মন হয়েছে আঁকুপাকু সরছে না দম
একটি পাখির গল্প আছে অন্যরকম।
গল্পগুলো লিখতে গেলে পায় না ভাষা
ঢেউ তোলে তাই, যেমন নদী কীর্তিনাশা!
মনের সকল ইচ্ছেগুলো তখন ভাসে
কেমন করে হৃদয় ভেঙে কাব্য আসে
কেমন করে হয় অবসর একটু বসার
সকল কিছু তখন যেনো কেবল অসার।
সেই পাখিটি কেমন পাখি বলছি শোনো
এক মনা সে আর কিছু নেই অন্য কোনো।
নিজের ভেতর নিজকে হারায় আবার খোঁজে
একলা থাকার আনন্দে সে চক্ষু বোজে।
সেই পাখিটি মন রাখে না নিজের কাছে
কেউ জানে না পাখির মনে সুর কী আছে।
কেউ জানে না কেনো পাখি আনমনা হয়
মনে মনে কার সাথে সে কী কথা কয়!
ঘুমের ঘোরে চমকে ওঠে থমকে থাকে
স্বপ্ন তখন খেলতে থাকে মনের বাঁকে।



