বৈশাখী মেলা

0
1

দুই পয়সার বরই আচার
ঘোড়ার গাড়ি আট আনা
দুই আনার পে-পো বাঁশি
এসব তোমার অজানা।

দেড় টাকায় গুড় জিলিপি
গরম খাওয়ার মজারে
তিন আনায় রসগোল্লা
এক আনায় এক গজারে।

সবাই মিলে শূন্যে উড়া
নাগরদোলায় ষোল্লপাক
রুমাল ফেলে রুমাল তোলা
কী আনন্দ হাঁক-ডাক।

বৈশাখ মেলায় যেতাম যখন
তখন মেলার প্রাণ ছিল
হরেক রকম আচার ভর্তা
বাঙালিত্বের ঘ্রাণ ছিল।

পানতা ইলিশ শোভা যাত্রা
একদিনের এই অভিনয়
চলা বলা সবকিছুতে
দেবো নিজের পরিচয়।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫