
আজান দিলে মাগরিবের ওই ফরজ সালাত শেষে,
শুনলাম হঠাৎ ভাইয়া নাকি না ফেরার ওই দেশে!
অবাক হয়ে মোবাইল নিয়ে ফেসবুকেতে গেলে,
আমার ভাইয়ার শোক সংবাদ হাজার হাজার মেলে।
ভাইটি ছিলো নম্র যে খুব! মধুর ছিলো আচার,
ভাইটির আমার ইচ্ছে ছিলো পদ্য লিখে বাঁচার।
ভাইয়ার কাছে হাত বাড়ালে ফিরত না হাত খালি,
পূর্ণ থাকত তাহার মনের ভালোবাসার ডালি।
এই ভাইটির হাতটি ধরেই কত পথ গেল পাড়ি,
আমার ও তার গল্পেতে তাই পড়ল যে শেষ দাঁড়ি।
খুব যে মনে ইচ্ছে করে আবার ভাইয়ের সঙ্গে,
দুজন মিলে সাহিত্যের ওই মাতি নানা রঙ্গে।
কবিতা লেখার হাতেখড়ি এই ভাইয়েরই কাছে,
ঘুরতাম তাই সারাটিক্ষণ এই ভাইটির পাছে।
কে বলে রে ভাইটি আমার এই ধরাতে নাই!
আমার ভাইয়ের উপস্থিতি মনের মাঝেই পাই।
ভাইটি আমার আজ মেহমান আল্লাহর দরবারে,
তাহার জন্য শ্রদ্ধা আমার সারাটি হৃদয় জুড়ে।
শেষ হইয়াও হইলো না শেষ ভাইকে নিয়ে লেখা,
এই দু’জনের একদিন হবে জান্নাতে ফের দেখা।
প্রকাশকাল: অক্টোবর ২০২৪

