এখানে আমার কেটেছে অনেক বেলা
শৈশব আর কৈশোরময় ক্ষণে
এই পুকুরে করেছি কত খেলা
স্মৃতিপটে আজ পড়ছে সবই মনে।
এই ঝোপঝাড়ে আম কুড়িয়েছি কত
এই পুকুরে করেছি যে দাপাদাপি
স্মৃতি-ভেলায় ভাসছে স্মৃতি শত
সোনালি দিনের শৈশব স্মরে কাঁপি।
এখানে আমার কেটেছে অনেক দিন
শৈশবেরই দুরন্তময় বেলা
কেমনে শুধিবো এ মাটির এত ঋণ
এ মাটিতেই করেছি কত খেলা।
কালবোশেখি ঝড় তুফানের দিনে
আম কুড়েছি কত যে এখানে এসে
কটকটি আর আচার খেয়েছি কিনে
এই পুকুরে কেটেছি সাঁতার ভেসে।
এ গাঁয়ের মাঠে করেছি যে কত খেলা
গোল্লাছুট আর সাতচাড়া, কানামাছি
পুকুর বিলে ভাসিয়েছি কত ভেলা
কখনো বা হয়েছি খেজুর গাছে গাছি।
খেজুর রসের লোভটা যে ছিল বেশি
পাকা আম আর কাঁঠাল ভাঙার গন্ধে
মোহিত হতো জ্যৈষ্ঠের মধুমাসই
মন হারাতো পাখির গানের ছন্দে।
এখানে আমার কেটেছে অতীত শৈশব
কৈশোরেও কাটিয়েছি অনেক দিন
স্মৃতির পাতায় উজ্জ্বল আজ সেই সব
হৃদয়পটে হয়ে রবে যে অমলিন।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



