গ্রাম ছেড়ে মায়ের ছেলে দূর শহরে থাকে
ঢেউ খেলে যায় প্রিয় মায়ের ব্যথা নদীর বাঁকে।
ছেলেরও যে মন বসে না ইট-পাথরের ভিড়ে
মনটা পড়ে থাকে শুধুই লাল-সবুজের নীড়ে।
মনে পড়ে মায়ের কথা ছোট্ট মণির মুখ
প্রিয় স্বজন গাঁয়ের মানুষ সবুজিয়া সুখ।
ক’[দিন পরে মায়ের ছেলে ফিরলো মায়ের কোলে
দুঃখ ভুলে মা ও ছেলে সুখের দোলায় দোলে।
মা বললেন- ‘আজ সকালে কী খেয়েছিস বাপ
মুখটা কেমন শুকিয়ে আছে-স্পষ্ট মলিন ছাপ’।
কী খাওয়াবে কী পরাবে মা যে পেরেশান
মা’র আদরে ছেলের মনে বইছে সুখের বান।
সুখ ও দুখের গল্প বলে কাটলো ক’দিন ভালো
ওই বাড়িতে জ্বলেছিল অন্যরকম আলো।
ছেলের ছুটি ফুরিয়ে গেছে-আজকে যাওয়ার দিন
মা ও ছেলের কোমল হৃদয় ব্যথায় করে ‘চিন’।
মায়ের ছেলে দূর শহরে যাচ্ছে চড়ে গাড়ি
পথের পাশের বৃক্ষ যেন চলছে মায়ের বাড়ি।
যাচ্ছে আরো আকাশ-জমিন-পাহাড়-সাগর-বন
করতে শীতল দুখী মায়ের অশান্ত ওই মন।
বললো সবাই- ‘তোমার ছেলে সুখেই আছে খুব
শুধুই ছেলের ভাবনা ছেড়ে দাও নিজেতে ডুব’।
সময় মতো আহার-ঘুমে যেও তোমায় ঘিরে
এইতো ক’দিন পরেই আবার আসবে ছেলে ফিরে।
মায়ের মনে সান্ত্বনা আর কতটুকুই পাবে
জনম দুখী মা জননী ছেলের কথাই ভাবে।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



