দারুণ খরায় তপ্ত চরায়
বৃষ্টি এলো ঝেঁপে
বৃষ্টি ফোঁটার কোমল ছটায়
উঠলো হৃদয় কেঁপে।
খসখসে আর শুুকনো মাটি
উঠলো যেন বেঁচে
আমন ধানের ছোট্ট চারা
গা ভেজালো নেচে।
আম কাঁঠালের উদোম শিশু
ভিজে হলো সারা
কদম কেয়া দোলনচাঁপা
ভিজতে পাগলপারা।
বেলি ফুলের শুভ্র জামা
ভিজে মাখামাখা
শাপলা কেয়ার আনন্দ আর
যায় না ধরে রাখা।
বৃষ্টি যেন জমিয়ে দিলো
দগ্ধ প্রাণে দোলা
এসো সবাই বাইরে এসো
দরজা রেখে খোলা।
করছোটা কী, করছোটা কী
মেলছো কেনো ছাতা
বৃষ্টি ফোঁটা খানিক তোমার
ভেজাক না হয় মাথা।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



