
বন্ধুরা, ফল খাওয়ার উপকারিতা অনেক। ফল আমাদের শরীরের জন্য অপরিহার্য পুষ্টি সরবরাহ করে। প্রতিটি ফলেই ভিন্ন ভিন্ন পুষ্টি উপাদান থাকে, যা বিভিন্ন উপায়ে আমাদের শরীরের উপকার করে। ফল হলো প্রাকৃতিক ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের উৎকৃষ্ট উৎস। যেমন, কমলালেবু ও আমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সহায়ক। কলা এবং আঙুরে প্রচুর পটাসিয়াম থাকে, যা হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। আপেল, পেয়ারা এবং বেরি জাতীয় ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়ায় সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
ফল দেহের ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। ফল সাধারণত কম ক্যালোরিযুক্ত এবং প্রচুর পরিমাণে পানি ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে। তাই ফল খেলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। যেমন, তরমুজ ও স্ট্রবেরির মতো ফলগুলোতে ক্যালোরি কম এবং পানির পরিমাণ বেশি থাকায় এগুলো শরীরের পানিশূন্যতা দূর করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হয়।
ফল খাওয়ার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। বেরি, যেমন ব্লুবেরি ও স্ট্রবেরি, এবং আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এছাড়া, পেয়ারায় থাকা লাইকোপিন হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
বন্ধুরা, জেনে রাখবে, ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে থাকা ভিটামিন সি, ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশেষ করে কমলালেবু, পেয়ারা এবং কিউই ফলে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে, যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে এবং ঠান্ডা-কাশি থেকে বাঁচতে সহায়ক।
ফল হজমেও সহায়ক। ফল খেলে আমাদের হজম প্রক্রিয়া উন্নত হয়। আপেল, পেয়ারা, পেঁপে এবং আমলকির মতো ফলগুলোতে থাকা ফাইবার হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেঁপে এবং আমলকির মধ্যে থাকা এনজাইম হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং পেটের সমস্যা কমায়।
ফল ত্বকের স্বাস্থ্য রক্ষা এবং উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। তরমুজ, কমলালেবু ও পেঁপেতে থাকা ভিটামিন এ এবং সি ত্বককে উজ্জ্বল ও মসৃণ রাখতে সহায়ক। এছাড়া, বেরি জাতীয় ফলের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বলিরেখা প্রতিরোধ করে এবং ত্বকের তারুণ্য বজায় রাখতে সহায়তা করে।
ফল শরীরের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। তরমুজ, শসা ও তালের মতো ফলে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে আর্দ্র রাখে এবং গরমের দিনে পানির অভাব পূরণ করে।
সার্বিকভাবে, ফল আমাদের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে, যা আমাদের সুস্থতা এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক। তাই, প্রতিদিনের খাদ্যতালিকায় ফল যুক্ত করলে শরীরের পুষ্টি চাহিদা পূরণ হয় এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র ফল খেলেই হবে না – সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সাথে ফল খাওয়া সংযুক্ত করতে হবে। কেননা নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলে আমরা সুস্থ, সবল ও আনন্দময় জীবন উপভোগ করতে পারি।
বন্ধুরা, এবার এসো আমরা ঋতু অনুযায়ী ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনে নিই। ঋতু অনুযায়ী ফল খেলে সেই সময়ের উপযোগী পুষ্টি পাওয়া সম্ভব। এ ছাড়া প্রতিটি ঋতুতে প্রাকৃতিকভাবে ফল পাকে। তাই সেগুলোতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে। সঠিক ঋতুতে ফলের ফ্ল্যাভোনয়েড ও পলিফেনলের মতো উপাদান বেশি থাকে। এগুলো হৃদ&রোগ ও ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
প্রকৃতিতে ঋতু অনুযায়ী এমন ফল জন্মায়, যেগুলো শরীরের বিভিন্ন চাহিদা পূরণ করে। বৈজ্ঞানিকভাবে এটি বায়োসিনক্রোনিসিটি নামে পরিচিত। এর মাধ্যমে শরীর ও প্রকৃতির মধ্যে সমন্বয় সাধিত হয়। ঋতু অনুযায়ী ফল শরীরের হজম প্রক্রিয়ার সঙ্গে মানানসই। ঋতুভেদে ফল স্থানীয়ভাবে পাওয়া যায়। এতে কৃত্রিম রাসায়নিক বা দীর্ঘ পরিবহনের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে ফলের পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।
অসময়ে ফল খাওয়ার অর্থ হলো, ঋতুর বাইরে গিয়ে কৃত্রিম উপায়ে সংরক্ষিত বা উৎপাদিত ফল খাওয়া। বিজ্ঞান এর কিছু সম্ভাব্য ক্ষতি চিহ্নিত করেছে। কোল্ডস্টোরেজে দীর্ঘদিন রাখা ফলে ভিটামিন সি ও বি কমে যায়। গবেষণায় দেখা গেছে, আম কিংবা আনারসের মতো ফল ঋতুর বাইরে খেলে এর অ্যান্টিঅক্সিডেন্ট মান ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কৃত্রিমভাবে পাকানো ফলে পুষ্টির পরিবর্তে ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে। অসময়ে ফল পাকাতে ইথিলিন গ্যাস বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয়। এগুলো লিভার ও কিডনির ক্ষতি করতে পারে। গবেষণায় দেখা গেছে, এ ধরনের ফলে থাকা অ্যাসেটিলিনের মতো উপাদান ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। পক্ষান্তরে, ঋতু অনুযায়ী ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সেই সময়ের জন্য প্রস্তুত করে। অসময়ে ফল খেলে এই ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।
প্রকাশকাল: জুলাই ২০২৫


