ঠান্ডা মুজাহিদের শীতল সাক্ষাৎকার

0
2

নাম : ঠান্ডা মুজাহিদ
ডাকনাম : ওই ওইটাই
বয়স : সেন্সরড
প্রিয় খাবার : আইসক্রিম
প্রিয় খেলা : আইস স্কেটিং (যদিও কখনো খেলার সুযোগ পাননি, তবে সময় পেলেই ইউটিউবে ভিডিও দেখেন)
প্রিয় পোশাক : মাফলার
প্রিয় পাখি : পেঙ্গুইন
প্রিয় পশু : মেরু ভল্লুক
প্রিয় ঋতু : আবার জিগায়!
অবসরে যা করেন : ফুলস্পিডে ফ্যান ছেড়ে কম্বলমুড়ি দিয়ে ঘুমান।

মাসিক ফুলকুঁড়ির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম বিশিষ্ট উইন্টার লাভার জনাব ঠান্ডা মুজাহিদের সাক্ষাৎকার নিতে। অফিসে গিয়ে দেখি চেয়ারের ওপর স্তুপ করে কম্বল রাখা আছে। অফিসে তাঁকে না পেয়ে ফোন দিলাম। ওমা! দেখি কম্বলের নিচে ফোন বাজতেছে। একটু পরই কম্বলের মধ্য থেকে বেরিয়ে এলো একটি হাত, তার একটু পর একজন আস্ত ঠান্ডা মুজাহিদ।
ঠান্ডা মুজাহিদ : বন্ধ করেন, এক্ষুণি বন্ধ করেন।
ফুলকুঁড়ি : কী বন্ধ করবো যেন?
ঠান্ডা মুজাহিদ : আরে ফ্যানটা বন্ধ করেন, ঠান্ডা লাগতেছে, দেখতেছেন না?
ফুলকুঁড়ি : ওহ, আচ্ছা স্যরি। (ফ্যান ছেড়ে ঘুমাইলো উনি, আর ঝাড়ি খেলাম আমরা, আজব তো)
কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে-
ঠান্ডা মুজাহিদ : আপনারা কারা যেন? কেন এসেছেন?
ফুলকুঁড়ি : আমরা শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ির পক্ষ থেকে এসেছি। বিশিষ্ট উইন্টার লাভার হিসেবে আপনার সাক্ষাৎকার নিতে।
ঠান্ডা মুজাহিদ : ওহ, আচ্ছা, শুরু করুন দ্রুত। আমার আবার…
ফুলকুঁড়ি : আচ্ছা জনাব ঠান্ডা, আপনার নাম ঠান্ডা হলো কীভাবে ?
ঠান্ডা মুজাহিদ : দেখুন, সম্মান দিয়ে কথা বলুন। আর আমার নাম ঠান্ডা না; এটা আমার উপাধি।
ফুলকুঁড়ি : স্যরি, স্যরি
ঠান্ডা মুজাহিদ : আসলে ছোটোবেলা থেকে আমি ঠান্ডা খুব উপভোগ করি। একবার গ্রীষ্মকালে ঠান্ডার ফ্লেভার নেয়ার খুব শখ হয়েছিলো দেখে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকে বসেছিলাম। তখন থেকেই আমার উপাধি হয়ে গেলো ঠান্ডা, হা হা হা।
ফুলকুঁড়ি : পৃথিবীতে ফ্যানিং করার জন্য এতোকিছু থাকলেও সবকিছু ছেড়ে ঠান্ডাফ্যানিং শুরু করলেন কেন?
ঠান্ডা মুজাহিদ : দেখুন, এটা আমার পার্সোনাল চয়েস। আপনি কারো ব্যক্তিগত বিষয়ে এভাবে নাক গলাতে পারেন না।
ফুলকুঁড়ি : পরের প্রশ্নে…
ঠান্ডা মুজাহিদ : দ্রুত শেষ করুন। এসি কিনতে বের হবো।
ফুলকুঁড়ি : যা বলছিলাম, আপনার মতো একজন ঠান্ডাপ্রেমী মানুষের জন্য গ্রীষ্মকাল মানেই তো ভয়ংকরতম অভিজ্ঞতা, তাই না?
ঠান্ডা মুজাহিদ : তা বটে। গ্রীষ্মকালটা হচ্ছে আমাদের মতো ঠান্ডাপ্রেমীদের জন্য একটা যুদ্ধের মতো। আর একজন সচেতন সৈনিক কখনোই যুদ্ধের ময়দানে প্রস্তুতি ছাড়া যায় না।
ফুলকুঁড়ি : তা, আসন্ন যুদ্ধের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন ?
ঠান্ডা মুজাহিদ : ওইযে বললাম না, এসি কিনতে যাচ্ছি। একটা হেভি ডিউটি এসি থাকলে আর কোনো চিন্তাই নেই।
ফুলকুঁড়ি : কিন্তু বিদ্যুৎ যদি না থাকে?
ঠান্ডা মুজাহিদ : এহহে, এটা তো ভেবে দেখিনি। মুশকিল। যাইহোক, একটা সমাধান বের করা যাবে। আচ্ছা দ্রুত শেষ করেন । আমার আবার…
ফুলকুঁড়ি : এবারের ঈদে কী করবেন ?
ঠান্ডা মুজাহিদ : অনেককিছুই তো করার পরিকল্পনা আছে। তবে নামাজ পড়ে এসে এসির টেম্পারেচার কমিয়ে কম্বলমুড়ি দিয়ে একটা ঘুম দিবো, এইটা কনফার্ম।
ফুলকুঁড়ি : মাসিক ফুলকুঁড়ি একটি শিশুকিশোর পত্রিকা। মাসিক ফুলকুঁড়ির শিশু পাঠকদের জন্য আপনার কোনো বার্তা আছে ?
ঠান্ডা মুজাহিদ : দেখো বাচ্চারা, জীবনে পারদর্শিতা অর্জন করাটা খুব গুরুত্বপূর্ণ। এমনভাবে পারদর্শী হয়ে ওঠো, যেন তোমার পারদর্শিতা তোমার নামের অংশ হয়ে যায়। এই যেমন ধরো আমি…
ফুলকুঁড়ি : ধন্যবাদ। আমরা বিদায় নিতে চাচ্ছি।
ঠান্ডা মুজাহিদ : বিদায় নেবেন মানে? গিফট কোথায়?
ফুলকুঁড়ি : ইয়ে মানে, আনিনি তো।
ঠান্ডা মুজাহিদ : অন্তত একটা আইসক্রিমও তো নিয়ে আসতে পারতেন। যত্তোসব !
দরজা দিয়ে বের হয়ে আসার সময় উল্টোদিকে চেয়ে দেখলাম জনাব ঠান্ডা মুজাহিদ আবারও অদৃশ্য হয়ে গিয়েছেন। চেয়ারের ওপর পড়ে আছে কম্বলের স্তুপ।

প্রকাশকাল: মার্চ ২০২৫