কালবোশেখি

0
0

ওই দেখো, ওই এলো কালবোশেখি,
লেগেছে লড়াই বনে বাঘে মোষে কি?
চারদিক ঢেকে গেছে কালো আঁধারে,
কে যে এসে শত কাজে দিলো বাধা রে।

সহসা ঈষাণে মেঘ,
বাতাসে বেড়েছে বেগ
ছুটে আসে শনশন
কী যে তার গর্জন!

ডাল ভাঙে মড়মড় কালবোশেখি,
সারা গ্রাম পড়ে গেল তার রোষে কি?

মনে হয় দত্যিটা খুব খেপেছে,
হয়তো মাথায় তার খুন চেপেছে।

শোঁ শোঁ শোঁ শোঁ এলো ঝড়,
ছুটে এলো সরসর
যেন এক অজগর
গিলে খাবে বাড়িঘর।

ছুটে এলো কত জোরে কালবোশেখি,
‘হও সবে সাবধান’ নির্ঘোষে কি?

দামাল ছেলেরা তবু আম কুড়ালো,
থেমে গেল ঝড় আর দিন ফুরালো।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫