শোকার্ত চোখ
ভাষার জন্য রোরুদ্যমান তামাম অন্তরিক্ষ
আমি কেবল খুঁজে বেড়াই একটি বটবৃক্ষ
খুঁজে বেড়াই ফুল পাখিদের স্বস্তিদায়ক ছায়া
বিচারপতি ছেড়ে গেছেন এই পৃথিবীর মায়া।
ছেড়ে গেছেন ভালোবাসার মিষ্টি মিষ্টি বাঁধন
ফুলকুঁড়িদের শোকার্ত চোখ, আমার বুকে কাঁদন!

রক্তক্ষরণ
ফাগুন ফুলের জলসাতে আজ
সুধাই তোমায় একটি শোলক
কওতো খুকি, ‘স্বাধীনতা’
হয় কি মায়ের সোনার নোলক?
যেই নোলকের তালাশ কবি
করেন তিতাস নদীর বাঁকে
নোলকখানি না পেলে তার
ঘরকে যাওয়া আটকে থাকে?
সেই নোলকের খোঁজ কবি কি
পেয়েছিলেন জীবদ্দশায়?
নোলক পাওয়া যায় না রে ভাই
আলাদিনের চেরাগ ঘষায়!
আনতে নোলক জীবন দিলো
হাজার শহীদ জুলাই মাসে
মায়ের নাকে নোলক দেখে
অশ্রুতে আজ নয়ন ভাসে!
কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে
ফুল ফোটে যেই রক্তবরণ
একটি কবির চাঁদমাখা মুখ
মানসপটে হয় যে স্মরণ
শুক্রবারের সু প্রভাতে
ফেরেশতারা করলে বরণ
কবি আমার হারিয়ে গেলেন,
হৃদয় জুড়ে রক্তক্ষরণ!
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৬



