প্রশ্নোত্তর

0
6

খোকার মনে প্রশ্ন এসে জমেছে এক ঝাঁক
রাত বিরাতে ঘুমের মাঝেও খাচ্ছে রে ঘুরপাক।
‘কার কাছে যাই কাকে জিগাই’ ভাবছেরে দিনভর
কোন জ্ঞানীজন প্রশ্নগুলোর দেবেন সদুত্তর!

মুখ দেখে কয় ছোটো মামা, চিন্তিত ক্যান খোকা?
এখনও তোর মামা বেঁচে আছিরে তো বোকা!
বল দেখি তোর কী হয়েছে কারণটা কী মূলে
কীসের ভাবনা-চিন্তা আমায় বলতে পারিস খুলে।

খোকা চোখে মুখে জানার আগ্রহ বেশ রেখে
মাথায় জমা প্রশ্নগুলো শুধায় একে একে।
জবাব তো দিন মামা, না যায় বাদ যেনো একচুলও
মন দিয়ে খুব শোনে মামা খোকার প্রশ্নগুলো।

ছোটো মামা খোলেন এবার জবাব- ঝাঁপি তাঁর
‘জোহান্স গুটেনবার্গ’ করেছেন বইয়ের আবিষ্কার।
খাতা আবিষ্কারক যিনি ‘চাইলুন’ তাঁর নাম
ছোটো মামা জবাব দিয়েই যাচ্ছেন অবিরাম।

যুগ যুগ হাজার বছর সবার বুক পকেটে থাকে
‘লাসজলো বাইরো’ করেন সৃষ্টি কলমটাকে।
নিষ্ঠা গুণের সৃষ্টি মেধা পরিশ্রমের সাথে-
পেন্সিলটা হয় ‘নিকোলাস জ্যাক কন্ঠে’র হাতে।

পড়া লেখার পদ্ধতি যাঁর হাতটা ধরে হয়
‘আলেকজান্ডার ম্যাগনুস’ নাম জানবে সুনিশ্চয়।
ইনি হলেন ‘হেনরি ফিশেল’ বিশাল তিনি গুণী
পরীক্ষা পদ্ধতিটা’র হন আবিষ্কারক উনি।

জ্যামিতির-ই সৃষ্টিটা হয় যে জনার হাত ধরে
‘ইউক্লিড’ তাঁর নামটা জানা সবার ঘরে ঘরে।
‘আল-খোয়ারিজমি’ বীজগণিতের আবিষ্কারক জন
অজানা সব জবাব পেয়ে খোকার খুশি মন।
যেই বিষয়ে খোকার গরম মাথার চাঁদি-তালু
‘আর্যভট্ট’-এর হাত ধরে সেই পাটিগণিত চালু।
‘হিপ্পার কাস’ আবিষ্কার তো করেন ত্রিকোণমিতি
খোকার সকল জানিয়ে জবাব মামা টানেন ইতি।

প্রকাশকাল: অক্টোবর ২০২৫