চার চারটা

0
0

জলতরঙ্গ

উকড়ি বিলে টুকরি হাওয়া
কুঁকড়ি শীতে ঠুকরি খাওয়া
গাঙচিল পানকৌড়ি মাতায়
শাপলা শালুক পদ্ম পাতায়
জলতরঙ্গ রৌদ্র শিশির
গল্পগাঁথা ভোর কী নিশির!

তাই কিনি না

তোমার আছে টয়োটা
চলার সাথী হয় ওটা
যানজটে রোজ আটকালে
সময় উধাও ফাঁক তালে;
আমার শুধুই ভয় ওটা
তাই কিনি না টয়োটা

ফিলিস্তিন

যেমন রাত তেমন দিন
রুদ্ধ স্বর ফিলিস্তিন
রক্তপাত অশ্রুপাত
যেমন দিন তেমন রাত
ধ্বংসক্রম বারুদ বোম
বিরাম নাই শুক্র সোম।

আপন দেশ আপন বেশ
কোথায় তার প্রমাণ লেশ
দেখায় পর অগ্নি-চোখ
ফিলিস্তিন মুক্ত হোক
সূর্যালোক দেখাক ভোর
শিশুর ঠোঁট জাগাক শোর।

 

সেদিন

বাঁদর সেদিন নাচছিল খুব
দেখে শেয়াল হাসছিল
অন্যরকম সাজছিল দিন
আনন্দে বন ভাসছিল;
তখন পৌষ মাস ছিল।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫