প্রশ্ন : ১
সবজান্তা ভাই সবজান্তা ভাই
আছি দৌড়ের উপর
ঝটফটাফট আমার কিছু
প্রশ্নের দাও উত্তর।
ক্রিকেট খেলায় ছক্কা মারলে
পাশের বাড়ির কাচে
গিয়েই কেনো বলটা লাগে
বারংবার এক ধাঁচে?
আকাশজুড়ে অনেক তারা
চাঁদটা কেনো একা?
জবাব দিতে না পারলে ভাই
বুঝবো তুমি বোকা।
কান্না পেলে চোখের কোণে
অশ্রু কেনো আসে?
চিন্তা এলেই তার ছবিটা
মনে কেনো ভাসে?
আগুন এতো গরম কেনো
বরফ কেনো ঠান্ডা?
জবাব যদি না পাই তবে
দেবো তোমায় আণ্ডা।
-ফাহিম আহমেদ
দশম শ্রেণি, উত্তরা মডেল হাই স্কুল, ঢাকা
সবজান্তার উত্তর : ১
কার জানালার কাঁচ ভেঙেছো
দৌড়ানি খুব দিলো?
পিছলে আবার পা ভেঙো না,
সতর্কতায় চলো।
ব্যাটিং তুমি একাই করো?
একই ধাঁচের শট?
বল বেচারা কী করবে আর?
এক এঙ্গেলেই কট!
চাঁদকে কেনো বলছো একা?
চাঁদ পৃথিবীর সঙ্গী!
ঠিক হলো না তোমার এমন
একলা ভাবার ভঙ্গি!
তোমায় আবার মার দিলো কে?
কাঁদছো নাকি তুমি?
অশ্রু করে চোখকে সতেজ
অশ্রু অনেক দামী!
এখনো কি সেই জানালার
বাড়িওয়ালার ভয়ে
আঁতকে ওঠো তার চেহারার
বিষম পরিচয়ে!
রান্না করার জন্য আগুন
গরম হতেই হবে
গ্রীষ্মকালে ঠাণ্ডা বরফ
প্রাণটাকে জুড়াবে।
প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া, ঈদের দিন বেশি খেয়ে মুটিয়ে
গেছো নাকি শুনলাম। তা, শুধু কি শরীরটাই মুটিয়েছে,
নাকি সাথে বুদ্ধিটাও? তাহলে পরীক্ষা হয়ে যাক একটা
১. পথ পথিকের সৃষ্টি করে, নাকি পথিক পথের সৃষ্টি
করে?
২. চাঁদ-সূর্য আমাদের আত্মীয় না হলেও তাদেরকে
আমরা মামা ডাকি কেন?
৩. কোন গাছ আমাদের মামাতো বোন?
৪. খাল কাটলে কুমির আসবেই- এটা জানার পরও
মানুষ খাল কাটে কেন?
৫. বাতাসেই কেন আগুন জ্বলে, আবার বাতাসেই কেন
আগুন নিভে?
দেখি তোমার বুদ্ধির বহর। উত্তরের অপেক্ষায় থাকলাম।
-ফুজায়েল আহমাদ
রাজশাহী
সবজান্তার উত্তর : ২
আর বোলো না, ঈদে খেয়ে খেয়ে
বেশ মুটিয়ে গেছি। তবে তোমাদের
সাথে ঘুরতে ঘুরতে বুদ্ধিটা তো
আরও শানিয়ে নিয়েছি।
১. পথ তো সৃষ্টি করে সড়ক
বিভাগ, পথিককে আবার কে
টেন্ডার দিলো!
২. মামা ডেকে ওদেরকে আমাদের
পক্ষে রাখার চেষ্টা করি আরকি!
যেন সূর্য মেজাজ খারাপ করে তাপে
পুড়িয়ে না দেয়!
৩. কদম গাছকে শখ করে
মামাতো বোন বলে।
৪. মনে করে- কুমিরটা তার পক্ষে
থাকবে! অন্যদেরকেই শুধু
আক্রমণ করবে!
৫. ওই যে! পানি না খেয়ে আমরা
বাঁচতে পারি না, আবার পানিতে
ডুবে পানি খেতে খেতে মারা যাই!
সেরকম!
এবার বলো আমার দাওয়াত কবে?
আর কী খাওয়াবে?
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও! তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: এপ্রিল ২০২৬

