Home Blog Page 98

আমি এমন কেন?

নিজকে গড়ো (পর্ব-৮৬)

ঘটনা-১ : স্কুলে ব্রেক দিয়েছে। সবাই হুড়মুড় করে বাইরে চলে গেছে। দৌড়াদৌড়ি-ছোটাছুটি করছে। কিন্তু তোমার এসব ভালো লাগে না। তুমি ব্রেক টাইমে বসে বসে গল্পের বই/কমিক্স পড়ো, কিংবা ছবি আঁকো। এমনটা প্রায়শই হয়। একদিন হঠাৎ বন্ধুরা জিজ্ঞেস করে- কী রে, তুই এমন কেন? সবাই খেলতে যাচ্ছে, আনন্দ করছে, তুই যাস না কেন? তখন তোমারও মনে হলো- আসলেই তো! আমি এমন কেনো?
ঘটনা-২ : ক্লাস পার্টি হবে কিংবা কোনো অনুষ্ঠান আছে সামনে। শিক্ষক জিজ্ঞেস করলেন- কে কে ভলান্টিয়ার/স্বেচ্ছাসেবক হতে চাও? সবার আগে তুমি হাত তুললে। তোমার আগ্রহ দেখে তোমাকে টিম লিডার বানিয়ে দিলো স্যার। তুমি সবাইকে নিয়ে খুব সুন্দর করে আয়োজনটা সম্পন্ন করলে। কিন্তু তোমার আবার ক্লাসের পড়াশুনাতে মনোযোগ নেই। পরীক্ষায় মধ্যম মানের রেজাল্ট করছো। বাবা-মা সেটা নিয়ে অসন্তুষ্ট। তারা তোমাকে নিয়ে বসলেন। জিজ্ঞেস করলেন- পাশের বাড়ির ছেলেটা তোর ক্লাসমেট। ও কত ভালো রেজাল্ট করছে, পড়াশুনায় এত মনোযোগী! বাইরে সময় কাটায় না, ওই সব প্রোগ্রাম-টোগ্রাম করে না। কত্ত ভালো! তুই এমন কেন? তোর রেজাল্ট ভালো করার কোনো চেষ্টা নাই কেন? তখন তোমার মনে হলো- আমি এমন কেনো?
আসলে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা। স্রষ্টা আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন স্বভাবপ্রকৃতি, চিন্তা-ভাবনা, রুচি, পছন্দ-অপছন্দ, আবেগ অনুভূতি, কর্মদক্ষতা দিয়ে সৃষ্টি করেছেন। আর এসব বৈশিষ্ট্য নিয়েই তৈরি হয় আমাদের Personality বা ব্যক্তিত্ব। এ বিষয়টা অনেকটাই জন্মগত। পরবর্তী জীবনে কারো কারো ব্যক্তিত্বে পরিবর্তনও আসে। তবে মৌলিক বৈশিষ্ট্য বেশিরভাগ ক্ষেত্রেই অপরিবর্তিত থাকে। ব্যক্তিত্বই মানুষকে তার ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে ভিন্নতা দেয়।
Personality’র ধরন নিয়ে প্রথমে বই লিখেছিলেন সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাভ ইয়াং। ১৯২১ সালে তিনি জার্মান ভাষায় লিখেছিলেন Personality Types নামের বইটি। পরবর্তীতে আমেরিকান লেখিকা ক্যাথারিন কুক ব্রিগস এবং তার মেয়ে ইসাবেলা ব্রিগস মেয়ার্স মিলে এই গবেষণাকে এগিয়ে নিয়ে যান। তারা সূচনা করেন Myers–Briggs Type Indicator (MBTI) এর। পার্সোনালিটি যাচাইয়ের জন্য বর্তমানে এই প্রক্রিয়াটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ইন্ডিকেটর অনুযায়ী মানুষের ব্যক্তিত্বকে মোট ১৬টি ধরনে ভাগ করা হয়। অর্থাৎ এ থিয়োরি অনুযায়ী মানুষ ১৬ ধরনের হয়। এই ষোলটি ভাগ আবার ৪টি মৌলিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত।
যেমন-
১. মানুষটি তার প্রাণশক্তি পায় কোথায়/কীভাবে?
২. কোনো বিষয়ে তথ্য বা ধারণা গ্রহণ করে কীভাবে/কোন পদ্ধতিতে?
৩. সিদ্ধান্ত গ্রহণ করে কোন পদ্ধতিতে?
৪. জীবনযাপনের ক্ষেত্রে/কাজের ক্ষেত্রে কোন পদ্ধতিতে করে?
প্রথমটি, অর্থাৎ মানুষ তার প্রাণশক্তি পায় কোথা থেকে এর উপর ভিত্তি করে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়-
১. Introvert (I) বা অন্তর্মুখী : এরা মূলত একাকিত্বকে ভালোবাসে। একাকিত্বে স্বাচ্ছন্দবোধ করে। ভিড়কে ভয় পায়। বেশি মানুষের সামনে যেতে বিব্রত হয়। তারা বেশি কথা না বললেও গভীর চিন্তা করে। দেখবে এরা ক্লাসে কম কথা বলে, কিন্তু খাতায় ভালো লেখে। বেশি মানুষের মধ্যে বেশি সময় থাকলে এদের ধীরে ধীরে অস্বস্তি কাজ করতে থাকে। পরে দীর্ঘ সময় একা থাকলে তারা আবার প্রাণশক্তি ফিরে পায়।
২. Extrovert (E) বা বহির্মুখী : এদের প্রাণশক্তির জায়গাটাই হলো মানুষ। তারা আড্ডাবাজ হয়। প্রচুর কথা বলতে ভালোবাসে। একা থাকতে তাদের ভয় হয়। একা হলে তারা মনমরা হয়ে পড়ে। তারা বন্ধুদের সাথে থাকলে আনন্দ পায়, গ্রুপ স্টাডি, বিতর্ক, খেলাধুলা পছন্দ করে। ক্লাসে শিক্ষক কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে যতটুকুই পারুক হাত তুলে উত্তর দেয়।
দ্বিতীয়টি অর্থাৎ কোনো বিষয়ে তথ্য বা ধারণা গ্রহণ করে কীভাবে তার উপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্বকে দুই ভাগ করা হয়-
১. Sensing (S) বা অনুভূতিশীল : এরা নিজস্ব অনুভূতির উপর নির্ভরশীল। আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় আছে- চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক- এর মাধ্যমেই তারা যা অনুভব করে, তার উপর বিশ্বাস করে। এরা তথ্য ভালোবাসে, বইয়ের পড়া, বিভিন্ন তথ্য মুখস্থ করতে পছন্দ করে। এরা বর্তমানের উপর অর্থাৎ ‘এখন কী আছে’ সেটায় মনোযোগ দেয়। এরা যুক্তিবাদী।
২. Intuition (N) বা কল্পনাপ্রবণ : এরা কল্পনা করতে ভালোবাসে। মনের সিদ্ধান্ত বা অন্তর্দৃষ্টির উপর নির্ভর করে। এই শ্রেণির মানুষ গল্প, ভবিষ্যৎ ভাবনা, নতুন আইডিয়ায় আগ্রহী। দেখবে তারা শিল্পচর্চায় বেশি আগ্রহী থাকে। যে কোনো বিষয়ের গভীর জ্ঞান বা তত্ত্বজ্ঞান খুঁজতে চায়। দূর ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবে এরা।
তৃতীয়টি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির উপর নির্ভর করে মানুষকে দুই প্রকারে ভাগ করা যায়-
১. Thinking (T) বা চিন্তাশীল : এরা নিয়ম ও যুক্তিকে গুরুত্ব দেয়। নিয়ম মেনে চলতে এবং মানুষকে নিয়মের মধ্যে রাখতে পছন্দ করে। এরা আবেগে প্রভাবিত না হয়ে যৌক্তিক পদ্ধতিতে চিন্তা করে সিদ্ধান্ত নেয়। নিয়ম মানতে গিয়ে তারা কঠোর হয়। তোমাদের ক্লাস ক্যাপ্টেন বা মনিটররা সাধারণত এই ধরনের হয়। তারা সবাইকে নিয়ম মানতে বাধ্য করে।
২. Feeling (F) বা ভাবপ্রবণ : এরা মানুষের অনুভূতিকে গুরুত্ব দেয়। কাউকে নিয়ম ভাঙার দায়ে অভিযুক্ত করার আগে তারা বলে- ‘তার সমস্যাটা বোঝা দরকার’। তারা সহানুভূতিশীল ও হৃদয়বান হয়, মানবিক হয়। তবে সেকারণে তারা মানুষের দ্বারা প্রভাবিত হয় বেশি। যেমন- কিছু বন্ধু আছে যারা নিজের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়েও বন্ধুত্বের খাতিরে তোমার সাথে আড্ডায় সময় কাটায়।
চতুর্থত, জীবনযাত্রা এবং কাজের পদ্ধতির উপর মানুষ দুই ধরনের হয়-
১. Judging (J) বা বিচারধর্মী : এরা মূলত কাঠামোবদ্ধ জীবন পছন্দ করে। সবকিছু গোছানো এবং পরিকল্পিত করতে পছন্দ করে। পরিকল্পনা অনুযায়ী সময়মতো কাজ শেষ করতে ভালোবাসে। কাজে কোনো হেলাফেলা/অলসতা পছন্দ করে না। যেমন- তোমার কিছু বন্ধু আছে যারা সেমিস্টারের শুরুতেই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়াশুনা করে, সময়মতো হোমওয়ার্ক জমা দেয়। তারা সাধারণত ফার্স্ট বেঞ্চার হয়।
২. Perceiving (P) বা গ্রহণধর্মী : এরা যে কোনো পরিবর্তন বা অবস্থাকে স্বাভাবিকভাবে সহজে মেনে নেয়। এরা উদার এবং উদাসীন ধরনের হয়। তারা স্বাধীন চলাফেরা পছন্দ করে। বাঁধাধরা কাজ এবং ডেডলাইন তারা মানতে পারে না। কাজ শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু সময়মতো শেষ করতে পারে না। দেখবে তোমার কিছু বন্ধু আছে যারা পরীক্ষা চলে আসলে হুড়মুড় করে পড়া শুরু করে। সময়মতো তারা ক্লাসওয়ার্ক জমা দিতে পারে না।
এখন এই যে প্রত্যেকটি ধরনের নামের শুরুর অক্ষর সেগুলো খেয়াল করেছ? সেগুলোকে আলাদা ব্রাকেটে লেখা হয়েছে। কারণ এই আদ্যক্ষরগুলো নিয়েই পরবর্তী কাজ। প্রতিটি ভিত্তির মধ্যে এক ধরনের বৈশিষ্ট্য বাছাই করে নিয়ে যেটি হবে সেটি হলো একজনের সামষ্টিক পার্সোনালিটি বা ব্যক্তিত্বের স্বরূপ। যেমন ধরো- প্রথম ভিত্তি অনুযায়ী কেউ Extrovert (E), দ্বিতীয় ভিত্তি অনুযায়ী Sensing (S), তৃতীয় ভিত্তি অনুযায়ী Feeling (F) আর চতুর্থ ভিত্তি অনুযায়ী Perceiving (P)। তাহলে তার ব্যক্তিত্বের প্রকার দাঁড়াবে- ESFP. তোমার কী মনে হয়? তুমি আসলে কোন ক্যাটাগরিতে পড়ো? একটু চিন্তা করে হিসেব করে দেখো তো!
মনোবিজ্ঞানীরা পার্সোনালিটি অনুযায়ী মানুষের ক্যারিয়ার কেমন হওয়া উচিত, তা নিয়েও গবেষণা করেছেন। কারণ একেক ধরনের ব্যক্তিত্বের মানুষ একেক ধরনের কাজের উপযোগী। নিজের জন্য যথোপযুক্ত কাজ খুঁজে নিতে না পারায় এবং সামাজিক চাপে অনেকে ভুল ক্যারিয়ার চয়েস করে। ফলে সফল হতে পারে না।
আগামী পর্বে আমরা পার্সোনালিটি অনুযায়ী ক্যারিয়ার চয়েসে বিজ্ঞানীদের পরামর্শের বিষয়ে জানবো। তুমি তখন বুঝতে পারবে তোমার পছন্দের জায়গা কোনটি। জীবনে সফল হওয়ার জন্য সঠিক ক্যারিয়ার চয়েস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।

ভালো ছাত্র

 

‘পরীবানুকে ইহজন্মে আমি ভালো কিছু শেখাতে পারব না। হাজার বার বলেছি না, ডাল বাগার দেয়ার সময় রান্নাঘরের দরজাটার কপাট টাইট করে আটকে নেবে। কথা কানে যায় না ছেলেটার। মাথায় তো গোবর ছাড়া কিচ্ছু নেই—তারপর আবার গোয়ার্তুমিও ছাড়ে না। হোপলেস। ’ 

হিজলের মা রাগ সামলাতে পারছেন না। তাঁর রাগের নায্য কারণও রয়েছে বটে। হিজলের সামনে এসএসসি। যেন তেন পরীক্ষা নয় তো। জীবনের রাজবাড়িতে প্রবেশের সিংহদুয়ার। এসএসসি পরীক্ষা বলে কথা! 

মোহসিনা বানু তার মেধাবী লক্ষ্মী ছেলে হিজলকে সর্বক্ষণ নজরে নজরে রাখেন। কারণ ছেলে তার ভাল ছাত্র। ক্লাসের প্রথম বালক— ফার্স্ট বয়। চাট্টিখানি কথা নয় । 

হিজলের পরীক্ষা যত ঘনাবে হিজলদের আঠারো শ’ স্কয়ার ফিটের ফ্লাটটা তত ‘মৌনব্রত’ পালনে আপসহীন হবে। গতকাল বিকেলে ছেলের জন্য অনেক খেসারত দিয়ে দামি একজন ম্যাথের গৃহশিক্ষক নিযুক্ত করতে কামিয়াব হয়েছেন মোহসিনা বানু। শিক্ষক মহোদয়ের দুর্ভেদ্য শিডিউলে খানিক সময় পাওয়া, হাতে আকাশের চাঁদ পাওয়ার শামিল। সকাল এগারোটায় তিনি পদধূলি দিয়েছেন। সুসজ্জিত রিডিং রুমে ম্যাথ স্যার আর পড়ুয়া ছাত্র হিজলের প্রাথমিক কিছু জরুরি আলাপ আলোচনা পর্ব চলছিল। ছুটির দিন। সকাল সকাল নাশতা পর্ব শেষ হয়েছে। বিড়ালের মতো নিঃশব্দ পায়ে গৃহকর্মী চাঁদনী জরুরি হাঁটা চলাচল করছিল। রান্নাঘরে পরীবানু রাঁধুনী। অপকর্মটি সেই করল আজ। তপ্ত তেলে ইচ্ছামতো পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে মহানন্দে ঘন মসুরের ডাল বাগার দিয়েছেন। একে তো ছন ছন শব্দদূষণ, তার ওপরে বার্গারের ঘ্রাণ! করিডোর সয়লাব হয়ে গেছে সে সুগন্ধে ! হিজলের অঙ্ক শেখায় বিঘ্ন ঘটল নির্ঘাত। তা ছাড়া প্রথম দিনেই এমন কাণ্ড। দামি টিচার না জানি কী ভাবলেন! 

  

হিজলের ছোট ভাই তমাল। এক হাঁড়ির ভাত খায় দুজনে কিন্তু তমাল পড়ুয়া ছাত্র নয়। তার মনোযোগ আলে ডালে ঘুরে বেড়ায়। বইয়ের পাতায় নয়। তমাল ক্লাসে প্রথম দশজনের মধ্যে দশম স্থানেই বিরাজ করছে বছর দুই। মায়ের একটি মাত্র স্বপ্ন তাঁর দুই ছেলেই ক্লাসে প্রথম হবে। স্কুুল পেরিয়ে আরো বড় বড় পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে। এ স্বপ্ন কেনই বা পূরণ হবে না? তিনি তো জীবনের সর্বসুখ বিসর্জন দিতে এক পায়ে খাড়া। ছেলে দুটোর অত্যুজ্জ্বল ভবিষ্যতের আশায়। দিন রাত কড়া নজরদারিতে রেখেছেন সন্তানদের। বন্ধু স্বজন পড়শি সবার মায়াজাল থেকে নিজেকে আলাদা করেছেন পর্যন্ত। 

ছেলেদের স্কুলে যান নিয়মিত। হিজলের ক্লাসমেটের মায়েরা মাঝেমধ্যে ছেঁকে ধরেন মোহসিনা বানুকে। হিজল ব্রেকফাস্টে কী খায়? রাতের গ্লাস ভর্তি দুধটা কী ডিনারের সাথে সাথেই খেয়ে নেয় নাকি ঘুমাতে যাবার আগে খায়? হাজার প্রশ্ন। হাজার কৌতূহল মায়েদের। মোহসিনা বানুর মনপ্রাণ জুড়িয়ে যায়— কুলফি বরফ হয়ে যায়। আজ এই ছেলের জন্যই তো তাঁর এই সম্মান! তমাল এবার ক্লাস এইটে। কই ওর ক্লাসের ছেলেদের মায়েরা তো তাকে ঘিরে ধরে না! বলে না, আপা ছেলেকে কোন ফলের জুস বেশি খাওয়ান? ফলটল খাওয়াতে দশবার ভাবতে হয়। ফরমালিনের ভয়। শিহাবের মায়ের ফলভক্তি বেশি। তিনিই বেশি জানতে চান। শিহাব হিজলের ক্লাসমেট। সে ক্লাসের পঞ্চম স্থানে আছে। ছেলেরা আর কী লেখাপড়া করছে আজকাল, তাদের মায়েরাই করছে বেশি! 

তমালকে নিয়ে নাজেহাল ওর মা। এইটুকু ছেলে তার দিন দুনিয়ার হাজারটা বিষয়ে অদম্য কৌতূহল। টবে মরিচের দানা বুনে দিন গুনতে থাকে চারা বেরুলে এক দুপুর আনন্দ করেই কাটিয়ে দেয়। তমালের ছয়টা টব আছে বেলকনিতে। তাতে সাদা গোলাপ, হলুদ জবা, অপরাজিতার লতা আছে। এমন একটি দিন নেই যে সে গাছগুলোয় পানি দেয়নি, নিড়িয়ে দেয়নি। অথচ ইংরেজি ট্রানস্লেশন বা অঙ্ক করতে বললে তার মিষ্টি মুখখানা কালো হয়ে আসে। গত বছর তার আদরের পুষি বিড়ালটি রহমান সাহেবের গাড়ির নিচে পড়ে গিয়ে চ্যাপ্টা হয়ে গেল। তমাল প্রাণান্ত সেবাযত্ন করেছিল। কিন্তু আদরের পুষিটা চলে গেল মায়া কাটিয়ে পরপারে। ছেলেটা গোটা সাত দিন-ক্রিকেট খেলতে গেল না। আধাপেট খেয়ে উঠে পড়ত। বিড়ালছানাটি তমালের কত প্রিয় ছিল তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আরো কষ্ট হয়েছিল যখন মা বিরক্ত হয়ে বলেছিলেন, ‘আপদ বিদায় হয়েছ্।ে’ তমাল সুযোগ পেলেই ফড়িংয়ের পেছনে ছোটে, প্রজাপতি দেখলে একা একাই হাত তালি দিয়ে গান গায়, ‘প্রজাপতি, প্রজাপতি। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা।’ …ওর গলায় সুর আছে। 

তপ্ত দুপুর পেরিয়ে বিকেলের দিকে হাঁটছে শনিবারের দিনটি। দরজায় লাগাতার কলবেল। হিজলের ছোট মামা ওমর এসেছে! কোনো খবর বার্তা নেই স্বশরীরে হাজির। ফর্সা রঙ পুড়ে ছাই বর্ণ। দীর্ঘ দেহ ক্লান্তিতে যেন নুয়ে পড়তে চায়। অধৈর্য তাঁর গলার স্বর, ‘আপু বাবার স্ট্রোক করেছে! শুধু তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছেন। চলো নেক্সট কোচ ধরে দুলাভাইকে নিয়ে কুমিল্লায় যাই। আপু সময় নষ্ট করা ঠিক হবে না । 

সব শুনে মোহসিনা বানুর মাথায় যেন সহস্র বজ্রপাত হলো! মনে হলো এমন বিপদ কারো কোনো দিন হয়নি। বাবাকে বানু খুব ভালোবাসেন। তাঁর মন্দ হলে তিনি সইবেন কেমন করে! এদিকে হিজলের এস এস সি পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। ছেলেটা তিনটে কোচিং করে, বাসায় ম্যাথ স্যার আসেন। ওকে রোজ বাচ্চা মুরগি, শিং মাগুর মাছের ঝোল, বান্ধবীর বাগানবাড়ির ফ্রেশ ফল-ফলাদি নিজে হাতে যত্ন করে খাওয়ান। হিজলের এখন এমন স্বভাব হয়েছে যে সে কখন কী খাবে, কখন ঘুমাতে যাবে, কখন গোসল করবে এ বিষয়গুলোও নিজে সিদ্ধান্ত নিতে পারে না। মা তোতা পাখির মতো করে বলেন, সেও রোবটের মতো সব কিছু করে। মা যদি হয় একটি বয়সী বৃক্ষ, তবে হিজল সোনা রঙ স্বর্ণলতা পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর উঠে যেতে পারে। সটান কাণ্ড তার নেই। 

শখের করাতের দাঁতাল দুই সঙ্কটে বোকা বনে যান তিনি। শেষতক ওমরের সঙ্গে কোচে উঠলেন হিজলের মা-বাবা। 

মেয়েকে দেখে ঘোলা চোখে মৃদু আলো ফুটলো যেন শরাফত খানের। আটাত্তরের রোগাক্রান্ত শরীরটাও নড়ে চড়ে উঠল! পরদিন মোহসিনা বানুর মা মেহের খানম মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, ‘মা রে এতকাল পর বাপের বাড়ি এলি, তাও এই বিপদের দিনে। ছেলেদের পড়াশোনার দোহাই দিয়ে তো বুড়ো মা-বাপকেও দেখতে আসিস না। এলিই যখন তখন দুটো দিন থেকে যা। মোহসিনার দু’চোখে গোমতী নদীর ঢল! এমন কঠিন পরীক্ষাও জীবনে আসে! 

এর মধ্যে তমাল পাশের ফ্লাটে থেকে ফোন করেছে ক্যাবল লাইনের ত্রুটির কারণে তাদের ল্যান্ডফোন অচল হয়ে আছে । ছেলেদের হাতে মোবাইল দেননি মোহসিনা। এই যন্ত্রটি ভালোর ভালো, আবার মন্দের মন্দ। তা ছাড়া হিজলের বয়সও কাঁচা। দিন দুই কোথা দিয়ে সূর্য উঠল আর কোথা দিয়ে অস্ত গেল টেরটি পেল না হিজলের মা। চারদিন পর ফিরতে হলো ঢাকায়। বাবা মন্দের ভালো। বোন, দুলাভাইয়ের সাথে ওমরও এসেছেন। খুব জরুরি অফিসিয়াল কাজও আছে তাঁর । 

‘ক্যামেলিয়া’ নামের ফ্লাটের বাড়িটায় ফিরেছেন ওরা। ঘরে ঢুকতে-না-ঢুকতেই পুরনো গৃহকর্মী পরীবানু ছুটে এলো। খালাম্মা ছোট ভাইয়ার বেদম জ্বর! মোহসিনা শুনলেন বিপদ বার্তা। কিন্তু মন্ত্রচালিতের মতো হেঁটে গেলেন হিজলের ঘরের দিকে। ছেলেটা তার কী করছে? মা ছাড়া সে এক রাতও কাটায়নি। হিজল পড়ার টেবিলে মাথা গুঁজে অঙ্কই কষছিল। চারদিকে দিস্তা দিস্তা কাগজ ছড়ানো। মা ছাড়া এগুলোতে হাত দেওয়ার অধিকার কারো নেই যে! তমালের ছোট্ট ঘরটায় ওরা। ওমর মামাও। জ্বরে পুড়ে যাচ্ছে ছেলেটার শরীর। কোনো রকম চোখ খুলে তমাল বলে, ‘মা…মাগো অনেক জ্বর। কিন্তু ভাইয়াকে আমি বিরক্ত করিনি মা। ভাইয়া পড়াশোনা করেছে।’ মোহসিনা ফ্যালফ্যাল করে ছোট ছেলেটার দিকে চেয়ে থাকেন। মাথায় হাত রাখেন। দুষ্টু ছেলেটা মায়ের নরম হাতটা চেপে কঁকিয়ে ওঠে। ওমর মামা হিজলের কাছে থার্মোমিটার খোঁজে। হিজল অবাক চোখে তাকিয়ে বলে, ‘মামা আমি তো জানি না থার্মোমিটার কোথায় থাকে।’ এবার ওমর মামার জেরা চলতে থাকে। তমালের মাথায় পানি দিয়েছ? দুধ, হরলিক্স, পাউরুটি খাইয়েছ? তোমাদের হাউজ ফিজিসিয়ান ডা. রহমানকে ডাকোনি? হিজল কঠিন পরীক্ষায় হাইস্ট নাম্বার পায়। কিন্তু মামার এমন আজব প্রশ্নগুলোর একটিরও একটা উত্তরও জানা নেই। সে মাথা চুলকাতে থাকে। মিন মিন করে বলে,‘বুয়া কী যেন খেতে দিয়েছিল। আমি জানি না মাথায় পানি কিভাবে দেবো। কখনো দেইনি মামা। আমার কাছে স্যারদের নাম্বার আছে কেবল। 

ওমরের মনটা মেধাবী(!) ভাগ্নেটার ওপর বিরক্ত হয়ে উঠল যেন। এ যে আপাদমস্তক একটা গ্রন্থকীট বুকওয়ার্ম! একটা কলা গাছ বৈ কিছু নয়! 

পরদিন ডা. রহমান এলেন। তার মুখের অমায়িক হাসিটুকু হঠাৎ যেন নিভে গেল। হিজলের অফিস পাগল বাবা ড. আশরাফ বললেন, ‘আরে আর কয়েকটা ঘণ্টাও যদি ছেলেটা হাই ফিভারে বিনা নার্সিংয়ে পড়ে থাকত তবে বিপদ হতে পারত। কেন হিজল একটা প্যারাসিটামল খাওয়াতে পারেনি?’ ওমরের সেবায়, মায়ের হাতের স্পর্শে তমালের জ্বর বেশ কিছুটা নেমে গেছে। তমাল জানালা দিয়ে আলোভরা আকাশ দেখছে। আপন মানুষগুলোর মুখ দেখছে। যেন সে নরক থেকে স্বর্গে এসেছে! 

পাশের ফ্ল্যাটের ইলিয়াস সাহেব দরদি মানুষ। খবর পেয়ে ছুটে এসেছেন। ওমর মামা বোনের সাথে রান্না ঘরে। তমালের মা নরম খিচুড়ি রাঁধা জানে। হাঁড়ি চড়িয়েছেন চুলোয়। বোনের পাশে দাঁড়িয়ে কতগুলো নতুন কথা বললেন তিনি। সে কথাগুলো  অনেক দিন থেকে গুমরে মরছিল মনে । 

‘শোনো বুবু। মাতৃৃস্নেহে অন্ধ হয়ে যেয়ো না। ছেলেদের এতটা আগলে রেখো না । একটু আলো-বাতাস, খানিক ঝড়ো হাওয়া গায়ে লাগাতে দাও। নইলে পরে পস্তাবে। ক্লাসে ফার্স্ট হওয়া জীবনের শেষ কথা নয়। ওরা যেন ভালো মানুষ হয়ে ওঠে সে সাধনাই করো। ড. আশরাফের গলা শোনা গেল। ‘তোমরা কোথায় উধাও হলে? ইলিয়াস সাহেবকে চা পানি দাও।’ 

‘আচ্ছা এতো ব্যস্ত হলেন কেন ভাই?’ ইলিয়াস সাহেব খানিক বিব্রত । 

আশরাফ সাহেব হেসে উঠলেন, ‘আরে ভাই সেই সাথে আমিও এক কাপ পাবো যে।’ 

তমালের শরীরটা অনেকটা ঝরঝরে এখন। পরীবানুর হাতের ট্রেতে গরম চা চিঁড়ে ভাজা। ম্লান চেহারা মোহসিনা বানুর। আহা সে কী হেরে যেতে বসেছে! এমন কাজ ভাবনা মনটাকে নাড়িয়ে দিচ্ছে কেন যে! 

ইলিয়াস সাহেব চায়ে চুমুক দিতে দিতে বলেন, ‘তমাল ছেলেটা একটা জুয়েল। আমি সেদিন স্কুল গেটের সামনে ওদের দুভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু দাঁড়ালাম। ওখানটায় একটা হাড্ডিসার বৃদ্ধ ফকির করুণ সুরে কাঁদছিল। একটু খাবার চাচ্ছিল বেচারা। ওখানে স্কুল ছুটির পর ছাত্র-অভিভাবকদের জটলাও ছিল। কিন্তু কেউ ওর কান্না শোনেনি। আমি দেখলাম যে আপনার ছেলে তমাল এগিয়ে গিয়ে তার টিফিনের বক্স খুলে দুটো চপ তুলে দিলো বৃদ্ধের হাতে! হিজলও ছিল সেখানে চুপচাপ দাঁড়িয়ে।’ আশরাফ সাহেব গুণী মানুষ। তাঁর কথাগুলো কেমন যেন ভড়কে দিলো মোহসিনা বানুকে । 

ওমর মামার চলে যাবার সময় হয়েছে। হিজলের পড়ার ঘরে ঢুকে আয়েশ করে ডিভানে গা এলিয়ে দিলেন। তাঁর ঠোঁটের কোণে একটা ‘সব পেয়েছি’ ধরনের হাসি লেগে থাকে প্রায়শ। তিনি হেসে হেসেই বললেন, ‘মামু, ও ফার্স্টবয় মামু। শুনি তোমার শখের খবর? পড়াশোনার বাইরে তোমার কোনো শখ আছে? তমালের কিন্তু মিষ্টি গানের গলা আছে। তার অনেক মিষ্টি মিষ্টি শখও আছে।’ 

হিজলের চোখেমুখে হঠাৎ এক রকম আলো ফুটে ওঠে, ‘হ্যাঁ মামা আমারও খুব গান গাইতে ইচ্ছে করে। বাথরুমে পানির ঝর্ণা ছেড়ে আমি গাই। তবে ভয় করে। মা শুনলে ঠিক বলবেন, গান গাইতে হবে না। পড়াশোনা করো মন দিয়ে।’ বলেই কেমন এক রকম হাসি হেসে ওঠে ছেলেটা! কেমন হাসি! ওমরের বড় মায়া লাগে। 

 

প্রকাশকাল: জুন ২০১৭

গ্রিক ভাষার ছাত্র

গ্রিক বিষয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে ভান্না মূর্তি দেবতার ওপর চুমু খেলো। তার পাকস্থলি মনে হলো উপুড় হয়ে গেছে। তার বুকটা যেন ঠাণ্ডায় জমে যাচ্ছে। কী এক অজানা আশঙ্কায় ধড়ফড় করছে তার হৃৎপিণ্ড। সে আজ কী পেতে যাচ্ছে? দুই, না কি তিন? ছয়বার সে তার মায়ের কাছে গেল দোয়া নেয়ার জন্য এবং যখন সে পরীক্ষার জন্য বের হয়ে গেল তখন সে তার চাচীকেও বলল যেন তিনি তার জন্য দোয়া করেন। সে স্কুলে যাওয়ার পথে একজন ভিক্ষুককে দুই কোপেক এই আশায় দিলো যে, এই পয়সা তার অজ্ঞতার প্রায়শ্চিত্য ঘটাবে। সে প্রাণপণ প্রার্থনা করতে থাকল যাতে আল্ল­াহ তাকে অসম্মানজনক নম্বরপ্রাপ্তি থেকে পরিত্রাণ করেন। 

সে স্কুল থেকে ফিরল অনেক দেরিতে, বিকেল চারটা ও পাঁচটার মধ্যে। সে ঘরে ঢুকল এবং চুপটি করে শুয়ে পড়ল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার লাল চোখ দুটোর চারপাশে কালো দাগ পড়ে গিয়েছিল। তার মা তার বেডের পাশে গিয়ে বলল, ‘পরীক্ষা কেমন দিলি? কত নম্বর পেলি?’  ভান্না চোখ পিটপিট করলো, মুখ কুচকালো এবং কান্নায় ভেঙে পড়ল। তার মায়ের মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল, হাঁ করে সে তাকিয়ে রইল তার পুত্রের দিকে এবং এক হাত দিয়ে নিজের আরেক হাত সজোরে চেপে ধরল। সুঁইসুতো দিয়ে ছেঁড়া পায়জামায় জোড়াতালি দিচ্ছিল সে; সেটি তার হাত থেকে খসে পড়ল। সে জিজ্ঞাসা করল, ‘তুই কাঁদছিস ক্যান্? তাহলে ফেল করেছিস?’ 

  ‘আমাকে ছিঁড়ে ফেলানো হয়েছে… আমি দুই পেয়েছি।’ 

  ‘আমি জানতাম এরকমই হবে। আমি আগেই টের পেয়েছিলাম।’ তার মা বলতে লাগল, খোদা করুণা করুন! হায়, কী হলো যে তুই পাস করতে পারলি না? কী জন্য তুই ফেল করলি? কোন সাবজেক্টে ফেল করেছিস?’ 

  ‘গ্রিকে…মা, আমি… তারা আমাকে জিজ্ঞাসা করেছিল ঢ়যবৎড়-র ভবিষ্যত কী, এবং আমি… ড়রংড়সধ বলতে গিয়ে ড়ঢ়ংড়সধর বলে ফেলেছিলাম। তারপর… তারপর সেখানে একটা টান ছিল না, যদি শেষের ধ্বনিটা লম্বা হয় এবং আমি…আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম….আমি ভুলেই গিয়েছিলাম যে, এর মধ্যে আলফাটা লম্বা ছিল….আমি এখানে একটা টান দিয়েছিলাম। তখন আরটাক্সেভ আমাকে বলল শব্দানুসমূহের একটি তালিকা দিতে…আমি দিলাম এবং দুর্ঘটনাবশত একটি সর্বনামের সাথে তা আমি মিশিয়ে ফেলেছিলাম…এবং আমি একটা ভুল করে বসলাম…..এবং এজন্য তিনি আমাকে দুই নম্বর দিলেন…আসলে আমি একজন হতভাগ্য ব্যক্তি….সারা রাত আমি এর ওপর পরিশ্রম করেছিলাম….এই সপ্তাহে প্রতিদিন আমি সকাল চারটায় ঘুম থেকে উঠেছি…’ 

  ‘না, তুই না, হতভাগ্য হলাম আমি। পোড়াকপালে ছেলে আমার! আমি তো শেষ হয়ে গেলাম। দানব কোথাকার, তোর জন্যে আজ আমার এ জীর্ণ দশা; জ্বালাতে জ্বালাতে তুই আমার জীবনটাকেই শেষ করে দিয়েছিস একেবারে। তোর জন্যে আমার সব খরচ করে ফেলেছি রে, গোবর গণেশ। তোর জন্যে খাটতে খাটতে আমার পিঠ কুঁজো করে ফেলেছি, এখন আমি মরতে বসেছি, আমার মতো অসুখী আর কে আছে পৃাথবীতে, কিন্তু তাতে তোর কী যায় আসে? কেমন যে লেখাপড়া করিস তুই, আমি কিছু বুঝি না।’ 

  ‘আমি তো সারা রাত পড়াশুনা করেছি…তুমি নিজের চোখে দেখেছ।’ 

  ‘আমি এত করে স্রষ্ট­াকে বললাম, আমাকে তুমি তুলে নাও কিন্তু তিনি কিছুতেই আমার দিকে মুখ ফিরে তাকালেন না, আমি এক পাপী মহিলা… তুই আমাকে আর কত জ্বালাবি! অন্য মানুষেরও ছেলেমেয়ে আছে; আর আমার আছে এক গাধা যার কোনো বোধভাষ্যি নেই। তোকে আমি পেটাবো? পেটাতাম কিন্তু পেটাবার সে শক্তি থাকলে তো! হায় খোদা, কোথায় আমার শক্তি ফিরে পাই?’ 

মা তার শাড়ির ভাঁজে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। ভান্না মানসিক যন্ত্রণায় মুষড়ে পড়ল এবং সে দেয়ালে কপাল ঠেকিয়ে বসে রইল। তখন তার চাচী প্রবেশ করল ঘরে।  

  ‘হ্যাঁ, এটা হলো তাই যা আমি অনুমান করেছিলাম।’ ভান্না কী ভুল করেছে অনুমান করে সে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং দুই হাত মুষ্টিবদ্ধ করে আবার বলে উঠল, ‘সারা সকাল ধরে আমার মন খারাপ হয়ে ছিল—আমার মনে হচ্ছিল সমস্যা আসছে…এবং শেষ পর্যন্ত তা এলো…’ 

  ‘বদমাশ! উৎপীড়ক!’ 

  ‘তুমি তাকে এ রকম করে বকছো কেন?’ চাচী তার কফি-কালারের ওড়নাটা মাথা থেকে নামিয়ে ভান্নার মার দিকে ফিরে উদ্বিগ্নতার সাথে বলে উঠল, ‘দোষটা তো তার না, দোষ হলো গিয়ে তোমার। তুমিই এজন্য দায়ী। তুমি কেন তাকে ওই হাইস্কুলে পাঠিয়েছিলে? তুমি এক চমৎকার মহিলা। ভদ্রমহিলা হতে চাও, না? আহ হা, আমি হলফ করে বলতে পারি, তুমি অভিজাত ভদ্রমহিলা হতে চেয়েছিলে। এর চেয়ে তুমি যদি আমার কথামতো ওকে ব্যবসায় লাগিয়ে দিতে, কিংবা আমার কুজ্যার মতো কোনো অফিসে ঢুকিয়ে দিতে…কুজ্যা এখানে বছরে পাঁচ শ রুবল করে ইনকাম করছে…পাঁচ শ রুবল একটা ভালো ইনকাম, কী বলো? তা না করে তুমি করলে কী, তাকে দিলে পড়াশুনায় লাগিয়ে। এখন মরো! সে শুকিয়ে পাতলা হয়ে গেছে, সব সময় কাশে..তার দিকে একবার তাকিয়ে দ্যাখো। তার বয়স তের কিন্তু দেখলে মনে হবে দশ।’ 

‘না, নাস্তেনকা, না। তাকে আমি যথেষ্ট চাবুকপেটা করিনি। জালিমটাকে চাবুক মেরে সমান করে দেয়ার দরকার ছিল। আহ্… হায় যিশু!’ সে তার মুষ্টি তুলে পুত্রের দিকে নিয়ে গেল, ‘তুই একটা ধাতানি পেতে চাস, কিন্তু আমার সে শক্তি আর নেই। তারা বহু বছর আগে আমাকে ঠিকই বলেছিল যখন সে ছোট ছিল, ‘তাকে চাবকাও! তাকে চাবকাও!’ তখন তাদের কথায় আমি কর্ণপাত করিনি। আমি এক পাপী মহিলা এবং এখন আমি সেই জন্যে ভুগছি। তুই একটু দাঁড়া। আমি তোর ছাল তুলে নেব একেবারে। একটু সবুর কর…’ 

মা তার ভেজা ভেজা মুষ্টিটা ঝাঁকাতে লাগল, তারপর কাঁদতে কাঁদতে ঢুকে গেল তার ভাড়া করা ঘরে। বাড়ির মালিক ইয়েভ্টিহি কুজমিচ কুপোরোসসভ তার পড়ার টেবিলে বসে নিজে নিজে নাচ শেখা বইটি পড়ছিল। ইয়েভটিহি কুজমিচ ছিল একজন বুদ্ধিমান লোক এবং উচ্চশিক্ষিত। সে সবসময় নাকে কথা বলত, সাবান দিয়ে গা ধুতো যার ঘ্রাণ শুঁকে বাড়ির সবারই হাঁচি উঠত, উপবাসের দিনগুলোতে সে মাংস দিয়ে পানাহার করত এবং সে সবসময় তার জন্য একজন বিশুদ্ধ শিক্ষিত কনে খুঁজে বেড়াত এবং বাড়ির মালিকদের মধ্যে তাকে মনে করা হতো সবচেয়ে বুদ্ধিমান। সে সপ্তম সুরে গান গাইত। 

   

‘আমার একজন ভালো বন্ধু’ মা বলে উঠল চোখের পানি ফেলতে ফেলতে, ‘তোমার যদি মহানুভবতা বলে কিছু থাকে, তাহলে আমার পুত্রটাকে চাবুকপেটা করো… আমাকে এ ব্যাপারে অনুকম্পা করো দয়া করে! সে পরীক্ষায় ফেল করেছে। বান্দর ছেলে কোথাকার! তুমি কি বিশ্বাস করবে যে, সে ফেল করেছে? আমি তাকে শাস্তি দিতে পারছি না, জানো তো আমার শরীর খুব খারাপ…আমার হয়ে তাকে চাবকাও, যদি তুমি সদ্বিবেচক হয়ে থাকো, ইয়েভটিহি কুজমিচ! একজন অসুস্থ মহিলাকে একটু অনুকম্পা করো!’ 

  

কুপোরোসসভ তার ভ্রু কুঁচকালো এবং নাক দিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল। সে কিছুক্ষণ চিন্তা করল, টেবিলে আঙুল দিয়ে দড়াম করে শব্দ করল এবং আরেকবার দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ভান্নার কাছে। 

  ‘তোমাকে পড়ানো হচ্ছে,’ সে বলতে আরম্ভ করল, ‘তোমাকে শিক্ষিত করা হচ্ছে, তোমাকে সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু তুমি নিজেই এর বিরুদ্ধে বিদ্রোহ করে বসছো! এমনটি কেন করেছ, বলো?’ 

সে অনেক সময় ধরে কথা বলল, একটা বক্তৃতাই দিয়ে ফেলল বলা যায়। সে বিজ্ঞান, আলো ও অন্ধকারের উদ্ধৃতি দিয়ে কথা বলল। 

  ‘হ্যাঁ, যুবক।’ 

যখন সে কথা শেষ করল, সে তার পরনের বেল্ট খুলে ফেলল এবং ভান্নার হাত ধরে ফেলল। 

সে বলল, ‘এটা দিয়েই তোমাকে শিক্ষা দিতে হবে।’  

ভান্না আনুগত্য স্বীকার করে হাঁটু গেড়ে বসে মাথা নুইয়ে দিলো মালিকের পায়ের কাছে। তার প্রসিদ্ধ গোলাপি কানদুটো মালিকের ট্রাউজার ছুঁয়ে এদিক ওদিক নড়তে থাকলো। 

ভান্না কোনো টুঁ শব্দ করল না। সন্ধ্যেবেলা পারিবারিক বৈঠকে সিদ্ধান্ত হলো যে, তাকে ব্যবসায়ে পাঠানো হবে।

প্রকাশকাল: জুন-২০১৭  

রোজা: বিজ্ঞান ও স্বাস্থ্যের এক অনন্য অনুশীলন

একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান- গানটি নিশ্চয়ই শুনেছো সকলে। মাহে রমজান এলে সবার মনে এক খুশির বার্তা বয়ে যায় বিশেষ করে ছোটদের মনে। সাহরি, ইফতার, তারাবিহ নামাজে মসজিদে ছোটাছুটি আর ঈদের আগাম বার্তার কারণে ছোটদের মনে আনন্দের বান বয়ে যায়। এর সাথে যোগ হয় নতুন জামা-কাপড় কেনাকাটার আনন্দ। সকল কাজের মধ্যে এই মাসে আমরা আলাদা আনন্দ খুঁঁজে পাই। তবে এই মাস যে শুধু আনন্দ করার জন্য নয় তা কিন্তু আমরা সবাই জানি। এই মাস ধৈর্য, আত্মসংযম, শিক্ষার অফুরন্ত সুযোগ ও আল্লাহর রহমত।
রোজা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু উপোস থাকা বা না খেয়ে থাকা নয়; বরং রোজা মানুষের চরিত্র গঠন, আত্মসংযম শেখানো এবং শারীরিক ও মানসিক সুস্থতার এক সুন্দর প্রশিক্ষণ। রমজান মাস এলেই আমরা রোজা রাখি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি
এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। ছোটদের জন্য রোজা একটি ধীরে ধীরে শেখার বিষয়—যেখানে আনন্দ, শিক্ষা ও ভালো অভ্যাস একসঙ্গে গড়ে ওঠে।
রোজা শব্দটি ফারসি শব্দ যার আবিধানিক অর্থ থেমে থাকা বা বিরত থাকা। আরবি ভাষায় রোজাকে বলা হয় সাওম। সাওম অর্থ – কোনো কিছু থেকে বিরত থাকা। অর্থাৎ রোজা হলো ফজরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় ও নির্দিষ্ট কিছু কাজ থেকে নিজেকে বিরত রাখা। নিশ্চয়ই এখন জানতে ইচ্ছা করছে – খাবার বা পানীয় থেকে বিরত থাকা তো বুঝলাম কিন্তু নির্দিষ্ট কাজগুলো আবার কী? চল বিস্তারিত জানার চেষ্টা করি।
রোজা থাকা মানে শুধু না খেয়ে থাকা নয় বরং রোজা থেকে মিথ্যা কথা না বলা, ঝগড়া না করা, খারাপ কথা না বলা, কাউকে কষ্ট না দেয়া, ধৈর্য ও সহনশীল থাকা। এটা তো গেলো ধর্মীয় কথা যেটা আমরা সবাই জানি তাই না? কিন্তু এই আলোচনায় আমরা আলোচনা করবো রোজা কতটা বিজ্ঞানসম্মত। অনেকের ধারণা রোজা বিজ্ঞানসম্মত না। রোজা রাখলে বাচ্চাদের বা বড়দেরও ক্ষতি হয় বা হতে পারে। আসলে আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমরা কিছুটা সমস্যায় পড়ি।
আমরা সাধারণত স্বাস্থ্যকর খাবার না খেয়ে বরং মুখরোচক খাবার খাই তাই অনেক সময় সমস্যায় পড়ে যাই। রোজা আমাদের দেহের জন্য কতটা ভালো জানার আগে একটি গবেষণা নিয়ে কথা বলি।
‘অটোফেজি’ শব্দটি নিশ্চয়ই শুনেছো। চল সহজ ভাষায় অটোফেজি সম্পর্কে জানার চেষ্টা করি। অটো অর্থ নিজে নিজে আর ফেজি অর্থ খেয়ে ফেলা, অর্থাৎ অটোফেজি মানে নিজে নিজে নিজেকে খেয়ে ফেলা। না তুমি যেটা ভাবছো সেটা নয়, নিজের গোশত নিজে খাওয়া নয়; এটা হলো আমরা যখন না খেয়ে থাকি অর্থাৎ রোজা রাখি তখন আমাদের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার পায় না। বাইরে থেকে খাবার না পেলে ওরা তো আমাদের মতো রোজা রাখে না তখন কোষগুলো নিজেদের মধ্যে অসুস্থ কোষ বা মৃত কোষগুলো খেতে শুরু করে। মেডিক্যাল সাইন্স এটাকে অটোফেজি বলছে। আরো সহজ করে বলি। আমাদের প্রত্যেকের ঘরে বা পড়ার টেবিলের নিচে একটি ময়লা ফেলার ঝুড়ি বা ডাস্টবিন থাকে, যেটাতে আমরা ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিই। পরে সেটা আবার বাইরে ফেলে দিই তাই না? আমাদের কোষের ভিতরেও ডাস্টবিন আছে। সারা বছর আমরা যা খাই তার একটা অংশ ময়লা বা আবর্জনা হিসেবে ডাস্টবিনে জমা হয়। সারা বছর তো এই ময়লাগুলো পরিষ্কার করতে পারে না, কারণ তারা তো আমাদের মতো অলস না; কোষগুলো সারা বছর খুবই ব্যস্ত থাকে। ফলে সারা বছর অনেক ময়লা জমে যায়। যার থেকে অনেক ধরনের রোগ হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত। আমরা যখন রোজা রাখি বা না খেয়ে থাকি, তখন কোষগুলো ডাস্টবিনের দিকে নজর দেয়; কারণ বাইরে থেকে কোনো খাবার তারা পায় না ফলে নিজের ময়লাগুলো নিজেরা খেয়ে পরিষ্কার করে। এই ঘটনাকেই বিজ্ঞানে অটোফেজি বলে।
এখন বলো রোজা রাখার গুরুত্ব কতটুকু? আমাদের শরীরের কোষগুলোকে সচল রাখতে হলেও আমাদের রোজা রাখা জরুরি। মজার ব্যাপার হলো এই জিনিসটি আবিষ্কারের কারণে জাপানি বিজ্ঞানী ওশেনরি ওসুমি ২০১৬ সালে নোবেল পুরস্কার পান। অথচ আজ থেকে ১৪শত বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স) রোজা রাখার উপকারিতা সম্পর্কে বলে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বর্ণনা করেছেন- “হে মুমিনগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকেদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” তার মানে হলো রোজা শুধু আমাদের উপরই ফরজ হয়নি আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন তাদের উপরও রোজা রাখার বিধান ছিল।
প্রখ্যাত চিকিৎসক ইবনে সিনা তাঁর রোগীদের ৩ সপ্তাহের উপবাস থাকার পরামর্শ দিতেন। কারণ পাকস্থলীর বিশ্রামের জন্য। চিকিৎসাবিজ্ঞানী ড. ডিউই বলেছেন- রোগাক্রান্ত মানুষটির পাকস্থলী থেকে খাদ্যদ্রব্য সরিয়ে ফেলো, দেখবে রুগ্ন মানুষটি উপবাস থাকছে না, উপবাস থাকছে তার ভেতর বাসা বাঁধা দীর্ঘদিনের রোগটি। চিকিৎসা শাস্ত্রের জনক হিপ্পোক্রিটাস বলেছেন, অসুস্থ দেহে যতই খাবার দেবে, ততই রোগ বাড়বে। রোজা পেপটিক আলসার পর্যন্ত নিরাময় করে। কারণ রোজার কারণে পাকস্থলী খালি থাকে, ফলে আলসার দ্রুত ভালো হয়। রোজায় আলসার বাড়ে এ কথাটি সম্পূর্ণ ভুল ও মিথ্যা। রোজা হাইপারটেনশন কমাতে দারুণ সহায়তা করে।
অনেক সময় আমাদের অভিভাবকরা বাচ্চাদের রোজা রাখতে দেন না। পড়াশোনার ক্ষতি হবে ভেবে। কিন্তু বিজ্ঞান বলছে রোজা রাখলে পড়াশোনায় মনোযোগ বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, একবার পড়লে দীর্ঘক্ষণ মনে থাকে। রোজা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, আবেগ নিয়ন্ত্রণ করে মনকে কেন্দ্রীভূত করতে সহায়তা করে। তবে হঁ্যাঁ, অনেকের ক্লান্তি লাগতে পারে, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাবার গ্রহণ করলে এই সমস্যা দূর করা যায়। রমজানে পড়াশুনার জন্য একটি সঠিক পরিকল্পনা ও কৌশল গ্রহণ করলে পড়াশুনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। রোজা রাখলে আমাদের পাকস্থলী কিছুটা বিশ্রাম পায়, সারা বছর ব্যস্ত থাকায় অনেক সময় হজমের সমস্যা তৈরি হয়। রোজা রাখলে হজম শক্তি বাড়ে, গ্যাস ও বদহজম কমে। রোজা আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন ধীরে ধীরে বের করে দেয়, একে বলে ডিটক্সিফিকেশন। মস্কো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পিটার ভেনিয়ামিনভ ১৭৬৭ সালে একটি রিপোর্টে বলেন রোজার রাখার ফলে পাকস্থলী বিশ্রাম পায় ফলে পাকস্থলীর কর্মক্ষমতা বাড়ে। ড. পিজি স্পাসকি বলেন রোজা রাখলে অনেক জটিল রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে কোনো প্রকার মেডিসিন ছাড়াই।

ইসলাম আমাদের শিক্ষা দেয় অতিভোজন নয়, অল্প ভোজন। আমাদের প্রিয় নবী (স) আমাদের পেটটাকে তিনভাগে ভাগ করে খেতে বলেছেন। এক ভাগে খাবার, এক ভাগে পানী ও এক ভাগ খালি রাখতে বলেছেন। অথচ রোজা আসলে আমাদের ইফতার ও সাহরিতে খাবারের পরিমাণ এতো বেড়ে যায় যে, অনেক সময় আমাদের অসুস্থ হয়ে পড়তে হয়, আর এটাকেই অনেকে কাজে লাগিয়ে রোজা সম্পর্কে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মিথ্যা থেকে দূরে থাকার তাওফিক দান করুন।

বন্ধুরা, রমজান মাস যেহেতু আত্মশুদ্ধির মাস সেহেতু মাসটি যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, তাকওয়ার সাথে রমজানের সব রোজা পালন করতে পারি। তাই চলো, এখনই সুন্দর একটি রুটিন তৈরি করে ফেলি। পরিকল্পনা করে চলতে পারলে নিজেকে যেমন আত্মশুদ্ধি করতে পারবে তেমনি পড়াশুনাও ঠিক রাখতে পারবে।

প্রসঙ্গ : বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ

গতবছর ৯ ফেব্রুয়ারি সকাল দশটায় দেশ ও দশের অন্যতম অভিভাবক সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করে পরকালের পথে (নতুন সফরে) রওয়ানা দিয়েছেন।
বয়স্ক মানুষ ছিলেন তিনি। কিন্তু তাঁকে আমরা বয়স্ক তরুণ বলে সম্বোধন করতাম। হাসতেন। এ বিষয়ে তাঁর দারুণ সম্মতি ছিল। সবাই জানেন মাত্র কয়েকটি দিন ছাড়া জীবনের পুরোটা সময় দৌড়ঝাঁপ করে অতিবাহিত করেছেন তিনি। এ বিষয়ে তিনি ছিলেন একক লিজেন্ড। যেখানেই তিনি যেতেন, আবাল বৃদ্ধ-বণিতা এই টপিক নিয়েই কথা বলতো। ভাবতো একজন বয়স্ক মানুষ এত দৌড়াদৌড়ি করে কীভাবে? কখন ঘুমায়? অনেকেই দুষ্টুমি করে বলতেন- আসলে তিনি মনুষ্য জাতির কেউ নন; তিনি হয়তো জিন জাতির কেউ।
ধর্ম-বর্ণ, মতবাদ, আদর্শ নির্বিশেষ সবার ডাকে তিনি সাড়া দিতেন। সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। সভা শেষে তিনি প্রধান অতিথি অথবা প্রধান মেহমানের ভাষণ দিতেন। সেই গুরুত্বপূর্ণ ভাষণে তিনি মহান আল্লাহর উদ্ভাসন, তাঁর সৃষ্টি, সৃষ্টির বৈশিষ্ট্য ও তাৎপর্য, মহান আল্লাহর মহান কিতাবগুলোর বর্ণনা, ক্রমাগতভাবে নবী ও রসুলদের আগমন সম্পর্কিত কাহিনি, সৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সাথে সৃষ্টির সম্পর্ক ইত্যাদি বিষয়ে শুধু ধর্মীয়ভাবে আলোচনা করতেন না, বরং কোন কোন ধর্ম বিষয়গুলির ব্যাপারে কী কী ব্যাখ্যা দিয়েছেন সেগুলো বলার পর তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতেন। তাঁর ব্যাখ্যা শুনে সবাই অবাক হয়ে ভাবতো, তিনি কি আলেম না বৈজ্ঞানিক? ইতিহাসবিদ না আইনজ্ঞ? না রাজনীতিবিদ- আসলে তিনি কী?
সবচেয়ে মজার বিষয় ছিল বিজ্ঞান নিয়ে, দর্শন নিয়ে বা বৈজ্ঞানিক ও দার্শনিকদের নিয়ে তিনি যে সমস্ত কথা বলতেন, এ ধরনের কথা বলার মতো বিজ্ঞ ব্যক্তি আর মাত্র কয়েকজন ছিলেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল ১৯৬৯ সালে। মাত্র তখন গণঅভ্যুত্থান শেষ। থমথমে ভাব। আমরা তখন ‘মুক্তবুদ্ধি সাহিত্য সংঘ’ নামে আমাদের গড়া একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। এই প্রতিষ্ঠানের কোনো অফিস ছিল না। আমরা যখন যেখানে অবস্থান করি সেটাই ছিল আমাদের অফিস। আমরা দুই বন্ধু, আমি ও সানাউল্লাহ আখুনজী আবদুর রউফ স্যারের বাসার পাশে বাসা নেওয়ার পূর্বে অন্য দুইটি জায়গায় থাকতাম। প্রথমটি হলো, তোপখানা রোডের ‘ন্যাশনাল রেস্ট হাউস’। চারতলা এই খোলামেলা ভবনটির নাম পরবর্তীতে হয় ‘হোটেল সম্রাট’।
অফিসের প্রয়োজন তীব্রতর হওয়ায় ১৯৭০ সালে আমরা একটু দূরে চলে যাই- স্বামীবাগে। বাড়িটি ছিল স্বামীবাগের পীর সাহেবদের। প্রাচীন হলেও সবকিছু মিলে বিশাল সুন্দর ঐতিহ্যিক বাড়ি। আমাদের পূর্বে ওই বাসাটায় বসবাস করতেন অবজারভার পত্রিকার সম্পাদক মরহুম আব্দুস সালাম। মুক্তিযুদ্ধের সময়, এখন যেখানে সায়দাবাদ বাসস্ট্যান্ড, সেই বিশাল খালি জায়গায় রাতের বেলায় যুদ্ধ হতো। কে-বা, কারা এখানে যুদ্ধ করত বোঝার উপায় ছিল না। মাঝে মাঝে রাইফেলসহ নানা ভারী আগ্নেয়াস্ত্রের গুলি আমাদের বাড়ির দেয়ালে এসে লাগতো।
জীবন বাঁচানোর তাগিদে আমাদের সংস্কৃতিজন বন্ধু এম. এ. হান্নানের বাড়ি, ৩৯/৩ রেংকিন স্ট্রিটে গিয়ে উঠি। যেখানে ৬৯ সাল থেকে আমরা সাহিত্যের আড্ডা জমিয়ে আসছি। নিচতলায় আমরা ছোট দু’টো রুম পাই। সিঁড়ি দিয়ে উঠতেই প্রকাণ্ড বারান্দাসহ যে বাসাটি ছিল, সেখানেই থাকতেন মরহুম মোহাম্মদ আবদুর রউফ। আমরা হলাম তাঁর ক্লোজ ডোর নেইবার।
আমাদের বাসা মানে, ওটাই অফিস, ওটাই বাসা। তখন তিনি বিচারপতি ছিলেন না। ছিলেন তরুণসমুজ্জ্বল অ্যাডভোকেট। সকালে বেরিয়ে যেতেন, বেশ রাতে ফিরতেন। বাসায় তাঁর চেম্বার ছিল না। যাওয়া আসার পথে তাঁর সাথে মাঝে মাঝে দেখা হতো। আমরা সাংবাদিকতা ও সাহিত্যের সাথে জড়িত ছিলাম বলে আমাদেরকে খুব ভালোবাসতেন।
স্যারের সঙ্গে দেখা হতো মাঝে মাঝে। যখন তাঁর টুপি-রুমাল-মোজা বন্ধুবর বানরগুলো নিয়ে এসে আমাদের সঙ্গে আড্ডা দিত। আমাদের সাথে বেশ জমে ওঠেছিল এক ঝাঁক ছোট-বড় বানরের। বেশ প্রাচীন কাঁঠাল গাছটায় ওদের বড় বাসা ছিল। বাড়ির মমতাময়ী খালাম্মা ওদের খাবার দিতেন। আমরা মাঝে মাঝে পাউরুটি দিয়ে খাতির রাখতাম। স্যার বাসা থেকে মাঝে মাঝে হাসতে হাসতে বলতেন- বানরের সাথে আপনাদের তো অনেক খাতির, দেখেন তো অনুরোধ করে, আমার টুপিটা দেয় কি না। তাকিয়ে দেখতাম কাঁঠাল গাছের শেষ মাথায় টুপি-রুমাল-মোজা নিয়ে ওরা বেশ খেলাধুলা করছে। আনন্দে মাতামাতি করছে। আমরা পাউরুটিসহ কিছু খাবার-দাবার দিয়ে ওদেরকে বশে আনতাম।
রেংকিন স্ট্রিটের পেছনে ছিলো বনগ্রাম। সেখানে মোহাযেররা বসবাস করতো। মুক্তিযুদ্ধকালে বাঙালিদের সাথে তাদের টুকটাক ঝগড়াঝাটি লেগেই থাকতো। এই ঝগড়াঝাটি ছিল রাজনৈতিক। যখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে গেল যে, মোহাযেররা গোপনে গোপনে পাকিস্তানী সৈন্যদের সহযোগিতা করছে, তখনই এপাড়ায় ছোটখাটো হামলা ও মারামারি শুরু হয়ে গেল। সে অবস্থায়, নিরাপত্তার খাতিরে অনেকের সাথে আমরাও রেংকিন স্ট্রিট থেকে বেরিয়ে যে যার মতো চলে গেলাম। এখানেই স্যারের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা ঘটে গেল। মুক্তিযুদ্ধের পর অনেকদিন স্যারের সাথে দেখা হয়নি। সত্য কথা বলতে- স্যারকে আমরা সেভাবে খুঁজিওনি। হঠাৎ একদিন এম. এ. হান্নান ভাই বললেন, বড়ভাই এডভোকেট গাফফার ভাইয়ের (মজাদার মানুষ ছিলেন) চেম্বারে আবদুর রউফ স্যারের সাথে দেখা হয়েছে। আমাদের সবার কথা তিনি জিজ্ঞেস করেছেন। হান্নান ভাই আরো বললেন, স্বদেশ সংস্কৃতি সংসদের পরবর্তী প্রোগ্রামে তিনি মেহমান হিসেবে আসবেন। সেই তাঁর সাথে শুরু হলো পুনঃযোগাযোগ। এই সময়টায় তিনি নিজস্ব আইন পেশায় দারুণভাবে মগ্ন, সংযুক্ত ও থিতু হয়েছেন। তবুও আমাদের আহবানে মাঝে মাঝে তিনি সাড়া দিতেন। সময় নিয়ে ধীরে-সুস্থে, গুছিয়ে-গাছিয়ে খুব সুন্দরভাবে কথা বলতেন। এই কথা বলতে বলতেই আমরা অবাক হয়ে লক্ষ করলাম, তাঁর জীবনের মোড় ঘুরে যাচ্ছে। গন্তব্য ঘুরে যাচ্ছে এবং লক্ষ্যও ঘুরে যাচ্ছে। সুফিজম থেকে শুরু করে, তাঁর সত্যের অন্বেষা দ্রুততার সাথে বেগ পেতে থাকলো। সত্যের অন্বেষা ও পেশায় তিনি দারুণভাবে স্থিত হয়ে গেলেন। আইন পেশায় যে মগ্নতা তিনি স্থাপন করেছিলেন, তা তাঁকে সমাজের উঁচুতলায় স্থান করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ।
বিচারপতি হওয়ার পর তাঁর মধ্যে আমরা তেমন কোনো পরিবর্তন দেখিনি। বরাবরের মতোই ছিলেন। মরহুম আবদুর রউফের আশেপাশে অর্থাৎ তাঁর আত্মীয়-স্বজনের মধ্যে শ্বশুর ছিলেন প্রধান বিচারপতি এবং ভায়রাভাইসহ বেশ কয়েকজন ছিলেন প্রধান বিচারপতি ও বিচারপতি। সুতরাং তাঁদের সামগ্রিক আবহাওয়াটা ছিল সাধারণের চেয়ে অনেকটা ভিন্ন ধরনের।
আমাদের ছোটকালে দেখেছি, বিচারপতি দূরে থাক, জজ ম্যাজিস্ট্রেটরাই এক ধরনের অসামাজিক, পরাধীন বা বন্দি জীবনযাপন করতেন। আমাদের পাশের বাসায় একজন ম্যাজিস্ট্রেট থাকতেন। ওই পরিবারটি সমাজ-বিচ্ছিন্নভাবে বসবাস করতো। ভদ্রলোক আব্বাজানের বন্ধু ছিলেন। কিন্তু তাঁদের যোগাযোগ হতো কোর্টে। আমরা নেক্সট ডোর নেইবার ছিলাম। কিন্তু দুই পরিবারের মধ্যে কোনো যাওয়া-আসা ছিল না। ম্যাজিস্ট্রেট সাহেবের বড় ছেলে ছিলো আমার নিকটতম বন্ধু। আমরা একই কলেজে পড়তাম। কিন্তু আমাদের একসাথে যাওয়া-আসার কোনো ব্যবস্থা ছিল না। কলেজে এবং পাড়ার মসজিদে আমাদের দেখা-সাক্ষাৎ হতো।
আমাদের স্যার তেমনটি ছিলেন না। ওকালতি করার সময় যে স্বাধীন জীবন তিনি উপভোগ করেছিলেন অর্থাৎ যে জীবনাচরণে তিনি অভ্যস্ত ছিলেন, সেটার ওপরেই তিনি থিতু ছিলেন। প্রচুর সামাজিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতেন। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় তিনি বেড়াতে যেতেন। মানুষের সুখ-দুঃখের সাথি হতেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখতেন। মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেন না।
বিচারপতি থাকাকালেই সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন, একটা সুষ্ঠু, সুন্দর, ন্যায়ানুগ ও সুবিচারপূর্ণ নির্বাচনের। নিজস্ব দৃষ্টিভঙ্গিতে অনেক চিন্তা-ভাবনা ও জ্ঞান গবেষণা করে অগ্রসর হচ্ছিলেন। বড় দুই রাজনৈতিক দলের অন্যায় হস্তক্ষেপের ফলে তাঁর সে স্বপ্ন ভণ্ডুল হয়ে যায়। এর ফলশ্রুতিতে তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অব্যাহতি নেন।
অবসর গ্রহণের পরে আজ থেকে প্রায় ২১/২২ বছর আগে তিনি জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও সম্পাদক সানাউল্লাহ নূরীর ইন্তেকালের পর ফুলকুঁড়ি আসর এমন একজন সভাপতিকে আন্তরিকভাবেই খুঁজছিলো। এর সঙ্গে সামঞ্জস্য ছিলো বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের। যিনি ছিলেন তখন জাতীয় পর্যায়ের একজন অন্যতম অভিভাবক। সেই থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত তিনি ফুলকুঁড়ি আসরের উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে বয়স্ক যুবকের মতোই কাজ করেছেন। তিনি ফুলকুঁড়ি আসরের শিশুকিশোরদের ভাইয়া বলতেন। তারাও তাঁকে ভাইয়া বলে ডাকতেন। এই দৃশ্য দেখলে কী-যে ভালো লাগতো। আসলে তিনি ছিলেন ফুলকুঁড়িদের দাদা ও নানার মতো। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের কেউ ফুলকুঁড়ির কোনো ত্রুটি তুলে ধরলে তিনি দারুণভাবে বিব্রতবোধ করতেন। তখন তিনি আপন দাদা ও নানার মতো তাদের পক্ষ নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেন। বলতেন, “আপনারা উপদেষ্টা হিসেবে যারা এখানে আছেন, তারা সবাই বয়স্ক। অর্থাৎ আপনারা বাবা, চাচা, মামা, ফুফা ও খালুর মতো। আপনারা শুধু শাসন করেন। এটা হলো না কেন? ওটা করলে না কেন? কিন্তু আমি তো আপনাদের সেই স্টেজ পার করে এসেছি। সবাই আপনারা এমপ্লয়ার, আপনাদের অধীনে অনেকে চাকরি করে। সেজন্য আপনারা মানুষের দোষ-ত্রুটি দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। আমি তো এখন আর আগের মতো এমপ্লয়ার নই। আবার এমপ্লয়িও নই। তাই আমার সাথে আমার ভাইয়াদের খুব মিল আছে। তারাও আমার মতো। এমপ্লয়ার নয় আবার এমপ্লয়িও নয়। তারা চাকরি করে না এবং চাকুরেও নয়। আপনারা একটু আলাদা। আসুন, আমরা ওদের দোষ-ত্রুটি না ধরি। ওরা এখানে স্বেচ্ছাসেবক। ওরা সবাই ভালো ছাত্র। ওদের অনেক পড়াশুনা করতে হয়। লাইব্রেরি ওয়ার্ক করতে হয়। খেলাধুলা করতে হয়। ব্যায়াম করতে হয়। মাঝে মাঝে পরীক্ষা দিতে হয়। এর ভেতরেও আসরের অনেক কঠিন-কঠিন কাজের সাথে তারা জড়িত। কোথায় ওদের সময়। ওদের পিতামাতা ও অভিভাবকগণ চান উচ্চশিক্ষা শেষ করেই ওরা ভালো চাকুরিতে ঢুকে পড়বে। বাবা-মাসহ ছোট ভাই-বোনদের জীবন ও জগত নির্বাহ করবে। কত তাদের স্বপ্ন, কত তাদের আশা। এর ভেতর দিয়ে জাতি গড়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। ভুল তো হবেই। ক্ষমা করে দিতে হবে। সতর্ক করতে হবে। সাবধানতার বাণী উচ্চারণ করতে হবে। তবেই ওদেরকে নিয়েই আমরা সত্য, সুবিচার ও মানবতার পৃথিবী গড়তে পারবো।”

ফুলকুঁড়ি আসরকে তিনি নিজের নাতি-নাতনিদের চেয়েও বেশি ভালোবাসতেন। তাদেরকে তিনি জীবনে যত সময় দিয়েছেন, তার চেয়ে ঢের বেশি সময় দিয়েছেন ফুলকুঁড়ি আসরকে। আর্থিক ও নৈতিক দিক থেকে তিনি ফুলকুঁড়ি আসরকে সাজিয়েছেন। রূপান্তর করেছেন জাগতিকভাবেও। এখন তো দেশে ফুলকুঁড়ি আসর ছাড়া আর কোনো উন্নত শিশুকিশোর সংগঠনের অস্তিত্ব নেই। ফুলকুঁড়ি আসর দিন দিন সমৃদ্ধ হচ্ছে, প্রাণবন্ত হচ্ছে, সজীব হচ্ছে- এর বড় কারিগর ছিলেন বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। আমাদের বিশ্বাস ও আস্থা, ‘যতদিন ফুলকুঁড়ি আসর ও এদেশের নৈতিক মানুষ বেঁচে থাকবে, ততদিন তিনিও ইনশাআল্লাহ বেঁচে থাকবেন এদেশের আপামর নৈতিক জনতার কাছে।

আয়নাঘরের ফুল

সবাই তাকে ডাকে ভাবুক। ইশতিয়াক নামটি ডুবেই গেছে ওর। কারো সাথে দেখা হলেই বলে— কী খবর ভাবুক। পাশ দিয়ে যেতে বলে— ভাবুক কোথায় যাও। দূর দিয়ে গেলে বলে— ঐ যে ভাবুক যায়। বন্ধুদের কাছ থেকেই ‘ভাবুক’ ছড়িয়ে পড়েছে। প্রথমে ক্লাসমেটদের মধ্যে। ধীরে ধীরে পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়ে। এখন যে দেখে সে-ই বলে ভাবুক।
হ্যাঁ সত্যিই তো। ও ভাবুক। ও ভাবতে চায়। অনেক কিছুই ভাবে। বন্ধুরা কিছু জিজ্ঞেস করলে ভেবেই জবাব দেয়। ভাবতে ভাবতেই ওর নাম হয়ে গেল ভাবুক।
ওর ভাবনার কত যে বিষয়। কত যে ধরন। কত যে কাহিনী। একবার চাঁদের বুড়ি নিয়ে হলো এক কাণ্ড। ওর বয়স তখন বারো বছর। পূর্ণিমারাত। বিশাল চাঁদ উঠেছে আকাশে। জোছনায় সারা পৃথিবী যেন ভেসে যাচ্ছে। ও ভাবলো এটাই চাঁদ দেখার সময়। একেবারে ছোটবেলা থেকেই চাঁদের প্রতি এক ধরনের ভালোবাসা ওর। চোখ পড়লেই পাশের জনকে ডেকে বলত ঐ যে তাদ। রাতে বাসা থেকে বের হলেই চাঁদ খুঁজত। চাঁদ তো সব রাতে আকাশে থাকে না। যখন থাকত না অমনি বলত— তাদ- না-ই। তাদ- না-ই।
একটু বড় হয়ে বুঝে গেছে চাঁদ সবসময় থাকে না আকাশে। মাঝে মাঝে হারিয়ে যায় অন্ধকারে। এখন রীতিমতো হিসাব জানে চাঁদের। কখন নতুন চাঁদ ওঠে। কখন চাঁদটি বড় হয়। কখন পূর্ণিমা। আবার কখন অমাবস্যা!
সন্ধ্যায় লেখাপড়া শেষ করেই চুপে চুপে উঠে গেল বাসার ছাদে। ছাদটা ছিল বেশ সাজানো। এক অংশে নানারকম ফুলের গাছ। অন্য অংশে বৈঠকখানা।
বৈঠকখানা সাজিয়েছে ইশতিয়াকের বাবা। মা লাগিয়েছেন ফুলের গাছ। বিকেলের চা-নাশতা ছাদেই। এই বৈঠকখানায়। বিকেলের ফুরফুরে বাতাস। নরম রোদ আর আকাশের নীল কী যে দারুণ দৃশ্য! এমন মায়াবী পরিবেশে কফি খাওয়ার আনন্দই আলাদা। ইশতিয়াকের বাবা মা আর ছোট বোন। বিকেলটা কাটে একসাথে। একসাথেই নাশতা, চা অথবা কফি। ছাদের রেলিংটা বেশ মজবুত। ছেলে-মেয়ের নিরাপত্তার কথা ভেবে ব্যবস্থা নিয়েছিলেন ইশতিয়াকের বাবা।

হাসনাহেনা ঝোপটি ছাদের এক কোনায়। সন্ধ্যার পরেই সুবাস ছড়ায় হাসনাহেনা ফুল। ইশতিয়াকের খুব প্রিয়ফুল এটি। হাসনাহেনা ঝোপের পাশেই দাঁড়াল ও। দাঁড়াল চাঁদের দিকে ফিরেই। বিশাল চাঁদটি তখন পূর্বদিকের আকাশে। গোটা আকাশ স্বচ্ছ। মেঘের ছিটেফোঁটাও নেই কোথাও। শরতের পূর্ণিমা এমনই হয়। এমন জোছনায় ছাদে ও একা। এমন একাকী আর কখনো ছিল না ছাদে। কী যে ভালো লাগছে ওর। চাঁদের দিকে তাকিয়ে থাকে। কখনো চারপাশের গাছগাছালি দেখে। কখনো চোখ পড়ে উঠানে। উঠানে খালি জায়গায় যেন জোছনাস্তূপ হয়ে আছে। ঝিরিঝিরি বাতাস। হাসনাহেনার গন্ধ। আশেপাশে ঝিঁঝিঁর ডাক। লেবুগাছটার ঝোপে দু’-একটা জোনাকি। আহা কী আনন্দময় পরিবেশ। এসব দেখছে আর ভাবছে। ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল চাঁদের বুড়ির কথা। প্রশ্ন জাগে মনে— সত্যি কি চাঁদের গায়ে এটি বুড়ি? বুড়ি হলে কিভাবে থাকে! চাঁদ যখন ছোট হয় তখন বুড়িও কি ছোট হয়? আর যখন ছোট নতুন চাঁদ ওঠে তখন কোথায় থাকে বুড়ি। তাহলে শুধু চাঁদ বড় হলেই বুড়িটি আসে। কিন্তু তা কী করে হয়। বড় হবার আগে বুড়িটি থাকে কোথায়? এমন নানা প্রশ্ন জাগে ইশতিয়াকের মনে।
দাদুর কোলে বসেই গল্প শুনেছিল ও। দাদুই বলতেন চাঁদের বুড়ির কথা। দু’বছর আগে মারা গেলেন দাদু। দাদু বেঁচে থাকলে বেশ মজা হতো। এসব প্রশ্ন করা যেত। কী জবাব দিতেন দাদু? আবার ভাবে ও। একদৃষ্টিতে তাকিয়ে থাকে চাঁদের দিকে। চাঁদের আলোর দিকে খেয়াল নেই ওর। একটিই ভাবনা তার চাঁদের বুড়ি কিভাবে বসে আছে চাঁদের বুকে। কোনো দিকে ফেরে না চোখ। মনও যায় না অন্য কোনো দিকে। দেখছে আর দেখছে! দেখতে দেখতে মনে হলো চাঁদও কি দেখছে ওকে? চাঁদের কি চোখ আছে? আছে কি মানুষের মতো কোনো মন! চাঁদ কি স্বপ্ন দেখে ওর মতো? এসব কাকে জিজ্ঞেস করবে? কার কাছে পাবে এর জবাব? কিসব ভাবনা জাগে ওর মনে? নিজেকে নিজেই প্রশ্ন করে। এসব ভাবতে ভাবতে ওর মনে হলো চাঁদের বুকে এটি একটি বটগাছ। হ্যাঁ, তাইতো। বিশাল ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বটগাছটি। ভেবে নিজেই হেসে দিলো। এ এক নতুন আবিষ্কার করেছে ও। দাদু থাকলে এখনি ও বলতো— দাদু চাঁদের বুকে ওটি বুড়ি নয় ওটি একটি বটগাছ। হা হা হা, এটি আমার আবিষ্কার। বুঝলে দাদু?
ইশতিয়াকের আম্মা ওকে খুঁজতে খুঁজতে হয়রান। বাসার কোথাও নেই। উঠানে নেই। বাসার পাশের কোনো জায়গাও বাকি রাখল না। খোঁজ করেছে পাশের বাসায়ও। কয়েকটি বাসার পরে ওর বন্ধুর বাসা। না সেখানেও যায়নি। কোথায় গেল তবে!
এর মধ্যে ফোন পেয়ে চলে এলেন ইশতিয়াকের বাবা। সম্ভাব্য সব জায়গায় খবর নিলেন। না কোথাও হদিস মিলছে না। রাত প্রায় দশটা। এর মধ্যে কান্নাকাটি ইশতিয়াকের আম্মার। মায়ের কান্না দেখে কাঁদছে তিন বছরের ফাবিহা, ইশতিয়াকের বোন।
কী চিন্তা করে ছাদে উঠে এলেন ইশতিয়াকের বাবা। বৈঠকখানায় দেখলেন নেই। ফুলের অংশে দেখলেন, না নেই। অস্থির হয়ে উঠেছেন তিনি। নানারকম ভীতিকর চিন্তা জমা হচ্ছে মনে। বাসা থেকে ছেলে গায়েব হয়ে যাবে এটা তো ভাবা যায় না। কিন্তু ছেলেকে এখন পাওয়া যাচ্ছে না এটাই সত্যি।
হাসনাহেনা ঝোপটির এমন জায়গায় দাঁড়িয়েছে ইশতিয়াক। প্রায় ঝোপের আড়াল হয়ে গেছে ও। ইশতিয়াকের বাবা অস্থির। অজানা আশঙ্কায় ভারী বুক। দু’হাত আকাশের দিকে ছড়িয়ে বললেন- আয় আল্লাহ আমার সোনামানিককে ফিরিয়ে দাও। বুক থেকে যেন গলা চিরে বেরিয়ে এলো বাক্যটি।
হঠাৎ বাবার গলার আওয়াজ কানে এলো ইশতিয়াকের। বলল— বাবা, এখানে আসো।
ভূত দেখার মতো চমকে উঠলেন ইশতিয়াকের বাবা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না প্রথমে। বাবা, সোনামণি ইশতিয়াক— আপনা থেকেই যেন বেরিয়ে এলো শব্দগুলো। গলা তার কাঁপছে। ইশতিয়াক তখনো স্বাভাবিক। ঝোঁপের আড়াল থেকে বলল— বাবা এদিকে আসো না।

একরকম লাফিয়ে ছুটলেন ঝোঁপের দিকে। উঁকি দিতেই দেখলেন তার সন্তান। চাঁদের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে আনন্দে। বাবাকে দেখেই বলল- আচ্ছা বাবা বলো তো চাঁদের বুকে ওটা কী? বুকে টেনে নিলেন বাবা। বললেন— তুমি এখানে কেন সোনা। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান। তোমার আম্মা কেঁদে একশেষ। কেন এলে এখানে একা এই রাতে?
চাঁদ দেখতে এলাম বাবা। আজ পূর্ণিমা। দেখছো না কেমন গোলগাল চাঁদটি। ভেসে আছে আকাশে। আর সারা পৃথিবীকে ভরে দিচ্ছে তার আলোয়। আচ্ছা বাবা চাঁদের বুকে এটা কি চাঁদের বুড়ি!
এদিকে খেয়াল নেই ওর বাবার। ওকে একরকম টেনে ছাদ থেকে নামিয়ে নিলেন। তখনো কান্না করছে ওর আম্মা। কাঁদছে ছোট বোনটিও।
বুকের ভেতর টেনে নিলেন ছেলেকে। বললেন— বাপ তুই কোথায় ছিলি! খানিকটা বোকার মতো চেয়ে আছে ইশতিয়াক। ওকে খুঁজে এত তুলকালাম এর কিছুই জানে না ও। ওর মাথায় তখনো ঘুরছে একটি কথা— চাঁদের বুকে ওটি বুড়ি নয়। ওটি একটি বিশাল বটগাছ।

দুই
ইশতিয়াকের ওপর নজরদারি বেড়ে গেল বাবা-মায়ের। চাঁদ দেখার বিস্তারিত কাহিনী শুনলেন বাবা মা। শুনে ভয়ও পেলেন কিছুটা। জ্বিন-ভূতের আছর হলো না তো ছেলের ওপর। কিংবা মানসিক কোনো সমস্যা! ভাবতে ভয় করে!
এর মধ্যে একজন মনোচিকিৎসককে দেখালেন। ডাক্তার বললেন— ওর কোনো সমস্যাই নেই। চিন্তার কারণও নেই। তবে ওকে দেখে রাখার কথা বললেন।
দেখেই রাখেন বাবা-মা। বিশেষ করে চোখের আড়াল করতে চান না ইশতিয়াকের আম্মা। সারাক্ষণ ছেলের পাশে। গোসল, খাওয়া, লেখাপড়া, ঘুম, স্কুলে আসা-যাওয়া সর্বক্ষণের সঙ্গী তিনি। সব সময় চোখে চোখে। কী ভয় ঢুকে গেল তার মনে। চোখের আড়াল হলেই কেঁপে ওঠে বুক।

ইশতিয়াকের বন্ধু ইমন। ইমনের আম্মার সাথে শেয়ার করলেন বিষয়টি। তিনি বললেন— আপনার ছেলে কিছুটা ভাবুক প্রকৃতির। চিন্তা নেই। এটি তেমন কিছু নয়। ও তো লেখাপড়ায় খুব ভালো। ক্লাসের ফার্স্ট বয়। গানের গলাও ভালো। আরও ভালো লাগে— আপনার ছেলের ব্যবহার খুব ভালো। কী যে সুন্দর কথা বলে ও।
ছেলের প্রশংসা শুনে বুকটা ভরে উঠল ইশতিয়াকের আম্মার। বললেন— দোয়া করবেন বোন। আমার ছেলেটা যেন ভালো থাকে।
ও ভালো থাকবে। নিশ্চয় ভালো থাকবে। কারণ ও যে ভালো।
ইমনের আম্মার কাছ থেকে ঘটনাটা চাউর হয়ে গেল। এক কান দুই কান করে শুনে গেল অনেকেই। ক্লাসে জেনে গেল সবাই। ফার্স্ট বয় বলে যে কেউ ইয়ার্কি করার সাহস করে না ইশতিয়াককে। কিন্তু দু’চারজন সাহসী বলেই ফেলে— এসেছে, আমাদের ভাবুক সাহেব এসেছে। মুচকি হেসে উড়িয়ে দেয় ইশতিয়াক। এসব কথা পাত্তা দেয় না ও। কিন্তু ভেজালটা করে দিলো ক্লাসটিচার সালাম স্যার। তিনি ক্লাসে ঢুকেই বললেন— আমাদের ভাবুক ইশতিয়াক কেমন আছে?

স্যারের এমন রসিকতা! গোটা ক্লাস হো হো করে হেসে উঠল। শুধু হাসি নেই ইশতিয়াকের মুখে। আর হাসতে পারেনি ইমন। ইশতিয়াকের চেহারাটা গম্ভীর। দেখে এগিয়ে এলেন সালাম স্যার। মাথায় হাত রাখলেন। বললেন— ভাবুক হওয়া খারাপ কিছু নয় বাবা। বিশ্বমনীষী যারা, তাদের সবাই ভাবুক ছিলেন। আমাদের নবীও ভাবতেন। আর নবী ইবরাহিম তো কিশোরকাল থেকেই ভাবতেন কত কিছু। ভেবেছেন গৌতম বুদ্ধও। নিচের দিকে ফিরে ছিল ইশতিয়াক। কথাগুলো শুনে হঠাৎ তাকাল স্যারের দিকে। বলল— আপনি অনেক ভালো স্যার। গোটা ক্লাস চুপ। সবার চোখ ইশতিয়াকের দিকে।
মজা করে স্যার জিজ্ঞেস করলেন— কেন রে এত ভালো আমি ভাবুক। এবার আর কেউ হাসল না ভাবুক শুনে।
ইশতিয়াক বলল— আপনি ভালো কারণ আপনি ভালো হবার কথা বলেন। ভালো হবার পথ দেখিয়ে দেন।
পিঠে চাপড় দিয়ে বললেন স্যার— সাবাস ইশতিয়াক! সাবাস! আমাদের মুখ উজ্জ্বল করবে তুমি। তোমার জন্য দোয়া করি। অনেক দোয়া। এগিয়ে যাও তুমি।

আজ ভীষণ ভালো লাগছে মন। সালাম স্যারের কথা মনে পড়ছে বারবার। মনে পড়ছে সহপাঠীদের আগ্রহের কথা। পুরো ঘটনাটা যেন সাজানো গোছানো। সবকিছু পক্ষে যাবে ভাবতেই পারেনি ও। স্যার টিটকারী দেবে এমনই ধারণা ছিল ওর। বলবে— চাঁদপ্রেমিক চাঁদের দেশে যাও। অথচ এত উৎসাহ দিলেন স্যার। কী আর বলা যাবে। মনের ভেতর আনন্দের ঘুড়ি যেন উড়ে উড়ে যাচ্ছে। আর বড় হচ্ছে ওর ভাবনার আকাশ। সে আকাশে পাখি হয়ে উড়ছে ওর স্বপ্নগুলো।

আজ বিকেলটা কাটবে প্রজাপতিদের সঙ্গে। ইমন এতক্ষণে চলে আসার কথা। ঘড়ি দেখে। বিকেল ৫টা পেরিয়ে গেছে। খানিকক্ষণের মধ্যেই এসে পড়বে ইমন। দুজন মিলে দেখবে প্রজাপতি। ভাবতেই আনন্দে ভরে ওঠে বুক। প্রজাপতির মতো ফুরফুরে হয়ে ওঠে মনটা।
কাঁধে হাত রেখে ইমন বলল— কী ভাবছিস রে ভাবুক মশাই!
ভাববো আর কী! দেরি হলো যে তোর?
তেমন কিছু না।
তাহলে কেমন কিছু?
ইমন চুপ।
কী ব্যাপার বন্ধু তুই দেখি কথা লুকাস আজকাল।
না রে বন্ধু লুকাব কেন। তোর কাছে লুকিয়ে কী লাভ।
তাহলে মুখ খোল!
খানিকটা বাদ সেধেছিল আম্মু। বলল— এত প্রজাপতি টতি দেখে কী হবে! মন চাইলে খেলাধুলা কর। না হলে ঘরে থাক। না হলে লেখাপড়া করতে পারিস। ইশতিয়াক ভাবুক-টাবুক কী যেন।
ওর সাথে তাল মিলাবি কিভাবে!
বললাম— ভাবুক টাবুক বুঝি না। ও আমার বন্ধু, প্রিয়বন্ধু। তাছাড়া প্রজাপতি আমারও ভালো লাগে।
বাহ্ দারুণ বলেছিস বন্ধু। চল তবে। হয়তো প্রজাপতিরা অপেক্ষা করছে আমাদের জন্য।
চল চল। কিছুটা দেরিই হয়ে গেল।
দেরি হলো আমার জন্যেই। আম্মুটা কেন এমন করল জানি না। কিছুটা আনমনা হয়ে ওঠে ইমন।
ইশতিয়াক বলল— মন খারাপ করিস না। বাবা-মা সব সময় সন্তানের ভালো চায়। বাবা-মার কথা মান্য করাই ভালো। তোর আম্মুর সাথে খারাপ ব্যবহার করিসনি তো!
কিছুটা করেছি রে। আম্মু বেশি বাধা দিচ্ছিল তো! মেজাজ খারাপ হয়ে গেছিল।
দাঁড়িয়ে পড়ল ইশতিয়াক। দাঁড়িয়ে গেল ইমনও। দুই বাহু ধরে ইশতিয়াক বলল— বন্ধু, মায়ের সাথে খারাপ ব্যবহার করিস না। বাবার সাথেও না। মা-বাবার মতো এমন দরদি কে হয় বল?
তুই ইদানীং বেশি নসিহত করিস ইশতিয়াক। খানিকটা রেগে বলল ইমন।

রাগ দেখে কিছুটা দমে গেল ইশতিয়াক। চেয়ে থাকল ইমনের চোখের দিকে। ইমন তাকিয়ে আছে দূরের কোনো দিগন্তের দিকে। ধীরে কাঁধে হাত রাখল ইশতিয়াক। বলল— ইমন আমি তোকে কোনো নসিহত দিতে চাই না। দিচ্ছি না। কিন্তু বন্ধু হিসেবে শেয়ার করব না? মনে নেই আমার ছাদে চাঁদ দেখা নিয়ে বলিসনি তুই? বলিসনি রাতে একা ছাদে যাবি না। বলিসনি একা ছাদে গেলে কী ক্ষতি হতে পারে! বলিসনি বল?
ধীরে ধীরে চোখ ফেরায় ইমন। চোখ রাখল ইশতিয়াকের চোখে। বলল— তুই শুধু ভালো ছাত্র নয় একজন ভালো বন্ধুও। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। কথা দিলাম তোকে— আম্মুর সাথে আমি আর খারাপ ব্যবহার করব না।

ইশতিয়াকদের বাসা থেকে খুব দূরে নয় লেকটি। লেকের পারেই ঝিঙেফুলে খেলা করে প্রজাপতির দল। ফুল আর প্রজাপতি যেন একাকার। দুই বন্ধুর চোখের সামনে শত শত ফুল। এসব ফুলেই উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে শত শত প্রজাপতি। কত রঙ কত রূপ এসব প্রজাপতির। পাখায় পাখায় রঙের ছটা। শিল্পীর তুলির টানে মাখানো রঙ যেন। চোখ ভরে ওঠে। ভরে যায় মন।

বিস্ময়ে দুই বন্ধু চেয়ে চেয়ে দেখছে প্রজাপতির খেলা। শেষ বিকেলের মায়াবী রোদ ছড়ানো ফুলে প্রজাপতির গায়ে। আহা কী মনোরম দৃশ্য! ছবির মতো সুন্দর। লাল নীল হলুদ কালো বেগুনী সাদা কত রঙ জড়ানো। কত রঙ মাখানো এদের গায়ে।
এত প্রজাপতি এখানে কেন আসে রে— জিজ্ঞেস করলো ইমন।
ফুলের আসরে প্রজাপতিই আসবে বলল— ইশতিয়াক।
আরো নানা জায়গায় তো ফুল আছে। সবখানে তো প্রজাপতি উড়ে উড়ে ঘুরে বেড়ায় না! তাহলে কি অন্য কোনো কাহিনী আছে!
হ্যাঁ রে বন্ধু, এটা ঠিক বলেছিস। সব ফুলে প্রজাপতি বসে না। আমার মনে হয় প্রজাপতিদেরও পছন্দ-অপছন্দ আছে। আছে ভালো লাগা-না-লাগা।
তবে ঝিঙেফুলের সাথে প্রজাপতির একটি গোপন রহস্য থাকতে পারে। ঝিঙেফুল যেখানেই ফুটুক প্রজাপতি আসবেই।
এটা ঠিক বলেছিস বন্ধু। ঝিঙেফুলের সাথে প্রজাপতির অন্যরকম একটি সম্পর্ক আছে। না হলে যেখানে ঝিঙেফুল সেখানে প্রজাপতি কেন আসবে! থামল ইমন।
একটুক্ষণ চুপ থেকে বলল ইশতিয়াক— আমাদের জাতীয় কবি কাজী নজরুল ঝিঙেফুল আর প্রজাপতি নিয়ে কি চমৎকার লিখেছেন। মনে পড়ছে আমার। লিখেছেন—
ঝিঙেফুল ঝিঙেফুল,
দোদুল দুল দোদুল দুল।
প্রজাপতি নিয়ে লিখেছেন-
হ্যাঁ, আমারও মনে পড়ছে বলে উঠলো ইমন। বলল, নজরুল লিখেছেন—
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা
কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা

বাহ্! তোর তো ভালোই মনে আছে— বলল ইমন।
তোর মতো মনে থাকে নারে। তোর স্মরণ শক্তি এক্সিলেন্ট। কিছুই ভুলিস না। এ সময়ই শব্দটা কানে এলো— হো হো হো পৃথিবীটা রহস্যেভরা বোঝে না মানুষ।
হঠাৎ ভরাট কণ্ঠের শব্দে ভয় পেয়ে গেল দুজন। প্রায় একসাথেই উল্টো ঘুরে গেল দুইবন্ধু। দেখল— জটবাঁধা চুলের প্রায় উন্মাদ একজন লোক। ঠিক ওদের পেছনেই দাঁড়ানো। মলিন চেহারা। ময়লাযুক্ত ছেড়াফাটা শার্ট। ধুলোবালি লেগে আছে চুলে। কিন্তু চোখ দুটো ভয়ঙ্কর উজ্জ্বল। কেমন যেন ঘোর লাগা ভয়। কেমন যেন অন্যরকম দৃষ্টি। চেয়ে আছে আকাশের দিকে। মুখে সেই কথা— হো হো হো,
পৃথিবীটা রহস্যে ভরা।
লোকটির গমগম কণ্ঠস্বর যেন বাতাস ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে পড়ছে মাঠ থেকে মাঠে। ইশতিয়াকের মনে হচ্ছে ওদের কণ্ঠ রোধ করে রেখেছে লোকটি। এখন কোনো কথাই বের হবে না কণ্ঠ থেকে।
লোকটি এবার দুটি পা দুদিকে ছড়িয়ে দিলো। দুটি হাত সোজা করে তুলে দিলো আকাশের দিকে। আগের মতো দৃষ্টিও আকাশেই। চিৎকার করে বলল, হায় হায় বোঝে না মানুষ! পৃথিবীটা রহস্যে ভরা। তারপর কিছুক্ষণ চুপ। তারপর বলল— এই ফুল এই প্রজাপতি রহস্যে ভরা। বোঝে না মানুষ! হায় হায় ভাবে না মানুষ! আবার চুপ। তারপর বিড়বিড় করে কী যেন বলছে। এ সময় ইশতিয়াকের মনে হলো লোকটির চোখ যেন উল্টানো। ভয়ে ভেতরটা পানি হয়ে যাচ্ছে দুজনের। লোকটি কি ঝাঁপিয়ে পড়বে ওদের ওপর? নিঃশেষ করে দেবে দুজনের সব?
ভয়ে চেহারা বদলে গেল ইমনের। ফ্যাকাসে দেখাচ্ছে ওকে। কিন্তু সাহস দেবার সাহস পাচ্ছে না ইশতিয়াক। তবে ভাবছে— ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে বুকে। কী হয়ে দেখি।
ইশতিয়াক দেখল কাঁপছে ইমন। ও কি কেঁপে কেঁপে পড়ে যাবে?
মনে আরো সাহস সঞ্চয় করে ইশতিয়াক। ইমনকে ধরে ঝাড়া দিলো।
ফিসফিসিয়ে বলল— কী হলো ইমন! ভয়ের কিছু নেই।
ঝাড়া খেয়ে খানিকটা সাহস সঞ্চয় করে ইমন। কাঁপা কণ্ঠে বলল চল যাই। ভয়ে বদলে গেল ইমনের কণ্ঠ। চল যাই কথাটি কেমন জানি শোনালো।
লোকটি উল্টানো চোখে তখনো চেয়ে আছে আকাশের দিকে। মুখে সেই কথা— পৃথিবীটা রহস্যে ভরা— ভাবে না মানুষ।
ঠিক এ সময় ঘটল আরো বিস্ময়কর ঘটনা। সাঁ… করে বিমানের মতো আকাশ থেকে নেমে এলো একটি স্বর্ণ ঈগল। এসেই বসল লোকটির প্রায় কপালে। দুটি পাখা গুটিয়ে নেবার চেষ্টা করছে ঈগলটি। লোকটি হাত সামনে ধরে বলল— আয় আয় হাতে আয়। বলামাত্র ঈগলটি উঠে এলো হাতে।
কী আশ্চর্য ইশতিয়াক এবং ইমনকে যেন দেখছেই না পাখিটি। কিংবা পাত্তাই দিচ্ছে না বোধ হয়।
এখন আর কোনো ভয় নেই ইশতিয়াকের মনে। বিস্ময়ের সাথে ঘটনাটা দেখছে ও।
লোকটি ঈগলের দিকে চেয়ে আছে। ঈগলও তাকিয়ে রইল লোকটির দিকে। পলকহীন চোখে এসব দেখছে ইশতিয়াক। ইমন একবার লোকটির দিকে একবার ইশতিয়াকের দিকে দেখে। এভাবে কেটে গেল কিছুক্ষণ।
ধীরে ধীরে হাত উঁচু করল লোকটি। ঈগলটি হাতেই বসা। উঁচু হতে হতেই আবার সোজা হয়ে গেল হাত। এখন ডানহাতের মুষ্টিতে বসা ঈগলটি। আরো কী বিস্ময় অপেক্ষা করছে ইশতিয়াকদের জন্য কে জানে!
একটু পরে ঈগলের পিঠে এসে বসল আরেকটি ঈগল। তার কিছুক্ষণ পর দ্বিতীয়টির পিঠে বসল আরেকটি। তার পিঠে আরো একটি। এভাবে একটির পরে একটি করে করে বসল অসংখ্য ঈগল। দেখে মনে হয় ঈগলের মিনার। মনে হয় আকাশ ছুঁয়ে যাবে। বিস্ময়ে প্রায় বোবা হয়ে গেছে ইশতিয়াক-ইমন। এভাবেই ইগল ধরে আছে লোকটির হাত। উপর-নিচ করছে সামান্য। বলছে— পৃথিবীটা রহস্যে ভরা, বোঝে না মানুষ। বলতে বলতেই উদ্ভ্রান্তের মতো পা বাড়াল সামনে। ঈগলের মিনার যেন ঢেউ খেলছে বাতাসে। ইশতিয়াক ইমন দ্রুত বাড়ির পথ ধরল।

তিন
রাত গভীর হয়ে গেছে। তবুও ঘুম নেই ইশতিয়াকের চোখে। দৃশ্যটি মন থেকে সরছে না কিছুতেই। হঠাৎ লোকটির আগমন। তার অবয়ব। ভয়ঙ্কর রকম কণ্ঠ। ঈগলের মিনার এবং তার মুখের বাণী— পৃথিবীটা রহস্যে ভরা, ভাবে না মানুষ। বারবার ভেসে উঠছে মনের আরশিতে। লেখাপড়া শেষ করল। খাওয়া দাওয়া করল। বাবা-মার সাথে গল্প হলো কিছুক্ষণ। কিন্তু মনে দৃশ্যটি গেঁথেই আছে। বাবা-মাকে লোকটির গল্প বলেনি। বললে ওকে আর যেতে দেবে না প্রজাপতির কাছে। প্রজাপতি ওর বন্ধুর মতো। প্রজাপতির কাছে গেলে ভালো হয়ে যায় মন।

হঠাৎ মনে পড়ল লোকটির উল্টানো চোখ। মনে পড়তেই সারা শরীরে একধরনের ভয় ঝাঁকুনি দিয়ে গেল। লোকটি যদি আমাদের গলা চেপে দিত! ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে গেল সব। কিন্তু না লোকটি তেমন কোনো কিছু করল না। বরং তার মুখের বাণীটি বারবার শোনাচ্ছিল— পৃথিবীটা রহস্যে ভরা, ভাবে না মানুষ। সত্যিই তো পৃথিবীটা কত রহস্য বুকে নিয়ে জেগে আছে। কই তেমন করে তো ভাবে না মানুষ। ও অল্প একটু ভাবে। তাতেই সবাই বলে ভাবুক। মনে মনে হেসে ফেলে ইশতিয়াক। ও ভাবুক! সবাই ওকে ভাবুক বলেই ডাকে। ইশতিয়াক নামটি ভুলেই গেল বুঝি। আবারো হাসি পায়।
এসব ভাবতে ভাবতেই কখন চোখে নেমে এলো ঘুম। ঘুমেই জেগে উঠল স্বপ্নের পৃথিবী। ইশতিয়াক দেখছে সেই লোকটিকে। এসে দাঁড়িয়েছে ওর মুখোমুখি। চোখ উল্টানো নয়। কিন্তু অসম্ভব ধারালো চোখ। তীক্ষ্ণ। ইশতিয়াকের ডান হাত ধরে দ্রুত এগিয়ে চলল। কোনো বাধা দিচ্ছে না ইশতিয়াক। ছুটে চলল লোকটির সাথে। অল্প সময়ে গেল অনেক দূর। যেতে যেতে এক সময় ওরা প্রবেশ করল একটি বাগানে। বাগানটি শুধু গোলাপের। নানা রঙের গোলাপ— সাদা, লাল, নীল, গোলাপি, মেজেন্টা এবং কালো। সারি সারি ফুল ফুটে আছে। বাগানে ঢোকার একটাই মাত্র পথ। শানবাঁধানো ঘাটের মতো। অথচ বেশ প্রশস্ত। বাগানে ঢোকার সাথে সাথে এক পশলা বাতাস এসে শীতল করে দিলো ওদের। কী যে আরাম লাগছে ইশতিয়াকের। বাগানে ঢুকেই লোকটি ছেড়ে দিলো ওর হাত। একটি কথাও বলল না ওর সাথে। লোকটিকে এখন বেশ আপন মনে হচ্ছে ইশতিয়াকের। হাঁটার গতিও কমেছে লোকটির। সামনে লোকটি। পেছনে ইশতিয়াক। ওর মনে হলো ওরা বাগানের মাঝখানে পৌঁছে গেছে। তবুও হাঁটছে লোকটি। এগুলো আরো কিছু দূর। একটি ছোট ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের দরজাটি ওয়ালের সঙ্গে সাঁটানো। লোকটি বিসমিল্লাহ বলে হাত বুলিয়ে দিলো দরোজায়। সাঁ করে ওয়ালের এক পাশে ঢুকে গেল দরোজাটি।
লোকটি বলল— আল্লাহর নাম নিয়ে প্রবেশ করো।
ইশতিয়াক বলল— বিসমিল্লাহ। বলেই পা বাড়াল সামনে। ঢুকেই একটি সিঁড়ি। নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি বেয়ে নামতে শুরু করল লোকটি। পিছে পিছে নামছে ইশতিয়াক। সিঁড়ির শেষ ধাপ থেকে নামলো ফ্লোরে। নেমেই দেখল বিস্ময়। এক আলো ঝলমল বিশাল আয়নাঘর। ডানে বামে সামনে পেছনে ওপরে নিচে শুধু আয়না আর আয়না। যে দিকে তাকায় দেখে ওর নিজের ছবি। কিন্তু লোকটি কোথাও নেই। আর কেউ নেই। কোনো শব্দও নেই। আছে কেবল আলোর তরঙ্গ। আলোর ফুল।

ও ডানে বাঁয়ে তাকায়। সামনে পেছনে দেখে। ওপরে-নিচে যায় চোখ। চতুর্দিক থেকে ওর ছবিই দেখছে ওকে। যেদিকে তাকায় দেখে ওর ছবি চেয়ে আছে ওর দিকে। নিঃশব্দ এমন ঝলসানো আলোর বন্যায় নিজের ছবিকেই ভয় লাগছে ভীষণ ভয়। মনে হচ্ছে ওর ছবি আয়নার ভেতর ড্রাকুলা হয়ে উঠছে। বিকৃত হয়ে উঠছে ওর চেহারা। ভয়ে একরকম চিৎকার দিলো ও। লোকটি কোথায় নিয়ে এলো ওকে। এসে গেল কোথায়! কিছু না বলেই চলে গেল কেন? গেল কোন পথে! ওর সামনে সামনেই তো নামলো লোকটি। তাহলে অন্য কোনো পথ আছে কি? যে পথে চলে গেছে লোকটি? ভাবতে ভাবতে ঘরের মাঝখানে এসে দাঁড়াল। দেখল ঠিক ফ্লোরের মাঝখানে একটি আঁকা ছবি। এমনভাবে আঁকা ছবিটি যেন আয়নার ওপর ভাসছে। চেনা চেনা মনে হয় ছবিটি। খেয়াল করে দেখে ইশতিয়াক। হ্যাঁ, তাই তো ঐ লোকটিরই ছবি। যে তাকে নিয়ে এলো এখানে। কিন্তু ছবিতে লোকটাকে দারুণ খুশি খুশি মনে হচ্ছে। চুল-চোখ-মুখ সবই। ঠিক অবিকল। মুখে একটি হাসির রেখা ঝুলে আছে। বেশ জীবন্ত ছবিটি। যেন চেয়ে আছে ইশতিয়াকের দিকে।
হঠাৎ ও দেখল পাশে হুবহু আরেকটি ছবি। ওই ছবিটিও চেয়ে আছে ওর দিকে। এটি ওটি করে দুটো ছবিই দেখে ও। দেখতে দেখতেই দেখে পাশে আরেকটা ছবি। ওটা দেখতে দেখে পাশে আরেকটি ছবি। ওটার পাশে আরেকটা ছবি। এভাবে একটার পর একটা ছবি বাড়ছেই। যেখানে চোখ যায় সেখানেই ছবি। সব ছবিই তাকিয়ে আছে ওর দিকে। ভয়ে ওর কলিজা যেন পানি হয়ে যাচ্ছে। কোনো দিকে পা বাড়াতেও পারছে না। মনে হচ্ছে পা ফেলতেই পড়বে লোকটির ছবির ওপর। ছবির ওপর পা পড়লে আস্ত থাকবে না ওর পা। এর মধ্যে কে যেন পেছন থেকে ঠেলে দিলো ওকে। দু’কদম এগুলো সামনে। বিস্ময়কর ব্যাপার! ওর পা মেঝেতে পড়ার আগেই ছবিটি সরে যায় ওখান থেকে। নিজেই পরীক্ষা করে এবার। পা বাড়ালো সামনে। হ্যাঁ, তাই তো ছবিটি সরে যায় পা পড়ার আগেই। কিছুটা দ্রুত পা ফেলার চেষ্টা করে। ছবিও দ্রুত সরে যাচ্ছে। হঠাৎ দৌড় দিলো ইশতিয়াক। তার থেকে বেশি দৌড়ে সরে যাচ্ছে ছবি। মনে হয় ওর সাথে খেলছে ছবি। থামল ও। ছবিও থেমে গেল। ও স্থির হয়ে আছে। ছবি স্থির। হঠাৎ অট্টহাসি। হাসিটি চতুর্দিক থেকে। দেখল সেই লোকটি। চারদিকের আয়নায় ভেসে আছে সে। হাসির শব্দটা অদ্ভুত। ক্রমাগত হাসছে আর হাসছে। চতুর্দিকে হাসির দৃশ্য। মনে হচ্ছে মেঝের ভেতর থেকেও ফুটছে হাসির শব্দ। তাকাল মেঝের দিকে। একি কোনো ছবিই নেই মেঝের ভেতর। ভাবে— এ কেমন জাদুর জগতে এসে পড়ল ও।
ধীরে ধীরে আবার পেছনে গেল ও। যেখানে দেখছিল মেঝের প্রথম ছবি। পৌঁছাতেই দেখল আগের মতোই একটি ছবি। চার দেয়ালে হাসির শব্দ নেই। ছবিও নেই। আবার মেঝে তাকাতেই দেখে পাশে আরেকটা ছবি। এভাবে পুরো মেঝে ছবিতে ভরে গেল।
ইশতিয়াকের মাথায় এলো নতুন বুুদ্ধি। ওখান থেকে আরো ডানে সরে এলো ও। সরতেই দেখল কোথাও কোনো ছবি নেই। ওর ছবিও চারিদিকে নেই। সামনে তাকাল দেখল ঘরের আয়নার মতো ওর ছবি। তাকিয়ে আছে ওর দিকে। ও দেখছে নিজেকে। দেখতে দেখতেই দেখলো ধীরে ধীরে বদলে যাচ্ছে আয়নার ছবিটি। বদলে যাচ্ছে অদ্ভুতভাবে। বেরিয়ে পড়ছে ওর চেহারা, শরীরের ভেতরের জিনিস। কী আশ্চর্য! ওর হাড়গোড় রক্ত মাংস সব স্বচ্ছ হয়ে দেখা যাচ্ছে। ওই তো ওর হৃদপিণ্ড। ওর ফুসফুস নাড়িভুড়ি সব সবকিছু পরিষ্কার।
সায়েন্স ক্লাসে একটি এক্স-রে মেশিনের কথা বলেছিলেন টিচার। যেখানে মানুষের শরীরের কোনো কিছুই লুকানো থাকবে না। সব স্বচ্ছ করে দেখাবে। এটাই কি সেই এক্সরে মেশিন। বিস্মিত ইশতিয়াক। মানুষের শরীর সম্পর্কে যা পড়েছে তার সব ওর চোখের সামনে ভাসছে। ও দেখছে ওর শরীরে পাঁচ শ’র বেশি মাংসপেশি। দুই শ’র বেশি হাড়। প্রায় একশ ট্রিলিয়ন কোষ বা সেল। প্রতিটি সেলে খাবার পৌঁছানোর জন্য রয়েছে এতসংখ্যক শিরা ও ধমনী। যা জোড়া দিলে ষাট হাজার মাইল দীর্ঘ হয়ে যাবে। এটা পাইপলাইন যা সারা শরীরে ছড়িয়ে আছে মানুষের। হৃদপিণ্ড স্পন্দিত হচ্ছে প্রতিদিন প্রায় এক লক্ষ বার। পাম্প করছে রক্ত। এ রক্তের পরিমাণ ষোল শত গ্যালনেরও বেশি এবং এসবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে।
বিজ্ঞান বইতে পড়ে অবিশ্বাস্য মনে হয়েছিল ইশতিয়াকের। এখন ও চোখের সামনেই দেখতে পাচ্ছে। দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। টিচার বলেছিলেন- মানুষের বডির মতো বিস্ময়কর কিছু জগতে নেই। তার চেয়েও বিস্ময়কর হলো মানুষের ব্রেইন বা মস্তিষ্ক। মস্তিষ্কে রয়েছে এক শ’ বিলিয়ন নিউরোন সেল। যার প্রতিটি সেল এক হাজার থেকে পাঁচ লক্ষ নিউরোনের সাথে সংযুক্ত। প্রতিটি মুহূর্তে কমপক্ষে একশত ট্রিলিয়ন যোগাযোগ ঘটছে মস্তিষ্কে। এসব বইয়ের পাতা থেকে মুখস্থ করেছে ইশতিয়াক। মুখস্থ করলে কী হবে। বাস্তবতা তো আর দেখা হয়নি। এখন ওর সামনে খুলে গেল রহস্যের দুয়ার। এ কথাই কি বলেছিল লোকটি— পৃথিবী রহস্যে ভরা, ভাবে না মানুষ। ও তো ভাবে। অনেক কিছুই ভাবে। শেষ নেই ওর ভাবানার। আরো ভাবতে চায়। আরো আরো অনেক ভাবনা।

একি মনের ভাবনাটাও দেখা যাচ্ছে আয়নায়। মনে লুকানো লোভ, হিংসা-ভালোবাসা সবই ভেসে উঠছে। হঠাৎ ভেসে এলো লোকটির কণ্ঠ— হ্যাঁ মানুষকে ভালোবাসো। ঘৃণা করো না কাউকে। মনে রেখ না বিদ্বেষ। রক্ষা করো মানুষের মর্যাদা। অন্যায় করো না মানুষের প্রতি। মানুষ মানুষের জন্য। হা হা হা। পৃথিবী রহস্যে ভরা, বোঝে না মানুষ।
কোন দিক থেকে ভেসে এলো শব্দ বোঝে না ইশতিয়াক। দৃষ্টি ঢালে চতুর্দিকে। না কোথাও নেই লোকটি। কিংবা তার ছবি। খুঁজতে খুঁজতে সরে এলো আরো একটু ডানে। ও সরে আসতেই যেন সরে গেল আয়নাটি। আরো একটু সামনে এলো। আসতেই দেখল ভঙ্ককর দৃশ্য! চতুর্দিকের আয়নায় উল্টানো চোখে লোকটি। মানুষের হৃদপিণ্ড টেনে বের করলে যেমন উল্টে যায় চোখ তেমনি। নড়াচড়া নেই। নেই কোনো শ্বাসপ্রশ্বাসের শব্দ। যেন আয়নার ভেতর বড়শিতে গাঁথা ছবি।
ভয় এত বেশি আগেই পেয়েছে এখন আর মনে নতুন ভয় ঢোকার জায়গাই নেই। পাথরের মতো চোখ তুলে চতুর্দিকে দেখে ইশতিয়াক। সামনে পা ফেলে ধীরে। তিন কদম এগুতেই দেখলো স্বাভাবিক চোখে লোকটি। কিন্তু তার চোখ দুটি অসম্ভব সুন্দর এবং মায়াবী। চোখ থেকে যেন ঠিকরে পড়ছে আলো। চারপাশে সুন্দর চোখের দৃষ্টি। এ দৃষ্টি দেখছে শুধু ওকেই। দেখছে ও নিজেও। হঠাৎ তার চোখে পড়ল দৃশ্যটি। বিস্ময়ের সাথে দেখল— প্রতিটি চোখের কালো মণিতে ফুটে আছে লাল গোলাপ। গোলাপের পাপড়িগুলো ঝিরিঝিরি বাতাসে যেন কাঁপছে।
ইশতিয়াক ভাবছে— এ কী রহস্যের পর রহস্য খুলে যাচ্ছে ওর চোখের সামনে। এ কী বিস্ময়ের পর বিস্ময় দেখছে ও। জগতটা কেন এত রহস্যময়?
ভাবতে ভাবতে হাঁটছে ও। দু কদম পা বাড়াতেই দেখল লোকটির চোখের গোলাপগুলো বৃষ্টির মতো এসে পড়ছে ওর পথের ওপর। ফুলের ওপর পা দিতে মন চাইছে না ইশতিয়াকের। খানিকটা বাঁ দিকে সরে গেল ও। সরতেই দেখল ফুলগুলোর পাপড়ি ছড়িয়ে পড়ছে ও পথে। নির্মিত হয়ে গেল লাল গোলাপের পাপড়িতে মোড়ানো একটি সরু পথ। এ পথটিও মাড়াতে চাইলো না ইশতিয়াক। ও আরো একটু সরে গেল বাঁয়ে। যেই না পাপড়ি বিছানো পথের বাইরে পা রাখল মনে হলো ওর পায়ের পাতা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ গো বলে দিলো চিৎকার। একরকম গোঙানির ভেতর দিয়ে বেরিয়ে এলো। সেই সাথে ভেঙে গেল ঘুম। ঘুম ভাঙতেই ধড়ফড় করে উঠে বসল বিছানায়। বেড সুইচ চেপে দিলো। আলোয় ভরে গেল রুমটি। দেখল ওর গোটা বিছানা প্রায় ঘামে ভেজা। মাথা মুখ বুক পিঠ সবই ভেজা। গেঞ্জিটি ঘামে ভিজে চুবচুবে। এক ধরনের ঘোর জেগে আছে ওর ভেতর। ও বসে আছে ঘোরের ভেতর। আয়নাঘরের রাজ্য যেন ওকে জমিয়ে রেখেছে। ইশতিয়াকের ঘরে আলো। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজায় এলেন ওর আম্মা। দেখলেন ছেলে তার ঘামে ভেজা। দরদর করে ঘামছে। উদভ্রান্ত চোখে বসে আছে। বিড়বিড় করছে মুখে।

ভয় পেয়ে গেলেন তিনি। দ্রুত ঢুকলেন রুমে। ছেলেকে জড়িয়ে ধরে বললেন— কী হলো বাবা? এমন ঘামছো কেন? দুঃস্বপ্ন দেখেছ?
মাথায় মুখে পিঠে হাত বুলিয়ে দেন। ঘাম মুছে দেন। জিজ্ঞেস করলেন— পানি খাবে বাবা?
জবাব দেয় না ইশতিয়াক। বিড়বিড় করে তাকায় চার দেয়ালে। কী যেন খুঁজছে। মেঝের দিকে দেখে। সেখানেও খুঁজছে কিছু।
কী হলো বাবা! কী খুঁজছিস? আলতো একটি ঝাঁকি দেন আম্মু। বললেন— দুঃস্বপ্ন দেখেছিস বল?

মায়ের দিকে তাকাল। মা দেখলেন ছেলের দৃষ্টিতে কী এক ঘোর। স্বাভাবিক নয় সে। মনে মনে ভয়। কি জানি কী হলো! ছেলেকে নিয়ে গেলেন নিজের রুমে।

বাবা-মার মাঝখানে ইশতিয়াক। তখন রাত সাড়ে ৩টা। বাবা ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গেলেন মা-ও। ঘুম নেই শুধু ওর চোখে। আয়নাঘরের সমস্ত দৃশ্যগুলো ঘুরছে ওর মনের চোখে। আর সেই লোকটির জন্য খুব মায়া হচ্ছে ওর। যে তাকে নিয়ে চলে গেল আয়নাঘরের ভেতর।

চার
ক্লাস টিচার না থাকলেই আলোচনার বিষয় হয়ে ওঠে ইশতিয়াক। ক্লাসমেটদের প্রায় সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলে অন্য ভালো ছাত্রদের মতো অহঙ্কার নেই ওর। কেউ বলে ইশতিয়াকের ব্যবহার খুব সুন্দর। কী সুন্দর করে গুছিয়ে কথা বলে। সহযোগিতার কথা প্রশংসা করে কেউ। বলে— লেখাপড়ায় যারা দুর্বল তাদের অনেক সাহায্য করে ইশতিয়াক। কেউ বলে ইশতিয়াক আমাদের অষ্টম শ্রেণির গৌরব।
আজ সবার একটিই কথা ইশতিয়াককে দেখতে কেমন জানি দেখাচ্ছে। ফোলাফোলা চোখ মুখ। খানিকটা আনমনা। হয়তো কোনো সমস্যা কিংবা অসুস্থতা।
ইমন জিজ্ঞেস করল— কী হলো বন্ধু তোর?
না রে তেমন কিছু না। রাতে একটু ঘুম কম হয়েছে।
কথাটি মনে ধরেনি ইমনের। বলল— আমার কাছে লুকাচ্ছিস? খুলে বল কী হয়েছে!
বলব তোকে। পরে।
শুনে চুপ করে গেল ইমন। ওর মনে নানা প্রশ্ন— আবার কী হলো ইশতিয়াকের? রাত জেগে আবার চাঁদ দেখেনি তো ছাদে?
ঠিক এ সময় ক্লাস রুমে প্রবেশ করলেন বিজ্ঞান টিচার আহমদ আজম। তার স্বভাবভঙ্গিতে বললেন— যে যার জায়গায় ঠিক আছো তো?
সবাই একযোগে বলল- ঠিক আছি স্যার।
ইশতিয়াকের দিকে তাকালেন স্যার। বললেন— তোমার চোখ লাল, মুখ ফোলা কেন?
আমতা আমতা করে ইশতিয়াক বলল— রাতে ঘুম ভালো হয়নি স্যার।
মুচকি হেসে স্যার বললেন— ছাদে চাঁদ দেখেছ নাকি।
স্যারের কথায় পুরো ক্লাস হেসে উঠল হো হো করে।
কিছুটা লজ্জাই পেল ইশতিয়াক। চেয়ে আছে নিচের দিকে।
স্যার হেসে বললেন— তোমরা হাসছো কেন? এটা ওর বিশেষ গুণ। চাঁদ দেখার অনেক আনন্দ আছে। শুধু ভালো ছাত্র হলে চলে না। কিছু অন্যরকম গুণও থাকতে হয়। এমন অনেক গুণ আছে আমাদের ইশতিয়াকের। বলে আদরের চাপড় দিলেন ওর পিঠে। স্যারের আদর পেয়ে স্বাভাবিক হয়ে উঠল ও। পুরো ক্লাস নীরব। বিজ্ঞান স্যার অনেক মজার মানুষ। পড়ানও মজা করে। ক্লাস যাদের ভালো লাগে না তাদেরও প্রিয় ক্লাস এটি। স্যার বিজ্ঞানকে খেলার মতো করে বোঝান। সবচেয়ে খারাপ ছাত্রটিও মজা পায় স্যারের ক্লাসে।
আরেকটি আকর্ষণ থাকে ইশতিয়াকের প্রশ্ন। প্রতিদিন কোনো-না-কোনো মজার প্রশ্ন ইশতিয়াক করবেই।
আজ কী প্রশ্ন করবে? জিজ্ঞেস করলেন স্যার।
প্রশ্ন করলো ও— স্যার এমন কোনো যন্ত্র কি আছে যার মাধ্যমে মনের ভাবনা দেখা যায়? মানুষ যা ভাববে তাই দেখা যাবে।
ইশতিয়াকের প্রশ্ন শুনে অবাক হলেন স্যার। কিছুটা ভাবলেন। ভাবলেন ইশতিয়াকের চিন্তা ভাবনার কথা। এই ছেলে এমন করে ভাবে কিভাবে!
ধীরে ধীরে মুখ খুললেন আহমদ আজম স্যার। বললেন তোমার প্রশ্নটা সত্যিই অদ্ভুত। মানুষের মন দেখা যাওয়ার যন্ত্রের কথা এখনো কেউ ভাবেনি। কম্পিউটারের মাধ্যমে মানুষের ইচ্ছের প্রকাশ ঘটানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা। কিন্তু ভাবনা দেখানোর কথা ভাবছে না এখনো। ভাবেনি কেউ। তুমি ভাবছ এটি সত্যিই প্রশংসা করার মতো। ইশতিয়াকের জন্য একটি হাত তালি হয়ে যাক। বলেই হাত ওপরে তুলে তালি দিচ্ছেন স্যার। সাথে সাথে পুরো ক্লাসে বয়ে গেল তালির বন্যা। মিটিমিটি হাসছে ইশতিয়াক।
আরো একটি প্রশ্নের সুযোগ চাইলো ও। স্যার বললেন— ইয়েস ইয়েস যত ইচ্ছে প্রশ্ন করো। প্রশ্ন করতে পারাটাও আনন্দের, বললেন স্যার।
ইশতিয়াক উঠে দাঁড়াল। বলল— স্যার জগতে এমন কোনো আয়নাঘর আছে কি যেখানে একজন মানুষের ছবি দেখা যাবে নানাভাবে এবং যেখানে চোখের মণিতে ফুটে থাকবে লাল গোলাপ। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে গোলাপগুলো লাল গালিচার মতো হয়ে যাবে পথ।
অবাক হয়ে তাকিয়ে আছেন আহমদ আজম স্যার। ইশতিয়াককে আগাগোড়া দেখছেন তিনি। ভাবছেন এই ছেলের মাথায় কী আছে আল্লাহই জানেন।
স্যারের এমন ভঙ্গি এর আগে ক্লাসে দেখেনি কেউ। ছাত্ররা তাকিয়ে আছে স্যারের দিকে। স্যারের দৃষ্টি ইশতিয়াকের ওপর। এভাবে কিছুক্ষণ। তারপর হো হো করে হেসে দিলেন স্যার। বললেন— এক রহস্যময় প্রশ্ন করেছে আমাদের ইশতিয়াক। জগতে কত রহস্য লুকিয়ে আছে। তার চেয়ে বেশি রহস্য মানুষের ভেতর। মানুষ কাঁদে হাসে। মানুষ শেখে শেখায় এবং মানুষই ভালো হয় মন্দ হয়। ভালো মানুষকেই ভালোবাসে পৃথিবীর মানুষ। কিন্তু মানুষ কী অদ্ভুত। কী অদ্ভুত তার চিন্তা। পিঠে হাত রেখে বললেন— এই যে আমাদের ইশতিয়াক। কী অদ্ভুত প্রশ্নই না করল ও।
ক্লাসের সবাই একযোগে বলে উঠল— সত্যি স্যার, অদ্ভুত। হঠাৎ স্যার চুপ। কী যেন ভাবছেন। খানিকক্ষণ। তারপর বললেন— বিজ্ঞানবিষয়ক একটি প্রতিযোগিতা হবে আগামীকাল। হবে স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে। এবারের বিষয়— বিজ্ঞানের জগতে নতুন চিন্তা। অর্থাৎ প্রচলিত ধারণার বাইরে বিজ্ঞানের অগ্রগতি কী হতে পারে এমন ভাবনা উপস্থাপন করবে।
স্যারের কথা শুনে যে যার মতো ভাবনায় ডুবে যায়। শুধু বিজ্ঞান যাদের পছন্দের বিষয় নয় তাদের মুখে বিরক্তির চিহ্ন।

পাঁচ
প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা হবে আজ। স্কুলের বিরাট হল রুমে সব ছাত্রছাত্রী উপস্থিত। প্রধান শিক্ষকসহ সব শিক্ষকেরা হাজির।
দু’চারটি উপদেশমূলক কথা বললেন— প্রধান শিক্ষক। বললেন— বিশ্বখ্যাত কজন বিজ্ঞানীর উদাহরণ তুলে। এরপর ধীরে দাঁড়ালেন বিজ্ঞান স্যার, আহমদ আজম। তার হাতে প্রতিযোগিতার রেজাল্ট। সামান্য ভূমিকা দিলেন তিনি। বললেন— তোমাদের অনেকেই আমাদের ভাবনা চিন্তাকে অতিক্রম করেছ। বিজ্ঞানে তোমাদের নতুন যাত্রার চিন্তা সত্যিই অবাক করেছে আমাকে। তবে আমি খুব অবাক হয়েছি একটি ভাবনা দেখে এবং ভাবছি এ চিন্তা কী করে সম্ভব! এটিকে এক বিস্ময়কর চিন্তা বলেই আমি মনে করি। একটি কিশোরের কল্পনা এতটা জাদুময় হবে আমি ভাবতেই পারছি না। কে এই কিশোর?
গোটা হল নীরব। স্তব্ধ। সবার দুটি চোখ বিজ্ঞান স্যারের মুখের ওপর। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। স্যার বললেন— সম্ভবত এই কিশোরকে তোমরা সকলেই জানো। ইতোমধ্যে স্কুলে নানারকম সুনাম কুড়িয়েছে ছেলেটি। লেখাপড়ায় সেরা। গান আবৃত্তিতেও শীর্ষে। তার বক্তৃতায়ও আছে জাদু এবং কী যে ভদ্র নম্র ছেলেটি! আমরা তাকে নিয়ে গৌরববোধ করতে পারি। আমি ঘোষণা করছি তার নাম। দম নিলেন স্যার। বললেন— সে আমাদের ইশতিয়াক।
সাথে সাথে তুমুল করতালি। তালি দিতে দিতে দাঁড়িয়ে গেল সকলেই। মঞ্চে শিক্ষকেরাও দাঁড়ালেন। তুমুল করতালির মধ্যে ঘোষণা দিলেন বিজ্ঞান স্যার— আমি ইশতিয়াককে মঞ্চে আসার আমন্ত্রণ জানাই।
ধীরে পা ফেলে মঞ্চে উঠে এলো ইশতিয়াক। আবার করতালিতে মুখর হলরুম।
বললেন বিজ্ঞান স্যার— ইশতিয়াক তার চিন্তার বিষয়টি বলবে এখন।
আত্মবিশ্বাসী ইশতিয়াক। দৃঢ়তার সাথে দাঁড়াল ডায়াসে।
শুরু করল কথা। স্বচ্ছ উচ্চারণ। শ্রুতিমধুর কণ্ঠ। প্রাণবন্ত উপস্থাপনা। এবং জড়তামুক্ত শব্দ। ছাত্র-ছাত্রী শিক্ষক সকলেই জাদু দেখার মতো চেয়ে আছে। আর জাদুর কথাই যেন বলছে ইশতিয়াক। বলছে ওর স্বপ্নে দেখা আয়নাঘর। এটিই ছিল ওর প্রস্তাবিত চিন্তা।
নীরব সময়ের ভেতর বক্তব্য শেষ করল ইশতিয়াক। বক্তব্য শেষ হলেও কোনো শব্দ নেই কিছুক্ষণ। হলভর্তি সবাই যেন আয়নাঘরের যাদুতে বুঁদ হয়ে আছে। আয়নাঘরের ভেতরেই যেন বসে আছে সবাই।
প্রধান শিক্ষক উঠে এলেন ডায়াসে। বললেন— একধরনের জাদুময় চিন্তার কথা যাদুময় ভাষাতেই বলল আমাদের ইশতিয়াক। আমরা ওকে শুধু শুভেচ্ছা নয় সম্মান জানাই। স্যারের কথায় দাঁড়িয়ে গেল সবাই। হলো তুমুল করতালি। আনন্দ আর লজ্জায় লাল হয়ে উঠল ইশতিয়াক।

প্রধান শিক্ষক এবং বিজ্ঞান স্যার দুজন একসাথে পুরস্কার তুলে দিলেন ইশতিয়াকের হাতে।
অনুষ্ঠান শেষে ঘোষণা করতেই মঞ্চে উঠে এলো ইমন। ইশতিয়াককে জড়িয়ে ধরে বলল— বন্ধু তোর এ সাফল্যের সময়ে আমার একটি ছবি থাক তোর সাথে। বলেই তুলল সেলফি। বাস যায় কোথায়। পিঁপড়ার মতো সারিবদ্ধ হয়ে ছেলে মেয়েরা ছুটল মঞ্চের দিকে। শুরু হলো সেলফির জোয়ার। কয়েক শ’ ছাত্রছাত্রী। প্রায় সকলেই চায় ইশতিয়াকের সাথে ছবি।
বিজ্ঞান স্যার ঘোষণা দিলেন গ্রুপ করে ছবি হবে। এক গ্রুপে বিশজন করে। ইশতিয়াকের ডানে দশ। বাঁয়ে দশ। এভাবে সবার সাথে হয়ে গেল ইশতিয়াকের ছবি। শেষে শিক্ষকেরা। মাঝখানে ইশতিয়াক। ডানে প্রধান শিক্ষক বাঁয়ে বিজ্ঞান স্যার। তার দু’পাশে বাকি শিক্ষকবৃন্দ। এ সময়টায় আবার শুরু হলো করতালি। তালিতে মুখর সময়টি ক্যামেরাবন্দী হলো।
হঠাৎ একটি শব্দে থেমে গেল সমস্ত শব্দ— হো হো হো পৃথিবী রহস্যে ভরা, ভাবে না মানুষ। এক অদ্ভুত ধরনের শব্দ। দূরে সমুদ্র গর্জনের মতো শব্দটি ছড়িয়ে পড়ল গোটা হল কক্ষে। সবার চোখ দরজার দিকে। দেখল আউলা চুলের উদ্ভ্রান্ত এক লোক ছুটে আসছে সোজা মঞ্চের দিকে। মন্ত্রমুগ্ধের মতো পথ ছেড়ে দিচ্ছে সবাই। দরজার দুজন পাহারাদার ছুটছে লোকটির পিছুপিছু। তাকে বাধা দেয়ার সাহস করছে না কেউ। মঞ্চে শিক্ষকেরা যে যেখানে ঠিক সেখানেই দাঁড়িয়ে। সবাই আতঙ্কিত। শুধু ইশতিয়াক স্বাভাবিক। মুখে এক ধরনের খুশির ঝিলিকই দেখা যাচ্ছে ওর।
লোকটি দ্রুত উঠে এলো মঞ্চে। শিক্ষকদের সারি থেকে সামনে টেনে আনল ইশতিয়াককে। বাম হাতে ধরল ইশতিয়াকের বাম হাত। ওপরে তুলল দ্রুত। বলল— হো হো হো পৃথিবী রহস্যময়, ভাবে না মানুষ। বলেই ছেড়ে দিলো হাত। এবার টেনে নিলো বুকে। বুকের সাথে চেপে রেখে বলল— পৃথিবী রহস্যময়
ভাবে না মানুষ।

জাদুর মতো করে সবাই কেবল দৃশ্যটি দেখছে। স্থির হয়ে আছে যে যার জায়গায়। সবার চোখ বিঁধে আছে লোকটির ওপর। ইশতিয়াককে ছেড়ে দিলো লোকটি। দ্রুত নেমে পড়ছে মঞ্চ থেকে। যে পথে এলো সে পথেই বেরিয়ে গেল সে। গোটা হলরুমে বিস্ময় জেগে আছে তখনো। ভোজবাজির মতো কী কাণ্ড ঘটিয়ে গেল লোকটি। মুহূর্তে ওলটপালট করে দিলো সবার জগৎ।
দুষ্টু ক’টি ছেলে-মেয়ে যৌথ কণ্ঠে বলে উঠল— পৃথিবীটা রহস্যময়, ভাবে না মানুষ। ওদের দেখাদেখি সব ছাত্রছাত্রী এক সাথে বলে উঠল— পৃথিবী রহস্যময়, ভাবে না মানুষ। কেউ আনন্দে। কেউ বুঝে শুনে কেউবা উপহাস করে বলছে একই কথা— পৃথিবীটা রহস্যময়, ভাবে না মানুষ।
ধীরে ধীরে আবার ডায়াসে দাঁড়ালেন বিজ্ঞান স্যার, আহমদ আজম। বললেন— সত্যিই পৃথিবী রহস্যময়। এ নিয়ে ভাবতে হবে আমাদের। আমাদের ভাবতে হবে— সত্য-মিথ্যা নিয়ে। ভাবতে হবে সাদা-কালো নিয়ে এবং ভাবতে হবে ন্যায়-অন্যায় নিয়ে। কিভাবে কী ঘটনা ঘটে গেল এর কিছুই আমি জানি না। শুধু জানি এইযে লোকটি এটিও একটি রহস্য। এসব রহস্য আবিষ্কার করতে হলে কাজ করতে হবে সততার সাথে। করতে হবে অনেক অনেক লেখাপড়া।
উদ্ভ্রান্ত লোকটির কথা আমার খুব ভালো লেগেছে। এসো সবাই একসাথেই বলি কথাটি— পৃথিবীটা রহস্যময়, ভাবে না মানুষ। এক কথা। কয়েক শ’ কণ্ঠে এক সাথে বেজে উঠল।
আবার বললেন স্যার— সত্যিই পৃথিবীটা রহস্যময় এবং আজ থেকে ইশতিয়াকও রহস্যময় আমাদের কাছে।
মুষ্টিবদ্ধ হাত একসাথে উঁচু করে সবাই বলল— ঠিক…।

প্রকাশকাল: জুন ২০১৭