মুস্তাফা ইসলাহীর দু’টি ছড়া

১.
ঈদ হোক প্রতিদিন

ঈদ এলে কোত্থেকে উড়ে আসে সুখ
ছুটি হয় পড়ালেখা, কঠোরতা, দুখ
ফুরফুরে দেহে ফোটে হাসিমাখা মুখ।

ঈদ এলে আড্ডাতে কেটে যায় রাত
মেহেদিতে নানা ঢঙে আঁকি দুটি হাত
আসমান থেকে নেমে আসে বারাকাত।

ঈদ এলে থাকে না যে বাধা কোনো কাজে
জামা, টাকা, ঈদি পেয়ে দেহ মন সাজে
চারদিকে মিলনের গান, সুর বাজে।

ঈদ এলে ঈদগাহে ছুটি দলে দলে
মন দিয়ে বসে শুনি ইমাম কী বলে
নামাজের শেষে মিলি বুকে, গলে- গলে

ঈদ এলে দলবেঁধে ঘুরি, খেলি খাই
আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যাই
প্রতিবেশী, সাথীদের সাক্ষাৎ পাই।

ঈদ এলে সুখগুলো মনে নেয় ঠাঁই
ঈদ ছাড়া এত মজা কোনোখানে নাই
ঈদ হোক প্রতিদিন মনে প্রাণে চাই।

 

২.
ঈদের খুশি

ঈদের খুশি জামা, জুতো
ঈদের খুশি সাজা
ঈদের খুশি ফিরনি, পায়েস-
সেমাই, পিঠা ভাজা।

ঈদের খুশি গল্পগুজব
জেগে থাকা রাত
ঈদের খুশি নতুন টাকা
লাল মেহেদির হাত।

ঈদের খুশি চাঁদের হাসি
ঈদের খুশি দান
ঈদের খুশি রমজানের ঐ
রোজার শেষের গান।

প্রকাশকাল: মার্চ ২০২৫