সঠিকভাবে বেড়ে ওঠার জন্য কী করতে হবে?

0
0

ফুলকুঁড়ি বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের মধ্যে বাংলাদেশের আগামী অপেক্ষা করে আছে। তাই তোমাদের বিকাশ, বিশেষ করে সঠিকভাবে বেড়ে ওঠা জরুরি। তোমাদের মধ্যে অনেকেই স্কুলের টিফিনে বা নাশতায় ফাস্টফুড খেয়ে থাক। আজ জানবো এর ভালো মন্দ বিষয়ে। আমরা জানবো শিশু ও কিশোর কিশোরীদের ফাস্টফুড গ্রহণ শরীরের উপর কী প্রভাব ফেলে।
ফাস্টফুড সাধারণত সেই খাবারগুলোকে বোঝায় যা মানুষ দ্রুত, কম সময়ে এবং সুবিধাজনকভাবে গ্রহণ করতে পারে। এই খাবারগুলো আগে থেকে রান্না করা বা গরম করা উপাদান দিয়ে তৈরি করা হয় এবং প্রায়ই গ্রাহকদের দ্রুত পরিবেশন করা হয়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে ফাস্টফুডে বিভিন্ন ধরনের পদার্থ বেশি থাকে যা প্রায়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফাস্টফুডে চিনি, লবণ, স্যাচুরেটেড বা ট্রান্সফ্যাট সেইসাথে অসংখ্য প্রিজারভেটিভ এবং প্রক্রিয়াজাত উপাদান থাকে। ফাস্টফুডের বেশিরভাগ গ্রাহক হলো কিশোর কিশোরী। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ অনুসারে কিশোর কিশোরীরাই তাদের বাজেটের প্রায় ৪৫ শতাংশ ফাস্টফুডে বরাদ্দ করে। ফাস্টফুড অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর চর্বি এবং লবণ থাকে। এই খাবারগুলোতে প্রায়ই ক্যালরি বেশি থাকে কিন্তু পুষ্টিমান কম থাকে।
যখন নিয়মিতভাবে ফাস্টফুড গ্রহণ করা হয় তাহলে শরীরে অপুষ্টি, দুর্বল স্বাস্থ্য, ওজনবৃদ্ধি এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, উচ্চমাত্রার স্বল্পমেয়াদি ফাস্টফুড গ্রহণও স্বাস্থ্যের উপর নেতিবাচকভাবে প্রভাব ফেলে। অতিরিক্ত ওজন, হৃদরোগ, ডায়াবেটিস এবং স্ট্রোকের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তৈরি করতে পারে। ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গেছে শিশু এবং কিশোর কিশোরীরা ঘরে রান্না করা খাবারের তুলনায় ফাস্টফুড থেকে বেশি ক্যালরি গ্রহণ করছে। রেস্তোরাঁয় খাবার খেলে প্রতিদিন ১৬০ থেকে ৩১০ ক্যালরি যোগ হয়।

ফাস্টফুডের সুবিধা কী?
ফাস্টফুড তৈরি করতে বেশি সময় লাগে না, এটি বেশ সুবিধাজনক এবং অনেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আপনি একই সাথে খেতে, কাজ করতে এবং পড়াশোনা করতে পারেন। এটি আজকের প্রজন্মের আধুনিক জীবনধারা ছেলেমেয়েদের কাছে বেশ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। ফাস্টফুড তৈরি করতে আকর্ষণীয় রঙ এবং আকর্ষণীয় সুবাস ব্যবহার করা হয়ে থাকে, যা অনেক তরুণদের আকৃষ্ট করে। অতিরিক্ত ফাস্টফুড খাওয়ার কারণে শুধু শারীরিক ক্ষতি করছে না, মানসিকভাবেও ক্ষতি করছে।

স্বাস্থ্যের উপর ফাস্টফুডের প্রভাব কী?
পাচনতন্ত্রের উপর প্রভাব : বেশিরভাগ ফাস্টফুডে কার্বোহাইড্রেট বেশি থাকে এবং ফাইবার কম থাকে অথবা থাকে না। ফাইবার কম থাকায় কোষ্ঠকাঠিন্য এবং অ্যাপেন্ডিসাইটিসের মতো হজমজনিত রোগের ঝুঁকি বাড়ায়, সেই সাথে অন্ত্রের ব্যাকটেরিয়া হ্রাস পায়। নিয়মিত ফাস্টফুড গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে। সময়ের সাথে সাথে ইনসুলিন স্পাইক করে টাইপ টু ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি পেতে পারে।
চিনি ও চর্বি : অনেক ফাস্টফুডে চিনি থাকে। এর অর্থ অতিরিক্ত ক্যালরি কিন্তু পুষ্টির মান কম। চিনি ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, কোলেস্টেরলসহ নানা সমস্যা তৈরি করতে পারে। আবার ফাস্টফুডে রয়েছে ট্রান্সফ্যাট। ট্রান্সফ্যাট হলো খাবার প্রক্রিয়াকরণের সময় তৈরি হওয়া চর্বি। এগুলো পাওয়া যায় বেকড পণ্য তথা পেস্ট্রি, পিৎজার ময়দা, পটকা, কুকিজ ইত্যাদি খাবারে। ট্রান্সফ্যাটের কোনো ভালো এবং স্বাস্থ্যকর ধরন নেই। এগুলো ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।
সোডিয়াম : ফাস্টফুডে প্রায়শই সোডিয়ামের পরিমাণ বেশি থাকে এবং অতিরিক্ত পরিমাণে সোডিয়াম গ্রহণের ফলে পেট ফাঁপা, ফোলাভাব হতে পারে। জার্নাল অফ হাইপারটেনশনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে প্রচুর পরিমাণে লবণ গ্রহণ একজন ব্যক্তির রক্তনালীর স্বাভাবিক কার্যকারিতার উপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ রোগীদের জন্য উচ্চ সোডিয়ামযুক্ত খাবার বিপজ্জনক, কারণ সোডিয়াম রক্তচাপ বাড়ায় এবং হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
শ্বাসযন্ত্রের উপর প্রভাব : ফাস্টফুড থেকে অতিরিক্ত ক্যালরি ওজন বৃদ্ধি এবং স্থুলতার কারণ হতে পারে। স্থুলতার কারণে শ্বাসকষ্ট এবং শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়ায়। শিশুদের ক্ষেত্রে, সপ্তাহে কমপক্ষে তিনবার ফাস্টফুড খেলে হাঁপানি বা অ্যাজমা হওয়ার ঝুঁকি বাড়ায়।
স্নায়ুতন্ত্রের উপর প্রভাব : ফাস্টফুড কেবল স্বল্পমেয়াদি তৃপ্তি প্রদান করে দীর্ঘমেয়াদে এটি উপকার করে না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যারা ফাস্টফুড এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন তাদের বিষণ্নতার ঝুঁকি তাদের তুলনায় ৫১ শতাংশ বেশি, যারা ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবার খান না।
ফাস্টফুড গ্রহণ এবং পুষ্টির ঘাটতির মধ্যে একটি যোগসূত্র রয়েছে। ফাস্টফুড অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা হ্রাস করে, এবং অ্যালঝেইমার এবং পার্কিনসন রোগের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
হৃদযন্ত্রের উপর প্রভাব : ফাস্টফুড নিয়মিত অতিরিক্ত গ্রহণে হৃদযন্ত্রের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। কারণ এর মধ্যে থাকা ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরল বাড়িয়ে তোলে। পাশাপাশি এর মধ্যে থাকা সোডিয়াম, লবণ যা রক্তচাপ বাড়িয়ে হৃদরোগের দিকে পরিচালিত করবে।
ত্বক, চুল এবং নখের উপর প্রভাব : চকলেট এবং পিজ্জার মতো চর্বিযুক্ত খাবার ব্রণের কারণ। কারণ এগুলোতে কার্বোহাইড্রেট বেশি থাকে। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে, যা ব্রণের একটি সম্ভাব্য কারণ এবং একজিমা হওয়ার সম্ভাবনা বেশি।
দাঁত এবং হাড় ক্ষয়ের উপর প্রভাব : ফাস্টফুড খাবারে আছে কার্বোহাইড্রেট এবং চিনি যা মুখের অ্যাসিড বৃদ্ধি করতে পারে, দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। এছাড়া ফাস্টফুড গ্রহণে যে ওজন বাড়ে তা হাড়ের ঘনত্ব ও পেশী ভরের জটিলতা তৈরি করতে পারে। এ থেকে হাড় ক্ষয়ও হতে পারে।
ক্যান্সারের ঝুঁকি : ফাস্টফুড গ্রিলড চিকেনের ১০০ টিরও বেশি নমুনায় ২ অ্যামাইন, ১-মিথাইল, ৬- ফেনিলিমিডাজো (৪,৫-বি) পাইরডিন বা পিএইচআইপি পাওয়া গেছে। মাংসকে নিদিষ্ট তাপমাত্রায় গরম করলে প্রোস্টেট এবং কোলন ক্যান্সার হতে পারে।
কিডনি রোগের ঝুঁকি : ফাস্টফুড খাবারগুলোতে যেহেতু অতিরিক্ত সোডিয়াম থাকে। এই সোডিয়াম গ্রহণ কিডনিতে পাথর ও মূত্রনালীর সংক্রমনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

তবে সকল ফাস্টফুডই কিন্তু স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে না। ফাস্টফুড গ্রহণের ক্ষেত্রে আমরা এমন খাবার গ্রহণ করতে পারি, যেখানে লবণ, চর্বি, চিনি এবং কার্বোহাইড্রেট কম থাকে। তবে আমাদের সামগ্রিকভাবে ফাস্টফুড গ্রহণ অবশ্যই সীমিত করতে হবে।

প্রকাশকাল: আগস্ট ২০২৫