শীত

0
0

লাউ শিশুটা ফুলের টুপি-
মাথায় দিয়ে টুপ
শিশির দেখে অমনি সে যে
এক্কেবারে চুপ।

আড়াল দিয়ে বললো পাতা
লাজ পেয়েছ খুব?
বাড়ন্ত তার শরীর হঠাৎ
হয়ে গেল উব।

বাচ্চা শাকের ছোট্ট মেয়ে
মুখ করে খুব নাল
সুয্যি এসে তার আলোতে
ভরিয়ে দিলো গাল,
নরম রোদে ফুলের হাসি
মৌমাছি গায় গান
মৌ রাণীমা মধুর চাকে
খুব করে আনচান।

শ্রমিক মাছি আনবে মধু
তার সহেনা তর
ভরবে কখন টইটম্বুর
মধুর গোলা ঘর।

খেজুর গাছের গা কেটেছে
শরীর জুড়ে জ্বর
বুক বেয়ে তার কান্নাগুলো
ঝরে যে নির্ঝর।

বক মা পাখি খাবার খোঁজে
দাঁড়িয়ে নদীর ধার
নদীর কাছেই ছানা নিয়ে
পেতেছে সংসার।

আকাশ নুয়ে ঐ যে দূরে
মাঠের পরে মাঠ
গরুর পালের ছোট্ট বাছুর
সেজেছে সম্রাট।

হেঁসেল জুড়ে মানব শিশু
গাইছে কেন গীত
কে এলোরে কে এলোরে
নামিয়ে গেল শীত।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫