হিমেল হাওয়া

 

একটি ছেলে ঠিক দুপুরে শ্রান্ত বেলায়
হাঁটতো শুধু আপন মনে বইয়ের মেলায়।

একটি ছেলে খুব বিভোরে খুঁজতো কিছু
ছুটতো বুঝি কল্পলোকের পিছুপিছু।

হাত বাড়িয়ে ভাইয়া বলে মুচকি হেসে
লিখিয়েদের কুশল জানায় ভালোবেসে।

সেই ছেলেটা মুখটা বুঁজে খাটতো ভীষণ
সময়মতো কাজটা করার ছিলো মিশন।

সেই ছেলেটা দামাল ছিলো ফুলকুঁড়িতে
দুঃখটাকে হটিয়ে দিতো এক তুড়িতে।

হিমেল নামের হিমেল হাওয়া দুলতে থাকে
সেই ছেলেটার স্মৃতির দেরাজ খুলতে থাকে।

স্মৃতির পাতায় ভাঁজ পড়েনি একটি বারও
তোমার স্মৃতির মেঘমালারা জমছে গাঢ়।

অমোঘ টানে সবাই যাবো আসবে হাশর
পরপারের মিলনমেলায় জমবে আসর।

প্রকাশকাল : অক্টোবর ২০২৪