ভাষার কদর

ভাষা আমার ভাষা তোমার প্রিয় সবার ভাষা
ভাষার সাথে যুক্ত আছে স্বপ্ন খাসা খাসা,
কত বর্ণের ভাষারে ভাই কত রঙের মেলা
ভাষার পাখায় উড়ে উড়ে খেলছি মজার খেলা।

বর্ণমালার ভাষায় দেখো আঁকিবুকি কতো
স্বাধীনভাবে যাও লিখে যাও মনের কথা যতো,
ভাষার ভেতর সুপ্ত আছে জ্ঞানগরিমার কথা
জানলে সে সব আমরা হবো সোনার মানুষ যথা।

ভাষা আমার মায়ের ভাষা ভাষার বুনন দেশে
ভাষার আলো যায় ছড়িয়ে নিত্যনতুন বেশে,
ভাষার ভুবন বিশাল ভুবন মানবমনের শোভা
বন্ধ হলে এই দরোজা হয়ে যাবো বোবা।

বোবার ভুবন দুঃখের ভুবন বদ্ধ থাকে দ্বার
ভাষা ছাড়া এই দুনিয়ায় মানতে হবে হার,
মায়ের ভাষা আপন ভাষা সোনাদানায় ভরা,
ভাষার কদর বুঝলে তবে রঙিন হবে ধরা।

প্রকাশকাল:ফেব্রুয়ারি ২০২৫