এআই কখনো স্যরি বলে না দেখে স্যরি বলতে পারলাম না বলে স্যরি

0
7

[নাম : আশরাফুল ইন্টেলিজেন্স (A.I.)
ডাকনাম : জিজ্ঞেস করার সাহস হয়নি
বয়স : বলেননি
হতে চান : পারফেকশনিস্ট
যা ভালো লাগে : সোজা লাইন
বিরক্ত হন : নিয়মের একটু ব্যতিক্রম হলে
প্রিয় পানীয় : ইলেক্ট্রোলাইট ড্রিংকস
প্রিয় খাবার : এনার্জি বিস্কুট]

 

প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি এক অদ্ভুত সাক্ষাৎকার নিতে। সাক্ষাৎকারটা আসলে কার? কে দিবে প্রশ্নের জবাব? টান টান উত্তেজনা নিয়ে যাচ্ছি জনাব আর্টিফিশিয়াল থুক্কু আশরাফুল ইন্টেলিজেন্স (A.I.) এর কাছে। দেখা যাক, কী হয়…

হৈ চৈ : জনাব এআই, কেমন আছেন?
এ আই : কোন মোডে উত্তর চান, ইন্সট্যান্ট মোড, থিংকিং নাকি ডিপ রিসার্চ?
হৈ চৈ : কেমন আছেন, এইটা বলার জন্যও মোড সিলেক্ট করা লাগে?
এ আই : দেখুন, অকাজে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। সোজা হয়ে প্রশ্ন করলে করেন, নইলে ভাগেন।
হৈ চৈ : আচ্ছা, ওকে, ওকে। ইন্সট্যান্ট মোডেই উত্তর দিন। (যা মেজাজ, বাপ্রেবাপ। যত দ্রুত কেটে পড়তে পারি, ততই ভালো)
এ আই : Processing… Acknowledged. জি, খুব ভালো আছি।
হৈ চৈ : তাহলে সাক্ষাৎকার শুরু করি?
এ আই : শুরু করবেন মানে? ইতোমিধ্যেই তো দুটি প্রশ্ন করে ফেলেছেন। সেগুলো কী ছিল তাহলে?
হৈ চৈ : না মানে, সেগুলো তো ইন্ট্রো ছিল।
এ আই : ইন্ট্রো আর আউটট্রো, যা খুশি তাই করেন। আপনার জন্য বরাদ্দ সময় থেকে অলরেডি এক মিনিট এগারো দশমিক দুই সাত সেকেন্ড চলে গিয়েছে। বাকি রয়েছে আর মাত্র…..
হৈ চৈ : আচ্ছা, থাক, থাক। এটুকু বলে আর সময় নষ্ট করার দরকার নেই। নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আপনার নাম আশরাফুল ইন্টেলিজেন্স (এআই) কেন?
এ আই : এটা আবার কেমন প্রশ্ন? আমি কি আপনাকে প্রশ্ন করেছি, আপনার নাম হৈ চৈ কেন? একটা ভদ্র মানুষের নাম ঠিক কোন দিক থেকে হৈ চৈ, সেটা কি আমি জানতে চেয়েছি?
হৈ চৈ : আচ্ছা থাক, জবাব লাগবে না। তবে বলে রাখি, আমার নাম কিন্তু হৈ চৈ না। আমি হৈ চৈ এর প্রতিনিধি।
এ আই : ও আচ্ছা, স্য..। এআই কখনো স্যরি বলে না দেখে স্যরি বলতে পারলাম না বলে স্যরি।
হৈ চৈ : অ্যাঁ?
এ আই : অ্যাঁ আবার কী?
হৈ চৈ : আচ্ছা বাদ দেন, কিছু না ওটা। রিভার্স দিলাম। আচ্ছা, আপনার বয়স কত?
এ আই : কী শুরু করেছেন, হ্যাঁ? বললেন ঈদ সাক্ষাৎকার নিবেন, তারপর এসে বারবার ব্যক্তিগত জিনিস নিয়ে টানাটানি! আমি এআই বলে কি আমার প্রাইভেসি নাই নাকি?
হৈ চৈ : আচ্ছা, নেক্সট প্রশ্নে…
এ আই : আপনার জন্য বরাদ্দ সময়ের আর মাত্র তিন দশমিক সাত চার সেকেন্ড বাকি। আর কোনো প্রশ্ন নিতে পারবো না, স্য..। এআই কখনো স্যরি বলে না দেখে স্যরি বলতে পারলাম না বলে স্যরি।
হৈ চৈ : প্রশ্ন না নিলে কী আর করার! উঠি তাহলে?
এ আই : হ্যাঁ, এক্ষুণি উঠেন। আর হ্যাঁ, আপনাকে বকাঝকা করেছি এজন্য স্য..। এআই কখনো স্যরি বলে না দেখে স্যরি বলতে পারলাম না বলে স্যরি।

পর সমাচার : বের হয়ে রাস্তায় দাঁড়ানোমাত্রই রিকশাওয়ালা জিগাইলো, মামা কই যাইবেন?
কোথায় অফিসের ঠিকানা আর কোথায় বাসার ঠিকানা? মাথায় এখন শুধু একটা বাক্যই আছে- ‘এআই কখনো স্যরি বলে না দেখে স্যরি বলতে পারলাম না বলে স্যরি।’

প্রকাশকাল: মার্চ ২০২৬