জুলাইয়ের গল্প

0
6

শোনো শোনো ছোট্ট সকল ভাইবোনেরা
গল্প বলি বাংলাদেশের এক জুলাইয়ের
সময় ছিলো তখন ভীষণ তাপ-ছড়ানো
এরই মাঝে উঠলো জেগে জনতা ফের।

একটা দানো গলা চেপে ধরে ছিলো
কোনো সুযোগ ছিলো না তো কথা বলার
মুক্ত পথে স্বাধীনভাবে নিজের মতো
ছিলো না কো মুক্ত সুযোগ হাঁটা-চলার।

এমন সময় দেশজুড়ে এক জুলাই এলো
ঘুমিয়ে থাকা সিংহ যেনো উঠলো জেগে
এতোদিনের জমে থাকা ক্ষোভগুলো সব
বিস্ফোরিত হলো যেন ভীষণ বেগে।

খুব দ্রুত সেই ক্ষোভগুলো যে ছড়িয়ে গেল
সঞ্চারিত হলো দ্রুত সারা দেশে
ক্ষোভের আগুন উঠলো জ্বলে রাস্তাঘাটে
আগুন-কণা পড়লো ঝরে জুলাই-বেশে।

জুলাইজুড়ে খইয়ের মতো ফুটলো গুলি
মরলো কত তোমার মতো শিশু-কিশোর
আরবভূমির বসন্তটা বাংলায় এলো
বাংলা যেন তিউনিশিয়া কিংবা মিশর।

শোনো শোনো গল্প শোনো ফুলকুঁড়িরা
জুলাইজুড়ে জীবন গেলো কত শিশুর
গল্পগুলো গান হয়ে আজ বাজছে কানে
অশ্রুমাখা বেহালাটার আহা কী সুর!

প্রকাশকাল: জুলাই ২০২৬