দেশ আমাদের, শিল্পীর আঁকা রঙিন রঙে রঙে
পুচ্ছ নাচায় ফিঙেপাখি নানা রকম ঢঙে।
দখিন হাওয়ায় হৃদয় নাচে ঢেউয়ে ঢেউয়ে নদী
মনের ভেতর ইচ্ছে খোকার ঘুড়ি হতো যদি!
উড়ে যেত দূর আকাশে, তেপান্তরের পাড়ে
দেখত গিয়ে কল্পমামা জাদুর কাঠি নাড়ে।
থলের ভেতর অনেক বাঁশি বাজায় সুরে সুরে
ছন্দ-সুরে গানের কথায় দেশটা থাকে জুড়ে।
ফুলকুঁড়িরা এদিক-সেদিক, গাঁয়ের ছেলে হাটে
জোড়া খালে নৌকা বাঁধা, কথার মানুষ ঘাটে।
খুশির দিনে ঘরে ঘরে রম্যধ্বনির ডালা
গাছগাছালির শাখায় শাখায় ছড়া, ফুলের মালা।
কত্ত শিশু, বিড়ালছানা, খেলনাপাতির মেলা
বছর শেষে বছর আসে— ভাসে হাসির ভেলা।
খোকাখুকু আদর খোঁজে, কীসের ঝগড়াঝাঁটি?
বাংলাদেশের ছবি যেন ভালোবাসার ঘাঁটি।
প্রকাশকাল: মার্চ ২০২৫


