মোশাররফ হোসেন খান-এর দু’টি কবিতা

0
2

চব্বিশের স্বাধীনতা

ভাবনাগুলো এলোমেলো
কী লিখবো বলো?
জুলাই এলে চক্ষু দুটো
হয় যে টলোমলো।

ভাই হারানো বোন হারানো
ছেলে হারানো শোক
বাপ হারানো মা হারানো
অনেক আছে লোক।

সন্তানহারা মায়ের চোখে
উথলে ওঠে নদী
জুলাই মানে রক্ত স্রোত
চলছে নিরবধি।

শোকের নহর পেরিয়ে আজ
বইছে কোমল হাওয়া
এই যে সুখ-স্বাধীনতা
জীবন দিয়ে পাওয়া।

জুলাই সে তো অনেক দামি
নিজের চোখেই দেখা
ইতিহাসের পাতায় পাতায়
থাকবে সে সব লেখা।

 

 

জীবনজয়ী চাষি

ঝাঁঝা রোদের কী যে ঝাঁঝ বোঝে কেবল চাষি
ঘামের মাঝে ঝিলিক মারে রাঙা ঠোঁটের হাসি।
গাছের নিচে গামছা পেতে পান্তা পেঁয়াজ খায়
জিরান নেই বিরাম নেই ক্ষেতের দিকেই চায়।
বোশেখ মাসে বীজ ফেলেছে ভাদ্র মাসে ধান
চতুর্দিকে ভেসে বেড়ায় ফসল কাটার গান।
সোনার ধানে উঠোন ভরা ভরবে এবার গোলা
কষ্টগুলো উধাও হয়ে স্বপ্ন দেয় দোলা।
ঝড় বাদলে দেখায় ডর রৌদ্র নাড়ায় পুচ্ছ
কিষাণ জানে সকল কিছু তারই কাছে তুচ্ছ।
সোঁদা মাটির গন্ধ মাখা সকল চাষির গায়
শত পেশার চাইতে খাসা চাষির পেশা ভাই।
অনেক ত্যাগে সবার জন্য ফসল ফলায় চাষি
জীবনজয়ী ঐ চাষিদের তাইতো ভালোবাসি।

প্রকাশকাল: জুলাই ২০২৫