প্রশ্ন : ১
সবজান্তা ভাই সবজান্তা ভাই
তোমার কাছে জানতে চাই,
সব প্রশ্নের উত্তর কি তোমার
ঝালিয়ে নেয়া মগজে নাই?
আকাশ কেনো নীলচে দেখায়
বলতে পারো ভাই?
মেঘেরা সব সাদা কেনো
একটু উত্তর পাই?
দিনের বেলা চাঁদটা কেনো
লুকিয়ে থাকে দূরে?
সূর্য কেনো আলো বিলায়
নিজে নিজে পুড়ে?
গাছগুলো সব দাঁড়িয়ে থাকে
কেনো চুপটি করে?
পাখি কেনো নিদ্রা ভাঙায়
নিজের খেয়ে-পরে?
-মো. আরাফাত ইসলাম শুভ
ষষ্ঠ শ্রেণি, কালেক্টরেট কলেজিয়েট স্কুল,
লালমনিরহাট।
সবজান্তার উত্তর : ১
কে বলেছে চুপটি করে
দাঁড়িয়ে থাকে গাছ?
তাদের আছে নিজস্ব গান,
বায়ুর তালে নাচ।
সাত সকালে নিদ্রা ভেঙে
শোকর করে পাখি
কেমন হতো ঘুম শেষে না
মেলতো যদি আঁখি।
চাঁদটা থাকে কাছেই তবে
আলোর চাদরঘেরা
সূর্য যদি পুড়তে না চায়
নিজেই যাবে মারা।
নীলচে আকাশ, সাদাটে মেঘ
সবই রঙের খেলা
আলোর নানা ঢেউয়ের তালে
দুলছে তাদের ভেলা।
প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া,
আমার সালাম নিবেন। শুনলাম, ফল খেয়ে নাকি
মেদ-বুদ্ধি দুটোই বেড়েছে। মেদ যে বেড়েছে তা তো
নিশ্চিত, তবে তোমার বুদ্ধির দৌড় কত দূর তা একবার
যাচাই করা দরকার।
১. আম গাছে কয়টি আম ধরে?
২. উটপাখির সাথে ফুলকুঁড়ি আসরের সম্পর্ক কী?
৩. আমার বাসায় কতটি ইট রয়েছে?
৪. লাল কেনো নীল নয়?
৫. কোন প্রশ্নের উত্তর তোমার জানা নেই?
৬. পৃথিবীতে তোমার বয়সী কতজন মানুষ আছে?
সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার জন্য
থাকছে পরের বছরের সতেজ আম-কাঁঠালের দাওয়াত।
-অগ্রপথিক রাতিক সালেহ
রাজশাহী
সবজান্তার উত্তর : ২
ওয়া আলাইকুমুস সালাম। আমার
তো সন্দেহ হচ্ছে- তোমার বাড়ি
আসলেই রাজশাহী কিনা! নাহলে
আম না পাঠিয়েই প্রশ্ন করছো কেন?
জবাব পেয়েই কিন্তু আমের ঝুড়ি
পাঠিয়ে দিবে।
১. আম ধরার আর সময় পায় কই?
তুমি নাকি আমের বোল আসলেই
সেগুলো পেড়ে ভর্তা বানিয়ে খাওয়া
শুরু করো!
২. সম্পর্ক হবে কেমন করে? ও
তো আসর অনুষ্ঠানে আসে না!
৩. ইট নেই। যা আছে সব ইটের
খোয়া।
৪. এই নামে জন্মনিবন্ধন করে
ফেলেছিল, এরপর আর নাম
পাল্টাতে পারেনি।
৫. তোমার বাসায় গেলে কী
খাওয়াবে, তা জানা নেই। দ্রুত
জানিয়ো।
৬. ৫ জন।
সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও!
তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।
প্রকাশকাল: জুন ২০২৫


