টুকটাক

0
4

এইটা আমার বই
এই যে দেখো পাতায় পাতায় ছবি
রঙে মাখামাখি অক্ষরে হইচই
মজার ছড়া লিখুক তবে কবি।

কা কা ডাকে ঝালাপালা কান
তবু কাক ভাবে সেটা গান
কাকপাখি তারস্বরে গায়
ছন্দের তাল কেটে যায়।

বাচ্চা হাতির ছাতি বিশাল
লম্বা শুঁড়ের দু’পাশে দুই দাঁত
চার পায়ে ধায়
নেই কোনো তার হাত।

পিঁপড়েরা সারি বেঁধে হাঁটে
উঠে পড়ে আলমারি খাটে
ফুলে হয় লাল, চুলকায়—
হাতে পায়ে গায়ে যদি চাটে।

তৃণ মানে ঘাস
গরু তুই কত খেতে চাস
ছাগলেও খাবে—কিছু রাখ
এই বেলা এইটুকু থাক।

লতা পাতা ঘাসফুল
খাল বিল কাশফুল
তার মাঝে বাতাসের ঢেউ
কখনো কি দেখেছ তা কেউ?

ঝিলমিল রোদ
টুকটাক মেঘ
ঝকঝকে দিন
আকাশটা নীল।

প্রকাশকাল: মার্চ ২০২৫