শরতের শিশির তুলি আলপনা এঁকে
কোমল হিমেল হাওয়ার চাদরে ঢেকে
হালকা নরোম আলোর চোখে চোখ রেখে
শরতের সকাল হাসে গায়ে রোদ মেখে!
শরতের নদীর বুকে ঢেউ রাশি আঁকা
দোদোল কাশের বনে হাওয়া মিশে থাকা
সবুজ পাতায় পাতায় সজীবতা মাখা
শরতের দুপুর-আকাশ নীল নীলে ঢাকা!
শরতের ধবল মেঘের পানসিরা ভাসে
শিউলির তলে সাদা-হলুদেরা হাসে
ভাদরের হাত ধরে আশ্বিন মাসে
শরতের বিকেল ছড়ায় মায়া চারপাশে।
শরতের কোমল বুকে বাউলিয়া সুর
মিশে রয় মমতায় দূর-বহুদূর
ঘণ্টা কাঁশর-ধূপের ঘ্রাণ ভরপুর
শরতের পূজোর সাঁঝে ধ্বনি সুমধুর!
শরতের সতেজ হাসি গান সুর সব
শরতের বুকে শোভা খুশি উৎসব।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৪



