রউফ ছিল যার নাম

 

শুভ্র দাড়ি বয়স ভারি আঁকতো স্বদেশ আলপনায়
শিশুর মতোই প্রাণ ছিল যার স্বপ্ন রঙিন কল্পনায়।
কিশোর যুবক মেহনতীজন সবার সাথে সখ্যতায়
ব্যস্ত জীবন যাপন করে দিন কেটেছে ত্রস্ততায়।
বিলাসবহুল সুখের জীবন চাননি যিনি অগোচর
জীর্ণতাকে পিছন ফেলে চলতো ছুটেই নিরন্তর-
ধবধবে রঙ জ্যোৎস্না হৃদয় দরদ ভরা মন ছিল
যে ভাইয়ার দিলটা জুড়ে গড়তে থাকার পণ ছিল।
ফেব্রুয়ারির পহেলা তারিখ যে শিশুটির জন্ম হয়
দেশটাজুড়ে লক্ষ শিশুর প্রাণের নায়ক আস্তরয়।
সবার ভাইয়া বিচারপতি রউফ ছিল যার নাম
ফেব্রুয়ারির ভাষার মাসেই ছাড়েন ধরাধাম।
ব-দ্বীপ খ্যাত বাংলাদেশের কূল জুড়ে যার খ্যাতি
প্রস্থানে তার শোকাহত হই, সবাই শোকে ব্যথি।
ন্যায় বিচারক, ন্যায় প্রশাসক আপন ছিল সবার
তার শোকেতে বিলাপ শুনি গোলাপ বকুল জবার।
আসর জুড়ে যে ভাইয়াটি ছিলেন চোখের মণি
মর্সিয়া গাই ভাইয়ার তরে, দোয়া মাঙো ধরণী।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫