এই আমাদের বাগান

0
2

আমরা যারা ফুল বাগানে
খুব গোপনে, ছন্দ ছড়াই,
আমরা পাখি ডাকার আগে
ফুলের বাগে স্বপ্ন জড়াই।

যেসব কুঁড়ি পাপড়ি মেলে
খুব সকালে, এই ধরাতে,
ফুটবে তারা সুবাস নিয়ে
রং ছড়িয়ে, মোদের সাথে।

আজকে যে ফুল অঙ্কুরিত
একটু ভীত, ফুটতে ফুলে,
আমরা তাদের স্বপ্ন দেখাই
মনকে রাঙাই, হৃদয় খুলে।

চাই না কভু, পড়ুক ঝরে
হাজার ঝড়েও, একটি কুঁড়ি!
আমরা তো তাই রাতের শেষে
তাদের পাশে, হাতটা ধরি।

মোদের চলা ফুলের সাথে
এই আশাতে, মালীর বেশে,
সকল কুঁড়ি ফুটবে যেদিন
আনবে সুদিন, বাংলাদেশে!

প্রকাশকাল: অক্টোবর ২০২৫