আমরা ছাত্র
আমরা ছাত্র তরুণ অরুণ আমরা আলোর যাত্রী
আঁধার তাড়ানো ভোরের শিখা আমরা ছাত্রছাত্রী।
মনের দুয়ার খোলাই আমার ধরছি বীরের বেশ
শুদ্ধাচারের শুদ্ধ রেখায় গড়ব বাংলাদেশ।
কর্মী জীবনে কর্ম রেখায় সোনা ফলায় চাষি
বাংলাদেশের মাটি ও মানুষ আমরা ভালোবাসি।
অশুভ শক্তির টুঁটি চেপে ধরি সত্যের পথে চলি
উঁচু রাখি শির আমরাই বীর বাংলায় কথা বলি।
আমরা ছাত্র অরুণ তরুণ ঊষার আলোর রেখা
মিথ্যের সাথে লড়াই করি সত্যের সাথে দেখা।
যুদ্ধ জয়ের ইতিহাসে আমার রক্ত রাঙা কক্ষ
বিপ্লবী হাঁক সত্যি নিশান মজলুমের নেই পক্ষ।
বাংলা আমার মায়ের ভাষা বাংলায় কথা বলি
আমরা ছাত্র তরুণ অরুণ সামনের দিকে চলি।
আমার দেশের মাটি ও মানুষ মাটির মতো শান্ত
তাদের পাশে থাকতে আমরা হই না মোটে ক্লান্ত।
ধনী গরিব নাই ভেদাভেদ থাকছি পাশাপাশি
বাংলাদেশের ছাত্র আমরা দেশকে ভালোবাসি।
এই ছড়াটি
এই ছড়াটি আমার না তো, ছড়ার গায়ে রক্ত
এই ছড়াটি পড়তে গিয়ে হলাম ছড়ার ভক্ত
এই ছড়াটি প্রতিবাদী আবু সাঈদ নাম
রক্তমাখা জামা আমি উঁচিয়ে ধরলাম।
এই ছড়াটি আন্দোলনের মুখই দেখে নাই
পথচারি হয়ে ছড়া রক্তে নিছে ঠাঁই।
এই ছড়াটি পথে পথে কান্নামাখা সুর
এই ছড়াটি আমার মনে করতেছে ভাংচুর।
এই ছড়াটি অধিকারের বলছে কথা যেই
হাজার হাজার বুলেট এসে বৃষ্টি ঝরাচ্ছেই
এই ছড়টি প্রতিবাদে তুলছে যখন হাই
স্বৈরাচারীর বুলেট খেয়ে শহিদ হলো ভাই।
প্রকাশকাল: আগস্ট ২০২৫



