আসে বৈশাখ, আসে বৈশাখ চৈতী হাওয়ার টানে,
নাচে রুমঝুম, বাজে ঝুমঝুম ঝরা পাতার গানে
রোদলা দুপুর বাজায় নুপুর দামাল ছেলের প্রাণে
আসে বৈশাখ স্বপ্নে ছাওয়া
বাঁধন হারা বুকে,
জড়ায় এসে মলিন মাখা
আসমানীদের দুঃখে।
আসে বৈশাখ আসে বৈশাখ উর্মি মালার বানে
বোশেখ আসে রক্তে নেয়ে বীরোত্তমের স্নানে
অকুতোভয় জাগায় বোশেখ শত্রুর মুখ পানে,
অধীর হয়ে আছড়ে পড়ে বিশ্বাসী আহ্বানে।
আসে বৈশাখ শমসের হাতে মুজাহিদের বেশে,
দৃপ্ততেজে উজ্জীবিত মৃত্যু ভয়হীন শেষে
মিথ্যে রীতি ভেঙে দিতে বোশেখ আঘাত হানে
এমনি করেই যাওয়া আসা
জ্যোৎস্না ধারার বানে,
বোশেখ আসে বাজায় ভেরী
সুরভিত সুঘ্রাণে,
আসে বৈশাখ ঋতুর পালায়
সৃজন ধারার গানে।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



