সোঁদামাটি পরিপাটি শালিকেরা পবনে
রঙধনু উঁকি দেয় আকাশের ভবনে।
চাঁদ আছে তারা আছে মেঘ আছে কালচে
উড়ে যায় দূরে যায় কখনো বা লালচে।
ধলবগা নলডগা ভাসে হাঁস পুকুরে
রোদ নামে খিলখিল পানিদের মুকুরে।
ইতিউতি প্রজাপতি ঘুরে নানা পালকে
হাসি হাসি বাঁশি ধরে রাখালিয়া বালকে।
টুপটাপ ঝুপঝাপ ঝরঝর বারি যে
শরতের চুলে বাঁধা শিশিরের শাড়ি যে।
টুনটুনি ঝুনঝুনি হাঁটে দিন দুপুরে
কাঁপে গলা ঝিঁঝিদের রাতজাগা নূপুরে।
আম আছে জাম আছে গাছ ভরা কাঁঠালে
বুবুজান খুশি হন কিছু তারে পাঠালে।
ঝলমল টলমল নাচে শত নদী রে
ঘরবাড়ি গিলে খায় রাগ করে যদি রে।
ফুল পাখি মাখামাখি চোখ কাড়ে সবুজে
খরা-বানে ব্যথা হানে ভালোবাসি তবু যে।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪
