দমকা হাওয়া আসছে তেড়ে জানলা বন্ধ কর,
মেঘ দেখেছিস? পুরাই কালো আসছে ধেয়ে ঝড়।
কালবোশেখির ক্ষণ এসেছে তাইতো আকাশ ভারী,
মেঘমালাও বদলেছে রং দিচ্ছে হাওয়া আড়ি।
ধাম করে দেখ লাগলো কপাট বাতাসের কী জোর!
ঘরের মধ্যে চুপ করে থাক বন্ধ করে দোর।
দুরুম দুরুম মেঘ ডাকছে হাত দিয়ে কান ধর,
বিজলিও খুব চমকে যাচ্ছে জানলা থেকে সর।
অফ করে দে মেইন সুইচ- সব যাবে তো পুড়ে!
বললি কী তুই? বল না আবার আমার দিকে ঘুরে।
এর মাঝে তুই আম কুড়াবি? সাহস দেখি ভালো,
চুপ করে থাক, বাইরে গেলে ফেলবো পিঠে তালও।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



