সবজান্তার উত্তর (জুলাই ২০২৬)

0
1

প্রশ্ন : ১
সালাম সবজান্তা!
নিয়ে এলাম
তোমার জন্য পান্তা।
তোমার আসল নামটা কী ভাই
জানতে আমি খুব করে চাই
এতো উত্তর কই থেকে পাও
দয়া করে আমায় বলে যাও।
পড়ালেখা আবিষ্কার
করলো কে বা বলো
জবাব দিয়ে আমার সাথে
দাওয়াত খেতে চলো।
আচ্ছা, বলো তো
এতো এতো কুঁড়ির বাসায়
দাওয়াত যে তুমি পাও
সকল বাসায় দাওয়াত খেতে
আসলেই কি যাও?
-মো. রাগিব রওনক রফি
সাতগাড়া, রংপুর সদর, রংপুর।

সবজান্তার উত্তর : ১
পান্তা এনে জান্তারে কও-‘জবাব চাই!’?
দুষ্টু তুমি, এত্ত সহজ
ভাবছো তাই?
আমার তো ভাই একটাই নাম
সবাই জানে!
জবাব থাকে লুকায়ে সকল
প্রশ্নখানে!
পড়ালেখার আবিষ্কারক
খুঁজে পেলে
উদুম কিলে করতে কি সাইজ
সবাই মিলে?
পান্তা খাওয়ার দাওয়াত দিলে
কে যাবে ভাই?
দাওয়াতটাও মনের মতো
হওয়া তো চাই!

প্রশ্ন : ২
প্রিয় সবজান্তা ভাইয়া, সালাম নিবেন। আশা করি
আপনার বিশাল মাথার ঘিলুগুলো ঠিকঠাক কাজ
করছে। আপনাকে কিছু প্রশ্ন করছি, যদি ঠিকমতো
উত্তর দিতে পারেন তবেই মানবো আপনি আসলেই
‘সবজান্তা’ আর না পারলে বুঝবো আপনার চেয়ে আমার
পোষা বিড়ালটাই বেশি পণ্ডিত!
প্রশ্নগুলো:
১) ডাইনোসররা কি গান গাইতে পারতো?
২) আপনার বাবা-মা কি ছোটবেলায় আপনার নাম
‘সবজান্তা’ রেখেছিলেন?
৩) আপনি কি কখনো আইসক্রিম খেতে গিয়ে দাঁতে
ব্যথা পেয়েছেন?
৪) মশা কেনো শুধু কানের কাছে এসেই গান গায়?
৫) কম্পিউটারের ভেতরে কী কোনো ছোট মানুষ বসে
কাজ করে?
৬) আচ্ছা, পাঁচটি মহাসাগর কি এক বালতি পানিতে
ধরা সম্ভব?
৭) আপনি কী ডান হাতে লেখেন নাকি বাঁ হাতে?
৮) চাঁদের দেশে কি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা
সম্ভব?
-আইয়াদ আহনাফ
পঞ্চম শ্রেণি, গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল।

সবজান্তার উত্তর : ২
১। শুধু কি গান? ওরা তো লেজ
দুলিয়ে নাচতো!
২। ফুলকুঁড়িরা রেখেছে।
৩। উঁহু।
৪। মশার গান চলতেই থাকে,
কানের কাছে এলেই আমরা শুনতে
পাই।
৫। অগণিত মানুষের পরিশ্রমে তৈরি
ছোট ছোট যন্ত্রপাতিগুলো ভেতর
থেকে কাজ করে।
৬। বালতিটা একটু বড় হলেই
হবে।
৭। দুই হাতেই (কম্পিউটারে)।
৮। তোমার চাঁদপুরের বন্ধুকে
জিজ্ঞেস করো- অনুমতি দিবে কি
না!

সবজান্তাকে ছন্দে ছন্দে ইচ্ছেমতো প্রশ্ন করতে পারো তুমিও!
তোমার প্রশ্নের জবাব দিতে প্রস্তুত আছে সবজান্তা।

প্রকাশকাল: জুলাই ২০২৬