হরফের ছড়া

0
6

হরফের ছড়া
ফররুখ আহমদ

ক য়ের কাছে কলমি লতা,
কলমি লতা কয় না কথা,
কোকিল ফিঙে দূর থেকে
কলমি ফুলের রঙ দেখে ॥

খ কে নিয়ে খ্যাঁক শিয়ালী
যায় পালিয়ে কুমারখালী
পাখ-পাখালি খবর পেয়ে
খরগোশকে দেয় জানিয়ে ॥

গ য়ের খেলা গোল্লাছুট
জিতলে চানা, হারলে বুট,
তোমরা খাবে কুটুর কুট,
আমরা খাব মুটুর মুট ॥

ঘ য়ে ঘোড়া এল যেই
খোঁড়া হলো সকলেই,
কালো ধলো দুই ঘোড়া
দু’য়ে মিলে এক জোড়া ॥

ঙ জানে রঙ ঢঙ,
রঙ নিয়ে খেলে সঙ,
লিকলিকে সরু-ঠ্যাং
লাফ দেয় কোলা ব্যাঙ ॥

চ য়ে চাঁদ চৌপর
জেগে রয় রাত ভর,
চড়ুইয়ের বাসাটায়
চাঁদ এসে ঘুরে যায় ॥

ছ য়ে ছড়ার শহরে
সুর উঠেছে নহরে,
রং তামাশা হাজারে
ছড়া ছবির বাজারে ॥

(বর্গীয়) জ য়ে জামদানি
জাহাজ ঘাটে আমদানি;
দূর পাহাড়ে ফুল ফুটেছে
রঙটা নাকি জাফরানি ॥
(সংক্ষেপিত)

 

 

[ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)
বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র কণ্ঠস্বর। সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, ছড়ার আসর, ফুলের জলসা গ্রন্থ ছাড়াও তাঁর শিশুদের জন্য উল্লেখযোগ্য রচনাবলি হলো— হাতেম তায়ী, নৌফেল ও হাতেম, পাখির বাসা, চাঁদের হাসি এবং ছড়ার ঝুলি। বাংলা বর্ণমালা নিয়ে শিশুদের জন্য তিনি লিখেছেন হরফের ছড়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতাটি আবারও প্রকাশ করা হলো।]

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬