটা ১০ ইঞ্চি দৈর্ঘ্যের মধ্যেই দেখা যাবে। কিন্তু বাংলাদেশের ম্যাপ হলে? সেক্ষেত্রে দেখা যাবে ১ ইঞ্চি দিয়ে অন্তত ৫০ কিলোমিটার হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের ম্যাপের স্কেল হচ্ছে ছোট বা ক্ষুদ্র স্কেল, আর তোমার পাড়ার ম্যাপ হচ্ছে বড় স্কেল।

এরপরে ম্যাপের যে বিষয়টি বুঝা দরকার, তা হলো লিজেন্ড। এখানে লিজেন্ড মানে ব্যাখ্যামূলক বর্ণনা। তোমার পাড়ার যে ঘর, রাস্তা, মসজিদ, মন্দির, মার্কেট, খেলার মাঠ ইত্যাদি আছে, সেগুলো তো ম্যাপে দেখাতে গেলে অনেক ছোট হয়ে যাবে, যেটা আমরা আগেই জেনেছি। ম্যাপের ছোট ড্রয়িং দেখে কীভাবে বুঝবে কোনটা কী? সেজন্য ঘর, দোকান ইত্যাদির জন্য আলাদা আলাদা কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যেন ঐ ছোট চিহ্ন দেখেই বুঝা যায়, ওখানে আসলে কী আছে। এই চিহ্নগুলোকে বলা হয় লিজেন্ড, আর ম্যাপের একপাশে যে বক্সে এই লিজেন্ডগুলোর ব্যাখ্যা দেয়া থাকে, তাকে বলে লিজেন্ড বক্স। লিজেন্ডকে অবশ্য ম্যাপ কী (Map Key) নামেও বলা হয়।

(কিছু ম্যাপে বামপাশের ছবির মতো কেবল উত্তর দিক দেখানো থাকে, আর কোথাও চারদিকই দেখানো থাকে)
ম্যাপ সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে একদম ভুলেই গেছি। সেটা হলো ম্যাপের দিক। বাংলাদেশের মানচিত্র তোমরা অনেক দেখেছ হয়তো। কিন্তু কখনো কি সেখানে কক্সবাজারকে উপরদিকে আর পঞ্চগড়কে নিচের দিকে দেখেছ? আমি নিশ্চিত করে বলতে পারি, দেখোনি। এর কারণ জানো? ম্যাপ আঁকার সময় দিক ঠিকমতো হচ্ছে কি না, এটা গুরুত্বপূর্ণ। ম্যাপে সবসময় উত্তর দিক উপর দিকে, দক্ষিণ দিক নিচ দিকে, পূর্ব দিক ডান দিকে, আর পশ্চিম দিক বাম দিকে হয়ে থাকে। এজন্যই বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার ম্যাপে সবসময় নিচের দিকে থাকে। অনেক ম্যাপে একপাশে এই দিকের ব্যাপারটা কম্পাসের তো একটা চিহ্ন দিয়ে উল্লেখও করা থাকে।

এখনকার সময়ে ম্যাপের অনেক স্মার্ট ভার্সন আমাদের স্মার্টফোন বা ল্যাপটপেই আমরা পেয়ে যাই। কিন্তু স্মার্টফোন বা এরকম আধুনিক ডিভাইস তো ৫০ বছর আগেও ছিল না, মানুষ এত স্মার্ট কিছুর কথা তখনো ভাবতেও পারেনি। কিন্তু সে সময়ে মানুষ বিশ্ব ভ্রমণ করেছে, আলেকজান্ডারের মতো কেউবা আবার যুদ্ধ জয় করতেও বের হয়েছে। আমরা রাসুল সা এর কিশোর বয়সে চাচার সাথে সিরিয়া যাওয়ার কথাও জেনেছি। তখন মানুষের এই দূরযাত্রাগুলোর গুরুত্বপূর্ণ অবলম্বন ছিল এই ম্যাপ। যদিও তখনকার ম্যাপগুলো এখনকার ম্যাপের মতো নিখুঁত ছিল না, কিন্তু সেই সময়ের মানুষদের কাজগুলোর ধীরে ধীরে উন্নতির ফলেই আমরা আজকের দিনের এত স্মার্ট ম্যাপ দেখছি। ম্যাপ নিয়ে লেখার এটা আমাদের প্রথম পর্ব। পরের পর্বে আমরা আরো কিছু মজার মজার জিনিস জানবো, সে পর্যন্ত তোমাদের শীতের পিঠা খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ০