কিছু কিছু মানুষের মনে থাকে আলো
অন্তর ভরা থাকে যাবতীয় ভালো
প্রতিটি পদক্ষেপে সরে যায় কালো
ভালো দিয়ে তারা এই জগত রাঙালো।
কিছু কিছু মানুষের হাতে থাকে জাদু,
যা-ই রাঁধে তা-ই লাগে কী যে সুস্বাদু
যেখানে পরশ দেয় সেখানেই সোনা
সম্ভাবনার বীজ তার হাতে বোনা।
স্বপ্নের চাষ করে কিছু কিছু লোক
বুননে বিভোর থাকে তার দুই চোখ
স্বপ্নের ফেরি করে সকাল সাঁঝে
অমরত্বের ছাপ রাখে সব কাজে।
আলোকিত পথ ধরে কারো পথ চলা
নিকষ নিশিও হয় জোনাক জ্বলা
কখনো বা উচ্চতা দেখে মনে হয়
তার তুলনাটা হবে শুধু হিমালয়।
নীতির প্রশ্নে যিনি অবিচল অতি
যার হাতে কারো কোনো হয়নি ক্ষতি
জাতির বিবেক যিনি ছড়ান জ্যোতি
সকলের প্রিয় এক বিচারপতি।
পাপড়ি সতেজ থাকে যার আহলাদে
যেই ফুল ঝরে গেলে কুঁড়িরাও কাঁদে
যার ছায়া সরে গেলে দুপুর খাঁ খাঁ
অন্তর জুড়ে শুধু তাঁর ছবি আঁকা।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



