শীতকাল

0
0

হেমন্ত বুঝি নিল গো বিদায়
শীত বলে আসি আসি,
ঘাসের ডগায় তাই দেখা যায়
মুক্তো যে রাশি রাশি।
শীতের দাপটে আমরা সবাই
নামাই শীতের জামা,
নিজের গুহায় বসেই কাঁপেন
আমাদের বাঘ মামা।
শীতের ভোরে বাইরে বসে
লাগে যে রোদ মিঠে,
আরো মিষ্টি লাগে মায়ের
হাতের পায়েস পিঠে।
মিষ্টি মধুর খেজুর রস আর
নতুন খেজুর গুড়ে,
পায়েস রাঁধেন মা আমাদের
জিভ লকলক করে।
ভাপা পিঠে আছে আরো
আছে যে দুধ চিতই,
পাটিসাপটাও আছে সাথে
লোভেই যে জেগে রই।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫