চিড়িয়াখানায় মাতামাতি

0
20

হঠাৎ করে খবর এলো চিড়িয়াখানা থেকে
পশুরাজের টাক পড়েছে আলুর তেল মেখে
অদ্ভুত এ আলুর তেল দিয়েছিলেন হাতি
তেল কাণ্ডে চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

ওদিকে আজ টাট্টুঘোড়া ডিম পেড়েছে নাকি
ছড়িয়ে গেল খবরখানা রইল না তো বাকি
ডিম দেখতে এলো যে এক চিতাবাঘের নাতি
ডিম নিয়ে তো চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

সকাল থেকে গোমড়ামুখো বসে হালুম মামা
কালকে রাতে হয়েছে চুরি বড় সাধের জামা
থানায় গিয়ে ডাইরি লিখে এলেন রাতারাতি
জামার লাগি চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

কুস্তি খেলে ভালুক এলো সোনার টাকা নিয়ে
খবরখানা জবর ভালো নিউজ হলো গিয়ে
নিউজ দেখে ভালুকের তো বাড়ল আরো ছাতি
পেপার নিয়ে চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

ত্যাঁদড়মুখো বাঁদর হলো পড়াশোনায় এক
বাঁদর মাতা প্রচার করে দ্যাখ রে তোরা দ্যাখ
আমার ছেলে জ্বালাবে ঠিক এ বংশের বাতি
এই নিয়ে তো চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

রোদের সাথে বৃষ্টি এলো ধরলো টিয়ে গান
খেঁকশিয়ালে করবে বিয়ে মাসি চিবোয় পান
বিয়ে খাবার পত্র পেলো পশুপাখির জাতি
উৎসবেতে চিড়িয়াখানায় ভীষণ মাতামাতি।

প্রকাশকাল: মার্চ ২০২৫