ঈশপের গল্প থেকে ছড়া

0
3

বড্ড বিপদ
ভদ্দরলোকটির মেয়ে আছে দু’টি
মিলে মিশে থাকে ওরা বেশ ভালো জুটি।
দিন যায় মাস যায় গড়ায় বছর
মেয়েদের বিয়ে হলো খাসা দুই বর।

বড়োটির বিয়ে হলো কুমারের সাথে
মাটি দিয়ে হাঁড়িকুড়ি গড়ে নিজ হাতে।
অপর জামাই হলো বাগানের মালি
বলে, আমি দিনমান গাছপালা পালি।

ভদ্দরলোক যায় বড়োটির বাড়ি
গিয়ে দেখে দু’জনারই মুখ কালো ভারি।
বলো শুনি বলো শুনি কেন মন ভার
মেয়ে কয়, রোদ চাই কারণটা তার—
হাঁড়িকুড়ি বানানোতে রোদ্দুর ভালো
প্রতিদিনই সেই হেতু চাই তাপ আলো।
প্রার্থনা করো যেন রোদ থাকে আরো
বিষ্টি এলেই গেছি বেজে যাবে বারো।

এরপর সেই লোক কিছুদিন পর
গিয়েছেন ছোটটির জানতে খবর।
তার বর মালি এক গাছপালা নিয়ে
তকলিফ কত, বলে ইনিয়ে বিনিয়ে।
রোদ বেশি হলে পর গাছ মরো মরো
বাবা তুমি বিষ্টিরই প্রার্থনা করো।
ঝমঝম বিষ্টিতে গাছের আরাম
খরা হলে জানই শেষ তাই তা হারাম।

বাবা শুনে হতবাক চলেছে ভাবন
প্রার্থনা কার হয়ে করেন এখন?
বড়ো জনা রোদ চায় তাতে ওর ভালো—
বর্ষণ চায় ছোটো, না পেলেই কালো
হাঁড়িপানা হয় মুখ করে হায় হায়—
বিপদ আমারই দেখি বলো কী উপায়?

প্রকাশকাল: এপ্রিল ২০২৫