ঈদের খুশি

0
0

একটি মাসের সিয়াম শেষে এলো খুশির ঈদ,
চাঁদ উঠেছে আকাশ গাঙে নেইকো চোখে নিদ।
খুকু ভাবে রাতটা বুঝি গেলই বড় হয়ে,
গিন্নিরা আজ ব্যস্ত সবাই ঈদের রান্না নিয়ে।
রাত পোহালে নতুন জামা
পড়বে খোকা খুকু,
সবার সাথে করবে যে ভাগ
ঈদের খুশিটুকু।
পড়বে সবাই ঈদের নামাজ ঈদগাহেতে গিয়ে,
নামাজ শেষে ব্যস্ত হবে মহামিলন নিয়ে।
গরিব ধনী সব ভেদাভেদ যাবে গো আজ ভুলে,
সবাইকে আজ আপন করে নেবে বুকে তুলে।
রকমারি খাবার যে আজ
সবার ঘরে ঘরে,
আজ যেন না থাকে কেহ
কোথাও অনাহারে।
ছেড়া জামা গায়ে যে জন দাঁড়িয়ে ফুটপাতে,
একটি নতুন জামা তুলে দাও গো তাহার হাতে।
ভিখারিনীর মেয়েটি ঐ কাঁদছে গলা তুলে,
নতুন একটি জামা পেলে কান্না যাবে ভুলে।
দু হাত তুলে বলছি মোরা ওগো দয়াময়,
আজ যেন গো কারো মনে দুঃখ নাহি রয়।
সব ঘরেতেই থাকে যেন খুশির পরিবেশ,
তবেই হবে ঈদের দিনের আনন্দ অশেষ।

প্রকাশকাল: মার্চ ২০২৫